এত উদ্যোগ, এত পথে নামা, এত আন্দোলন। তবু দূর হচ্ছে না নারী নির্যাতন। চলতি বছরে নারী নিপীড়নের যে খতিয়ান তা জানলে উদ্বেগ হওয়া স্বাভাবিক। খুন, ধর্ষণ, পারিবারিক পর্যায়ে নিপীড়ন, বিচিত্র নির্যাতনের ফলস্বরূপ আত্মহত্যার পথ বেছে নেয়া- এসবই সাম্প্রতিক সময়ে বেড়েছে। নারীর প্রতি সহিংসতা বিষয়ক এমজেএফের জাতীয় সংলাপে সংস্থাটির প্রধান যে প্রবন্ধ উপস্থাপন করেন, সেখানে বিস্ময় ও হতাশার দিকটি চাপা থাকেনি। বলা হয়েছে, চার দশক ধরে দেশে নারী আন্দোলন, নারীর শিক্ষা, অর্থনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্বে উল্লেখযোগ্য উন্নতি সত্ত্বেও কেন নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা কমানো যাচ্ছে না।
জেন্ডারভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের কর্মসূচি উপলক্ষে এ সংলাপে নারীরা পরিবার, সমাজ, প্রশাসন- কোথাও নিরাপত্তা পাচ্ছেন না বলে মন্তব্য করেছেন বেসরকারি সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেছেন, নারীরা আগের চেয়ে চলাফেরা, আচরণের ক্ষেত্রে যে ধরনের বাধার সম্মুখীন হচ্ছেন, তা কল্পনা করা যায় না।\r\nউল্লেখ করা দরকার, বৃহস্পতিবারও রাজধানীতে একটি সভায় নারীর প্রতি সহিংসতা বিষয়ে উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে লিঙ্গভিত্তিক সহিংসতা এবং নারীর মানবাধিকার শীর্ষক এক কর্মশালায় বক্তারা বলেছেন, নারীর মানবাধিকার প্রতিষ্ঠায় বড় বাধা হলো নারীর প্রতি সহিংসতা। নাগরিক হিসেবে নারীর সব অধিকার আদায়ের পথে থাকা বাধাগুলো প্রতিহত করতে হবে।
নারী আন্দোলনের চর্চায় পুরুষদের যুক্ত করা চাই। নারীর প্রতি সহিংসতা যে মানবাধিকার লঙ্ঘন, এটি পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করা গেলে সহিংসতা প্রতিরোধের ক্ষেত্র আরও দৃঢ় হবে।\r\nসম্প্রতি প্রযুক্তি ব্যবহার করে নারীর প্রতি সহিংসতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালের শুধু জানুয়ারি-ফেব্রুয়ারি মাসেই পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন (পিসিএসডব্লিউ)-এ ১১৯২টি অভিযোগ দায়ের করা হয়। ২০২০ সালের নভেম্বর মাসে গঠিত এই পিসিএসডব্লিউতে ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত মোট ৪৩৮৩৪টি অভিযোগ জমা পড়েছে। এ থেকে বোঝা যায়, নারীরা কীভাবে প্রযুক্তিনির্ভর হয়রানির শিকার হচ্ছে। অনলাইনে যৌন মন্তব্য, ট্রলিং, ইনবক্সে যৌন উত্তেজক ছবি পাঠানো, নারীর বক্তব্যের বিপরীতে ঘৃণামূলক ও অবমাননাকর বক্তব্য, ভুয়া আইডি ব্যবহার করে ব্ল্যাকমেল করা, ব্যক্তিগত ছবি বা তথ্য ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি, লিঙ্গভিত্তিক অবমাননা, নারীর স্বাধীনতা ও সামাজিক ভূমিকা নিয়ে হীন মন্তব্য করা- এসব এখন নিত্যদিনের ঘটনা। সমাজজীবনে আমরা দেখতে পাচ্ছি, নারীকে দমন করতে এমনকি রাজনৈতিক মতভেদ দমন করতেও নারীর ব্যক্তিগত জীবন ও চরিত্রকে লক্ষ্য করে সামাজিক মর্যাদাহানির অপচেষ্টা করা হচ্ছে। এটি অত্যন্ত বিপজ্জনক। এসব ক্ষেত্রে অন্ধকার দূর করার জন্য কঠোর আইন প্রয়োগের বিকল্প নেই। তাছাড়াও পুরুষের মানসিকতার ইতিবাচক পরিবর্তন না হওয়া পর্যন্ত কেবল সামাজিক আন্দোলন গড়ে তুলে সমাজ থেকে এই বিষবৃক্ষ উপড়ে ফেলা যাবে না, এমন ধারণা সুদৃঢ় হয়ে উঠছে।
