মানুষ যখন উচ্চতায় ওঠে, তখন তার ছায়াটাও দীর্ঘ হয়, কিন্তু সে ধীরে ধীরে নিজেকেই চিনতে ভুলে যায়। \r\nমানুষ চূড়ায় উঠতে ভালোবাসে। উচ্চতা তাকে মোহিত করে। সে চায় আলো তার দিকে থাকুক, করতালির শব্দ চারদিকে উঠুক, শ্রদ্ধায় তার নাম বারবার উচ্চারিত হোক। কিন্তু সেই আলোতেই জন্ম নেয় এক দীর্ঘ ছায়া। সেটা নিজেরই প্রতিবিম্ব, নিজেরই বিপরীত কায়া। ছায়া দীর্ঘ হয় সময়ে। উচ্চতার সাথে সেই ছায়া বাড়ে। কিন্তু মানুষ নিজের ছায়াকে দেখে না, সে দেখে শুধু আলো। সেই আলোকে দেখে, যা তার ছায়াকেই বড় করে। সে ভুলে যায় তার ছায়াও তারই অংশ। ধীরে ধীরে সে নিজেকে হারিয়ে ফেলে। সে নিজেকে খুঁইয়ে ফেলে ছায়ার অন্ধকারে। \r\nপ্রতিটি সফলতা একটি নতুন দায়। প্রতিটি উচ্চতা যেন আরও একা হয়ে ওঠার আহ্বান দেয়। যে যত উঁচুতে ওঠে, সে তত একা হয়ে ছুটে।
আমরা যখন উঁচুতে উঠি, তখন আমাদের পা মাটি থেকে সরে যায়। আর তখনই আমরা ভুলে যাই। আমরাও একদিন নিচে ছিলাম, ছোট ছিলাম, নিরীহ ছিলাম। তেমনি মানুষ যখন শিখরে পৌঁছে, তখন তার পরিচয়টা বদলে যায়। সে চায় শক্তি, সম্মান, কর্তৃত্ব। কিন্তু সে নিজেকে চেনে না তখন। চিনতে পারেও না সে। কারণ তার চারপাশে তখন কেবল প্রতিচ্ছবি। মুখোশপরা মানুষ, মিথ্যে প্রশংসা, আর একাকীত্বের দীর্ঘ নীরবতা ঘিরে থাকে তার চারপাশে। \r\nনিজেকে চেনা বড় কঠিন। উচ্চতা মানুষকে বাইরের দুনিয়ার চেনা শেখায়, কিন্তু ভিতরের মানুষটা কোথাও যেন হারিয়ে যায়। সেটা বুঝতে সময় লাগে। কখনো কখনো বুঝতেই পারে না। তবে কেউ কেউ থামে। তারা ছায়াটাকে দেখতে চায়। তারা জানে, ছায়া দীর্ঘ মানেই আমি বড় হয়ে গেছি, এমন নয়। হয়তো সূর্যটা ঠিক পেছনে আছে, আর সে নিজেকে দেখতে পাচ্ছে না।
নিজেকে চিনতে হলে নিচে নামতে হয়। ছায়ার দিকে ফিরে তাকাতে হয়। আলো থেকে কিছুটা দূরে দাঁড়াতে হয়। তখনই হয়তো মানুষ আবার নিজেকে খুঁজে পায়। আলো-ছায়ার মাঝখানে, সত্যিকারের নিজের মুখোমুখি হয়। \r\nআধুনিক জীবনে বেশিরভাগ মানুষ ক্ষমতা দেখতে শিখেছে টেলিভিশনের পর্দায়, মঞ্চের আলোয়, মসনদের উঁচু আসনে। কিন্তু খুব কম মানুষই বুঝতে পারে ক্ষমতা কীভাবে একে একে বদলে দেয় সেই মানুষটিকে। যিনি একদিন ছিলেন একেবারে বাকি সবার মতো, সময়ে তিনি বদলে যান নিজের মতো করে। একদা তিনি কথা বলতেন সাধারণের ভাষায়, হাঁটতেন তাদের সঙ্গে, কাঁদতেন একসঙ্গে। কিন্তু একদিন সেই মানুষটিই হয়ে ওঠেন দূরের, অনেকটা অদৃশ্য নিজের ভেতর এক কারাগারে। \r\nক্ষমতার আয়না কোনো কাঁচ নয়, কোনো বস্তু নয়। এই আয়না হলো ক্ষমতার প্রতিচ্ছবি।
