‘দুধারি তলোয়ার’ উপমাটি বিশ্বের বিভিন্ন ভাষায় নানাভাবে ব্যবহৃত হয়। এটি রূপক অর্থে এমন কোনো কিছু বোঝায়, যার দুই দিক ধারালো। অর্থাৎ এটি যেমন উপকার করতে পারে, অন্যদিকে ঠিক ততটাই ঝুঁকিপূর্ণ বিশ্বের নানা গণমাধ্যম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এখন এভাবেই দেখছে। ট্রাম্প এখন অনেকটা অর্থকড়ির মতো দুধারি তলোয়ার। থাকলে সুখ, না থাকলেও সুখ। আবার থাকলেও অনেক সময় দুঃখের কারণ। সম্প্রতি আফ্রিকার উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত যুদ্ধ আক্রান্ত দেশ ‘সুদান’ নিয়ে ট্রাম্পের আগ্রহ তৈরি হওয়ায় এমনটা ভাবছেন সবাই। আল-জাজিরা, মিডল ইস্ট আই ও মিডল ইস্ট মনিটরের মতো গণমাধ্যমগুলো বলছে আপাতত মনে হচ্ছে মার্কিন প্রেসিডেন্টের মনোযোগ আকর্ষণ করেছে সুদান। ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ মিডিয়া প্ল্যাটফর্মে লিখেছেন, ‘সুদানে ভয়াবহ নৃশংসতা চলছে। এটি একটি মহান সভ্যতা এবং সংস্কৃতি হিসেবে বিবেচিত হতো, দুর্ভাগ্যবশত যা এখন খারাপের দিকে গেছে। আমরা সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিসর এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য অংশীদারের সঙ্গে কাজ করব, যাতে এ নৃশংসতা বন্ধ হয় এবং একই সঙ্গে সুদানে স্থিতিশীলতা আসে।’

বাস্তবিকই সুদান প্রাচীন সভ্যতা, নীল নদ এবং পিরামিডের জন্য বিখ্যাত। দেশটির সঙ্গে নীল নদের সম্পর্ক অত্যন্ত গভীর এবং জীবন-মৃত্যুর মতো। আসলে নীল নদের দুটো প্রধান শাখার মিলনই ঘটেছে সুদানে। এ কারণে সুদানকে বলা হয় ‘নীল নদের জন্মভূমি’। দেশটির রাজধানী খার্তুমে হোয়াইট নাইল ও ব্লু নাইল মিলে এক হয়ে ‘নীল নদ’ নামে উত্তর দিকে মিসরের দিকে গেছে। মিসরের ৯৭ ভাগ মিঠা পানি আসে, নীল নদ থেকে। আর সেই পানির বেশিরভাগ নিয়ন্ত্রণ সুদান ও ইথিওপিয়ার হাতে। এর ফলে ভূরাজনীতিতে দেশটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা, গৃহযুদ্ধ এবং অর্থনৈতিক সংকটের কারণে দেশটি বর্তমানে মানবিক বিপর্যয়ের মুখোমুখি। ২০১১ সালে দক্ষিণ সুদানের বিচ্ছিন্নতার পর এটি ‘উত্তর সুদান’ নামে পরিচিত।

বর্তমানে সুদানি সশস্ত্র বাহিনী (এসএএফ) এবং র‌্যাপিট সাপোর্ট ফোর্স (আরএসএফ)-এর মধ্যে গৃহযুদ্ধ চলছে, যা ২০২৩ সাল থেকে শুরু হয়েছে। এতে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং মানবিক সংকট তীব্র। ক্ষুধার্তের হাহাকার, ধর্ষিতা নারীর আর্তচিৎকারে সুদানের বাতাস ভারী হয়ে উঠেছে। অ্যামনেস্টিসহ বিভিন্ন সংস্থার প্রতিবেদন থেকে খুবই স্পর্শকাতর তথ্য পাওয়া যাচ্ছে। এমনকি দারফুর অঞ্চলে প্যারামিলিটারি বাহিনীর পরিকল্পিত গণহত্যার চিত্র মহাকাশ স্যাটেলাইট থেকেও দৃশ্যমান। এমন সংকটে ট্রাম্পের আবির্ভাবকে অনেকে আশীর্বাদ ও অভিশাপ হিসেবে বিবেচনা করছেন।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাম্প্রতিক ওয়াশিংটন সফর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে একটির দিকে নতুন করে মনোযোগ আকর্ষণ করেছে ‘সুদান যুদ্ধ’। যদিও হোয়াইট হাউজ দীর্ঘদিন ধরে সুদানের জটিল চ্যালেঞ্জগুলোতে আগ্রহ প্রকাশ করেছে। মোহাম্মদ বিন সালমানের সফরের পর এই আগ্রহ আরও তীব্র হয়েছে বলে মনে হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য, লোহিত সাগরে জাতীয় নিরাপত্তা একটি প্রধান উদ্বেগের বিষয়। মোহাম্মদ বিন সালমানের হস্তক্ষেপের অনুরোধের পর ট্রাম্প এই বক্তব্য দেন যে, সুদান যুদ্ধ ‘আমার তালিকায় ছিল না’। এটা যে কৌশলগত পরিবর্তনের চেয়ে সৌদি যুবরাজের প্রতি কৃতজ্ঞতার ইঙ্গিত, তা সহজেই বোঝা যায়।

এর ফলে যুবরাজকে একজন বিশ্বাসযোগ্য আঞ্চলিক নেতা এবং শান্তির দূত হিসেবেও উপস্থাপন করা হয়েছে। যার ওপর ওয়াশিংটন মধ্যপ্রাচ্যের বিষয়ে নির্ভর করতে পারে। এটি আঞ্চলিক কূটনীতিতে সৌদি নেতৃত্বাধীন ভূমিকার প্রতি ট্রাম্পের সমর্থনের ইঙ্গিত দেয়। বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় তার বৃহত্তর আগ্রহের প্রতিফলন ঘটায়। ট্রাম্পের বক্তব্যের পর থেকে এ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা তীব্রতর হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদের সঙ্গে ফোনে কথা বলেছেন। সুুদানে মার্কিন যুক্তরাষ্ট্রের গভীর সম্পৃক্ততা এবং কোয়াড অংশীদারদের সঙ্গে চলমান সমন্বয়ের ইঙ্গিত দিয়েছেন।

সব বিবেচনায় সুদানের ভবিষ্যৎকে লেনদেনমূলক ভূ-রাজনৈতিক স্বার্থের সঙ্গে আবদ্ধ করার ঝুঁকি রয়েছে। জনসাধারণের প্রতিক্রিয়া একটি অর্থবহ সূচনা, কিন্তু সাফল্যের জন্য প্রয়োজন প্রকৃত প্রয়োগ ব্যবস্থা, সুদানের মালিকানার ওপর ভিত্তি করে একটি অন্তর্ভুক্তিমূলক রূপান্তর এবং বিশ্বাসযোগ্য গ্যারান্টি। যদি এই মুহূর্তটি কাজে লাগানো হয়, তাহলে সুদান অবশেষে একটি বেসামরিক নেতৃত্বাধীন ভবিষ্যতের আভাস পেতে পারে। যদি তা না হয়, তাহলে সুযোগটি আবারও ট্র্যাজেডিতে বিলীন হয়ে যেতে পারে। জাতিসংঘ বারবার সুদানকে বিশ্বের সবচেয়ে গুরুতর মানবিক সংকটের মুখোমুখি হিসেবে বর্ণনা করেছে। পূর্ববর্তী হস্তক্ষেপ জীবন বাঁচাতে পারত। যেমন আরএসএফ বাহিনীর হাতে এল-ফাশারের সাম্প্রতিক পতন।

নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর ব্যাপক নৃশংসতা রোধ করা এবং একটি মানবিক বিপর্যয় প্রশমিত করা। যার মধ্যে আজ বিশুদ্ধ পানি ও খাদ্যের অভাব, প্রয়োজনীয় অবকাঠামোর পতন এবং ব্যাপক বাস্তুচ্যুত অন্তর্ভুক্ত। কয়েক সপ্তাহ ধরে কোয়াডের প্রস্তাবিত মানবিক যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করা হয়েছিল। এ পরিবর্তন ট্রাম্পের সরাসরি তত্ত্বাবধানে শান্তি প্রক্রিয়ার ঊর্ধ্বগতির কারণে হতে পারে, অথবা সম্ভবত মার্কিন মধ্যস্থতা গ্রহণের বিরুদ্ধে সম্ভাব্য অভ্যন্তরীণ প্রতিক্রিয়ার কারণে বুরহানকে দেওয়া আশ্বাসের মধ্যে হতে পারে। বুরহানের সৌদি আরব এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়ে এক্স-এ পোস্ট করার পর, দেশটির মেরুকরণ নরম হয়ে গেছে বলে মনে হচ্ছে। কারণ এসএএফ সমর্থকরা সুদানিজ ইসলামিক মুভমেন্টের মহাসচিব আলী কার্তিসহ- স্থিতিশীলতা এবং স্থায়ী শান্তির জন্য নতুন করে আশা প্রকাশ করেছেন। এদিকে আরএসএফ মার্কিন সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছে, কিন্তু ‘যারা সেনাবাহিনীর সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে’ তাদের শান্তিভঙ্গের অভিযোগও করেছে। গোষ্ঠীটি সংকটের মূল কারণগুলো সমাধান করা এবং ‘নতুন সুদান’ গড়ে তোলার ইচ্ছার ওপরও জোর দিয়েছে। কিন্তু পরিস্থিতি আবার দ্রুত পরিবর্তিত হয়, যখন বুরহান ঘোষণা করেন যে, সুদান সংঘাতে সংযুক্ত আরব আমিরাতকে মধ্যস্থতাকারী হিসেবে গ্রহণ করতে পারবে না। তিনি কোয়াডের শান্তি উদ্যোগকে ‘সবচেয়ে খারাপ’ হিসেবে বর্ণনা করেন। এরপর সোমবার আরএসএফের পক্ষ থেকে একটি ঘোষণা করা হয়, যেখানে নেতা মোহাম্মদ হামদান দাগালো, যিনি ‘হেমেদতি’ নামেও পরিচিত, তার দলের তিন মাসের তাৎক্ষণিক যুদ্ধবিরতির চুক্তি ঘোষণা করেন। এরপর কী হবে তা এখনো অস্পষ্ট।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সংযুক্ত আরব আমিরাতের নাম সরাসরি বলেননি। সম্প্রতি নায়াগ্রা জলপ্রপাতের কাছে অনুষ্ঠিত জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেছিলেন যে, ‘তার সরকার জানে সুদানে নৃশংসতা পরিচালনাকারী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসকে কারা অস্ত্র সরবরাহ করছে। এ সমর্থন অবশ্যই বন্ধ হওয়া উচিত।’ সুদানের এল-ফাশেরে নৃশংসতার মধ্যে রয়েছে ব্যাপক ধর্ষণ এবং হত্যা। স্যাটেলাইট চিত্রে দেখা যায়, নিহতদের রক্ত রাস্তায় জমাট বেঁধে আছে। বেসামরিক নাগরিকদের মুক্তিপণ হিসেবে ধরে রাখা হয়েছে। নারীদের অপহরণ করা হয়েছে। এল-ফাশেরের গণহত্যার ভয়াবহতা বিশ্ব জুড়ে সরকার এবং জনগণের মনোযোগ সুদান যুদ্ধে ইউএই-এর ভূমিকার দিকে নতুন করে আকর্ষণ করেছে। সংযুক্ত আরব আমিরাত আরএসএফকে সমর্থন করার বিষয়টি ক্রমাগত অস্বীকার করছে। কিন্তু স্যাটেলাইট চিত্র, অস্ত্রের সিরিয়াল নম্বর, ফ্লাইট ট্র্যাকিং ডেটা এবং সুদান ও বাইরের কয়েক ডজন সূত্র এর বিপরীত প্রমাণ সরবরাহ করছে।

যুক্তরাষ্ট্র এখন সন্ত্রাসবিরোধী অভিযানের জন্য বোসাসো ব্যবহার করছে। বোসাসো হলো সোমালিয়ার উত্তর-পূর্বের প্রধান বাণিজ্যিক শহর ও বন্দর, যাকে যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশেষ অভিযানের জন্য কৌশলগত ঘাঁটি হিসেবে ব্যবহার করে। মিডল ইস্ট আইয়ের বিশ্লেষণ করা ফ্লাইট ট্র্যাকিং ডেটা থেকে জানা যাচ্ছে, মার্চ ২০২৪ থেকে আগস্ট ২০২৫-এর মধ্যে ৭৭টি ফ্লাইট পুন্টল্যান্ড বিমান ঘাঁটিতে অবতরণ করেছে। এটি প্রমাণ করে, বোসাসো সুদানের দিকে ইউএই-এর ‘এয়ার ব্রিজ’-এর একটি স্থায়ী অংশ হয়ে উঠেছে। ২০২৩ সালের এপ্রিল থেকে যুদ্ধরত সুদানের অভ্যন্তরেও ইউএই-এর দুটি ঘাঁটি রয়েছে। দক্ষিণ দারফুরের ন্যালা এবং উত্তর দারফুরের রাজধানী এল-ফাশের থেকে ২০০ কিলোমিটার দূরে অবস্থিত আল-মালহা। এখন ট্রাম্পের ঘোষণার পর যে তিনি সুদানের দিকে মনোযোগ দেবেন, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে এরই মধ্যে চলমান ক্ষমতার লড়াই আরও তীব্র হওয়ার মঞ্চ তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন ঐতিহাসিকভাবে, ডোনাল্ড ট্রাম্প সবসময় সৌদি আরবের প্রতিবেশী মুগ্ধ এবং সহানুভূতিশীল ছিলেন। এর বিপরীতে, মার্কিন-সৌদি ঘনিষ্ঠতার দীর্ঘ ঐতিহ্যের বিপরীতে ইউএই-এর প্রতি ওয়াশিংটনের সাম্প্রতিক সন্তুষ্টি কৃত্রিম মনে হয়। আবার বিশ্বের নানা দেশে যুদ্ধ থামিয়ে বারবার নিজেকে নোবেল পাওয়ারযোগ্য ঘোষণাকারী ট্রাম্প, সামনে কী করেন সেটাই দেখার অপেক্ষা।

লেখক: সাংবাদিক

mshossain.sujan@gmail.com