কলকাতা নাইট রাইডার্স বা কেকেআর কর্তৃক ২০২৬ সালের আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নেওয়ার পর হঠাৎ ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআইয়ের নির্দেশে তাকে বাদ দেওয়ার ঘটনাটি আপাতদৃষ্টিতে একটি নিছক ক্রিকেটীয় সংবাদ বা চুক্তি বাতিলের খবর মনে হতে পারে। কিন্তু রাজনৈতিক অর্থনীতির গভীর দৃষ্টিতে এটি গত একশ বছরের দক্ষিণ এশীয় ইতিহাস, ধর্ম, রাষ্ট্র ও পুঁজির এক জটিল বয়ান। একটি বৈশ্বিক নিলামে বিপুল দর হাঁকিয়ে কেনা একজন খেলোয়াড়কে যখন কেবল তাঁর জাতীয় ও ধর্মীয় পরিচয়ের কারণে রাষ্ট্রের নির্দেশে শ্রমবাজার থেকে সরিয়ে দেওয়া হয়, তখন তা আর নিছক খেলা থাকে না। ভারতের হিন্দু ডানপন্থী সংগঠন ও ধর্মীয় গুরুদের হুমকির মুখে এই সিদ্ধান্তকে যদি আমরা কেবল খেলাধুলায় রাজনীতি ঢুকে গেছে বলে মামুলি হাহুতাশে সীমাবদ্ধ রাখি, তবে আমরা ক্রিকেট যে গভীর কাঠামোগত শক্তি সম্পর্কের অংশ, সেটি ধরতেই ব্যর্থ হব।

এই নিবন্ধের লক্ষ্য মোস্তাফিজকে কেন্দ্র করে তৈরি হওয়া এই আইপিএল কেলেঙ্কারিকে কোনো বিচ্ছিন্ন ঘটনা বা ক্ষণস্থায়ী সোশ্যাল মিডিয়া ক্ষোভ হিসেবে না দেখে, বরং এটিকে দক্ষিণ এশিয়ার স্পোর্টস, উগ্র ধর্মীয় জাতীয়তাবাদ ও কর্পোরেট সার্বভৌমত্বের রাজনৈতিক অর্থনীতি ব্যাখ্যার একটি সিরিয়াস ক্রিটিক্যাল লেন্স হিসেবে ব্যবহার করা। ক্রিকেট এখানে শুধু ব্যাট-বলের লড়াই নয়। বরং এটি ব্রিটিশ সাম্রাজ্যের উত্তরাধিকার, ভারত-পাকিস্তান-বাংলাদেশের রাষ্ট্রগঠন প্রক্রিয়া এবং সমকালীন হিন্দুত্ববাদী রাজনীতির বয়ানের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা একটি বিষয়। তাই স্পোর্টসকে বোঝার জন্য প্রথাগত সাংবাদিকতার ভাষা যথেষ্ট নয়, প্রয়োজন সমাজবিজ্ঞান ও রাজনৈতিক অর্থনীতির তাত্ত্বিক লেন্স।

আধুনিক স্পোর্টসকে বোঝার প্রথম দরজা হলো এটিকে নিছক বিনোদন নয়, বরং সমাজ গঠন ও ক্ষমতা সংগঠনের একটি প্রক্রিয়া হিসেবে দেখা। বিশিষ্ট সমাজবিজ্ঞানী নরবার্ট ইলিয়াস ও এরিক ডানিং (১৯৮৬) তাঁদের কালজয়ী গ্রন্থ কোয়েস্ট ফর এক্সাইটমেন্ট-এ দেখিয়েছেন যে আধুনিক স্পোর্টসের উদ্ভব হয়েছে একটি দীর্ঘমেয়াদি সভ্যতার প্রক্রিয়ার ভেতর দিয়ে। প্রাচীন সমাজের কাঁচা সহিংসতা ও অপ্রতিবন্ধিত আগ্রাসনকে ধীরে ধীরে নিয়মবদ্ধ, নিয়ন্ত্রিত ও প্রাতিষ্ঠানিক প্রতিযোগিতায় রূপান্তর করাই হলো স্পোর্টস। অর্থাৎ যুদ্ধ যেখানে অনিয়ন্ত্রিত হত্যা, ক্রিকেট সেখানে নিয়মবদ্ধ প্রতীকী যুদ্ধ। কিন্তু মোস্তাফিজের ঘটনায় আমরা উল্টো স্রোত দেখছি। যেখানে মাঠের নিয়মবদ্ধ খেলাকে পুনরায় মাঠের বাইরের সহিংসতা ও উগ্রবাদ দ্বারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে, যাকে সমাজতাত্ত্বিক ভাষায় অসভ্যতার দিকে ফিরে যাওয়া বলা যেতে পারে।

