(গত শুক্রবারের পর)
কাল আমি সারাদিন শুধু স্নানই যে করিনি, তা নয়। লেপের নিচেই পুরোদিন কাটিয়েছি। এ ধরনের কাজ আমাদের বাড়িতে ঘটলে তাকে এভারেস্ট বিজয়ী হিসেবে ধরা হয়। আজ রমনাতে হাঁটতে যাওয়া আছে। কামাল ভাই, শেফালি, টোড়িমাসি, মা—সবাই আমাকে তা একে একে জানিয়ে গেল। রমনাতে গিয়ে দেখি অনেকগুলো কাক জমে থাকা অল্প জলে স্নান করছে। দেখেই মা’রও মনে পড়ে গেল। ‘আজ তোকে স্নান করতেই হবে। কাল করিসনি।’ রমনায় আসবার আগে মা আমাকে কাজের এক দীর্ঘ লিস্ট ধরিয়ে দিয়েছিল। আমি তো ভাবলাম ট্রেন ফেল করব। দাঁত ব্রাশ করতে হবে, বিছানা তুলতে হবে, ওষুধ খেতে হবে, ব্রেকফাস্টে সুজি, শবরী কলা খেতে হবে, মোজা নিতে হবে। আর থেকে থেকে মা এসে বলে যাচ্ছে সুজি খেয়েছিস, বিছানা তুলেছিস, মোজা নিয়েছিস? আমি শুধু বললাম, একসঙ্গে তো সব কাজ করা যাবে না। একটার পর একটা করব।
মা অজগরের মতো এদিক ওদিক যেতে থাকল। তারপর হতাশ হয়ে আমাকে আমার পেডিকিউর করা গ্লাসে আমার জন্য এক গ্লাশ জল নিয়ে এল। আমি সত্যিই বঙ্গোপসাগর হতে এগিয়ে চলেছি। বাড়িতে সকাল বেলা রান্নাঘরে গিয়ে দেখি কাউন্টারটপের ওপর একটা নধর, নাদুস-নুদুস লাউ বসে আছে। কিছুপর গিয়ে দেখি লাউ উধাও। মনে হয় মুগ ডালের ছিটা দিয়ে বা মাছের মাথা দিয়ে লাউ রান্না হয়ে গেছে। রাতে খাওয়ার টেবিলে দেখা হবে। আমাদের বাড়ির বাথরুমের গ্লাসগুলো ফ্রস্টেড। আমার মনে হয় না বাইরে থেকে কিছুই দেখা যায়। কিন্তু রঞ্জনামাসি এবং টোড়িমাসি দ্বিমত পোষণ করে। ফলে এখন ফ্রস্টেড জানালার জন্য নীল রঙের নকশা করা আজগুবি সব ঝিলিমিলি পর্দা আনা হয়েছে। এখন দেখছি টিভিতে মা’র সবচেয়ে অপ্রিয় অনুষ্ঠান হচ্ছে । তবু মা ঘুমে ঢুলতে ঢুলতে তা দেখছে। এদিকে মা খুবই বিমর্ষ।
ফ্রিজ থেকে কে বা কাহারা কমলালেবু বের করে খাওয়ার টেবিলের ওপর রেখেছে, আর একটা কমলা পচে গেছে। মা’র ধারণা এরা এইসব স্টাইল ক’রে করে। মা সারাদিন কমলা ফ্রিজে ঢোকায়, আর অন্যরা তা বের করে রাখে। মার বক্তব্য, ‘এটা তো আমেরিকা না!’ আমেরিকার জীবন-পদ্ধতি মা’র স্মৃতিতে জ্বলজ্বল। ওখানে মা থাকতে মা’র তত্ত্বাবধানে কোনো কমলা পচেনি। এই পুরো ঘটনার খারাপ দিকটা হচ্ছে এখন বাকি কমলাগুলো পচে যাওয়ার আগেই আমাকে খেতে বলা হচ্ছে। এ বাসার ফোন পরিস্থিতি নিয়েও আমি একটু চিন্তিত। সবার হাতে প্রায় চব্বিশ ঘণ্টা একটা করে ফোন। শেফালির কানও ওর ফোনের দিকে তাক করা। মা’র আবার দুটো ফোন। একটা ডাইনোসর যুগের ছোট দেশি ফোন, অন্যটা আমেরিকান-হোয়াটসঅ্যাপের জন্য। আর একটা বিশেষ জিনিসও লক্ষ্য করলাম। ফোন আসা মাত্র সবাই সঙ্গে সঙ্গে উত্তর দেয়।
দুপুরে ঘুমাতে থাকলেও। এত ভদ্রতার কী প্রয়োজন, আমি তো তা বুঝতেই পারি না। পাশের বাসার স্কাই-স্ক্র্যাপার তো আর ভেঙে পড়ছে না। অথচ আমি তো ফোনের উত্তর দিই আমার যখন সময় হয় তখন মিসড কল দেখে। আমেরিকায় থেকে থেকে এ বদঅভ্যাস হয়েছে আমার। হবে হয়তো আমিই অভদ্র! পৃথিবীর প্রেসিডেন্টদের উত্থান, পতনের সংবাদ ও প্রয়োজনীয়তা সম্বন্ধে একেবারেই উদাসীন। রমনা পার্কে যাওয়ার সময় মা তার সেই ছোট, কালো রঙের ফোনটা সঙ্গে নিয়ে যায়। বড় অ্যান্ড্রয়েড ফোনটা বাড়িতে রেখে, যদি চুরি হয়ে যায়। সোনার চেনটাও রেখে যায় আলমারির ভিতর। কয়েকদিন থেকে লক্ষ্য করছি ছোট ফোনটা একটা গার্ডার দিয়ে বাঁধা। আমি বললাম, ‘কী ব্যাপার? ফোনটা ভেঙে গেছে কি?’ মা বলে, ‘না, সব প্রয়োজনীয় ফোন নম্বর ছোট ছোট করে একটা কাগজে লিখেছি।
আর সেই কাগজটা ফোনের পিছনে দিয়ে গার্ডার দিয়ে বেঁধেছি। ফলে যখন তখন বাংলাদেশের ভিতর নির্দ্বিধায় সবাইকে ফোন করতে পারি, অ্যান্ড্রয়েড ফোন চুরি যাওয়ার ভয় না করে। তবে কামাল ভাইকে আমার আজকের দিনলিপি পড়ানোর পর উনি আমাকে জানালেন, ‘হ, আইজকার লেখা ভালো হইছে, কিন্তু হাসির হয় নাই।’ হ্যাঁ, আমি সার্কাসের ভিতর থাকি। এদিকে মেঝে এই পরিমাণ ঘষাঘষি করবার পরও আবিষ্কার হয়েছে যে বেডরুমের মেঝেতে চারটা গোল গোল দাগ। ভাগ্যি ভালো সেগুলো টোড়িমাসির বিছানার দিকে, আমার নয়। উচ্চপদস্থ চাকরির সময়ে জনগণ টোড়িমাসিকে দেখে অনেক ভয়ে ভয়ে থাকত। আজকাল আমরা থাকছি। কে বলতে পারে হয়তো এখনই মশারির দড়িতেই ঝুলিয়ে দেবে! কাল যখন লাড্ডু খাচ্ছিলাম, যথারীতি মেঝেতে লাড্ডুর গুঁড়া ফেলেছি। সাধারণত এসব কাজ আমি পরম দক্ষতার সঙ্গে করে থাকি।
তবে দেখেছি সবক্ষেত্রেই পিঁপড়া এসে নিজের শরীরের থেকে ভারি জিনিস বয়ে নিয়ে যায়, আর আমি বিস্মিত হয়ে তাকিয়ে তাকিয়ে দেখি। কিন্তু এ বাসায় পরিচ্ছন্নতার যন্ত্রণায় পিঁপড়াও নেই। ফলে আমাকেই নিচু হয়ে লাড্ডুর গুঁড়া তুলতে হলো। এত কাজ করে ক্লান্ত আমি আজ সকাল এগারোটা পর্যন্ত ঘুমিয়েছি। টোড়িমাসি যদিও টেনে মশারি খুলে দিয়েছিল-ঘরের সৌন্দর্য নাকি নষ্ট হচ্ছে। কী আর করব? শুধু লেপের ভিতরই মাথা গুঁজে থাকলাম। বহু বহু বছর পর লেপের নিচে ঘুমাচ্ছি। প্রথমে এর দিকে আমি হিংস্র চোখে তাকিয়ে থাকলেও এখন বেশ ভালো লাগছে। আজ দুপুরবেলা সব ঘরে উঁকি মেরে দেখি যে সবাই নাক পর্যন্ত লেপ দিয়ে ঢেকে ঘুমাচ্ছে। এই সুযোগ পেয়ে আমি দুটো রসগোল্লা খেয়ে ফেললাম। এবার রসগোল্লা ফ্রিজের ভেজিটেবল বক্সে ছিল না।
মনে হয় বাড়ির লোকজন আমাকে বিশ্বাস করতে শুরু করেছে। আমেরিকায় আমি বারো মাসই কমফোর্টার গায়ে দিই। গরমকালে এসি ছেড়ে আর শীতকালে হিটিং ছেড়ে। কিন্তু লেপের মতো আরাম মনে হয় তাতে নেই। আমার এক বন্ধু তো ইন্ডিয়া থেকে আমেরিকায় লেপের ভায়রা ভাই রাজাই নিয়ে গেছে চার সুটকেস ভরে। ফুরফুরে হাঁসের পালকের ডাউন কমফোর্টার বাদ দিয়ে এখন ওরা রাজাই-ই গায়ে দিচ্ছে। ‘ইট কিপস ইউ গ্রাউন্ডেড ইউ নো!’ আমিও সুটকেস ভরে লেপ নিয়ে যাব কিনা ভাবছি! আর বাড়িতে লেপ নিয়েও কিছুটা নরম পদক্ষেপ নেওয়া হয়েছে। ঘুম থেকে উঠবার পর বিছানাটা বেডকভার ইত্যাদি দিয়ে টানটান করে পাতা হবে। প্রশ্ন হচ্ছে লেপ কোথায় যাবে? শেফালি আলমারির ভিতর জায়গা করেছে। সেখানে লেপ যাবে। আমি সেই গর্তে ঢুকাতেই পারি না লেপ। আর কতবার ঢোকাব? যতবার গায় দেব, ততবার?
