দেশে প্রতি বছরই বিপুলসংখ্যক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সহকারে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে। এই পরীক্ষা তার জীবনের ভবিষ্যৎ তথা উচ্চশিক্ষায় প্রবেশের নিয়ামক। ফলে স্বভাবতই শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও থাকে প্রবল উদ্বেগ-উৎকণ্ঠা। ফাইনাল পরীক্ষার ফল তথা রেজাল্ট প্রকাশের পর পরই সকল শ্রেণীর শিক্ষার্থী ও অভিভাবকদের প্রবল উচ্ছ্বাস ও বাঁধভাঙা আনন্দ প্রকাশের মাধ্যমে এর বহিঃপ্রকাশ ঘটে, যার কিছু প্রকাশ ঘটে গণমাধ্যমে। তবে এর মধ্যেও যে কিছু বিষাদ এবং নিরানন্দের প্রকাশ ঘটে না তা নয়। অনেক শিক্ষার্থীই ফেল করে হতাশ হন। অভিভাবকরাও হন ব্যর্থমনোরথ। কেউ কেউ স্বজনদের কাছে লোকলজ্জার ভয়ে বিব্রতবোধ করেন। শিক্ষার্থীরা অনেকেই মুখ ফিরিয়ে নেন লেখাপড়া থেকে।
জীবন ও জীবিকার জন্য অন্য কোনো পথ যেমন- কারিগরি শিক্ষা বেছে নিতে বাধ্য হন। কেউ কেউ ফিরে যান কৃষিকাজ অথবা পৈত্রিক ব্যবসায়। চরম হতাশাগ্রস্ত কেউ কেউ জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে বেছে নেন আত্মহননের পথ, যেটি কারও কাম্য নয়। \r\nএর অপর পিঠে যে বিষয়টি অনিবার্য উঠে আসে তা হলো শিক্ষা বোর্ড কর্তৃক পরীক্ষাথীদের উত্তরপত্র যথাযথভাবে মূল্যায়ন করা হয়েছে কিনা! সার্বিকভাবে ও সঠিকভাবে খাতা মূল্যায়ন পরীক্ষার্থীর ন্যায্য অধিকার। সে বিষয়টি মাথায় রেখে প্রতি বছরই কিছুসংখ্যক আত্মবিশ্বাসী ও মেধাবী শিক্ষার্থী নিজেকে বঞ্চিত মনে করে সংশ্লিষ্ট বোর্ডে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেন শিক্ষা বোর্ডের শর্তসাপেক্ষে। এ ক্ষেত্রে নতুন করে নম্বর দেওয়ার সুযোগ নেই।
শুধু যেগুলো দেখা হয় সেগুলো হলো- পরীক্ষার্থীর উত্তরপত্রে সব প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে কিনা। প্রাপ্ত নম্বর গণনা ঠিক হয়েছে কিনা। প্রাপ্ত নম্বর ওএমআর সিটে ওঠানো হয়েছে কিনা এবং প্রাপ্ত নম্বর অনুযায়ী ওএমআর সিটে বৃত্ত ভরাট করা হয়েছে কিনা। এ চারটি জায়গায় কোনো ভুল থাকলে তা সংশোধন করে ফল প্রকাশ করা হয় নতুন করে। \r\nপুনর্নিরীক্ষণের বিবেচনায় এবারে বিপুলসংখ্যক আবেদন জমা পড়েছে বিভিন্ন শিক্ষা বোর্ডে। চলতি বছর সব বোর্ডের পাসের হার অতীতের তুলনায় ছিল অনেক কম। দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ২ লাখ ২৬ হাজার শিক্ষার্থী উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেন। শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সপ্তাহের শুরুতে ফল পরিবর্তনের ঘটনা সামনে এসেছে এবারও। এ ক্ষেত্রে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৫৫৫ জন শিক্ষার্থী, আর ফেল থেকে পাস করেছেন ১ হাজার ৪৭৯ জন। এতে বিভিন্ন শিক্ষা বোর্ডের খাতা নিরীক্ষকদের দায়সারা মনোভাব ও গাফিলতির বিষয়টি ধরা পড়েছে। প্রশ্ন উঠেছে খাতা মূল্যায়নের ব্যবস্থা নিয়ে। কেন না খাতা পরীক্ষকদের পাশাপাশি উত্তরপত্র নিরীক্ষা করে থাকে একই বিষয়ের অন্য একজন শিক্ষক। এরপর সেটি জমা দেওয়া হয় প্রধান পরীক্ষকের কাছে। তারও দায় রয়েছে এটি দেখার। সে অবস্থায় কয়েক স্তরে পরীক্ষা-নিরীক্ষার পরও ফল প্রকাশে নয়-ছয় হবে কেন। এতে স্বভাবতই একজন পরীক্ষার্থী হতাশ হয়ে পড়েন। অভিভাবকরাও হয়ে পড়েন বিমূঢ়। ফলে পুরো খাতা মূল্যায়ন ব্যবস্থা পরে অনাস্থার মুখে। এসব অনিয়ম প্রতিরোধে মূল্যায়নকারী শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ, তদারকি বৃদ্ধি সর্বোপরি প্রযুক্তিনির্ভর যাচাই পদ্ধতি আরও শক্তিশালী করার বিকল্প নেই।
