সাম্প্রতিক দিনগুলোতে ইয়াঙ্গুনের রাস্তায় হাঁটতে হাঁটতে নিজেকে প্রশ্ন করি, ‘...এটি কি সত্যিই নির্বাচনের মৌসুম, নাকি কেউ স্টার্ট বাটন টিপতে ভুলে গেছে?’ তথাকথিত ‘নির্বাচন’-এর প্রথম ধাপ অনুষ্ঠিত হওয়ার কথা আগামীকাল ২৮ ডিসেম্বর। তবুও মিয়ানমারের বৃহত্তম শহরটি ফিকে মনে হচ্ছে। কোথাও কোনো জোরোশোরে আয়োজন নেই। দেখে মনে হচ্ছে আরেকটি সাধারণ সপ্তাহান্তের দিকে এগিয়ে যাচ্ছে। এমনকি প্রচারণার পরিবেশের সঙ্গেও এর কোনো মিল নেই।

কোনো দলীয় মোটর শোভাযাত্রায় স্লোগান দিতে দেখা যাচ্ছে না। স্বেচ্ছাসেবকরা পথচারীদের দিকে লিফলেট এগিয়ে দিচ্ছে না। কোনো প্রার্থীকে দরজায় দরজায় গিয়ে ঘাম ঝরাতে দেখা যায়নি। যদি এটিই প্রচারণা হয়, তবে এটি রেকর্ড করা ইতিহাসের সবচেয়ে শান্ত পরিস্থিতি, যা এমনকি ২০২০ সালের চেয়েও শান্ত, যখন বিশ্বব্যাপী মহামারির কারণে অনেক ভোটার ঘরে থাকতে বাধ্য হয়েছিলেন। জান্তা ভোটকে তিনটি ধাপে ভাগ করেছে। দ্বিতীয় ধাপ ১১ জানুয়ারি এবং তৃতীয় ধাপ দুই সপ্তাহ পর। রোববার ইয়াঙ্গুনের ৪৫টি শহরের মধ্যে মাত্র ১২টিতে ‘প্রাথমিক প্রবেশাধিকার’ বা ভোট শুরু হবে।

আমার এখনও মনে আছে ২০১৫ ও ২০২০ সালের চিত্র। রাস্তায় অসংখ্য দলীয় কাফেলা এগিয়ে যাচ্ছিল। প্রতিটি বাজারের স্টলে প্রার্থীরা হাত মেলাচ্ছিলেন; ফুটপাতে ছিল শিল্পীদের নানা পরিবেশনা; প্রতিটি দিক থেকে লিফলেটের বর্ষণ। পরিস্থিতি যেন এমন ছিল, আপনি হয় ঘরের ভেতরেই থাকতে সিদ্ধান্ত নিয়েছেন, নয়তো বাইরে পা রাখার সঙ্গে সঙ্গেই প্রচারকরা এগিয়ে আসবেন বলে মেনে নিয়েছিলেন। আর এখন?

ইয়াঙ্গুন শহরের কেন্দ্রস্থলে নির্বাচনের একমাত্র লক্ষণ হলো সেনাবাহিনীর প্রক্সি ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) এবং পিপলস পার্টি (পিপি), পিপলস পাইওনিয়ার পার্টি (পিপিপি), ন্যাশনাল ইউনিটি পার্টি ও মিয়ানমার ফার্মার্স ডেভেলপমেন্ট পার্টির বিজ্ঞাপনের বিলবোর্ড। এসব বিলবোর্ড না থাকলে আপনি ধরে নিতেন, নির্বাচন চুপিসারে বাতিল হয়ে গেছে। আমার শহর কিয়াউকতাদা টাউনশিপের কথাই ধরুন, যেটি ইয়াঙ্গুনের বাণিজ্যকেন্দ্র। রোববার ভোট দেওয়ার কথা। তবুও প্রচারণার পরিবেশ এতটাই অদৃশ্য যে, রাস্তার কুকুরগুলো পর্যন্ত দেখতে অলস সময় কাটাচ্ছে মনে হয়।

