বিগত সরকারের সময় ১৬ বছরে ৩ বার ব্যাংক কোম্পানি আইন পরিবর্তন করা হয়। উদ্দেশ্য ছিল রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য এবং পরিবারতন্ত্রে বিশেষ সুবিধা দেয়ার জন্য। ব্যাংক খাতে পরিবারতন্ত্রের লাগাম টানতে সংশোধন করা হচ্ছে ব্যাংক কোম্পানি আইন, যেখানে পরিবারের সংজ্ঞা আরও বিস্তৃত করার কথা হচ্ছে এবং কমানো হচ্ছে একই পরিবার থেকে পরিচালকদের সংখ্যা এবং পরিচালকের একটানা পদে থাকার সময়সীমা। বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে ব্যাংক কোম্পানি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর একটি খসড়া তৈরি করেছে এবং তা অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে। বাংলাদেশ ব্যাংকের অধীনে বা নিয়ন্ত্রণে থাকা সরকারি ও বেসরকারি ব্যাংকের সংখ্যা ৬১ এবং যে ব্যাংকগুলো পরিচালিত হয় বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুসারে। বাংলাদেশ ব্যাংক বলছে, বেশ কিছু ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং ওই ব্যাংকগুলো পরিচালিত হয় রাজনৈতিক মতাদর্শে ও জিম্মি হয় পরিবারতন্ত্রে। তাই সংশোধন করা হচ্ছে পরিবারতন্ত্রে ও পরিচালনা পর্ষদ সহ আরো কিছু স্থানে।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ব্যাংকগুলো পাকিস্তানের আইন দ্বারা পরিচালিত হচ্ছিল। যদিও তখন খুব বেশি বেসরকারি ব্যাংক ছিল না। এরশাদ সরকারের পতন হলে এবং ব্যাংকিং ব্যবস্থা নাজুক হলে রাষ্ট্রের বোধোদয় হয় ব্যাংক কোম্পানি আইন প্রণয়নের। এরই পরিপ্রেক্ষিতে ১৯৯১ সালে তৈরি হয় ব্যাংক কোম্পানি আইন। আইনটিতে বলা হয়েছিল, একজন পরিচালক টানা ৬ বছর পরিচালক পদে থাকতে পারবেন। তবে, ১৯৯৫ সালে এই বিধানটি প্রত্যাহার করা হয়, যার অর্থ একজন পরিচালক কত বছর ব্যাংকের পরিচালক পদে থাকতে পারবেন সে বিষয়ে কোনো বাধ্যবাধকতা ছিল না। ১৯৯৭ সালে আইনটি সংশোধন করে বিধান করা হয়, একজন পরিচালক টানা ৬ বছর পরিচালক পদে থাকতে পারবেন। কিন্তু ২০০৩ সালে ব্যাংক কোম্পানি আইন সংশোধন করে পুনরায় এই বিধানটি প্রত্যাহার করা হয়। ২০১৩ সালে আবার আইনটি সংশোধন করা হয় এবং একজন পরিচালকের ৬ বছরের জন্য পদে থাকার বিধান রাখা হয়। বিধানটি কার্যকর করার সময় বলা হয়, এই আইন কার্যকরের সময় হতে ৬ বছর মেয়াদ কার্যকর হবে। সতরাং, যারা দীর্ঘ ৫ বছর বা তার অধিক সময়ে পরিচালক পদে ছিল তারা নতুন করে আরো ৬ বছর থাকার সুযোগ পেল। ২০১৮ সালে মেয়াদ বাড়িয়ে ৯ বছর করা হয়। সেই মেয়াদ বাড়িয়ে ১২ বছর করা হয় ২০২৩ সালে। ব্যাংক কোম্পানি আইনে ২০২৩ সালে ‘ইচ্ছাকৃত খেলাপি ঋণগ্রহীতা’ নামে একটি বিষয় যুক্ত করা হয়েছিল। এবারের খসড়ায় তা বাদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। ২০২৩ সালের সংশোধনে সবচেয়ে যে সর্বনাশ করা হয়, ইচ্ছাকৃত খেলাপী ঋণ গ্রহীতার বিষয়টি নিয়ে। যার অর্থ এইরূপ কোন খেলাপি ঋণ গ্রহীতা ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানি যিনি বা যারা ঋণ নিয়ে ঋণ পরিশোধের সামর্থ্য থাকা সত্ত্বেও ঋণ পরিশোধ না করে।