ক্যারিবীয় তাত্ত্বিক সি.এল.আর জেমস (১৯৬৩) তাঁর ধ্রুপদী গ্রন্থ বিয়ন্ড আ বাউন্ডারি-তে ক্রিকেটকে সরাসরি শ্রেণি, সাম্রাজ্য ও বর্ণভেদ বোঝার লেন্সে পরিণত করেছেন। তাঁর বিখ্যাত উক্তি হলো, যিনি শুধু ক্রিকেট বোঝেন তিনি আসলে ক্রিকেটের কিছুই বোঝেন না, বরং ক্রিকেট বুঝতে হলে শ্রেণি, সাম্রাজ্য ও বর্ণবাদ বুঝতে হয়। এই ধারণাই স্থাপন করে যে, ক্রিকেট মাঠ আসলে উপনিবেশোত্তর সমাজের গভীর গঠনগত অসমতা, বর্ণভিত্তিক শ্রেণি শাসন ও সাম্রাজ্যিক অনুকরণ-প্রতিরোধের এক ঘন সংকলন। জেমস দেখিয়েছিলেন কীভাবে কৃষ্ণাঙ্গ ক্রিকেটাররা মাঠের পারফরম্যান্স দিয়ে শ্বেতাঙ্গ আধিপত্যকে চ্যালেঞ্জ করত। দক্ষিণ এশিয়ায় আশীষ নন্দী (১৯৮৯) ক্রিকেটকে ব্যাখ্যা করেছেন এক অদ্ভূত প্যারাডক্স হিসেবে। ক্রিকেট ভারতীয়দের অন্তর্গত ব্রিটিশত্ব ধারণ করার মাধ্যম, আবার একইসাথে জাতীয়তাবাদী প্রতিরোধের হাতিয়ার। রামচন্দ্র গুহ (২০০২) তাঁর এ কর্নার অব আ ফরেন ফিল্ড গ্রন্থে দেখিয়েছেন কীভাবে ভারতীয় ক্রিকেট ক্লাব, শাসক শ্রেণী এবং পরবর্তীতে রাষ্ট্রীয় বোর্ডগুলো মিলে ক্রিকেটকে পোস্ট-কলোনিয়াল জাতীয়তাবাদ ও শ্রেণি রাজনীতির কেন্দ্রীয় ক্ষেত্রে পরিণত করেছে।

এই তাত্ত্বিক প্রেক্ষাপটে মোস্তাফিজুর রহমানের বাদ পড়াকে বিশ্লেষণ করলে দেখা যায়, তিনি কেবল একজন পেশাদার ক্রিকেটারের ক্যারিয়ার সংকটে পড়েননি। বরং তিনি এমন এক স্পোর্টস ক্ষেত্রের শিকারে পরিণত হয়েছেন, যেখানে খেলার নিয়ম আম্পায়ার নির্ধারণ করেন না। নির্ধারণ করে রাষ্ট্র, উগ্র ধর্মীয় গোষ্ঠী এবং বাজারের অদৃশ্য হাত।