উঁকি মেরে দেখেছি টোড়িমাসি দুপুরে যখন লেপ গায়ে দেয়, তখন আর লেপ গর্তে ঢোকায় না। আমিও সেই পথই ধরেছি, পরবর্তী নোটিস না পাওয়া পর্যন্ত। এই দুপুরবেলা লেপটা একদম ছড়িয়ে রেখেছি আমার বিছানার ওপর! এদিকে আমাদের কামাল ভাই আজও ভারি চমৎকার একটা ভেস্ট পরে এসেছেন। আমি জিজ্ঞাসা করতে বললেন, বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি ওনাকে ভেস্টটা দিয়েছেন। আমি তো শুনে স্তম্ভিত। শিল্পপতি পর্যন্ত পৌঁছে গেছেন? কিছু মানুষের বন্ধুত্ব করবার শক্তি অসীম। এদিকে আরেক নতুন যন্ত্রণা শুরু হয়েছে। মা এসে বলছে মাথায় তেল দিয়ে স্নান করতে। গত আটাশ বছরে আমাকে কেউ মাথায় তেল দিতে বলেনি আর এখন এই অবস্থা? মা আরও বলল, শাওয়ারে গিয়ে অনেক জল ছেড়ে স্নান করবি আর তারপর ভাত, মাছ খেতে আসবি।
আমি মনে মনে শুধু বললাম, ‘চিন্তা করে দেখি।’ যেকোনো বাসায় গেলে দেখি দেয়ালে মোনালিসা, মাতিসের কিংবা মোনের ছবির প্রিন্ট ঝুলছে। কিন্তু না, আমাদের বাসায় না। মা তিনটা বড় সাইজের ছবি ঝুলিয়েছে। মেন গেটটা খুললেই তাদের চোখে পড়ে। এ ধরনের বড় ফ্রেমে একমাত্র কুইন এলিজাবেথের ছবিই শোভা পায়। মা ঝুলিয়েছে তার মেয়ে, তাদের পরিবার এবং নাতি-নাতনির ছবি। এত বড় করে ছবিগুলো প্রিন্ট করায় ছবিগুলোর ক্ল্যারিটি একটু নষ্ট হয়ে গেছে। কিন্তু এ কথা মা’র সামনে উচ্চারণ করা যাবে না। বাড়ি বদলের সময় মা ছবি তিনটা কোলে করে নিজে নিয়ে এসেছে। কী জানি অন্য কাউকে দিলে যদি সে নষ্ট করে ফেলে! কিন্তু মুশকিল হলো যতবারই মেইনগেট খুলে ঘরে ঢুকি, নিজের বড় সাইজের ছবি দেখে চমকে উঠি। যারা আমাদের বাসায় বেড়াতে আসেন, না জানি তারাও কী ভাবেন।
আজ ভোরবেলায় দেখি মহা ক্রাইম ঘটে গেছে। খাওয়ার ঘরের সাদা মেঝেতে কারো একটা কাদা পায়ের ছাপ। এখন পর্যন্ত আসামী খুঁজে পাওয়া যায়নি। সবাই চারপাশ দিয়ে ঘুরছে আর বলে চলেছে, ‘কে করল? কীভাবে হলো?’ কেউ কিন্তু দাগ মুছছে না। আমিও ঠিক সাহস পাচ্ছি না সাক্ষ্য-প্রমাণ গায়েব করে দিতে। এখন অপেক্ষা করছি সাঁতার থেকে টোড়িমাসির বাড়ি ফিরবার জন্য। মনে হয় তার পর বিচার হবে। এদিকে যে ফুল গাছগুলো লাগানো হয়েছিল উত্তরমুখী ভালোবাসার বারান্দায় তারা সবাই মরণোত্তর পুরস্কারের জন্য অপেক্ষা করছে। যতই জল ঢালি না কেন, মনে হচ্ছে ওদের সূর্যও চাই। এত খাই খাই ভালো না। বাড়ির সকলের মতের বিরুদ্ধে চৌদ্দ ঘণ্টা ঘুমিয়ে আমি যখন উঠেছি, তখন দেখি শেফালি বারান্দায় মই থেকে ঝুলে আছে। উপরের দিকের রডগুলোর নাকি ধুলা ঝাড়ছে।
