ভারতের আসাম রাজ্যে প্রবল বন্যা দেখা দিয়েছে। বর্ষা মৌসুমে ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকায় বন্যা নতুন নয়; যেমন আসামে, তেমনই বাংলাদেশে। কিন্তু এবারের বন্যাকে বিশেষজ্ঞরা ‘বিশেষ’ বলছেন কয়েকটি কারণে।

একটি কারণ মৌসুমি বৃষ্টিপাতের ফলে বন্যা দেখা দেওয়ার যে চিরায়ত বৈশিষ্ট, সেটা এবার প্রকৃতির নিয়ম মেনে চলেনি। যেমন ভারতীয় আবহাওয়া দপ্তরের তথ্যমতে, জুন ও জুলাই মাসে রাজ্যটিতে স্বাভাবিকের চেয়ে অন্তত ৩৩ শতাংশ বৃষ্টিপাত কম হয়েছে। শুধু তাই নয়; আসামে বন্যার জন্য যেসব প্রতিবেশী রাজ্যের বৃষ্টিপাত ভূমিকা রাখে সেই অরুণাচল, মণিপুর, মেঘালয়েও ঘাটতি ছিল যথাক্রমে ৪১ শতাংশ, ৪০ শতাংশ, ৫৮ শতাংশ (দ্য আসাম ট্রিবিউন, ২ আগস্ট ২০২৬)।

বিশেষজ্ঞদের ধারণা, বৃষ্টিপাতের ঘাটতি সত্ত্বেও আসামে প্রবল বন্যার কারণ মূলত গোটা অঞ্চলে অন্যান্য বছরের মতো সমানতালে বৃষ্টি না হওয়া। দেখা গেছে, এবারের বন্যা হয়েছে মূলত গোলাঘাট, শিবসাগর, চড়াইদেও, বাজালি, ধেমাজি, সোনিতপুর ও জোরহাট জেলায়। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শিবসাগর ও চড়াইদেও জেলা। আসামের মোট ৩৫টি জেলা হিসাবে ধরলে রাজ্যটির এক-পঞ্চমাংশ বন্যাক্রান্ত। কিন্তু ক্ষতি অন্যান্য বছরের চেয়ে অনেক বেশি। যেমন গতবছর রাজ্যজুড়ে বন্যায় প্রাণহানির সংখ্যা ছিল ২৫। কিন্তু এ বছর মাত্র সাতটি জেলার বন্যায় ইতোমধ্যে প্রাণহানি ৮২।

বন্যার এই সাম্প্রতিক ‘প্যাটার্ন’ বাংলাদেশেও পরিচিত। গত মাসের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম জেলায় একইভাবে প্রবল বন্যা দেখা দিয়েছিল। যদিও তার আগের মাসে ওই অঞ্চলে বৃষ্টিপাতের ঘাটতি দেখা দিয়েছিল। বন্যা দেখা দেওয়ার আগ পর্যন্ত বর্ষাকালের প্রথমাংশ কেটেছিল কার্যত বৃষ্টিহীনতায়।

বাংলা পঞ্জিকার জ্যৈষ্ঠ মাসের শেষার্ধ ও আষাঢ় মাসের প্রথমার্ধ মিলে ইংরেজি ক্যালেন্ডারের যে জুন মাস, তাতে চলতি বছর গত সাত বছরের মধ্যে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়েছে। বিশেষত জুন মাসে স্বাভাবিকের চেয়ে ২৯ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছিল (প্রথম আলো, ৪ জুলাই ২০২৬)।

অপরদিকে, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ৫ থেকে ১০ জুলাই মাত্র ছয় দিনে ব্যাপক বৃষ্টিপাত হয়েছিল। যেমন শুধু চট্টগ্রাম জেলাতেই ১১৩২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। অথচ ওই জেলায় জুলাই মাসে ৩০ বছরের গড় বৃষ্টিপাত ছিল ৮১১ মিলিমিটার।

আসামেও দেখা যাচ্ছে, জুন ও জুলাইজুড়ে গোটা রাজ্যে বৃষ্টিপাতের ঘাটতি। কিন্তু ব্রহ্মপুত্রের উপনদী দিখো অববাহিকায় জুলাইয়ের শেষ সপ্তাহে স্বাভাবিকের চেয়ে ৪৩৬ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে এবং শিবসাগর ও পার্শ্ববর্তী চড়াইদেও জেলায় ব্যাপক বন্যা সৃষ্টি করেছে। বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের মতোই ফসলের ক্ষেত, মাছের পুকুর, হাট-বাজার, বাড়ি-ঘর প্রবল স্রোতে ভাসিয়ে নিয়ে গেছে।