ইচ্ছাকৃত ঋণ খেলাপি বিষয়টি সম্পূর্ণরূপে আদালতের বিষয় ছিল। তাই একজন ঋণগ্রহীতা ঋণ নিয়ে ঋণ পরিশোধ না করলে তা ব্যাংকের প্রমাণের সাধ্যের মধ্যে ছিল না। বিষয়টি মীমাংসার জন্য আদালতের দ্বারস্থ হওয়ার প্রয়োজন ছিল। যা অত্যন্ত সময় সাপেক্ষ ব্যাপার। ফলে খুব সহজেই বড় বড় রাঘব বোয়াল ঋণ গ্রহণ করে ঋণ পরিশোধ না করেই বারে বারে পার পেয়ে যেত। একারণেই ব্যাংকিং খাতে দৈন্যদশার ও আস্থার সংকট তৈরি হয়েছে।
ব্যাংক কোম্পানি আইন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই যতগুলো সংশোধন হয়েছে তার প্রত্যেকটি সংশোধনী হয় পরিচালকদের সুবিধা দেয়ার জন্য অথবা তাদের সুবিধাকে রোহিত করার জন্য। এবারে ব্যাংক কোম্পানি আইন সংশোধনী তার ব্যতিক্রম নয়। কিন্তু কেন? এবারের সংশোধনীটি অত্যন্ত প্রয়োজনীয়। কারণ ব্যাংক পরিচালকদের অতিমাত্রায় সুবিধা দেয়া হয়েছে এবং তারা যেন আজীবন ব্যাংকের পরিচালক হিসেবে থাকতে পারে সেই অবস্থাই করা হয়েছে। একজন পরিচালক প্রায় ১৫-২০ বছর বা তারও বেশি সময় ধরে ক্ষমতায় রয়েছে। ফলে ব্যাংকগুলোতে সুশাসনের বড়ই অভাব বা ঘাটতি দেখা দিয়েছে।
এবারে সংশোধনীতে নতুন করে সংজ্ঞায়িত করা হয়েছে পরিবারতন্ত্রকে। ব্যাংক কোম্পানি আইনে নতুন করে যুক্ত হয়েছে শশুরকুল অর্থাৎ শশুর বাড়ির নিকট আত্মীয় যুক্ত হয়েছে পরিবারতন্ত্রে। এছাড়া ভাবি, ননদ ও দুলাভাই এগুলোও যুক্ত করা হয়েছে এবারে পরিবারতন্ত্রে। পূর্বে যেখানে একই পরিবারের তিনজন থাকার পরও নিকট আত্মীয়-স্বজন দিয়ে পরিপূর্ণ ছিল পরিচালক বোর্ড। এবার সেখানে পরিবর্তন আনা হচ্ছে। যুক্ত করা হচ্ছে স্বাধীন পরিচালকের সংখ্যা ৫০ শতাংশের উপরে অর্থাৎ মোট ১৫ জন পরিচালকের মধ্যে ৮ জন পরিচালক থাকবেন স্বাধীন বা স্বতন্ত্র । পূর্বে যেখানে স্বতন্ত্র পরিচালক ছিল ২ থেকে ৩ জন। ফলে ব্যাংকগুলোর সুশাসন ফিরবে বলে অনেক বিশেষজ্ঞই মনে করেন।
ব্যাংক কোম্পানি আইনের খসড়া প্রণয়নের ফলে ব্যাংক মালিকদের সংগঠন বিএবির সদস্যরা ইতোমধ্যে সমালোচনা করছেন খসড়া আইনটি নিয়ে। তারা বুঝাতে চাচ্ছেন ব্যাংক পরিচালকদের মেয়াদ ১২ বছর থেকে কমানোটা যুক্তিসঙ্গত হবে না। কারণ, হিসেবে দেখিয়েছেন পরিচালকদের অভিজ্ঞতার প্রয়োজন আছে। কিন্তু ব্যাংক পরিচালকদের অভিজ্ঞতা নজিরের খেসারত সমগ্র দেশের জনগণ দিচ্ছে। অথচ তাদের আবদারেই এই আইনগুলো সংশোধন করা হয়েছিল। বিএবি আরো বিরোধিতা করছে