ডিসেম্বর এলেই বড়দিনের আলোয় আলোকিত হয়ে ওঠে চারপাশ। ঘরে ঘরে সাজসজ্জা, শুভেচ্ছা বিনিময়, উপহার আদান-প্রদান ও পারিবারিক মিলনমেলার মধ্য দিয়ে বড়দিন যেন আনন্দের বার্তা নিয়ে আসে। এই উৎসব কেবল খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ নয়। বড়দিন মূলত দান, ত্যাগ ও আশার এক সর্বজনীন মানবিক উৎসব, যা ধর্ম, জাতি ও বর্ণের গ-ি পেরিয়ে মানুষের হৃদয়ে মানবতার আলো জ্বালায় সর্বদা। বড়দিন যিশু খ্রিস্টের জন্মোৎসব।
খ্রিস্টান বিশ্বাস অনুযায়ী মানবজাতির মুক্তির জন্য ঈশ্বর তার একমাত্র পুত্র যিশুকে পৃথিবীতে প্রেরণ করেন। এই জন্ম কোনো আকস্মিক ঘটনা নয়; বরং এটি ছিল ঈশ্বরের সুপরিকল্পিত পরিকল্পনার অংশ। যিশুর জন্মকথা আমাদের শেখায় বিনয়, আনুগত্য ও আস্থার শিক্ষা। জন্মের কিছুদিন পর পূর্বদেশ থেকে আগত তিন প-িত ব্যক্তি আকাশে উদিত এক বিশেষ নক্ষত্র অনুসরণ করে শিশুযিশুকে দর্শন করতে আসেন। তারা শিশুটিকে প্রণাম জানিয়ে সোনা, ধূপ ও গন্ধরস উপহার দেন, যা শ্রদ্ধা, বিশ্বাস ও আত্মসমর্পণের প্রতীক। এ ঘটনাই বড়দিনকে দানের উৎসব হিসেবে চিহ্নিত করেছে। বড়দিনের সবচেয়ে বড় দান হলো যিশু খ্রিস্ট স্বয়ং। ঈশ্বর মানব জাতির প্রতি অপরিসীম ভালোবাসা থেকে তার পুত্রকে দান করেছেন, যেন মানুষ পাপ, হিংসা ও অবিচারের অন্ধকার থেকে আলোর পথে চলতে পারে। যিশু তার জীবন ও শিক্ষার মাধ্যমে মানুষকে ভালোবাসা, ক্ষমা ও ন্যায়বিচারের পথ দেখিয়েছেন। এই দানের পেছনে রয়েছে মরিয়ম ও যোসেফের নিঃস্বার্থ সম্মতি ও আত্মত্যাগ।
সামাজিক ভয় ও অনিশ্চয়তা সত্ত্বেও তারা ঈশ্বরের আহ্বানে সাড়া দিয়েছিলেন। স্বর্গদূত, রাখাল ও তিন জ্ঞানী ব্যক্তির অংশগ্রহণও বড়দিনের দানচেতনাকে আরও গভীর ও তাৎপর্যপূর্ণ করে তোলে। বড়দিন আমাদের মনে করিয়ে দেয় যে, দানের মূল্য উপহারের পরিমাণে নয়, বরং দাতার আন্তরিকতায় প্রকাশ পায়। আজকের সমাজে দানের অর্থ আরও বিস্তৃত ও গভীর। বড়দিন কেবল উপহার আদান-প্রদানের দিন নয়; এটি মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান। দরিদ্র ও অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসা, ক্ষুধার্তকে খাদ্য দেওয়া, অসুস্থ ও একাকী মানুষের খোঁজ নেওয়াÑ এসবই বড়দিনের প্রকৃত চেতনা। ভোগবাদ ও আত্মকেন্দ্রিকতার এই সময়ে বড়দিন আমাদের শেখায় উদারতা ও সহমর্মিতার মূল্য।
ঈশ্বর যদি মানবমুক্তির জন্য তার প্রিয় পুত্রকে দান করতে পারেন, তবে আমরা কেন অন্যের কল্যাণে সামান্য কিছু দিতে দ্বিধাবোধ করব? বড়দিন ত্যাগেরও উৎসব। এই ত্যাগের সূচনা স্বয়ং ঈশ্বরের মধ্য দিয়েই হয়েছে। তিনি স্বর্গীয় মহিমা ত্যাগ করে মানব জগতে পাঠিয়েছেন যিশুকে। যিশু খ্রিস্টও স্বর্গীয় সুখ ত্যাগ করে সাধারণ মানুষের মতো জীবনযাপন করেছেন। মরিয়ম তার ব্যক্তিগত সুখ-স্বাচ্ছন্দ্য ও সামাজিক সম্মান বিসর্জন দিয়ে ঈশ্বরের ইচ্ছায় সাড়া দিয়েছেন। যোসেফ অনিশ্চয়তা ও ঝুঁকি সত্ত্বেও পরিবারকে আগলে রেখেছেন। রাখালরা তাদের দৈনন্দিন কাজ ছেড়ে ছুটে এসেছেন এবং প-িতরা রাজকীয় আরাম ত্যাগ করে দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন। এই সব ত্যাগ আমাদের শেখায় মহৎ উদ্দেশে করা ত্যাগ কখনো বৃথা যায় না। আধুনিক সমাজে ত্যাগের ধারণা নিয়ে নতুনভাবে ভাবা জরুরি। আজকের