বিদ্যুৎ ও জ্বালানি সংকটে দেশের মানুষ কষ্টে আছেন। একদিকে এগুলোর দাম বাড়ছে। অন্যদিকে সরবরাহ ব্যবস্থাও ভঙ্গুর। বিশেষ করে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর থেকে জ্বালানি সরবরাহ অনেকটা অনিশ্চিত ও ব্যয়সাপেক্ষ হয়ে পড়েছে। বাংলাদেশের মতো আমদানিকারী দেশগুলো তাতে মহাসমস্যায় পড়েছে। এদের ঋণ ও আর্থিক দায় বাড়ছে। এরই মধ্যে বাংলাদেশ বিপুল পরিমাণ ধার-দেনার মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে। এ খাতে ভর্তুকি বাড়াতে হচ্ছে। তার পরও বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে আকাল কাটছে না। বিদ্যুৎ সরবরাহে ঘন ঘন লোডশেডিং এবং জ্বালানি সংগ্রহে ছোটাছুটির কারণে মানুষের এখন বেহাল দশা।

বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর এক ধাপে বিদ্যুতের দাম অসহনীয় মাত্রায় বেড়েছে। গত জুনে বিলিং চক্র থেকে গড়ে প্রতি ইউনিট বিদ্যুতের খুচরা মূল্য ১৬ দশমিক ৬৮ শতাংশ বেড়েছে। পাইকারি মূল্য বেড়েছে ১৯ দশমিক ৮৫ শতাংশ। তাছাড়া জ্বালানি তেলের দাম তিন দফায় বেড়েছে প্রতি লিটারে ৩৫-৩৮ শতাংশ। এলপি গ্যাসের প্রতি সিলিন্ডারের দাম চারবার বৃদ্ধি করে ১ হাজার ৩৪১ থেকে ২ হাজার ৬০ টাকায় নির্ধারণ করা হয়েছে। প্রবৃদ্ধির হার ৫৪ শতাংশ। এর পরও বিদ্যুৎ, জ্বালানি তেল ও গ্যাসের সংকট কাটছে না। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকির সংস্থান রাখা হয়েছিল ৪৮ হাজার কোটি টাকা। বিদ্যুৎ খাতে ৩৭ হাজার ও জ্বালানি খাতে ১১ হাজার কোটি। গত চার মাসে তার অধিকাংশই খরচ হয়ে গেছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির উচ্চমূল্য এবং মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে প্রকৃত ভর্তুকির পরিমাণ আরো বৃদ্ধি পেতে পারে। তার পরও জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা বজায় রেখে নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে না। এর বিকল্প হলো নবায়নযোগ্য জ্বালানির ওপর নির্ভরতা বাড়ানো। দেশীয় উৎসগুলোর কার্যকর ব্যবহারের মাধ্যমে জ্বালানি আমদানির নির্ভরতা কমানো।

বাংলাদেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৯ হাজার ৫৯৩ মেগাওয়াট (বিপিডিবি, ২০২৬)। এর সিংহভাগই আসছে জীবাশ্ম জ্বালানি থেকে। স্থাপিত উৎপাদন ক্ষমতার ২১ দশমিক ৬৬ শতাংশ আসে জ্বালানি তেলের (ফার্নেস অয়েল ও ডিজেল/হাই স্পিড) ব্যবহার থেকে, গ্যাস থেকে ৪১ দশমিক ১৫ শতাংশ, কয়লা ২৮ দশমিক ৪৬ শতাংশ, আমদানীকৃত ৩ দশমিক ৯২ শতাংশ নবায়নযোগ্য ৩ দশমিক ৬৮ শতাংশ এবং অন্যান্য দশমিক ১৪ শতাংশ। প্রতি ইউনিট উৎপাদন খরচের দিক থেকে সৌরবিদ্যুৎ তুলনামূলক সস্তা, ৬ টাকা ৩৪ পয়সা। ডিজেল থেকে বিদ্যুৎ উৎপাদন খরচ প্রতি ইউনিট ৪৫ টাকা ১৬ পয়সা। ফার্নেস অয়েল থেকে ২৭ টাকা, কয়লা ১৩ টাকা, আমদানীকৃত ১১ টাকা ৭০ পয়সা এবং প্রাকৃতিক গ্যাস থেকে উৎপাদিত বিদ্যুতের প্রতি ইউনিট খরচ ৭ টাকা ১০ পয়সা। বাংলাদেশে বর্তমানে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদন খরচ গড়ে প্রায় ১২ টাকা ৮০ পয়সা। ২০২৪-২৫ অর্থবছরে ছিল ১২ টাকা ৩৪ পয়সা। সেক্ষেত্রে জুন ২০২৬ থেকে কার্যকর বিদ্যুতের প্রতি ইউনিট গড় মূল্য খুচরা পর্যায়ে ১০ টাকা ৬৩ পয়সা এবং পাইকারিতে ৮ টাকা ৩৯ পয়সা। এর মধ্যের ফারাক ভর্তুকি দিয়ে মেটানো হয়।