ক্ষমতা একবার সামনে এলে মানুষ নিজের ভেতরের মানবিকতা দেখতে পায় না। দেখতে পায় এক বিকল্প রূপ : এক শাসক, এক আমি , এবং এক অপরিহার্য সত্তা । একজন সাধারণ মানুষ যখন নেতৃত্বে আসে, তখন প্রথমে তিনি নিজেকে দেখতে থাকেন জনগণের প্রতিনিধি হিসেবে। তিনি মানুষের কণ্ঠস্বর শোনেন, কষ্ট উপলব্ধি করেন, হৃদয়ে ধারণ করেন জনগণের প্রয়োজন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই কণ্ঠস্বর চাপা পড়ে দেয়ালের পেছনে, চাপা পড়ে নিরাপত্তার প্রটোকলে, চাপা পড়ে ভিআইপি করিডোরের শব্দহীন নিঃশ্বাসে। এই পরিবর্তন একদিনে হয় না। এটা আসে ধীরে ধীরে। সময়ে যেমন ধুলাবালি জমে আয়নায়, যেমন নীরবতা জমে সিদ্ধান্তের টেবিলে, তেমনি পরিবর্তনের খেলায় তার চারপাশ জমে ওঠে। \r\nক্ষমতা কি মানুষকে বদলে দেয়? নাকি মানুষই বদলে যেতে চায়? এই প্রশ্ন শুধু রাজনৈতিক নয়।
এটি মানব অস্তিত্বের গভীরে লুকানো এক জিজ্ঞাসা। মানুষ যখন ক্ষমতার মুখোমুখি হয়, তখন সে এক দ্বিধার সামনে দাঁড়ায়। সে কি আগের সে-ই থাকে? নাকি এক নতুন রূপে গড়ে ওঠে? সম্ভবত ক্ষমতা মানুষকে বদলায় না। ক্ষমতা বরং মানুষকে প্রকাশ করে। যেমন আয়নার সামনে দাঁড়ালে মুখোশ পরে থাকা মুখও ধরা পড়ে। ক্ষমতা সেই আয়না। মানুষের ভিতরে লুকিয়ে থাকে এক অবদমন। বহুকাল ধরে সে তা চেপে রাখে নিয়ম, নৈতিকতা, সমাজ এবং মানবতা নামে। কিন্তু যখন সে ক্ষমতা পায়, তখন সব নিয়ম তাকে আর ছুঁতে পারে না। তখনই সে শোনে এক অদ্ভুত ডাক- তুমি আলাদা । তুমি উঁচু। তুমি ছাড়পত্রপ্রাপ্ত। তুমি অন্যদের কাছ থেকে সার্টিফিকেট পেয়েছো- তুমি ক্ষমতাধারী। ক্ষমতা আসলে মুক্তি দেয় ভেতরের এক সত্তাকে, যে সত্তা এতদিন চুপচাপ বসে ছিল মুখোশের আড়ালে।
সেই মুখোশটা খুব মানবিক, খুব সভ্য। কিন্তু তার নিচে যে মুখ, তা অনেক সময় চেনা যায় না। মানুষ কি বাধ্য হয়? না, সে ইচ্ছায় বদলায়। কারণ সে জানে, ক্ষমতা তাকে প্রশ্নহীন করে। ক্ষমতা তার দোষগুলোকে ঢেকে দেয়। ক্ষমতা তাকে অন্যদের ওপরে বসায়। সে এই আসনটিকে ভালোবেসে ফেলে। \r\nএকজন সাধারণ মানুষ যখন বলে, আমি আর দশজনের মতো নই, তখনই সে ক্ষমতার প্রথম পাঠ গ্রহণ করে। এই ভাবনাই জন্ম দেয় বিচ্ছিন্নতার, শ্রেষ্ঠত্বের এবং এক ধরনের অমানবিক আত্মবিশ্বাসের। ক্ষমতা মানুষের ভিতরের অহংকে খুঁচিয়ে তোলে। অহং তখন আর চুপ করে থাকে না। সে বলে ওঠে- এই তুমি, আসল তুমি, এখনই প্রকাশিত হও। এই প্রকাশই ভয়ানক। এই প্রকাশই অনিবার্য, যদি মানুষ নিজেকে চেনে না। ক্ষমতা কাউকে বদলায় না। ক্ষমতা শুধু খুলে দেয়। আর যা খুলে পড়ে, তা সবসময় সৌন্দর্য নয়।
