যুক্তরাষ্ট্র প্রযোজিত গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব তিন মাস আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অনুমোদন করে; কিন্তু এখনও হত্যাকাণ্ড বন্ধ হয়নি। অক্টোবরে যুদ্ধবিরতির পরও প্রায় ৬০০ ফিলিস্তিনি প্রাণ হারায় এবং এক হাজারের বেশি আহত হয়। গাজায় যে ‘শান্তি’ দেখা যাচ্ছে, তা বস্তুত ওই যুদ্ধেরই ধারাবাহিকতা। এখনও বেসামরিক মানুষ হতাহত হচ্ছে আর মানবিক বিপর্যয় দিন দিন আরও গভীর হচ্ছে। ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ যদি কেবল প্রতীকী আয়োজনের মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তব অর্থ ধারণ করতে চায়, তবে সদস্যদের ভান করা যুদ্ধবিরতি থেকে সরে এসে প্রকৃত শত্রুতার অবসান নিশ্চিত করার জন্য কাজ করতে হবে।
সমাধানের একটি পথ হতে পারে, পূর্বের যুদ্ধবিরতিগুলোর দিকে ফিরে তাকানো, যেগুলো কার্যকর হয়েছিল। ইতিহাস বলছে, যুদ্ধবিরতি মানে কেবল আক্রমণ বন্ধ করাই নয়, এটি এমন এক চুক্তি, দাঁড়িয়ে থাকার জন্য যার কিছু নির্দিষ্ট স্তম্ভ থাকে। সবচেয়ে কার্যকর যুদ্ধবিরতিতে দুটি উপাদান থাকে–শক্তিশালী ও নিরপেক্ষ পর্যবেক্ষণ ব্যবস্থা, যেখানে উভয় পক্ষের জন্য স্পষ্ট ও পারস্পরিক কিছু বাধ্যবাধকতা থাকে। এর পাশাপাশি এটি একটি রাজনৈতিক প্রক্রিয়া, যা সাধারণ মানুষের মনে বাস্তব আশার সঞ্চার করতে পারে। এই উপাদানগুলো অনুপস্থিত থাকলে, যেমনটি আজ দেখা যাচ্ছে, শক্তিশালী পক্ষ অনিবার্যভাবে শর্ত চাপিয়ে দেয় এবং শেষ পর্যন্ত চুক্তিটি ভেঙে পড়ে। বিশেষত যখন প্রভাবশালী দখলদার পক্ষ সহিংসতা বন্ধে প্রকৃত অর্থে আন্তরিক থাকে না। গাজায় ব্যর্থতার ক্ষেত্রে সম্ভবত সবচেয়ে বড় কারণ হলো তদারকির ঘাটতি। ইসরায়েল গাজা উপত্যকায় বিদেশি সাংবাদিক ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের প্রবেশ নিষিদ্ধ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ২০ দফা পরিকল্পনায় যে ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স তথা আন্তর্জাতিক সুরক্ষা বাহিনীর কথা বলা হয়েছিল, তা এখনও একটা কাগুজে ধারণা। নিরপেক্ষ বাহিনীর কার্যকর উপস্থিতি ছাড়া কোনো যুদ্ধবিরতিই কার্যকর হয় না। যেমন ১৯৭৯ সালের পর সিনাইয়ে বা নব্বইয়ের দশকে বলকান অঞ্চলে স্থিতিশীলতা আনতে যে ধরনের আন্তর্জাতিক মনিটরিং ব্যবস্থা কাজ করেছিল, সে ধরনের ব্যবস্থা গাজায় জরুরি।
