ভোরের আলো ফোটার আগেই ঢাকার বাতাস ভারী হয়ে ওঠে অজানা কিছু ক্ষুদ্র কণা দিয়ে। সূর্য ওঠে ঠিকই, তবে তার আলো ছেঁকে আসে ধুলোর পরত ভেদ করে। রাস্তা দিয়ে চলতে থাকা স্কুলগামী শিশুদের কারও চোখে জ্বালাপোড়া কারও বা গলায় কাশি। অনেকের স্কুলব্যাগের সঙ্গে ঝুলে আছে মাস্ক তবে তা নিরাপত্তা নয়, বরং অসহায়ত্বের প্রতীক হয়ে। ঢাকায় এমন বাস্তবতা প্রায় প্রতি দিনকার একটি সাধারণ চিত্র। শহরটি দীর্ঘদিন ধরেই বিশ্বের সবচেয়ে দূষিত স্থানগুলোর তালিকায় জায়গা করে নিয়েছে। বাতাসে ভাসমান ক্ষতিকর সূক্ষ্ম কণার উপস্থিতিতে সবচেয়ে বড় ঝুঁকিতে পড়ছে শিশু ও বয়স্করা। বিশেষজ্ঞরা বলছেন, এই অতি সূক্ষ্ম কণাগুলো সহজেই ফুসফুসে প্রবেশ করে এবং ধীরে ধীরে শ্বাসতন্ত্রের দীর্ঘমেয়াদি ক্ষতি করে। শিশুদের ক্ষেত্রে ঝুঁকিটা আরও বেশি।
কারণ তাদের ফুসফুস এখন বিকাশমান। নগরীর অনেক অভিভাবকের কাছেই বিষয়টি এখন প্রত্যাহিক অভ্যস্ততা। কেউ বলছেন, সন্তানের কাশি আর সর্দি যেন আর ভালো হয় না। কারও সন্তানের শ্বাস নিতে কষ্ট হচ্ছে, কেউ আবার নিয়মিত স্কুলে যেতে পারছে না। খোলা মাঠে খেলাধুলা এখন কেবলই যেন ইতিহাস হয়ে উঠছে। বাইরে বেরোলেই অসুস্থতার শঙ্কা তাড়া করে বেড়ায়। চিকিৎসকেরা জানাচ্ছেন, শীত মৌসুম এলেই শিশুদের শ্বাসতন্ত্রজনিত রোগের চাপ বাড়ে। দূষিত বাতাসে থাকা শিশুদের মধ্যে অ্যাজমা, দীর্ঘস্থায়ী কাশি এবং শ্বাসকষ্টের ঝুঁকি তুলনামূলক বেশি দেখা যায়। কারণ, দূষণের প্রভাব তারা সহ্য করতে পারে না বড়দের মতো। অনেক সময় রোগের লক্ষণ ধরা পড়ে দেরিতে। তখন চিকিৎসাও জটিল হয়ে ওঠে।\r\nঢাকার বায়ু দূষণের পেছনে একাধিক কারণ বিরাজমান।
নগরজুড়ে চলমান নির্মাণকাজ থেকে উড়ছে ধুলা। রাস্তায় চলাচলকারী পুরোনো ও অপরীক্ষিত যানবাহন থেকে নির্গত হচ্ছে কালো ধোঁয়া। শুষ্ক মৌসুমে শহরের আশপাশের ইটভাঁটিগুলো বাতাসকে আরও বিষাক্ত করে তোলে। বৃষ্টির অভাবে এই দূষণগুলো বাতাসে দীর্ঘ সময় আটকে থাকে। শহর যেন নিজেই নিজের বিষপানে শ্বাস-প্রশ্বাস চালাচ্ছে। এর প্রভাব পড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানেও। অনেক স্কুল প্রশাসন দরজা-জানালা বন্ধ রেখেই ক্লাস চালাতে বাধ্য হচ্ছে। কোথাও কমিয়ে আনা হয়েছে খেলাধুলার সময়। তবু শিশুদের পুরোপুরি সুরক্ষা দেওয়া যাচ্ছে না। অভিভাবকদের দুশ্চিন্তা এখানেই। সন্তানকে ঘরে আটকে রাখা যায় না। আবার বাইরে পাঠালেও অজানা ঝুঁকি থেকেই যায়।\r\nপরিবেশকর্মীরা বলছেন, যানবাহনের নির্গমন নিয়ন্ত্রণ, নির্মাণকাজে ধুলা কমানোর কার্যকর ব্যবস্থা এবং ইটভাঁটির আধুনিকায়ন ছাড়া ঢাকার বায়ুদূষণ কমানো সম্ভব নয়। পরিকল্পনার কথা বহুবার শোনা গেলেও বাস্তবে দৃশ্যমান পরিবর্তন খুব সীমিত। দায় যেন কারও নয়, অথচ ক্ষতির বোঝা বহন করছে সবাই। এই অবস্থায় শিশুদের জন্য কিছু সতর্কতা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে; অপ্রয়োজনে বাইরে না যাওয়া, দূষণের মাত্রা বেশি হলে মাস্ক ব্যবহার করা এবং শ্বাসকষ্টের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়া। তবে বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন, ব্যক্তিগত সতর্কতা দিয়ে একটি শহরের বাতাস পরিষ্কার করা যায় না। প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, কার্যকর নীতি এবং কঠোর বাস্তবায়ন। ধূসর আকাশের নিচে দাঁড়িয়ে তাই নগরবাসীর প্রশ্ন একটাই, এই শহরের শিশুরা কি কখনো স্বচ্ছ আকাশের নিচে গভীর শ্বাস নিতে পারবে? ঢাকার বায়ুদূষণ যতদিন নিয়ন্ত্রণে না আসবে, ততদিন এই প্রশ্নের উত্তর অনিশ্চিতই থেকে যাবে।\r\nলেখক : পরিবেশকর্মী এবং প্রধান পরিচালনা কর্মকর্তা, ফিউচার ফ্লেয়ার ফাউন্ডেশন