দেশে স্থাপিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার পুরোপুরি অর্জন আমাদের পক্ষে সম্ভব হয় না। বাংলাদেশে বর্তমানে বিদ্যুতের দৈনিক উৎপাদন ক্ষমতার মাত্র প্রায় অর্ধেক কার্যকর হয়। প্রতিদিন গড়ে সাড়ে ১৪ হাজার থেকে ১৭ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। চাহিদা ১৬-১৮ হাজার মেগাওয়াট। ঋতুভেদে ও গরমে যখন চাহিদা বাড়ে তখন ঘাটতি দেখা দেয়। জ্বালানি সরবরাহ বিঘ্নিত হলে উৎপাদন হ্রাস পায়। লোডশেডিং হয়। ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৩৫ হাজার মেগাওয়াটে উন্নীত করার পরিকল্পনা করছে সরকার। এর মধ্যে ২ হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন রূপপুর পরমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের গুরুত্বপূর্ণ শরিকানা থাকবে। পরমাণবিক বিদ্যুৎ মূলত কার্বন মুক্ত বা ক্লিন এনার্জি হিসেবে বিবেচিত। কয়লা ও গ্যাসভিত্তিক কেন্দ্রের মতো পরমাণবিক বিদ্যুৎ উৎপাদনে সরাসরি কার্বন-ডাই-অক্সাইড নিঃসরণ হয় না। এটি বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সহায়ক। একটানা ও স্থিতিশীলভাবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য রূপপুর পরমাণবিক কেন্দ্রটি উল্লেখযোগ্য অবদান রাখতে পারে।

বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি তেল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু এর মূল্যবৃদ্ধি ও সরবরাহ অনিশ্চয়তার কারণে এর ওপর নির্ভরতা কমানো জরুরি হয়ে পড়েছে। বিদ্যুৎ উৎপাদনে ঐতিহাসিকভাবে আমরা প্রাকৃতিক গ্যাসের ওপর বেশি নির্ভরশীল। এতে বিদ্যুৎ উৎপাদন খরচ কম। কিন্তু এক্ষেত্রে বিনিয়োগ ও অনুসন্ধান, উন্নয়ন ও উৎপাদনে মনোযোগের অভাবে ক্রমেই আমরা আমদানিনির্ভর হয়ে পড়েছি। স্থানীয়ভাবে গ্যাসের মজুদ দ্রুত ফুরিয়ে আসছে। গত নয় বছরে গ্যাস উৎপাদন কমেছে প্রায় ৩৩ শতাংশ। বিভিন্ন সমীক্ষার ভিত্তিতে দেশে উত্তোলনযোগ্য মজুদ নির্ধারণ করা হয়েছিল ২৯ হাজার ৯২৫ দশমিক ৫ বিলিয়ন ঘনফুট। এরই মধ্যে ২০২৪ সাল নাগাদ উত্তোলন করা হয়েছে ২২ হাজার ৯১ বিলিয়ন ঘনফুট। অর্থাৎ বিদ্যমান মজুদের প্রায় ৭৩ দশমিক ৮২ শতাংশ গ্যাস এরই মধ্যে উত্তোলন করা হয়ে গেছে। বর্তমান হারে (দৈনিক প্রায় ১ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট) গ্যাস উত্তোলন করা হলে বাকি মজুদ দিয়ে মাত্র ১০-১১ বছর চলার কথা। মজুদ কমতে থাকায় আগামীতে চাপ কমায় গ্যাসের উৎপাদন হ্রাস পাবে। তাছাড়া এলএনজি আমদানিতে সীমাবদ্ধতার কারণে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন অচিরেই হোঁচট খাবে। এরপর ভরসা কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের ওপর। তবে তার অধিকাংশই আমদানিনির্ভর। পায়রা, রামপাল, মাতারবাড়ী ও বাঁশখালীর মতো বড় বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য বিপুল পরিমাণ কয়লা বিদেশে থেকে আমদানি করতে হয়। আমাদের একমাত্র সচল অভ্যন্তরীণ উৎস হলো দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি। এ খনি থেকে উত্তোলিত কয়লা দিয়ে ২৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বড়পুকুরিয়া কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি চালানো হয়। তবে দেশীয় কয়লার এ সরবরাহ চাহিদার তুলনা অত্যন্ত সামান্য। এমতাবস্থায় দেশে বিদ্যুৎ উৎপাদনের নির্ভরযোগ্য বিকল্প হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি। ২০২৫ সালে বিশ্বব্যাপী মোট উৎপাদিত বিদ্যুতের প্রায় ৩৪ শতাংশ এসেছে নবায়নযোগ্য জ্বালানি থেকে। এশিয়াতে এ হার ৩২ শতাংশ। পার্শ্ববর্তী দেশ ভারতে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের হার ২৯ দশমিক ২ শতাংশ, পাকিস্তানে ৫০ শতাংশ, ভিয়েতনামে ৪০ শতাংশ এবং চীনে ৩৬ দশমিক ৫ শতাংশ। সে তুলনায় বাংলাদেশের অবস্থান অতি কিঞ্চিৎকর।

বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাত মূলত সোলার বা সৌরশক্তি, জলবিদ্যুৎ, বায়োশক্তি এবং বায়োমাস/বায়োগ্যাসের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। দেশে মোট নবায়নযোগ্য জ্বালানির প্রকৃত উৎপাদন প্রায় ৯২৯ মেগাওয়াট, যার সিংহভাগ সৌরশক্তি থেকে আসে। বাংলাদেশে বছরে প্রচুর সূর্যালোক পাওয়া যায়। তাতে সৌরশক্তির সম্ভাব্য ক্ষমতা প্রায় ৪০ হাজার মেগাওয়াট ধরা হয়। বর্তমানে প্রকৃত উৎপাদন মাত্র ৭৯৭ মেগাওয়াট। সোলার হোম সিস্টেম, ছাদের ওপর সোলার প্যানেল, সোলার ইরিগেশন পাম্প এবং সোলার মিনি-গ্রিড স্থাপনের মাধ্যমে গ্রামে ও শহরে সৌরশক্তি উৎপাদন হচ্ছে। দেশে জলবিদ্যুৎ উৎপাদনের সূচনা হয় কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে। বর্তমানে জাতীয় গ্রিডে জলবিদ্যুৎ থেকে প্রায় ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হচ্ছে। তাছাড়া পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কিছু ছোট আকারের জলবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে। তবে সমতল ভূমিতে নদীর স্রোত না থাকায় বড় জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সম্ভাবনা কম।