ল্যানমাডোর এক বন্ধু একই রকম ভয়ংকর শান্ত পরিবেশের কথা জানিয়েছেন। পিপি চেয়ার ইউ কো কো গি সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যদিও ল্যানমাডো প্রথম ধাপের অন্তর্ভুক্ত নন। আমার বন্ধু মজা করে বললেন, ‘কিন্তু আমি প্রতিদিন কো কো গিকে দেখতে পাই। রাস্তার দুই প্রান্তে বিলবোর্ডে তাঁর মুখ।’ মায়াঙ্গোনের এক বন্ধু একই কথা বলেছেন, যেখানে রোববার ভোট হচ্ছে। তাঁর ভাষায়, কোনো প্রচারণা নেই, কোনো শব্দ নেই, সুনসান নীরবতা। মনে হচ্ছে যেন পুরো শহর সম্মিলিতভাবে ভান করতে সম্মত হয়েছে যে, নির্বাচনের কোনো অস্তিত্বই নেই।

২০১৫ ও ২০২০ সালে ভোটের আগের শেষ দিনগুলো ছিল বিশৃঙ্খল। ভোটাররা বিতর্ক করছেন, প্রার্থীরা ক্যাফেইন খাওয়া পিঁপড়ার মতো ঘুরে বেড়াচ্ছেন। এখন প্রার্থী ও ভোটার উভয়ই সমানভাবে আগ্রহী বলে মনে হচ্ছে না। আস্থা কম, উৎসাহ কম এবং পুরো বিষয়টি দলীয় সিদ্ধান্তের মতো মনে হচ্ছে যে, তারা সবাই এড়িয়ে যেতে চাচ্ছে। এমনকি আমি নিজেও জানি না, আমার নিজের শহরের প্রার্থী কারা। বেশির ভাগ মানুষ ভোটার তালিকা যাচাই করেনি। কেউ কেউ এমনকি জানেন না, তাদের শহরে কোনদিন ভোট হবে; ২৮ ডিসেম্বরে হবে কিনা। ২০২০ সালে বিশ্বব্যাপী মহামারিকালেও মানুষ উজ্জীবিত হয়েছিল। নিজেদের নাম যাচাই করে দেখা, ত্রুটিগুলো সংশোধন, গর্বের সঙ্গে তাদের কালি দাগযুক্ত আঙুল অনলাইনে পোস্ট করা। পাঁচ বছর পর পরিবেশ সম্পূর্ণ উল্টে গেছে।

সম্প্রতি জান্তাপ্রধান মিন অং হ্লাইং নির্বাচনের মাধ্যমে বৈধতা দাবি করতে মরিয়া বলে মনে হচ্ছে। তিনি ঘোষণা করেছেন– ভোট দিতে অস্বীকৃতি জানানোর মানে গণতন্ত্র প্রত্যাখ্যান করার শামিল। খুব কম লোকই এ ব্যাপারে নিশ্চিত ছিলেন, নির্বাচনকে ব্যাপকভাবে একটি পূর্বনির্ধারিত ক্ষমতার খেলা হিসেবে দেখা হয়, যা তাঁর স্বার্থ পূরণের জন্য সাজানো হয়েছে। সর্বোপরি, এটি সেই একই সামরিক বাহিনী, যারা ২৭ মিলিয়নেরও বেশি মানুষের ভোট বাতিল করেছে; দেশের সবচেয়ে জনপ্রিয় দল ভেঙে দিয়েছে এবং নোবেল বিজয়ী অং সান সু চিসহ নির্বাচিত নেতাদের কারারুদ্ধ করেছে। আসন্ন নির্বাচনের ওপর আস্থা কেবল ক্ষয় হয়নি; এটি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে।

অং হ্লাইং ‘সেনাবাহিনীর সঙ্গে সহযোগিতা করবেন’ এমন প্রার্থীদের সমর্থন করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন, যা জনস্বার্থকে আরও ক্ষুণ্ন করেছে। এটি সামরিক-সমর্থিত দলকে সমর্থন করার একটি গোপন সতর্কবার্তা, অথবা আরেকটি সামরিক অভ্যুত্থানের ইঙ্গিত। বাস্তবে নির্বাচনের মধ্য দিয়ে কিছুরই পরিবর্তন হবে না। ভোটের পর কোনো দলই ক্ষমতায় থাকা সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করার পরিস্থিতিতে থাকবে না।

উন্না অং: মিয়ানমারের নির্বাচনী পর্যবেক্ষক; ইরাবতী থেকে ভাষান্তর ইফতেখারুল ইসলাম