এ ধরনের বন্যায় যে প্রাণহানির সংখ্যা বাড়ে, তার কারণ শুধু আকস্মিকতা ও মাত্রাগত প্রাবল্য নয়; মানুষের অনভ্যস্ততাও দায়ী। আসামের ব্রহ্মপুত্র অববাহিকার মানুষ প্রতিবছর বন্যায় অভ্যস্ত। কিন্তু অল্প সময়ের মধ্যে, অপেক্ষাকৃত স্বল্প এলাকাজুড়ে ব্যাপক বন্যার তোড়ে প্রাণহানি ঘটে। বন্যার পানিতে ডুবে মৃত্যু সুদূর অতীত থেকেই ঘটছে। কিন্তু এখনকার প্রাণহানির বেশির ভাগ ঘটছে বন্যার তোড়ে ভেসে বা ঘরবাড়িতে চাপা পড়ে।

বাংলাদেশের কথা যদি বলি, এখানকার মানুষ আবহমানকাল থেকে ‘বন্যার সঙ্গে বসবাস’ করে অভ্যস্ত। যে কারণে প্রাণহানিও অপেক্ষাকৃত সীমিত। কোনো কোনো বছর শূন্য। কিন্তু ২০২৪ সালের আগস্টে ফেনী ও কুমিল্লা অঞ্চলে এভাবে স্বল্প সময়ের মধ্যে প্রবল বন্যায় ‘রেকর্ড’ ৭১ জনের প্রাণহানি ঘটেছিল। কারণ ওই অঞ্চলের মানুষ বহু বছর এ ধরনের বন্যা দেখেনি। ঠিকই পরের বছর, ২০২৫ সালে, ফেনী ও কুমিল্লা অঞ্চলে আবার বন্যা দেখা দিলেও আগের বছরের অভিজ্ঞতার কারণে সেবার প্রাণহানি ছিল শূন্য। কিন্তু চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের মানুষের যেহেতু এ ধরনের বন্যা মোকাবিলার অভিজ্ঞতা ছিল না; চলতি বছরের বন্যায় দেখা যাচ্ছে ৫৮ জনের প্রাণহানি ঘটেছে।

বিশেষজ্ঞরা বলে আসছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিভিন্ন অঞ্চলে ‘ক্লাউড বার্স্ট’ বা মেঘ-বিস্ফোরণ ঘটতে থাকবে। বিস্তীর্ণ অঞ্চলজুড়ে স্বাভাবিক বৃষ্টি ঝরানোর বদলে সীমিত অঞ্চলে অস্বাভাবিক বৃষ্টিপাত হবে। সেখান থেকে প্রবল বন্যা। যদিও স্বল্প এলাকাজুড়ে, কিন্তু ক্ষয়ক্ষতি ব্যাপক।

মনে আছে, ২০২২ সালে মেঘালয়-সিলেট অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ ও বন্যার উচ্চতা শতবর্ষের রেকর্ড ভেঙেছিল। ২০২৩ সালে চট্টগ্রামে ঘটেছিল রেকর্ড বর্ষণ; বান্দরবানের পার্বত্য অঞ্চলের বন্যায় চট্টগ্রাম-কক্সবাজারের নবনির্মিত রেলপথ ভেসে গিয়েছিল। ২০২৪ সালে ফেনী-কুমিল্লা অঞ্চলে আগস্টের সেই প্রলয়ঙ্করী বর্ষণ ও বন্যার কথা আগেই বলেছি।

মনে আছে, ২০২৪ সালেই জুলাইয়ের মাঝামাঝি এক শুক্রবারে ঢাকায় মাত্র ছয় ঘণ্টায় অন্তত ১৩০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। সেই বৃষ্টির মধ্যেই ভিজতে ভিজতে রিকশারোহী দুই তরুণীর অঙ্গুলি উঁচানো স্লোগান জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান সিগনেচার ফটোতে পরিণত হয়েছিল। তখনই বলেছিলাম, মূলত উত্তর-পূর্বাঞ্চলীয় ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পাহাড়ি ও পাদদেশীয় অঞ্চলের ‘ক্লাউড বার্স্ট’ সমতলের ঢাকায়ও পৌঁছে গেছে!