রাজনৈতিক অর্থনীতির লেন্সে বিসিসিআই এবং আইপিএলকে দেখা হয় এক ধরনের প্রায়-সার্বভৌম কর্পোরেট সত্তা হিসেবে। এদের অর্থনৈতিক ও প্রতীকী ক্ষমতা বহু ক্ষেত্রে রাষ্ট্রের সিদ্ধান্তের সমপর্যায়ের, কখনো কখনো তারও ঊর্ধ্বে। বিসিসিআইয়ের গঠনতন্ত্র, আয়ের উৎস এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে তার একচ্ছত্র প্রভাব বিশ্লেষণ করলে দেখা যায় যে, এই বোর্ড শুধু একটি ক্রীড়া প্রশাসনিক প্রতিষ্ঠান নয়। বরং বহুস্তরীয় টেলিভিশন স্বত্ব, স্পনসরশিপ এবং রাজনৈতিক পৃষ্ঠপোষকতার জোটের মাধ্যমে এটি এক ধরনের কর্পোরেট সার্বভৌমত্ব অর্জন করেছে, যার জবাবদিহি মূলত বাজার ও শাসক রাজনৈতিক শক্তির কাছে, জনতার কাছে নয়।

এই কাঠামোতে জাতি হয়ে ওঠে একটি ব্র্যান্ড এবং ক্রিকেট দলগুলো হয় ফ্র্যাঞ্চাইজি। জাতিরাষ্ট্র এখানে কেবল রাজনৈতিক সত্তা নয়, এক বিশাল বাণিজ্যিক ব্র্যান্ড, যার মান নির্ধারিত হয় জয়-পরাজয় এবং মিডিয়া রেটিংয়ের মাধ্যমে। যখন রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠনগুলো দেশ সবার আগে স্লোগান তুলে চাপ সৃষ্টি করে, তখন বোর্ড এবং ফ্র্যাঞ্চাইজি উভয়ই বাজার পরিবেশের ঝুঁকি কমাতে কোনো এক ব্যক্তি বা গোষ্ঠীকে স্ক্যাপগোট বা বলির পাঁঠা বানায়। মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্তটি সেই উগ্র জাতীয়তাবাদ, কর্পোরেট মুনাফা ও মিডিয়া হাইপের ত্রিমুখী জোটের চাপে গড়ে ওঠা রাজনৈতিক অর্থনীতিরই অনিবার্য ফল।

২০২৬ সালের আইপিএল নিলামে মোস্তাফিজুর রহমানকে নিয়ে কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে ত্রিমুখী লড়াই হয়। শেষ পর্যন্ত তাকে দলে ভেড়ায় কেকেআর, যা একজন বাংলাদেশি ক্রিকেটারের প্রতি ভারতীয় বাজারের আস্থার প্রতীক ছিল। কিন্তু নিলামের পরপরই ভারতের ভেতরে কিছু হিন্দুত্ববাদী রাজনৈতিক দল ও তথাকথিত ধর্মগুরু বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ টেনে এনে মোস্তাফিজকে টার্গেট করেন।

হুমকির ভাষা ছিল সরাসরি সহিংস। ঘোষণা দেওয়া হয় মোস্তাফিজকে দলে রাখলে ইডেন গার্ডেন্সের পিচ খুঁড়ে দেওয়া হবে, ম্যাচে বাধা দেওয়া হবে এবং নিরাপত্তা ব্যবস্থা ভেঙে ফেলা হবে। এই পরিস্থিতিকে সমাজবিজ্ঞানী ব্যারি বুজান ও সহকর্মীদের (১৯৯৮) বর্ণিত সিকিউরিটাইজেশন তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যায়, যেখানে একটি সাধারণ ইস্যুকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে ঘোষণা দিয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণকে বৈধতা দেওয়া হয়। বিসিসিআই এই হুমকির মুখে নতজানু হয়ে জাতীয় আবেগ ও নিরাপত্তার দোহাই দিয়ে কেকেআরকে নির্দেশ দেয় মোস্তাফিজকে বাদ দিতে।

এই ঘটনার রাজনৈতিক অর্থনীতি বুঝতে ১৯৮৩ বিশ্বকাপজয়ী ক্রিকেটার মদন লালের মন্তব্যটি একটি গুরুত্বপূর্ণ পাঠ হিসেবে কাজ করে। তিনি বলেন, বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে কারণ তাদের চ্যালেঞ্জ করার ক্ষমতা কারও নেই, এমনকি শাহরুখ খানেরও না। এই বক্তব্যের প্রথম অংশে বিসিসিআইয়ের জবাবদিহিহীন সার্বভৌমত্ব স্বীকৃত হয়। অর্থাৎ বোর্ড এখানে গণতান্ত্রিক বা আইনি কাঠামোর ঊর্ধ্বে। একই সাক্ষাৎকারে তিনি বলেন, খেলাধুলায় রাজনীতি ঢোকা ঠিক নয়, কিন্তু পরক্ষণেই মন্তব্য করেন দিন শেষে দেশই সবার আগে। মদন লালের এই স্ববিরোধী বক্তব্যটি গ্রামসিয়ান হেজিমনির ধ্রুপদী উদাহরণ। তিনি প্রথমে রাজনীতিকে অস্বীকার করেন, পরে জাতীয়তাবাদের মোড়কে সেই নোংরা রাজনীতিকেই মান্যতা দেন।

মোস্তাফিজের এই ঘটনা কোনো আকস্মিক বিচ্যুতি নয়, এটি উপমহাদেশের শতবর্ষের সাম্প্রদায়িক রাজনীতির ধারাবাহিকতা। ব্রিটিশ আমলে ভারতে ক্রিকেট বিকশিত হয়েছিল সাম্প্রদায়িক পরিচয়ের ভিত্তিতে। লর্ড হ্যারিস ও ব্রিটিশ শাসকদের প্রশ্রয়ে বোম্বেতে চালু হওয়া পেন্টাঙ্গুলার টুর্নামেন্টে দলগুলো গঠিত হতো ধর্মীয় পরিচয়ে; হিন্দু, মুসলিম, পারসি, ইউরোপিয়ান ও রেস্ট। রামচন্দ্র গুহ দেখিয়েছেন কীভাবে মহাত্মা গান্ধী এই টুর্নামেন্টের বিরোধিতা করেছিলেন, কারণ এটি ভারতীয়দের মধ্যে বিভাজন স্থায়ী করছিল। কিন্তু সেই সাম্প্রদায়িক বীজ ক্রিকেটের ডিএনএতে ঢুকে যায়। স্বাধীনতার পর ভারত-পাকিস্তান ম্যাচ এই বিভাজনকে রাষ্ট্রীয় রূপ দেয়। দুই দেশের যুদ্ধ, কাশ্মীর ইস্যু ও রাজনৈতিক বৈরিতা ক্রিকেট মাঠে স্থানান্তরিত হয়। শিবসেনা কর্তৃক অতীতে ফিরোজ শাহ কোটলার পিচ খুঁড়ে দেওয়ার ঘটনা প্রমাণ করে যে, ক্রিকেট মাঠকে সবসময়ই প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধের ক্ষেত্র হিসেবে ব্যবহার করা হয়েছে।

দক্ষিণ এশিয়ার দেশে দেশেই ক্রিকেট রাষ্ট্র নির্মাণের অন্যতম হাতিয়ার। আশির দশকের পর এবং বিশেষ করে ২০১৪ পরবর্তী সময়ে ভারতে ক্রিকেট পেশিশক্তি নির্ভর জাতীয়তাবাদের প্রধান মঞ্চ। পাকিস্তানকে হারানো বা মুসলিম খেলোয়াড়দের প্রতি সন্দেহ পোষণ করা এখন সেখানে দেশপ্রেমের লিটমাস টেস্ট। জেনারেল জিয়াউল হকের আমলে পাকিস্তানে ক্রিকেটকে ইসলামিকরণ করা হয়। বাংলাদেশে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনাকে ক্রিকেটের মাধ্যমে পুনর্জাগরিত করা হয়েছে। মোস্তাফিজুর রহমানের ঘটনা এই ত্রিভুজীয় ইতিহাসেরই সর্বশেষ সংযোজন, যেখানে এক দেশের জাতীয়তাবাদী ক্ষোভ অন্য দেশের খেলোয়াড়কে বলির পাঠা বানাচ্ছে। মোস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে আইপিএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সৃষ্ট জটিলতা কেবল খেলার মাঠের বিষয় থাকেনি। এটি এখন বাংলাদেশ ও ভারতের মধ্যকার রাজনৈতিক, কূটনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্কের এক জটিল সংকটে রূপ নিয়েছে। মোস্তাফিজকে বাদ দেওয়ার পর বিজেপি নেতা সংগীত সোম একে পুরো ভারতের হিন্দুদের জয় এবং শাহরুখ খানকে দেশদ্রোহী আখ্যা দেন, যা প্রমাণ করে আইপিএল এখন আর মুক্তবাজার নয়।

ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করে প্রশ্ন তুলেছেন, আমরা আসলে কাকে শাস্তি দিচ্ছি? একটি দেশকে, একজন ব্যক্তিকে নাকি তার ধর্মকে? তাঁর মতে, মোস্তাফিজুর রহমানের সঙ্গে রাজনৈতিক ঘটনার কোনো সম্পর্ক নেই। তিনি সতর্ক করেন যে, খেলাধুলাকে এভাবে রাজনৈতিক রঙে রাঙানো এবং প্রতিবেশীদের বর্জন করা ভারতের জন্য গঠনমূলক হবে না।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিরাপদ নয়। অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের নির্দেশনায় ভেন্যু পরিবর্তনের দাবি জানানো হয়েছে। পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বাংলাদেশে আইপিএল সম্প্রচার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং বাফুফে সভাপতি তাবিথ আউয়ালও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

বিশ্বজুড়ে যখন সোশিওলজি অব স্পোর্টস একটি সমৃদ্ধ গবেষণার ক্ষেত্র, তখন বাংলাদেশে এ নিয়ে তাত্ত্বিক কাজ প্রায় শূন্যের কোঠায়। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে স্পোর্টসকে লঘু বিষয় হিসেবে দেখা হয়। অর্থনীতি বা রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষকরা বাজেট বা নির্বাচন নিয়ে যতটা আগ্রহী, ক্রিকেটের রাজনৈতিক অর্থনীতি নিয়ে ততটা নন। জ্ঞানের এই অযৌক্তিক শ্রেণিবিন্যাসের কারণে মোস্তাফিজের মতো ঘটনাগুলো কেবল ফেসবুকের ক্ষোভ, চায়ের কাপের ঝড় বা ইউটিউব ভিডিওতেই সীমাবদ্ধ থাকে। অথচ জেমস, আশীষ নন্দী বা রামচন্দ্র গুহ দেখিয়ে গেছেন যে, ক্রিকেটকে ব্যবচ্ছেদ করলে একটি জাতির হাড়-মজ্জা, তার শ্রেণিচরিত্র, সাম্প্রদায়িকতা ও রাষ্ট্রীয় দুর্বলতা বেরিয়ে আসে।

বাংলাদেশে স্পোর্টসের রাজনৈতিক অর্থনীতি বোঝার জন্য শুধু মোস্তাফিজের আইপিএল কা- বা বিদেশের দিকে তাকালেই চলবে না। বরং দীর্ঘদিন ধরে ফুটবল ও ক্রিকেটে চলা প্রাতিষ্ঠানিক দখল ও পৃষ্ঠপোষকতানির্ভর শাসনব্যবস্থাকেও বিশ্লেষণের কেন্দ্রে আনতে হবে। সালাউদ্দিনের বাফুফে আঁকড়ে থাকা কিংবা নাজমুল হাসান পাপনের বিসিবির শীর্ষে থেকে ক্রিকেটকে দলীয় ও কর্পোরেট নেটওয়ার্কের ফ্র্যাঞ্চাইজি বানিয়ে ফেলা কেবল ব্যক্তিগত লোভ বা অদক্ষতা নয়। বরং এগুলো দেখায় কীভাবে গত দেড় দশকের ফ্যাসিবাদী সময়ে রাষ্ট্রের প্যাট্রন-ক্লায়েন্ট কাঠামো স্পোর্টস ফেডারেশনগুলোকে রাজনৈতিক আনুগত্য, ভেন্ডর ক্যাপচার, টেন্ডার সিন্ডিকেট ও কর্পোরেট স্পনসরশিপের জটিল জালে বেঁধে ফেলেছিল। এর সঙ্গে যখন সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তূজার মতো তারকা খেলোয়াড়দের জাতীয় দলের অপরিহার্য সদস্য থাকাবস্থায় এমপি হয়ে যাওয়ার ঘটনা যুক্ত হয়, তখন স্পষ্ট হয় যে, স্পোর্টস ও সংসদ উভয় ক্ষেত্রেই সেলিব্রিটি পপুলিজমকে ব্যবহার করে ফ্যাসিবাদী শাসন নিজের বৈধতা পুনরুৎপাদন করেছে।