সম্প্রতি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বায়ুবিদ্যুৎ উৎপাদনের কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বায়ুশক্তি থেকে এখন প্রায় ৬২ মেগাওয়াট বিদ্যুৎ মোট উৎপাদনের সঙ্গে যুক্ত হয়েছে। কক্সবাজার ও কলাপাড়ায় উইন্ডপার্ক প্রকল্প চালু রয়েছে। উপকূলীয় অঞ্চল, দীপগুলো এবং খোলা মাঠে বাতাস প্রবাহের উপাত্ত অনুযায়ী বায়ুশক্তির সম্ভাব্যতা যাচাই করা যেতে পারে। দেশের গ্রামীণ অঞ্চলে গৃহস্থালির বর্জ্য, গবাদিপশুর গোবর ও কৃষি বর্জ্য ব্যবহার করে হাজার হাজার ছোট আকারের বায়োগ্যাস প্লান্ট ও বায়োমাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এটি মূলত রান্না এবং স্থানীয় পর্যায়ের বিদ্যুৎ বা আলো সরবরাহ কাজে ব্যবহার হচ্ছে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রতিটি বাড়িতে বায়োগ্যাসের কাঁচামাল বিদ্যমান আছে বিধায় এর ব্যাপক সম্প্রচারণ সম্ভব। তাছাড়া দেশের পোলট্রি ও ডেইরি খামারগুলোকে এর আওতায় এনে কার্যকরভাবে বায়োগ্যাস প্লান্ট স্থাপন করা যেতে পারে।

জীবাশ্ম জ্বালানির প্রাধান্য থেকে ক্রমে নবায়নযোগ্য জ্বালানিতে সরে আসার জন্য সরকার এরই মধ্যে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করেছে। ২০৩০ সাল নাগাদ দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি খাত থেকে পূরণ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ২০৪০ সাল থেকে ৩০ শতাংশ এবং ২০৫০ সালে ৪০-৫০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের পরিকল্পনা রয়েছে। এটা উচ্চাভিলাষী মনে হলেও এ লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সার্বিক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এরই মধ্যে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সৌরবিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত যন্ত্রপাতি, সোলার প্যানেল, ইনভার্টার, ব্যাটারি ও প্রয়োজনীয় অন্যান্য উপকরণ আমদানির ওপর শুল্ক হার ১ শতাংশে নামিয়ে আনা হয়েছে। তাছাড়া সৌরবিদ্যুৎ সম্প্রসারণ অর্থায়নের জন্য প্রাথমিকভাবে ১ হাজার ৫০০ টাকায় তহবিল গঠন করা হয়েছে। সোলার সিস্টেম থেকে উৎপাদিত বিদ্যুৎ নিজস্ব ব্যবহারের পর যারা বাড়তি সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করতে সক্ষম হবেন ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে প্রণোদনাসহ সরকার প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা হারে ক্রয় করবে। আগামী গ্রীষ্মে সৌরবিদ্যুৎ থেকে তিন-চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার প্রত্যাশা বর্তমান সরকারের। তাতে ২০৩০ সালের মধ্যে প্রত্যাশিত প্রায় সাড়ে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পথ সুগম হবে।

ডিজেল ও বিদ্যুৎ সংকট মোকাবেলায় এবং কৃষকদের উৎপাদন খরচ কমাতে সোলার সেচ ব্যবস্থা খুবই উপযোগী। এটি পরিবেশবান্ধব ও খরচ সাশ্রয়ী। এক বছরের মধ্যে দেশে ১৭ হাজার সেচ পাম্পকে সৌরশক্তিতে রূপান্তর করা হবে। তাছাড়া পাঁচ বছরের মধ্যে দেশের সব ডিজেলচালিত পাম্প ধাপে ধাপে সোলারে রূপান্তর করা হবে। এরই মধ্যে খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলে অনেক সোলার সেচ পাম্প স্থাপন করা হয়েছে। এর ফলে প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎবিহীন অবস্থায় নিরবচ্ছিন্ন সেচ দেয়া সম্ভব হচ্ছে। তাতে ফসলের নিবিড়তা প্রায় ৫০ শতাংশ বেড়েছে। এক্ষেত্রে প্রধান গুরুত্বপূর্ণ বিষয় হলো বিক্রয়োত্তর পর্যবেক্ষণ ও সেবা। এর অভাবে সৌরশক্তিচালিত অনেক পাম্প অকার্যকর থাকতে দেখা গেছে। এক সমীক্ষা থেকে প্রতীয়মান হয় যে দেশে স্থাপিত ৪৭ শতাংশ রুফটপ সোলার উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাবে কার্যকারিতা হারিয়েছে।