বিশ^ প্রতিযোগিতা, ভোগবাদ ও স্বার্থপরতার বেড়াজালে আচ্ছন্ন। এই সময়ে অন্যের জন্য সময় দেওয়া, দুর্বল ও প্রান্তিক মানুষের অধিকার রক্ষা করা, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে নীরব না থাকাÑ এসবই বড়দিনের ত্যাগের আধুনিক রূপ। মানুষ ক্রমেই নিজের স্বার্থকে প্রাধ্যান্য দিচ্ছে, ফলে পারস্পরিক সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ দুর্বল হয়ে পড়ছে। এই বাস্তবতায় বড়দিনের ত্যাগের শিক্ষা আমাদের জন্য গভীর তাৎপর্য বহন করে।
ত্যাগ মানে শুধু কিছু হারানো নয়, বরং বৃহত্তর কল্যাণের জন্য নিজের ব্যক্তি স্বার্থকে সীমিত করা। বড়দিন আমাদের অনুপ্রাণিত করেÑ যেন আমরা ব্যক্তি জীবনে আত্মকেন্দ্রিকতা ত্যাগ করে বৃহত্তর মানব কল্যাণের পথে এগিয়ে যাই। পরিবারে পারস্পরিক সহনশীলতা, সমাজে সামাজিক দায়বদ্ধতা ও রাষ্ট্রে ন্যায় ও মানবাধিকার চর্চা- সব স্তরেই এই ত্যাগের চর্চা শান্তি ও স্থিতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। যখন মানুষ অন্যের দুঃখতে অনুভব করতে শেখে, তখনই সমাজে প্রকৃত মানবিক পরিবর্তন আসে। সেই পরিবর্তনের দিশা দেখায় ত্যাগের আদর্শ। বড়দিন আশারও উৎসব। যিশু খ্রিস্টের জন্মবার্তা ছিলো নিপীড়িত ও বঞ্চিত মানুষের জন্য মুক্তির আশা। যিশু খ্রিস্টের জন্মবার্তা ইসরাইলের জন্য মুক্তির আশা বয়ে নিয়ে এসেছেন। তিনি প্রেম, ক্ষমা ও ন্যায়ের মাধ্যমে মানুষকে নতুন জীবনের স্বপ্ন দেখিয়েছেন। হতাশাগ্রস্তদের জন্য তিনি আশার আলো জ্বালিয়েছেন, পাপীদের জন্য খুলে দিয়েছেন ক্ষমার দুয়ার। তাঁর জীবন ও শিক্ষায় মানুষ শিখেছে অন্ধকার যত গভীরই হোক, আলোর আগমন অনিবার্য।
আজকের বিশ্ব যুদ্ধ, সহিংসতা, বৈষম্য, দারিদ্র্য ও নৈতিক অবক্ষয়ে জর্জরিত। এই বাস্তবতায় বড়দিনের আশার বার্তা আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। বড়দিন আহ্বান জানায়, আমরা যেন নিজেদের অবস্থান থেকে আশার বাহক হয়ে উঠি। সহমর্মিতা, মানবিক উদ্যোগ ও নৈতিক সাহসের মাধ্যমে অন্যের জীবনে আলো জ্বালানোই বড়দিনের প্রকৃত উদযাপন। খ্রিস্টজন্মের সেই পবিত্র রাতে স্বর্গদূতদের কণ্ঠে ধ্বনিত হয়েছিল, ‘ঊর্ধ্বে ঈশ্বরের মহিমা, পৃথিবীতে শান্তি ও মানুষের প্রতি সদিচ্ছা।’ এই সামসংগীত কেবল একটি ধর্মীয় গীত নয়, এটি মানব জাতির জন্য এক চিরন্তন আহ্বান। বড়দিন আমাদের স্মরণ করিয়ে দেয়, যেখানে ভালোবাসা আছে, সেখানে শান্তি আসে; যেখানে দান ও ত্যাগ আছে, সেখানে মানবতার বিজয় ঘটে। আজকের অস্থির ও বিভক্ত পৃথিবীতে এই সামসংগীতের বাণী আরও বেশি প্রাসঙ্গিক ও উপযুক্ত। যদি আমরা হৃদয়ে ধারণ করি শান্তি, সহমর্মিতা ও সদিচ্ছার এই বার্তা, তবে, বড়দিন আর কেবল একটি উৎসব থাকবে না, তা হয়ে উঠবে আমাদের প্রতিদিনের জীবনচর্চা। পরিশেষে বলা যায়, বড়দিন কোনো একদিনের উৎসব নয়; এটি একটি জীবনদর্শন। দান আমাদের হৃদয়কে উদার করে, ত্যাগ আমাদের চরিত্রকে মহৎ করে এবং আশা আমাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি জোগায়। এই চেতনাকে যদি আমরা প্রতিদিনের জীবনে ধারণ করতে পারি, তবেই বড়দিনের প্রকৃত অর্থ সার্থক হবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে জানাই শুভ বড়দিন। লেখক : সিএসসি, অধ্যক্ষ, নটর ডেম কলেজ, ময়মনসিংহ