ভারতের বর্তমান বাংলাদেশি শনাক্তকরণ নীতি এক অদ্ভূত রাজনৈতিক প্রহসন হয়ে দাঁড়িয়েছে, যেখানে বাংলাদেশি সংজ্ঞাটি ভৌগোলিক নয়, বরং পুরোপুরি কৌশলগত ও আনুগত্যনির্ভর। একদিকে তারা মোস্তাফিজুর রহমানের মতো বিশ্বমানের ক্রিকেটারকে, যিনি বৈধ ভিসা ও আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে সেখানে খেলার কথা, জাতীয় নিরাপত্তা বা হিন্দুত্ববাদী আবেগের দোহাই দিয়ে অপমানজনকভাবে বাদ দিয়েছে। অন্যদিকে গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া হাজারো আওয়ামী লীগ নেতাকর্মী, বিতর্কিত লেখক ও বাংলাদেশের আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের জামাই আদরে আশ্রয় দিচ্ছে। তথাকথিত অনুপ্রবেশকারী খোঁজার মেশিনের রাডারে সাধারণ শ্রমজীবী মানুষ ধরা পড়লেও, ভারতের সেফ হাউসে থাকা পলাতক নেতারা কখনোই বাংলাদেশি হিসেবে শনাক্ত হন না। বিষয়টি এমন দাঁড়িয়েছে যে, যারা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি কিংবা নিজ দেশে জনবিচ্ছিন্ন, তারাই ভারতের পরম আত্মীয়। এই দ্বিমুখী আচরণ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে, তাদের অ্যালার্জি আসলে বাংলাদেশি পরিচয় নিয়ে নয়, বরং মেরুদ-সম্পন্ন বাংলাদেশিদের নিয়ে। যারা নতজানু হয়ে থাকে, তারা তাদের কাছে অনুপ্রবেশকারী নয়, বরং ভূরাজনৈতিক দাবার বিশ্বস্ত ঘুঁটি।

এই বৃহত্তর রাজনৈতিক অর্থনীতির প্রেক্ষাপটে লাভ-ক্ষতির খতিয়ান টানলে দেখা যায়, মোস্তাফিজুর রহমান বড় অঙ্কের আর্থিক ক্ষতির শিকার হলেন এবং বাংলাদেশ ক্রিকেট গ্লোবাল প্ল্যাটফর্মে প্রতিনিধিত্ব হারাল, যেখানে স্পোর্টস স্পিরিট চূড়ান্তভাবে পরাজিত হলো। কিন্তু বিপরীতে হিন্দুত্ববাদী রাজনীতি সাম্প্রদায়িক মেরুকরণ তীব্র করে বিজয় দাবি করল, বিসিসিআই নিজেদের প্রশ্নাতীত ক্ষমতা প্রমাণ করল এবং বিকল্প মিডিয়া ঘৃণার বাণিজ্যের মাধ্যমে বিপুল অর্থ উপার্জন শুরু করল। পাশাপাশি, বাংলাদেশে সম্প্রচার নিষিদ্ধ হওয়ায় ভারত বিশাল বাজার হারাল; দর্শকরা বিকল্প পথে খেলা দেখলেও ‘মনিটাইজেশন’ না হওয়ায় ভারতের লোকসানের পাল্লাই কেবল ভারী হবে, যা প্রমাণ করে উগ্র জাতীয়তাবাদ বাণিজ্যের জন্যও আত্মঘাতী। মূলত মোস্তাফিজের আইপিএল বহিষ্কার কেবল খেলার খবর নয়, এটি কলোনিয়াল লিগ্যাসি, পোস্ট-কলোনিয়াল উগ্র জাতীয়তাবাদ এবং কর্পোরেট পুঁজির এক নির্মম জোটবদ্ধতার ফসল। লেখক: বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তা, অর্থনীতির শিক্ষক ও গবেষক। hhafij@yahoo.com