বাংলাদেশে ফসলের জমির অপচয় রোধ করতে একই জমিতে যুগপথ সৌরবিদ্যুৎ উৎপাদন ও ফসলের চাষ করার দ্বিস্তরবিশিষ্ট প্রযুক্তি হচ্ছে এগ্রিভোল্টাইক বা কৃষিবিদ্যুৎ। এক্ষেত্রে মাটির বেশ ওপরে সোলার প্যানেল বসানো হয়, যার নিচে ছায়াযুক্ত স্থানে ধান, ধনেপাতা, লালশাক ইত্যাদি চাষ করা হয়। প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে সেচ পাম্প চালানো হয়। অন্যদিকে স্থায়ী সোলার পাম্পের সীমাবদ্ধতা দূর করতে ব্র্যাক উদ্ভাবন করেছে সোলার প্যানেলযুক্ত ভ্রাম্যমাণ সেচযান। এ বিশেষ গাড়িটি সরাসরি ফসলের খেতে গিয়ে কাছের জলাশয় থেকে পানি তুলতে পারে। এর ব্যাটারি থেকে রাতে গ্রামের ঘরবাড়িতে বিদ্যুৎ সরবরাহেরও সুবিধা রয়েছে। এছাড়া চট্টগ্রামের মিরসরাই উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ড্রাগওয়েল অর্থাৎ সৌরবিদ্যুৎচালিত পাতকুয়া স্থাপন করে ফসলি জমিতে পানি সেচের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। তিন বছর ধরে এরূপ সেচ ব্যবস্থা চালু করেছে বিএডিসি। এর মাধ্যমে ধানের বীজতলা তৈরি, ধানের আবাদ ও বিভিন্ন সবজি চাষের জন্য পর্যাপ্ত পানি পাওয়া যাচ্ছে। এ ধরনের উদ্ভাবন ও নতুন প্রযুক্তি সামনে আরো আসবে এবং তাতে কৃষি খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারিত হবে।

দেশের প্রত্যন্ত অঞ্চলে গ্রিড-সংযুক্ত বা গ্রিড-বিযুক্ত নবায়নযোগ্য জ্বালানির আয়োজন, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ইউনিট স্থাপন, সৌরশক্তিচালিত সেচ ব্যবস্থার প্রচলন এবং বায়োগ্যাসভিত্তিক সমম্বিত উদ্যোগ গ্রহণের জন্য প্রচুর অর্থের প্রয়োজন। গ্রামের সাধারণ মানুষের পক্ষে এ অর্থের জোগান দেয়া সম্ভব নয়। এক্ষেত্রে প্রাথমিকভাবে ৩০-৫০ শতাংশ ভর্তুকি প্রদান করা দরকার। নবায়নযোগ্য জ্বালানির যন্ত্রপাতি সংযোজন, রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য দক্ষ জনবল গড়ে তোলা প্রয়োজন। নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে জীবাশ্ম জ্বালানি উৎপাদকদের চেয়ে অধিকতর প্রণোদনা ও নীতি সহায়তা দেয়া উচিত। এছাড়া আমদানি করা সোলার পণ্যের নির্ধারিত মান নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। প্রাকৃতিক দুর্যোগ থেকে সোলার প্যানেল সুরক্ষিত রাখতে যত্নবান হতে হবে। সৌর স্থাপনাগুলোর জন্য বীমা চালুর বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। সর্বোপরি নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ কর্মসূচিকে একটি জাতীয় গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে বিবেচনা করা উচিত।

ড. জাহাঙ্গীর আলম : কৃষি অর্থনীতিবিদ; সাবেক মহাপরিচালক, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট