আওয়ামী লীগ বরাবরই বাংলাদেশে ভারতের সফ্ট পাওয়ার ও গোয়েন্দা বিভাগের মূল অ্যাসেটের ভূমিকা পালন করেছে। শেখ মুজিব থেকে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা, স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক-অর্থনৈতিক রূপান্তরের প্রক্রিয়া ও ইতিহাস পর্যালোচনা করলে আওয়ামী লীগকে বাংলাদেশের জনস্বার্থবিরোধী ও ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের একটি সংগঠন হিসেবেই প্রতিপন্ন করা যায়। জুলাই অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগ আদতে কোনো গণতান্ত্রিক মূল্যবোধের রাজনৈতিক দল কিনা, এমন প্রশ্ন জোরালোভাবে উঠে এসেছে। অনেকেই আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে স্বীকার করতে নারাজ। অতীতে বর্গীরা যেভাবে বাহির থেকে এসে আক্রমণ করে মূল্যবান সবকিছু লন্ঠন করে নিয়ে পালিয়ে যেতো।

আওয়ামী লীগের জন্ম এবং বিস্তার বাংলাদেশে হলেও তাদের মন-মগজে সব সময়ই ভারতীয় সাংস্কৃতিক-অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক স্বার্থের এজেন্ডা কাজ করেছে। জুলাই অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় বিষয়টি নতুন প্রজন্মের কাছে আরো স্পষ্টভাবে ধরা পড়েছে। এটা দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার জন্য অনেক বড় অর্জন। প্রথমেই শত্রু-মিত্র চিনতে না পারলে লড়াই করে টিকে থাকা অসম্ভব। বারবার গণবিরোধী, গণতন্ত্রবিরোধী, মানবতাবিরোধী ও রাষ্ট্রঘাতী ভূমিকার পরও আওয়ামী লীগকে বিচারহীন ইনডেমনিটি দিয়ে রাজনীতির সুযোগ দেয়ার কারণেই একাত্তরের পর পঁচাত্তর, নব্বই, এক-এগারো এবং চব্বিশের জুলাই অভ্যুত্থানের মত রক্তক্ষয়ী আন্দোলনে বার বার অসংখ্য মানুষকে প্রাণ দিতে হয়েছে।

এবার অভ্যুত্থানের অগ্রসেনানী নতুন প্রজন্ম জুলাই সনদ বাস্তবায়ন এবং ভারতীয় তাবেদারী রাষ্ট্র ব্যবস্থার অবসানের মধ্য দিয়ে দেশকে একটি স্থায়ী গণতান্ত্রিক কাঠামোগত রূপান্তরের পথে স্থিতিশীল করার সিদ্ধান্তে অটল রয়েছে। তবে ভারতীয় হেজিমনি প্রোগ্রামের আওতায় ভারতের পলাতক শেখ হাসিনা, তার দোসর ও আওয়ামী লীগের বাংলাদেশকে ডি-স্ট্যাবিলাইজ করার এজেন্ডার সাথে পরোক্ষভাবে এখন অন্যান্য রাজনৈতিক দলের পেইড এজেন্টরাও যুক্ত হওয়ার মধ্য দিয়ে পরিস্থিতি অনেক বেশি স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তবে দেশের সাধারণ মানুষ এবং নতুন প্রজন্মের স্টেকহোল্ডারদের অনড় অবস্থান, জাতিকে আশার আলো দেখাচ্ছে। শেখ হাসিনা অত্যন্ত পরিকল্পিতভাবেই দেশকে মেধা ও সম্পদশূন্য করে ভারতের হাতে তুলে দেয়ার ষড়যন্ত্র বাস্তবায়নের শেষ প্রান্তে এসে গণঅভ্যুত্থানে বিতাড়িত হয়েছেন। তার দেশি-বিদেশি দোসর অলিগার্কদের দিয়ে বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে দেশের ব্যাংকিং সেক্টর ও আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে শত শত বিলিয়ন ডলার পাচার করে দেশের অর্থনৈতিক সামর্থকে পঙ্গু করে বিদেশে জমা করেছিল। সে অর্থ দিয়ে এখন তারা দেশের রাজনীতি নিয়ন্ত্রণের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। অর্থ পাচার করে বিদেশে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতারা এখন কোটি কোটি টাকা খরচ করে দেশকে অস্থিতিশীল করতে চাইছে।

এই নিবন্ধ লেখার সময় ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদালতে জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হচ্ছিল। রায়ে শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে মৃত্যুদ-াদেশ এবং দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার কারণে মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এর আগে গত ১৩ নভেম্বর হাসিনার রায়ের তারিখ ঘোষণা উপলক্ষ্যে শেখ হাসিনা ও পলাতক দোসররা ঢাকায় কমপ্লিট লক-ডাউন ঘোষণা করলেও কিছু বিচ্ছিন্ন চোরাগোপ্তা হামলা, নাশকতার ঘটনা ছাড়া তাদের নেতাকর্মীদের মাঠে দেখা যায়নি। ঢাকার জনজীবন ছিল সচল ও স্বাভাবিক।

আদালত ১৭ নভেম্বর রায়ের তারিখ ঘোষণা করেছিল এবং ১৭ নভেম্বর সকাল ১১টার পর থেকে প্রায় তিন ঘন্টা ধরে ট্রাইব্যুনালের এজলাস থেকে রায় পাঠ করা হয়। রায়ের পর ঢাকার রাজপথে ছাত্র-জনতা আনন্দ মিছিল বের করে। অনেক স্থানে সাধারণ মানুষকে মিষ্টি বিতরণ করতে দেখা গেছে। এর আগে পঁচাত্তরের ১৫ আগস্টে সামরিক অভ্যুত্থানে সপরিবারে শেখ মুজিবের মৃত্যুর পরও ঢাকাসহ সারাদেশে মানুষকে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করতে দেখা গিয়েছিল। তখন নাকি আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা মুজিব হত্যার প্রতিক্রিয়ায় লন্ডনে বসে ‘ফেরাউনের পতন ঘটেছে’ বলে মন্তব্য করেছিলেন। ইতিহাস থেকে শিক্ষা না নিলে ইতিহাসের খারাপ ঘটনার পুনরাবৃত্তি ঘটবে, এটাই ইতিহাসের শিক্ষা।

শেখ মুজিব গণতান্ত্রিক ব্যবস্থা রুদ্ধ করে নিজ রাজনৈতিক দল আওয়ামী লীগসহ সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে বাকশাল নামের একটিমাত্র রাজনৈতিক দল গঠন করে নিজেকে বাকশালের প্রধান ও আজীবনের শাসক হিসেবে ঘোষণা করেছিলেন। গণতান্ত্রিক প্রক্রিয়া ও ভোটের মাধ্যমে ক্ষমতার পালাবদলের সুযোগ নস্যাৎ করে অগণতান্ত্রিক অভ্যুত্থানের মধ্য দিয়ে নিজের পতন তিনি নিজেই নিশ্চিত করেছিলেন। শহীদ জিয়াউর রহমানের বহুদলীয় গণতান্ত্রিক প্রক্রিয়ার সুযোগ নিয়ে শেখ হাসিনা ৬ বছর ভারতে কাটিয়ে ১৯৮১ সালের ১৭ মে বাংলাদেশে এসে রাজনীতি করার সুযোগ ফিরে পেয়েছিলেন। তিনি দেশে ফেরার ১৩ দিনের মাথায় চট্টগ্রাম সার্কিট হাউসে জিয়াউর রহমান বিপথগামী সেনাসদস্যদের গুলিতে নিহত হন। জিয়ার মৃত্যুতে সারাদেশে শোকের মাতম, বিষাদের ছায়া নেমে এসেছিল।

ঢাকার মানিক মিয়া এভিনিউ ও জাতীয় সংসদ ভবন চত্বরে অনুষ্ঠিত জিয়ার জানাজায় স্মরণকালের বৃহত্তম জনসমাবেশ ঘটেছিল। বিশ্বের বিভিন্ন দেশ জিয়ার জন্য রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছিল। ইতিহাস এবং জনসমাজ এভাবেই সফল রাষ্ট্রনায়ক এবং ঘৃণিত স্বৈরাচারের গ্রহণ-বর্জনের মধ্য দিয়ে একেকটি মাইল ফলকের জন্ম দেয়। একাত্তরের মুক্তিযুদ্ধের শুরুতে শেখ মুজিব জাতি বা দলীয় নেতাকর্মীদের কোনো দিক-নির্দেশনা না দিয়েই পাকিস্তানিদের সাাথে গোপন বোঝাপড়ায় আত্মসমপর্ণ করে পাকিস্তানে চলে যান। অন্যদিকে জীবনের ঝুঁকি নিয়ে সেনা বাহিনীতে বিদ্রোহ করে ২৬ মার্চ মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণাই ছিল মুক্তিযুদ্ধের প্রথম আনুষ্ঠানিক ঘোষণা ও মুক্তির দিশা। রাজনৈতিক কৌশলগত কারণে জিয়ার দ্বিতীয় ঘোষণায় শেখ মুজিবের নাম উল্লেখ করার মধ্য দিয়ে এর রাজনৈতিক রূপ দেয়া হয়েছিল মাত্র। শেখ মুজিব ও আওয়ামী লীগ সত্তরের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভের সুযোগ নিয়ে কোনো গণভোট বা কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি ছাড়াই ভারতীয় প্রেসক্রিপশনে বাহাত্তরের সংবিধান প্রণয়ন ও গ্রহণ করা হয়েছিল। রাজনৈতিকভাবে তা ছিল অনৈতিক ও অন্যায্য।

মুজিবোত্তর বাংলাদেশে জিয়ার সূচিত বহুদলীয় গণতন্ত্রের সুযোগে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও রাজনৈতিক পুনর্বাসনের শুরুতেই তার অগণতান্ত্রিক মনোভাবের বহি:প্রকাশ ঘটেছিল। জিয়া হত্যাকা-ের খবর শুনে শেখ হাসিনা তার প্রথম প্রতিক্রিয়ায় নাকি বলেছিলেন, ‘আই অ্যাম নট আনহ্যাপি’। জিয়া হত্যাকা-ের সাথে পূর্ণাঙ্গ বিচার এবং নেপথ্যের ঘটনাবলী এখনো অনুদঘাটিত রয়েছে। জিয়া ভারতীয় আধিপত্যবাদী প্রভাব মোকাবেলা করে স্বাধীন বাংলাদেশের নতুন গণতান্ত্রিক-অর্থনৈতিক অগ্রযাত্রার সূচনা করেছিলেন। তার হত্যাকা-ের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের সেই অগ্রযাত্রা নস্যাৎ করে নতুন করে আধিপত্যবাদের ছত্রছায়ায় এরশাদ-হাসিনার স্বৈরচারি নেক্সাস গড়ে তোলা হয়েছিল।

ভারতীয় আধিপত্যবাদের প্রভাবে পরবর্তী বিএনপি সরকারও জিয়া হত্যার নেপথ্য কুশীলবদের ষড়যন্ত্রের ঘটনা উদঘাটন করতে পারেনি। এ বিষয়ে তাদের কোনো কর্মকৌশল বা রাজনৈতিক প্রতিশ্রুতিও দেখা যায়নি। জুলাই অভ্যুত্থান পরবর্তী ভারতীয় আধিপত্যবাদী প্রভাবমুক্ত নতুন বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে গঠিত নতুন সরকার জিয়া হত্যার তদন্ত ও বিচারের উদ্যোগ গ্রহণ করলে এর নেপথ্যের দেশি-বিদেশি কুশীলবদের ভূমিকা বেরিয়ে আসবে। বাংলাদেশী জাতীয়তাবাদী রাজনীতির জন্য এর ঐতিহাসিক মূল্য অনেক বেশি। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাত্তোর বাংলাদেশের রাজনীতিতে মুজিব, জিয়া, খালেদা জিয়া ও শেখ হাসিনার ভূমিকা জাতির কাছে অনেকটাই প্রকাশিত ও বিরাজিত।