যে, স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বৃদ্ধি পেলে শেয়ার মালিকদের নিয়ন্ত্রণ কমে যাবে এবং ব্যাংক পরিচালনায় মুনাফা ও প্রবৃদ্ধির চেয়ে কেবল নীতি পালন অগ্রাধিকার পাবে। কিন্তু এখানেও একটি বিষয় লক্ষ্যণীয়, তাহলো নিয়ম- নীতির প্রয়োগের ফলে খেলাপি ঋণের পরিমাণ যদি পাঁচ শতাংশের নিচে চলে আসে তাহলে প্রভিশনিং-এর পরিমাণ অত্যন্ত কমে যাবে। ফলে ব্যাংকের মুনাফা ও প্রবৃদ্ধি দুই বৃদ্ধি পাবে। সুতরাং বিএবির এ সমালোচনাটিও অত্যন্ত খোঁড়া যুক্তি। ব্যাংকের বিনিয়োগকৃত ঋণ খেলাপি না হলে ব্যাংকের গ্রাহক ও ব্যাংক মালিকদের স্বার্থ উভয় রক্ষা হবে।
বাংলাদেশ ব্যাংক যেহেতু বাংলাদেশের সকল ব্যাংকের অভিভাবক, নিয়ন্ত্রক সংস্থা এবং ব্যাংকিং জগতে লাইসেন্স বাতিলসহ আর্থিক জরিমানা করতে পারে। সুতরাং, বাংলাদেশ ব্যাংক তার দায়িত্ব বা অবহেলার দায়ভার কি এড়াতে পারেন, এই প্রশ্নটি সাধারণ জনগণ থেকে শুরু করে অনেক বিশেষজ্ঞ মনে করে। তাদের সহজ সরল স্বীকারোক্তিই ব্যাংকিং খাতে আরো বেশি আস্থার সংকটে ফেলেছে। প্রশ্নটি যেমন প্রতিটি নিয়ন্ত্রক সংস্থার জন্য প্রযোজ্য তেমনি একটি ব্যাংকের পরিচালনা পর্ষদেরও দায়ভার থেকে যায়। তাই নিয়ন্ত্রক সংস্থার জন্য প্রয়োজন এক ধরনের ইভ্যালুয়েশন বা মূল্যায়ন ব্যবস্থা। যেখানে বাংলাদেশ ব্যাংক বা নিয়ন্ত্রক সংস্থা নিরীক্ষণ কার্যক্রম পরিচালনা করবে, সেখানে একটি মূল্যায়ন ব্যবস্থা রাখার প্রয়োজন। যার দ্বারা ভোটিং সিস্টেম বা নিরীক্ষণের ফলে ওই সংস্থা বা শাখাটি সন্তুষ্ট কিনা তা জানা যাবে। নিরীক্ষকগণ কোন সমঝোতায় গিয়ে প্রতিকূল রিপোর্টটি অনুকূলে করেছেন কিনা তাও জানা যাবে। আবার পরিচালকগণ এক ধরনের প্রভুত্বমূলক আচরণ করেন যার ফলে উক্ত প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীদের স্বার্থ সংরক্ষিত হয় না। তাই দ্বিতীয় মেয়াদে পরিচালক ও সিইও হতে গেলে কর্মকর্তা কর্মচারীদের দ্বারা নির্বাচিত হওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। ফলে উক্ত প্রতিষ্ঠানের শ্রম ঘূর্ণায়মানতা হ্রাস পাবে এবং প্রতিষ্ঠানের সুশাসন প্রতিষ্ঠিত হবে। বর্তমানেও অনেক ব্যাংকে শ্রম ঘূর্ণায়মানতা অনেক বেশি, যা এক ধরনের ইঙ্গিত বহন করে। তাই নিয়ন্ত্রক সংস্থাগুলোকে এ বিষয়গুলো অবশ্যই নজরে নিতে হবে।
আইনটি সংশোধন অত্যন্ত জরুরি বা প্রয়োজনীয় ছিল। কিন্তু যতই সংশোধন করা হোক না কেন, যদি রাজনৈতিক সদিচ্ছা না থাকে তাহলে কোন আইনই ফলপ্রসূ হবে না। সুতরাং, ব্যাংক কোম্পানি আইন সংশোধনের পূর্বে রাজনৈতিক সদিচ্ছার বড়ই প্রয়োজন। তবুও এই আইনটি সংশোধনের মাধ্যমে ব্যাংকের প্রতি সাধারণ গ্রাহকের আস্থা ফিরবে. এমনটাই প্রত্যাশা সকলের।
লেখকঃ ব্যাংকার ও কলামিস্ট। aktarrofikul@gmail.com