কখন যে ‘পপাত ধরণীতল’ হবে আমি শুধু তাই ভাবছি। এত দেরি করে উঠেছি বলে টোড়িমাসি বলল, ‘তোর আর আজ ব্রেকফাস্ট করে কাজ নেই, একবারে লাঞ্চ করে ফেল।’ সকালে মানে আমার সকালে উঠে ডিমের ঝোল আর তপসে মাছ ভাজা খেতে কেমন লাগবে তা নিয়ে ইঁতিউঁতি ভাবছি। দেখা গেল ‘পপাত ধরণীতল’ হওয়ার আগেই শেফালি মই থেকে নেমেছে। টোড়িমাসির আবার সেই চির পুরাতন প্রশ্ন-‘ছাদে হাঁটতে গিয়েছিলি?’ এটা আমার দ্বিতীয় চান্স। সকালে ঘুমের জন্য রমনায় হাঁটা মিস করেছি। আমি টোড়িমাসিকে বললাম ‘যাব’। তারপর গুটি গুটি ছাদের দিকে রওনা দিয়েছি। একটু পর দেখি শেফালি আর কামাল ভাই হাঁপাতে হাঁপাতে ছাদে এসে হাজির। আমি নাকি হারিয়ে গেছি। সারা বাড়ি খুঁজে আমাকে পায়নি। তাই ছুটতে ছুটতে ছাদে খুঁজতে এসেছেন। কী একটা যে পরিস্থিতি!
কামাল ভাইয়ের পোশাক পরিচ্ছদ দেখে তাও কিছুটা শান্তি পেলাম। আজ উনি পরেছেন মেরুন রঙের সিল্কের পাঞ্জাবি, সাদা পাজামা আর সেই সুবিখ্যাত ভেস্ট। শুক্রবার শেষ হয়েছে। ফলে আর পাজামা, পাঞ্জাবি নয়। এবার কামাল ভাই সাদা শার্ট, কালো স্যুট পরে এসেছেন। একেবারে ইন্টারভিউয়ের পোশাক। টোড়িমাসি আমাকে এক এইস্যা বকা দিয়েছে। আমি নাকি কামাল ভাইকে প্রতিদিন চমৎকার পোশাক, চমৎকার পোশাক বলি বলে কামাল ভাইয়ের আজ এই অবস্থা! মা-র চিন্তার গতিপথ আবার অন্যদিকে। ‘ও সাজপোশাক করে ঘুরে বেড়াচ্ছে, এদিকে বউ-বাচ্চা খেতে পারছে কিনা কে জানে।’ আহা কী বিপদ! কাল গানের ক্লাস ছিল। টোড়িমাসিদের বন্ধু রঞ্জনামাসি সুস্বাদু ডিমের ঝোল আর জোন মাসি তপসে মাছ নিয়ে এসেছিলেন; মুকুল আপা ডালপুরি, জিলাপি আর চন্দনমামা এনেছিলেন ক্রিসমাসের ফ্রুট কেক। গানের সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া খুবই ভালো হয় এই গানের ক্লাসে। আজ অনেকদিন পর স্বাস্থ্য-উদ্ধারে রমনায় হাঁটতে গিয়েছিলাম। দেখি একটা কাঞ্চন গাছ ভরে ম্যাজেন্টা রঙের ফুল ফুটে আছে। মা হঠাৎ বলে, ‘দেখ দেখ একটা হলুদ পাখি।’ আমি আমার আঁতলামো ফলিয়ে বললাম, ‘ওটা বেনে বউ।’ (ধারাবাহিক)
লেখক : সাহিত্যিক, সাবেক সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং স্পেশালিস্ট (যুক্তরাষ্ট্র)