নিজের রাজনৈতিক অবস্থান ও দায়-দায়িত্বের কথা অগ্রাহ্য করে শেখ মুজিব পাকিস্তানিদের কাছে আত্মসমপর্ণ করে নিজের এবং পরিবারের পূর্ণ নিরাপত্তা ও সুযোগ-সুবিধা নিয়েছিলেন। অন্যদিকে চরম প্রতিকূল পরিস্থিতিতে জিয়া জীবনের ঝুঁকি নিয়ে বিদ্রোহ ও নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন। একইভাবে এক-এগারোর চরম প্রতিকুল সময়ে শেখ হাসিনা বিদেশে পালিয়ে গেলেও বেগম খালেদা জিয়া জীবন ও জেল-জুলমের ঝুঁকি নিয়ে দেশের মাটি কামড়ে পড়েছিলেন। এমনকি শেখ হাসিনাকে গ্রেফতারের বিরুদ্ধেও খালেদা জিয়া প্রতিবাদ করেছিলেন। ক্ষমতা হারানোর পর হাসিনা সরকারের করা মিথ্যা মামলা আইনগত ও রাজনৈতিকভাবে মোকাবেলা করার সিদ্ধান্ত নিয়ে তিনি আরেকবার জীবনের ঝুঁকি গ্রহণ করেছিলেন। এখানেই মুজিব ও জিয়া পরিবারের মধ্যে পার্থক্য। জুলাই অভ্যুত্থানের পর নিজের বিরুদ্ধে আনীত অভিযোগ রাজনৈতিক ও আইনগতভাবে মোকাবেলা করে তিনি এখনো দেশের সবচেয়ে জনপ্রিয় আপোষহীন নেত্রি হিসেবে বিশেষ মর্যাদার আসনে অধিষ্ঠিত রয়েছেন। অন্যদিকে, শেখ হাসিনা দেশের জনগণের সম্পদ লুন্ঠন করে, দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনৈতিক সামর্থ্য ভেঙে দিয়ে , আন্দোলন দমনে ছাত্র-জনতার উপর গণহত্যার নির্দেশ দিয়ে হাজার হাজার মানুষ হত্যা করে নিজ দলের নেতাকর্মীদের চরম বিপদের মুখে ঠেলে দিয়ে ভারতে পালিয়ে গেলেন। তার মানবতাবিরোধী অপরাধ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এখন তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদ-ের সাজা প্রাপ্ত ফেরারি আসামি।

শেখ হাসিনা ভারতীয় প্রেসক্রিপশনে ইসলামপন্থী ও বাংলাদেশপন্থী দেশপ্রেমিক রাজনৈতিক নেতাদের বিচারের নামে হত্যা করার পথ বেছে নিয়েছিলেন। তার নির্দেশে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত, বিচার প্রক্রিয়া, রায় ঘোষণা ও মৃত্যুদ-াদেশ ও বাস্তবায়ন চরমভাবে প্রশ্নবিদ্ধ। ক্যাঙ্গারু কোর্টে মিথ্যা অভিযোগ, সাজানো ভুয়া সাক্ষী ও গণভবন থেকে নির্দেশিত রায়েও যখন কাদের মোল্লার মৃত্যুদন্ড দেয়া সম্ভব হয়নি, তখন ভারতীয় গোয়েন্দা সংস্থা র’র প্রযোজনায় শাহবাগে গণজাগরণ মঞ্চ বানিয়ে আইন পরিবর্তনের দাবি তোলা হয়, সেই দাবি মেনে নিয়ে ভুতাপেক্ষ কার্যকর দেখিয়ে কাদের মোল্লাকে ফাঁসি দেয়া হয়। সেসব বিচার ও ফরমায়েশি রায়ের নেপথ্যের কারসাজি কয়েকটি স্কাইপে কেলেঙ্কারির মাধ্যমে ফাঁস হয়েছিল।

অন্যদিকে দেলওয়ার হোসাইন সাঈদির মামলায় সাক্ষী দিতে এসে সত্য ফাঁস দেয়ার ভয়ে সুখরঞ্জন বালি নামের এক সাক্ষিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের সামনে থেকে অপহরণ করে ভারতে নিয়ে যাওয়া হয়। আদালতে তিনি সাক্ষী দিতে না পারলেও অপচিকিৎসা তথা জুডিশিয়াল কিলিংয়ের শিকার সাঈদির জানাজায় উপস্থিত হয়ে লাখো জনতার সামনে সুখরঞ্জন বালি কান্নাজড়িত কণ্ঠে সাক্ষী দিয়েছিলেন সাঈদি সাহেব নির্দোষ ছিলেন। এমন একটি ফ্যাসিস্ট কাঙ্গারু কোর্টকে শেখ হাসিনা আর্ন্তজাতিক মানের আদালত বলে দাবি করেছিলেন।

শেখ হাসিনা ও দোসরদের চাক্ষুষ গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের আগে শেখ হাসিনা ও তার দোসররা যখন সেই ট্রাইবুনালের মান ও এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলতে চাইছিলো, তখন বৃটিশ আইনজ্ঞ টবি ক্যাডম্যান গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মান নিয়ে শেখ হাসিনার দাবির কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তবে এবারের পুনর্গঠিত ট্রাইব্যুনালের বিচারক, প্রসিকিউটর, অভিযোগ ও তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ ছিল না। ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমের লাইভ ভিডিও সরাসরি টিভিতে সম্প্রচার করা হয়েছে। শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলার প্রথম রায় প্রকাশের আগে আওয়ামী লীগের পলাতক নেতারা দেশে লক-ডাউন, কমপ্লিট শাট-ডাউনসহ ত্রাসের রাজত্ব কায়েমের অপচেষ্টা করেছিল।

পলাতক অলিগার্কদের মাধ্যমে বিপুল অর্থ ব্যয় করেও তারা তাদের স্বপ্ন পুরণ করতে পারেনি। খুব অন্ধ আওয়ামী লীগারদের কারণেই শেখ হাসিনার এই চরম পরিনতি ঘটেছিল। সবকিছু অন্ধভাবে সমর্থন করে রাজনৈতিক নেতাদেরকে বেপরোয়া দানবে পরিনত করা হয়। তারা দেশের সম্পদ লুট করে বিদেশে বাড়ি ও ব্যবসা ও সম্পদের পাহাড় গড়ে তোলে। বিপদ দেখলে তারা দেশ ছেড়ে পালিয়ে যায়। সেখানে বসেই দেশে থাকা নেতাকর্মীদের বিপজ্জনক নির্দেশনা দেয়। কিছু ভাড়াটিয়া লোক টাকার বিনিময়ে নাশকতার ঘটনা ঘটালেও সাধারণ আওয়ামী লীগ নেতাকর্মীরা এবার আর তাদের নির্দেশ মানছে না। শেখ হাসিনার রায়কে ঘিরে লক-ডাউন, শাট-ডাউন কিংবা ন্যুনতম প্রদর্শন করতেও আওয়ামী লীগ নেতারা রাস্তায় নামেনি। অপরাধিরা সব সময়ই দুর্বল। সপরিবারে শেখ মুজিব নিহত হওয়ার পর যেমন কেউ প্রতিবাদে রাস্তায় নামেনি। একইভাবে শেখ হাসিনার পলায়ন এবং তার বিরুদ্ধে মৃত্যুদ-ের রায় ঘোষিত হওয়ার পরও কেউ প্রতিবাদে রাস্তায় নামেনি। এটাই ইতিহাসের বিচার। একটি রাজনৈতিক দলের চরম বিপর্যয়ের দৃষ্টান্ত। শেখ মুজিব ও শেখ হাসিনা শুধু নিজের পতনের পথই রচনা করেননি, আওয়ামী লীগের রাজনৈতিক পতনের পথও রচনা করে গিয়েছেন। দেশবিরোধী অবস্থান নিয়ে প্রতিবেশী ও বৈরী রাষ্ট্রের স্বার্থ হাসিলের রাজনৈতিক এজেন্ডা নিয়ে কাজ করা কোনো রাজনৈতিক দল আর কখনোই বাংলাদেশে জনগণের সমর্থন পাবেনা। হাসিনাকে হস্তান্তরের মধ্য দিয়ে এবং গণতান্ত্রিক রূপান্তরকে সমর্থন করার মধ্য দিয়েই ভারত বাংলাদেশের সাথে স্বাভাবিক দ্বিপাক্ষিক সম্পর্কে প্রত্যাবর্তন করতে পারে। একইভাবে শেখ পরিবার ও হাসিনার অপরাধ ও ভুলের প্রায়াশ্চিত্ত স্বীকার করে বিচারের মধ্য দিয়েই কেবল ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতি নতুনভাবে শুরু হতে পারে।

bari_zamal@yahoo.com