তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আজ বাংলাদেশের সাধারণ মানুষের জীবনের নিত্যসঙ্গী। নামি-দামি হোটেল-রেস্তোরাঁ থেকে শুরু করে নিম্নমধ্যবিত্ত পরিবারের রান্নাঘরের একমাত্র জ্বালানি এই এলপিজি। পুরানো দিনের কাঠের চুলোর বিদায়ের ঘণ্টা যখন গ্রামীণ পরিবেশ থেকেও বিদায় নিতে শুরু করেছে ঠিক তখনই এলপি সিলিণ্ডারের সংকট দেখা দিয়েছে। জোগান আর চাহিদার আকাশ-পাতাল পার্থক্যের কারণে আকাশচুম্বী মূল্যে বিক্রি হচ্ছে এলপি সিলিণ্ডার। গ্যাসের অত্যাধিক সংকটের কারণে কেউ কেউ বাধ্য হচ্ছেন বৃদ্ধি পাওয়া মূল্যের চেয়েও অধিক পরিমাণ টাকা গুনতে। সিলিণ্ডার সংকটে যেন সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। সাধারণ মানুষের বাইরে হোটেল-রেস্তোরাঁ পুরোপুরি এলপিজির ওপর নির্ভরশীল থাকার কারণে যথেষ্ট বেগ পেতে হচ্ছে সকলকে।
ব্যবসায় লোকসান গুনতে হচ্ছে অনেক হোটেল-রেস্তোরাঁর ব্যবসায়ীকে।\r\nকোনো কোনো ব্যবসায়ী আবার খাবারের মূল্য বৃদ্ধি করে সংকট নিরসনের চেষ্টা করলেও তার ভার এসে পড়ছে সাধারণ মানুষের কাঁধে। শিক্ষার্থীদের মেসেও বেড়েছে খরচের পরিমাণ। কিন্তু কেন? দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। সেই দাম কি আসলেই মানছেন বিক্রেতারা? বাজারে গ্যাসের সংকটের কথা বলে যেখানে বিক্রেতারা ফিরিয়ে দিচ্ছেন ক্রেতাদের সেখানে চার্ট দেখে নিয়ম মেনে বিক্রি করার আদৌ কি কোনো ইচ্ছে বিক্রেতাদের আছে? বিক্রেতাদেরও আসলে দায় নেই। বাজারে বড় বড় ব্যবসায়ীরা সিণ্ডিকেটের মাধ্যমেই তৈরি করে যাচ্ছেন কৃত্রিম সংকট।
অবৈধভাবে নিজেদের মুনাফা বৃদ্ধির লোভে জিম্মি করছেন সাধারণ মানুষদের। দেশের সিংহভাগ মানুষ বর্তমান সময়ে অভিযোগ জানাচ্ছেন নিজেদের ভোগান্তি নিয়ে। যে ভোগান্তি লাঘবে কাজে আসছে না কোনো পদক্ষেপই। কারণ বাজারে সিলিণ্ডার গ্যাসের সংকটের কারণে ২২০০ টাকা দিয়েও মিলছে না ১৩৬০ টাকার গ্যাস। তবে তথ্য বলছে বাজারে গ্যাস সিলিণ্ডারের যে সংকটের কথা বলা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। অনুসন্ধানে জানা যায় যে, দেশে বছরে প্রায় ১৪ থেকে ১৫ লাখ টন এলপিজি প্রয়োজন হয়। সে হিসাবে মাসিক চাহিদা প্রায় ১ লাখ ২০ হাজার টন। ২০২৫ সালের ডিসেম্বরে ব্যবসায়ীরা প্রায় ১ লাখ ২৭ হাজার টন এলপিজি আমদানি করেন, যা আগের মাসের তুলনায় প্রায় ২১ শতাংশ বেশি। তাহলে ভোক্তাপর্যায়ে গ্যাসের সংকটের কারণ কী? প্রশ্নের উত্তরও অজানা নয়।
বারংবার বলা হচ্ছে এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পেছনে কলকাঠি নাড়াচ্ছে কতিপয় মুনাফালোভী অসাধু ব্যবসায়ী। \r\nবাংলাদেশে একসময় সাধারণ মানুষের প্রধান জ্বালানি ছিল কাঠ। পরিবেশবান্ধব টেকসই উন্নয়নের কথা চিন্তা করে পরিবেশবিদরা কাঠ-কে জ্বালানি হিসেবে ব্যবহার করতে অনেকাংশেই নিরুৎসাহিত করেছেন। তাদের এ বিষয়ে নিরৎসাহিত করার যথেষ্ট কারণও আছে। কেননা, বাংলাদেশে বনভূমির পরিমাণ অতি অল্প। কাঠকে জ্বালানি হিসেবে ব্যবহার করলে অল্পসংখ্যক বনভূমির ওপর মারাত্মক চাপ সৃষ্টি হবে। দেখা দেবে মারাত্মকভাবে পরিবেশ বিপর্যয়। কাঠের বিকল্প হিসেবে তাই জনপ্রিয় হয়ে ওঠে এলপিজি। কিন্তু এলপিজির ওপর অত্যধিক নির্ভরশীলতাই মূল্য বৃদ্ধির প্রধান কারণ। তাই এলপিজির বিকল্প চিন্তা করা এখন সময়ের দাবি।
এলপিজির বিকল্প হিসেবে, আমাদের প্রথমেই নজর দিতে বায়োগ্যাস প্ল্যান্টের ওপর। বায়োগ্যাস প্ল্যান্ট তৈরিও অত্যন্ত সহজ। গরুর গোবর থেকে শুরু করে হাঁস-মুরগির বিষ্ঠা থেকে সহজেই বায়োগ্যাস তৈরি করা সম্ভব। একটি বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে একটি পরিবারের জ্বালানির চাহিদা মেটানো সম্ভব। গবেষকরা বলছেন, উপকরণের সহজলভ্যতার কারণে দেশে ৪০ লাখ বায়োগ্যাসের প্ল্যান্ট স্থাপনের সুযোগ আছে। সেই হিসেবে দেশের প্রায় ৪০ লাখ পরিবারের জ্বালানি চাহিদা মেটানো সম্ভব। এজন্য সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে। বায়োগ্যাস প্ল্যান্ট তৈরিতে প্রণোদনার পাশাপাশি চাই জনসচেতনতা। বায়োগ্যাস প্ল্যান্টের বাইরে বন্ধু চুলার কথা বলা যায়। গ্রামের সাধারণ মানুষকে এরকম চুলার সঙ্গে আরও বেশি পরিচিত করে তোরা প্রয়োজন। তবে জ্বালানি সংকট স্থায়ীভাবে নিরসনের অভিপ্রায়ে জ্বালানি খাতে বাজেট বৃদ্ধি করে গবেষণার দিকে নজর দিতে হবে। গবেষণা ব্যতিরেকে এ খাতের সংকট স্থায়ীভাবে নিরসন করা প্রায় অসম্ভব। তবে এসব পদক্ষেপ মফস্বল এলাকাগুলোতে বাস্তবায়ন করা সম্ভব হলে এলপিজির ওপর আমাদের নির্ভরশীলতা অনেকাংশেই কাটানো যেতে পারে। আর নির্ভরশীলতা কাটানো সম্ভব হলে মানুষকে জিম্মি করে মুনাফালাভের সুযোগও সংকীর্ণ হয়ে আসবে। সমস্যা সমাধানে বর্তমানে সরকারকে এ সংকট যত দ্রুত সম্ভব কাটিয়ে উঠতে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। দরকার হলে টাস্কফোর্স গঠন করে, অসাধু ব্যবসায়ীদের অবৈধভাবে এলপিজি সিলিণ্ডার মজুতের কারণে আইনানুগ ব্যবস্থা করা যেতে পারে। মনে রাখা চাই, দেশের সাধারণ মানুষের জীবনকে যারা অর্থের লোভে বিষিয়ে দিতে চায়, তাদের কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই।