কিন্তু ক্ষমতার প্রকৃত পরিবর্তন ঘটে কোথায়? মনোবিজ্ঞানের ভাষায় এটি একধরনের স্নায়ুবৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক রূপান্তর। গবেষণায় দেখা গেছে, দীর্ঘদিন ক্ষমতার আসনে থাকা মানুষ ধীরে ধীরে হারাতে থাকেন সহানুভূতির স্পর্শ, হারিয়ে ফেলেন সংবেদনশীলতার সূক্ষ্মতা। এটি কেবল আচরণগত নয়। সঙ্গে তাদের মস্তিষ্কের সেই অংশও দুর্বল হয়ে পড়ে, যা সামাজিক ইঙ্গিত বুঝে নিতে সাহায্য করে। তারা আর বুঝতে পারেন না - কে ভয় পাচ্ছে, কে চুপচাপ অভিমান পুষে রেখেছে, কার চোখে জল লুকানো, আর কার ঠোঁটে গোপন নৈঃশব্দ। ক্ষমতার পরিবর্তন হয় না শুধু আসনের বদলে। আসলে পরিবর্তন ঘটে মানুষের ভিতরে, অতল এক স্নায়ুবৈজ্ঞানিক এবং মনস্তাত্ত্বিক রূপান্তরের ভিতর দিয়ে। প্রথমে তা অদৃশ্য, কেউ টের পায় না। একটা সময় ছিল, যখন তার চোখে জল ঝরে পড়ত অন্যের কষ্টে।
কিন্তু এখন সে দেখে না। তার মধ্যে কোথাও, ধীরে ধীরে, সহানুভূতির আলো নিভে যেতে থাকে। \r\nগবেষণায় প্রমাণিত হয়েছে যে, দীর্ঘদিন ক্ষমতার আসনে থাকলে মানুষের মস্তিষ্ক বদলে যায়। তাদের সেই অংশটি নিস্তেজ হয়ে পড়ে, যা আমাদের শেখায় কোনো ইশারা মানে কান্না, কোনো মুখচাহনি মানে অভিমান, কোনো থেমে যাওয়া মানে বোঝার অপেক্ষা। তারা বুঝতে পারে না - চোখের আড়ালে কারা কাঁদছে। শব্দের ফাঁকে- কে চুপ করে রয়ে গেছে। কার কণ্ঠে অনুরোধ নয়, একরাশ ক্ষোভ জমে আছে। তারা হারিয়ে ফেলে সংবেদনশীলতার সূক্ষ্মতা। ক্ষমতা যেন এক নীরব দ্রবণ। মানুষকে আস্তে আস্তে গলিয়ে ফেলে তার মানবিক অংশগুলো। বাকি থাকে কেবল আদেশ, নিয়ন্ত্রণ এবং এক নির্মম আত্মবিশ্বাস। তবু হৃদয়ের গভীরে কেউ একজন কাঁদে। অথচ ক্ষমতার মানুষটি তা শুনতে পায় না।
কারণ তার কান বধির নয়, তার মস্তিষ্কই বদলে গেছে। \r\nনেতৃত্বের এক ধরনের নৈঃশব্দ তৈরি হয়। নেতৃত্ব তখন আর কথার মধ্য দিয়ে জনগণের সঙ্গে সম্পর্ক রাখে না। দূরত্ব দিয়ে, সৌজন্য দিয়ে, অনুপস্থিত উপস্থিতি দিয়ে সম্পর্ক করে নেয়। নেতা তখন হয়ে ওঠেন- একটি প্রতীক, একটি দূরবর্তী মুখ, একটি সিদ্ধান্ত-নির্মাতা, যিনি আর নিজের হৃদয় দিয়ে অনুভব করেন না। আমরা সবাই কোনো না কোনোভাবে নেতৃত্বে থাকি। পরিবারে, প্রতিষ্ঠানে, সম্প্রদায়ের নেতৃত্বে আমরা থাকি। সেই নেতৃত্ব কি আমাদের সহানুভূতিশীল রাখছে, নাকি আমরা অজান্তেই সেই আয়নার দিকে এগিয়ে যাচ্ছি, যা আমাদের অন্যদের চেয়ে আলাদা ভাবে, দূরের ভাবে? \r\nএই যে বদলে যাওয়া, এই যে নিজেকে ভুলে ফেলা- এটা কি সত্যিই ক্ষমতার কারণেই ঘটে? নাকি মানুষ নিজেই এই বদলকে আমন্ত্রণ জানায়?
এই প্রশ্ন আজও রাজনৈতিক ও দার্শনিক জগতে বিতর্কের কেন্দ্রে। ঊনবিংশ শতাব্দীর দার্শনিক Lord Acton বলেছিলেন- Power tends to corrupt, and absolute power corrupts absolutely. এই তত্ত্ব বলে, ক্ষমতা মানুষকে ধীরে ধীরে করে তোলে নির্মম, আত্মকেন্দ্রিক, এবং সহানুভূতিহীন। সে আর আগের মতো থাকে না। \r\nতবে অনেকেই বলেন, ক্ষমতা মানুষকে বদলায় না, বরং মানুষকে প্রকাশ করে। ক্ষমতা তখন হয় একটি আয়না। ক্ষমতায় মুখোশ পরা মুখটিও ধরা পড়ে। যাকে আমরা ভাবি সদাচারী, মানবিক, ভদ্র- তার মুখোশের নিচে কী লুকিয়ে আছে, সেটিই প্রকাশ পায় যখন সে ক্ষমতার আসনে বসে। ফরাসি দার্শনিক মিশেল ফুকো বলতেন, ক্ষমতা কোনো একটি নির্দিষ্ট আসন নয়, এটি সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে থাকে। ভাষা, নিয়ম, প্রতিষ্ঠান, এমনকি একজোড়া চাহনিও হয়ে ওঠে ক্ষমতার হাতিয়ার। ফুকোর মতে, ক্ষমতা মানুষকে নিরবধি গড়ে তোলে। একসময় সে নিজেই তার নিজ সত্তাকে ভুলে যায়। ক্ষমতার এই প্রতিফলন, এই মনস্তাত্ত্বিক রূপান্তরকে আজ স্নায়ুবৈজ্ঞানিক গবেষণাও সমর্থন করছে। দেখা গেছে, দীর্ঘদিন ক্ষমতার আসনে থাকা মানুষের prefrontal cortex-এর সেই অংশ দুর্বল হয়ে পড়ে, যা সহানুভূতি, সামাজিক ইঙ্গিত বোঝা এবং আত্মপরিচয়ের সংবেদন তৈরি করে। তারা আর বুঝতে পারে না, কে কাঁদছে, কে অভিমান করেছে, কে সরে যাচ্ছে নিঃশব্দে। তারা অনুভব করতে শেখে না- তারা শুধু পরিচালনা করতে শেখে। \r\nএইসব তত্ত্ব আমাদের সামনে একটি বড় প্রশ্ন রাখে- ক্ষমতা কি শেষ পর্যন্ত মানুষের আত্মপরিচয়ের দেহাবশেষ? নাকি এটি মানুষের ভেতরের অদৃশ্য ছায়াকে এমনভাবে টেনে আনে আলোতে, যাতে আমরা বুঝতে পারি- নিজেকে চেনা আসলে এক চিরন্তন অনুশীলন। ক্ষমতার সর্বোচ্চ পরীক্ষা হলো সেই আত্মপরিচয়কে জিইয়ে রাখা।