গতবছরই দেখা গিয়েছিল উত্তরবঙ্গের দুধকুমার, ধরলা, গদাধর অববাহিকায় আশ্বিন মাসের শেষভাগে গিয়ে একটি ‘ক্লাউড বার্স্ট’ ঘটেছিল। আগের কয়েক বছরের মেঘ-বিস্ফোরণ বর্ষা ও শরৎকালে সীমিত থাকলেও সেটা ঘটেছিল প্রায় হেমন্তে।

তার মানে, জলবায়ু পরিবর্তনের কারণে এ অঞ্চলজুড়ে মেঘ-বিস্ফোরণ বেড়ে যাওয়ার যে আশঙ্কার কথা বলা হচ্ছিল, সেটা এখন বাস্তবে পরিণত হচ্ছে। আর সেই বর্ষণ ও বন্যা বাৎসরিক এই দুই প্রাকৃতিক চক্রের চিরায়ত রূপ কীভাবে বদলে দিতে পারে এবং কতটা বিধ্বংসী হয়ে উঠতে পারে; জুলাইয়ের প্রথম সপ্তাহে বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চল এবং জুলাইয়ের শেষ সপ্তাহে ভারতের আসামের দুর্যোগ দুটি দেখিয়ে দিল।

বস্তুত আসামের বন্যাই নদীপথে গড়িয়ে বাংলাদেশে আসে। মেঘালয় ও ত্রিপুরায় প্রবল বৃষ্টিপাত হলে সুরমা-কুশিয়ারা অববাহিকায় যেভাবে প্রবল বেগে পাহাড়ি ঢল নেমে আসে; ব্রহ্মপুত্র অববাহিকায় অবশ্য সেটা ঘটে না। সেখানে বিপুল ব্রহ্মপুত্রের বিস্তীর্ণ অববাহিকাজুড়ে বন্যার পানি আসাম থেকে গড়িয়ে বাংলাদেশে আসতে আসতে সময় লাগে। অন্তত এতদিন তাই লাগত; তিন থেকে পাঁচ দিন। কিন্তু মেঘ বিস্ফোরণজনিত বন্যার পানি কতদিন সময় নিতে পারে, এবার সম্ভবত বোঝা যাবে।

বিপদের কথা হলো, যদি একই সঙ্গে বাংলাদেশের বৃষ্টিপাত চলতে থাকে। আসামের গড়িয়ে আসা বন্যার সঙ্গে স্থানীয় বর্ষণ যোগ হয়ে দ্রুতই বন্যা প্রলয়ঙ্করী হতে পারে বৈ কি। আর যদি মেঘ-বিস্ফোরণের ঘটনা ঘটে, তাহলে তো আরও বিপদ।

উদ্বেগের কথা হলো, আবহমানকাল থেকে বন্যার সঙ্গে বসবাস করে এলেও বাংলাদেশের মানুষ ‘মেঘ বিস্ফোরণের সঙ্গে মেলামেশা’য় এখনও অভ্যস্ত নয়। সেটা ২০২২ সালে সিলেটে, ২০২৩ সালে বান্দরবানে, ২০২৪ সালে ফেনীতে, ২০২৫ সালে কুড়িগ্রামে এবং সর্বশেষ চলতি বছর চট্টগ্রামে প্রমাণ হয়েছে। এটাও প্রমাণ হয়েছে, বন্যা মোকাবিলায় আমাদের প্রস্তুতি প্রশংসিত হলেও মেঘ বিস্ফোরণের পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় আমরা এখনও অনভিজ্ঞ। মূলত আমাদের প্রস্তুতির ঘাটতিই গত কয়েক বছরে স্পষ্ট হয়েছে।

আসামে মেঘ বিস্ফোরণজনিত বন্যার অভিঘাত মোকাবিলার প্রস্তুতি নেওয়ার মধ্য দিয়ে সেই মেলামেশার অভিজ্ঞতা অর্জন হতে পারে মন্দের ভালো।

শেখ রোকন: লেখক ও নদী গবেষক skrokon@gmail.com