বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় সংকটগুলোর একটি হলো তৃণমূল পর্যায়ের রাজনৈতিক সংস্কৃতির অবক্ষয়। ক্ষমতার রাজনীতি, পেশিশক্তি, চাঁদাবাজি ও দখলদারিত্ব দীর্ঘদিন ধরে তৃণমূল রাজনীতিকে এমনভাবে গ্রাস করেছে, আদর্শ, নৈতিকতা ও জনসেবার ধারণা অনেক ক্ষেত্রে গৌণ হয়ে পড়েছে। এ বাস্তবতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যদি সত্যিই নিজেদের একটি গণতান্ত্রিক ও জনআস্থাভিত্তিক রাজনৈতিক শক্তি হিসেবে পুনর্গঠন করতে চায়, তাহলে তৃণমূল পর্যায়ে রাজনৈতিক সংস্কৃতি বদলানো তাদের জন্য সবচেয়ে জরুরি ও কঠিন দায়িত্ব।

তৃণমূল রাজনীতি মূলত মানুষের দৈনন্দিন জীবনের সবচেয়ে কাছের রাজনীতি। ইউনিয়ন, ওয়ার্ড বা থানা পর্যায়ের নেতাকর্মীদের আচরণ দিয়েই সাধারণ মানুষ একটি দলের চরিত্র বিচার করে। বাস্তবতা হলো, তৃণমূলে রাজনীতি বহু জায়গায় সেবার পরিবর্তে ক্ষমতা ও অর্থ উপার্জনের হাতিয়ারে পরিণত হয়েছে। দলীয় পদ মানে প্রভাব খাটানোর সুযোগ, থানায় প্রভাব বিস্তার, টেন্ডার বা স্থানীয় সম্পদ নিয়ন্ত্রণ–এমন ধারণা সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এ ধারণা ভাঙা ছাড়া কোনো দলই রাষ্ট্র পরিচালনার নৈতিক অধিকার অর্জন করতে পারে না।

বিএনপির জন্য প্রথম চ্যালেঞ্জ হলো নিজের ভেতরের এই বিকৃত সংস্কৃতিকে স্বীকার করা। কেবল সরকার বা প্রতিপক্ষকে দায়ী করে তৃণমূল রাজনীতির রোগ সারানো যাবে না। দলের ভেতরেই এমন বহু নেতা আছেন, যারা রাজনীতিকে জনসেবা হিসেবে দেখেন না, বরং ব্যক্তিগত প্রভাব ও লাভের মাধ্যম হিসেবে ব্যবহার করেন। এদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া ছাড়া সংস্কার বিশ্বাসযোগ্য হবে না। এখানে সবচেয়ে কঠিন কাজ হলো–প্রভাবশালী হলেও অপরাধ, চাঁদাবাজি বা দখলের সঙ্গে জড়িত ব্যক্তিদের ছাড় না দেওয়া। জনগণ কাগুজে বক্তব্য নয়, বাস্তব দৃষ্টান্ত দেখতে চায়।

তৃণমূল সংস্কৃতি বদলাতে হলে নেতৃত্ব নির্বাচনের পদ্ধতিতেও পরিবর্তন আনতে হবে। দীর্ঘদিন ধরে ওপর থেকে চাপিয়ে দেওয়া কমিটি বা পছন্দের লোক বসানোর সংস্কৃতি তৃণমূলে ক্ষোভ ও গ্রুপিং তৈরি করেছে। এতে ত্যাগী ও সৎ কর্মীরা কোণঠাসা হয়েছেন, আর প্রভাবশালীরা দলে আধিপত্য বিস্তার করেছেন। তৃণমূল নেতৃত্ব যদি সত্যিই জনগণের প্রতিনিধি হয়, তাহলে তা নিচ থেকে উঠে আসতে হবে। নেতৃত্ব মানে ভয় দেখানোর ক্ষমতা নয়, বরং মানুষের আস্থা অর্জনের যোগ্যতা–এই ধারণা প্রতিষ্ঠা করতে হবে।