অথচ তুরস্ক ও কাতারের সেনা অন্তর্ভুক্তির প্রস্তাবেও ইসরায়েল ভেটো দিয়েছে। তারা এমন একটি বাহিনী চায়, যারা তাদের নিজস্ব সামরিক বাহিনীও যা করতে পারেনি–হামাসের সম্পূর্ণ ও তাৎক্ষণিক নিরস্ত্রীকরণ-সে কাজটা করবে। এই যুদ্ধবিরতি কার্যকর করতে হলে যুক্তরাষ্ট্রকে পর্যবেক্ষক নিয়োগে ইসরায়েলি ভেটো ক্ষমতার অবসান ঘটাতে হবে এবং স্পষ্ট ম্যান্ডেটসহ একটি বহুজাতিক বাহিনী মোতায়েন করতে হবে, যারা যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা যাচাই করে সরাসরি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রতিবেদন দেবে।
তদারকির বাইরেও যুদ্ধবিরতির জন্য যুদ্ধের বিশৃঙ্খলার বিপরীতে বিকল্প কার্যকর বেসামরিক প্রশাসন প্রয়োজন। কয়েক সপ্তাহ ধরে ১৪ জন ফিলিস্তিনি পুরুষ ও একজন নারী মিসরে অপেক্ষা করছেন, গাজায় প্রবেশের জন্য তারা ইসরায়েলের অনুমতির অপেক্ষায় রয়েছে। ‘ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা’ নামের কমিটি হামাসের বাইরে টেকনোক্র্যাটদের নিয়ে গঠিত, যাদের যুক্তরাষ্ট্রের দল সব পক্ষের সঙ্গে সমন্বয় করে বাছাই করা হয়েছে। তবু তারা এখনও সীমান্তে আটকে আছেন, কারণ ইসরায়েল নাকি কমিটির লোগোর মতো তুচ্ছ বিষয়েও আপত্তি তুলেছে। যাচাইকৃত একটি বেসামরিক প্রশাসনকে গাজায় কার্যক্রম শুরু করতে দেওয়া হচ্ছে না। এই পরিস্থিতি কার্যত হামাসকেই একমাত্র শাসনক্ষমতা হিসেবে টিকিয়ে রাখছে, অথচ একেই ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত রাখার যুক্তি হিসেবে দেখানো হচ্ছে। এ অবস্থায় একটি কঠিন সিদ্ধান্ত নিতে হবে–আন্তর্জাতিক সম্প্রদায়ের পূর্ণ সমর্থন নিয়ে এই কমিটিকে অবিলম্বে গাজায় বসাতে হবে, যাতে তারা পুনর্গঠন তদারকি ও মৌলিক সেবা পুনরুদ্ধারের দায়িত্ব নিতে পারে।
যুদ্ধবিরতি তখনই টেকসই হয়, যখন তা বিশ্বাসযোগ্য রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকে। অতীতের সফল যুদ্ধবিরতিগুলো কখনোই চূড়ান্ত লক্ষ্য ছিল না; বরং বৃহত্তর রাজনৈতিক সমঝোতার প্রথম ধাপ ছিল। ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের স্বীকৃতি কোনো ২০ দফা পরিকল্পনায় অপাঙ্ক্তেয় হয়ে থাকতে পারে না। সাম্প্রতিক সময়ে ওয়াশিংটনের মনোযোগ ইরানের দিকে সরে গেলেও বাস্তবতা হলো, গাজাকে অবহেলা করলে মধ্যপ্রাচ্যের অভিশপ্ত অস্থিরতা দূর করা সম্ভব নয়। ‘বোর্ড অব পিস’-এর উচিত জাতিসংঘ স্বীকৃত রাষ্ট্র গঠনের পথে একটি ‘বিশ্বাসযোগ্য রূপরেখা’ পুনঃপ্রতিষ্ঠা করা এবং ফিলিস্তিনি জনগণকে শান্তিতে রাখার ব্যবস্থা করা।
আমাদের সেই মানবিক বিপর্যয়ের কথাও বলতে হবে, যা যুদ্ধবিরতি উপক্ষিত হওয়ার কারণে ঘটছে। যে যুদ্ধবিরতি ইসরায়েলিদের মুক্তি নিশ্চিত করে; কিন্তু ফিলিস্তিনি জনগণকে শীত ও অনাহারে ফেলে রাখে, তা কোনো শান্তি পরিকল্পনা হতে পারে না।
দাউদ কুত্তাব: পুরস্কারপ্রাপ্ত ফিলিস্তিনি সাংবাদিক এবং প্রিন্সটন ইউনিভার্সিটির সাবেক অধ্যাপক, আরব নিউজ থেকে ঈষৎ সংক্ষেপিত ভাষান্তর মাহফুজুর রহমান মানিক
