প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যখন নিজেই বলেন, বাংলাদেশ পৃথিবীতে চ্যাম্পিয়ন কিসে? জালিয়াতিতে। - কথাটি দেশের কোনো রাজনৈতিক দলের প্রতিপক্ষের প্রতি আক্রমণাত্মক বয়ান নয়, কিংবা প্রতিবেশী অথবা বৈশ্বিক কোনো পরাশক্তির বক্তব্যও নয়, এটি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের একজন দায়িত্বশীল ব্যক্তির তিক্ত উপলব্ধি। এই স্বীকারোক্তি আমাদের শুধু বিব্রতই করে না, বরং আয়নার সামনে দাঁড় করিয়ে দেয় আত্মসমালোচনার জন্য।\r\nভিসা জাল, পাসপোর্ট জাল, সার্টিফিকেট জাল, নথি জাল- কী এমন নেই, যা আমরা করছি না। বহু দেশ যখন বাংলাদেশের পাসপোর্ট গ্রহণে অনীহা দেখায়, তখন সেটি কেবল দ্বি-পক্ষীয় কূটনৈতিক সমস্যা নয়; এটি বৈশ্বিক প্রেক্ষাপটে জাতীয় চরিত্রের প্রশ্ন।

আমরা মনে করি, একটি রাষ্ট্রের কতিপয় নাগরিক যখন নিজেদের জালিয়াত হিসেবে তৈরি করে, তখন সেটি আর বিচ্ছিন্ন অপরাধ থাকে না; তা হয়ে ওঠে একটি ক্ষয়িষ্ণু প্রাতিষ্ঠানিক অপসংস্কৃতি। আমরা সবাই শুনেছি, আমেরিকান বেস অব জাল - এই শব্দগুচ্ছ কোনো রসিকতা নয়, বরং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষয়ের ভয়াবহ প্রতীক। ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যে বক্তব্য দিয়েছেন, তার সারকথা হলো উপরোক্ত আলোচনা।\r\nঅনুষ্ঠানে প্রধান উপদেষ্টা আরও বলেছেন, এই জালিয়াতি অক্ষমতার ফল নয়, আমাদের বুদ্ধি আছে। না হলে করতে পারতাম না। অর্থাৎ, সমস্যা মেধার ঘাটতি নয়, নৈতিকতার পতন। আমাদের এক শ্রেণি মেধার উদ্ভাবনে নয়, প্রতারণায় ব্যবহার করেছি।

প্রযুক্তিকে মানবকল্যাণে নয়, জালিয়াতিকে টেকসই করতে আরও নিখুঁত অস্র্র হিসেবে ব্যবহার করেছি। নিঃসন্দেহে এটি এক ভয়ঙ্কর আত্মঘাতী প্রবণতা। কথায় আছে, দুষ্ট গরুর চেয়ে শূণ্য গোয়াল উত্তম। প্রযুক্তি যদি দুর্নীতিবাজ নষ্ট মানুষদের হাতে থাকে, তবে তা আশীর্বাদ না হয়ে অভিশাপে পরিণত হয়। ডিজিটাল শাসন ব্যবস্থা তখন জনগণের কাছে সেবা পৌঁছানোর মাধ্যম না হয়ে, নতুন ধরনের শোষণের যন্ত্রে পরিণত হয়। ডিজিটাল ডিভাইস ও ইনোভেশন এক্সপোর মতো আয়োজন নিঃসন্দেহে আশার কথা। প্রশ্ন হলো, এই ডিজিটাল বাংলাদেশ কি স্বচ্ছতার বাংলাদেশ, নাকি ডিজিটাল প্রতারণার আরও উন্নত ও সমৃদ্ধ হওয়ার পথ! সমাজে পুরনো চিন্তা ধরে থাকা, ক্ষমতা আঁকড়ে থাকার মানসিকতা, দীর্ঘদিন একই চেয়ারে বসে থাকার আত্মতুষ্টি, অন্যকে সুযোগ না দেওয়া সার্বিকভাবে একটি পচনশীল ব্যবস্থা তৈরি করেছে। যেখানে চাকরি মানেই নিরাপদ আশ্রয়, আর উদ্যোক্তা হওয়া মানেই ঝুঁকি ও শাস্তি। \r\nতবে এই অন্ধকারের মধ্যেও সম্ভাবনার আলো আছে। চব্বিশের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান -এ নেতৃত্ব দেওয়া তরুণরা আমাদের শিখিয়েছে এই জাতি কখনো মৃত ছিল না, কেবল বন্দি ছিল। তাদের মুক্ত করতে পারলে, পুরনো জালিয়াতির অপসংস্কৃতি ভেঙে ফেলতে পারলে, বাংলাদেশ প্রতারণায় নয়, উদ্ভাবনের শীর্ষে উঠতে পারে। তবে এর জন্য প্রয়োজন কঠোর সিদ্ধান্ত, নির্দয় আত্মসমালোচনা। সবচেয়ে বড় কথা, জালিয়াতির সঙ্গে আপস না করার রাজনৈতিক ও নৈতিক সংস্কৃতি গড়ে তোলার বিকল্প নেই।