ছাত্র ও যুব রাজনীতির সংস্কার ছাড়া তৃণমূল রাজনীতির পরিবর্তন অসম্ভব। কারণ এখান থেকেই ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি হয়। কিন্তু বাস্তবে দেখা যায়, অনেক ক্ষেত্রে ছাত্র ও যুব সংগঠন শিক্ষা, চাকরি বা সামাজিক উন্নয়নের পরিবর্তে ক্যাম্পাস দখল, টেন্ডারবাজি ও সংঘর্ষের সঙ্গে জড়িয়ে পড়ে। এ অসুস্থ রাজনৈতিক সংস্কৃতি বদলাতে তরুণদের রাজনীতিকে শিক্ষা, দক্ষতা ও সামাজিক সেবার সঙ্গে যুক্ত করতে হবে। রাজনীতি মানে অস্ত্র বা দখল নয়–এই বার্তা বাস্তবে প্রমাণ করতে হবে।

অর্থনৈতিক স্বচ্ছতাও তৃণমূল সংস্কারের একটি বড় ভিত্তি। চাঁদাবাজি ও অবৈধ অর্থ রাজনীতিতে ঢুকলে অপরাধ অনিবার্য হয়ে ওঠে। তাই তৃণমূল রাজনীতিতে অর্থের উৎস ও ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। রাজনীতি যদি সাধারণ মানুষের ছোট অনুদান ও সদস্য ফি নির্ভর হয়, তাহলে নেতাকর্মীদের জবাবদিহি বাড়ে। বিপরীতে কালো টাকার ওপর দাঁড়ানো রাজনীতি জনগণের বিরুদ্ধে যায়–এ সত্য বিএনপিকে স্পষ্টভাবে মেনে নিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জনগণের সঙ্গে সম্পর্কের ধরন বদলানো। তৃণমূল রাজনীতি যদি কেবল নির্বাচনের সময় দেখা যায়, আর বাকি সময় ক্ষমতা দেখানোতেই ব্যস্ত থাকে, তাহলে আস্থা তৈরি হয় না। বিএনপির তৃণমূল নেতাকর্মীদের নিয়মিতভাবে মানুষের সমস্যায় পাশে দাঁড়াতে হবে–আইনি সহায়তা, তথ্য, সামাজিক সেবা ও দুর্যোগ মোকাবিলায় অংশগ্রহণের মাধ্যমে। এতে মানুষ বুঝবে, রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, বরং দায়িত্বের জায়গা।

শেষ কথা হলো–রাজনৈতিক সংস্কার মানে নেতাকর্মীদের নিজের ভুলের বিরুদ্ধে লড়াই। আত্মশুদ্ধির এই লড়াইয়ে বিএনপি জয়ী হলে শুধু দল নয়, বাংলাদেশ জিতে যাবে। কারণ এতেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দলের ভেতরের সুবিধাভোগী গোষ্ঠী, আর সবচেয়ে লাভবান হয় সাধারণ মানুষ। বিএনপি যদি এই ঝুঁকি নিতে না পারে, তাহলে তাদের সব গণতন্ত্র ও সংস্কারের কথা কাগজেই থেকে যাবে। যদি পারে, তাহলে তৃণমূলে রাজনীতির চরিত্র বদলে দিয়ে তারা শুধু ক্ষমতার বিকল্প নয়, বরং বিশ্বাসযোগ্য রাষ্ট্র পরিচালনার শক্তি হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে। সবিশেষ যে সত্য বলা আবশ্যক, তা হলো বাংলাদেশের রাজনৈতিক সংস্কারই রাষ্ট্র সংস্কারের প্রধান নিয়ামক। দলীয়করণে যে ব্যবস্থার বিনাশ ঘটানো হয়েছে, সঠিক রাজনীতি দিয়েই এর পুনঃপ্রতিষ্ঠা নিশ্চিত করতে হবে।

এস এম সাব্বির খান: সহসম্পাদক, সমকাল