‘বোন, আমি তারেক বলছি।’ মাত্র পাঁচটি শব্দ! কিন্তু এই সংক্ষিপ্ত বাক্যের মধ্যেই লুকিয়ে আছে মানবিক রাজনীতির এক গভীর বার্তা। ফোনের অন্য প্রান্ত থেকে উচ্চারিত এই কণ্ঠ কেবল এক রাজনৈতিক নেতার নয়, বরং এক সহমর্মী মানুষের, যিনি রাজনীতির কেন্দ্রে ক্ষমতা নয়, মানুষকেই দেখতে চান।
কিছুদিন আগে বরগুনায় সংঘটিত এক মর্মান্তিক ঘটনায় এক তরুণী অপহরণ ও ধর্ষণের শিকার হন, এবং তাঁর বাবা মন্টু চন্দ্র দাস নির্মমভাবে নিহত হন। এই ঘটনার পর মেয়েটিকে ফোন করে সান্ত্বনা দেন ও পাশে থাকার আশ্বাস দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই সংক্ষিপ্ত ফোনালাপটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সারা দেশে আলোড়ন সৃষ্টি হয়। কারণ বহুদিন পর মানুষ রাজনীতিতে অনুভব করল এক অসম্ভব সুন্দর মানবিক স্পর্শ, যেখানে নেতৃত্বের ভাষা হৃদয়ের ভাষায় অনূদিত হয়, রচিত হয় ভালোবাসার অসামান্য গল্প।
বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে ক্ষমতাই ছিল মূল কেন্দ্রবিন্দু। দলীয় আনুগত্য, ব্যক্তিপূজা ও প্রভাব বিস্তারের প্রতিযোগিতাই রাজনীতিকে ক্রমে জনগণের জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছে। কিন্তু তারেক রহমান যেন সেই পুরোনো ধারা ভেঙে রাজনীতিকে ফিরিয়ে আনছেন মানুষের জীবনে। ক্ষমতার বাইরে থেকেও তিনি দেখিয়েছেন, নেতৃত্ব মানে কেবল নির্দেশ দিয়ে কাজ তুলে নেওয়া নয়, নেতৃত্ব মানে মানুষের কথা মনোযোগ সহকারে শোনা, তাদের কষ্ট অনুভব করা, ব্যথিত হওয়া এবং সংকটে মানুষের পাশে থাকা।
বরগুনার সেই মেয়েটির সঙ্গে তাঁর কথোপকথন শুধুই সহানুভূতি নয়, এটি বাংলাদেশের রাজনীতিতে এক নৈতিক পুনর্জাগরণের মুহূর্ত। তাঁর কণ্ঠে মানুষ প্রথমবারের মতো শুনেছে এক নেতার মানবিক কণ্ঠস্বর, যিনি রাজনীতিকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখতে জানেন।
সম্প্রতি কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শামসুল আলম ফাউন্ডেশনের মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে চিত্রিত হয় একগুচ্ছ উল্লেখযোগ্য দৃশ্য। এক শিশু সরলভাবে প্রশ্ন করেছিল, ‘আংকেল, আপনি যে কথাগুলো বলছেন, সেগুলো সত্যিই পালন করবেন, তা আমরা কীভাবে বিশ্বাস করব?’
তারেক রহমানের উত্তর ছিল সংক্ষিপ্ত, কিন্তু গভীর তাৎপর্যপূর্ণ। তিনি বললেন, ‘তুমি তোমার বাবা-মাকে গিয়ে বলবে, তারেক আংকেল বলেছেন, তাঁরা দায়িত্বে গেলে এই কাজগুলো করবেন। আর যদি আমরা না করি, তাহলে এর পরেরবার আমাদের ভোট দেবে না, ব্যাস।’
এমন প্রতিশ্রুতিশীল বাক্য গুচ্ছ যেন বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্রের মৌলিক শিক্ষা ফিরিয়ে আনল। রাজনীতি এখানে প্রতিশ্রুতির আড়ম্বর নয়, বরং শক্ত জবাবদিহিতার। তাঁর এই উক্তিতে প্রতিধ্বনিত হয়েছে জনগণের প্রতি দায়বদ্ধ নেতৃত্বের প্রতিচ্ছবি; যেখানে জনগণই চূড়ান্ত নিয়ামক, নেতা নয়।
একই অনুষ্ঠানে একজন নেতা ঘোষণা দিয়েছিলেন, ‘চেয়ারম্যান মহোদয়ের নির্দেশক্রমে অনুষ্ঠানের ব্যত্যয় ঘটানো হবে। ‘সঙ্গে সঙ্গে তারেক রহমান বলেছিলেন, ‘থামুন, সবকিছু আমার নামে চালাবেন না। আমি এমন কোনো নির্দেশনা দিইনি।’ এই মন্তব্য শুধু একটি তির্যক প্রতিক্রিয়া নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির গভীরতম অসুস্থতার বিরুদ্ধে এক প্রতিবাদ। সেখানে ব্যক্তিপূজার পরিবর্তে তিনি স্থাপন করতে চান নীতি নির্ভর রাজনীতির মাপকাঠি।
তাঁর রাজনৈতিক দর্শনের মধ্য দিয়ে প্রতিফলিত হয়, রাজনীতি হতে হবে নৈতিক দায়িত্ব ও জনগণের সেবার মঞ্চ। এমনকি নিজের জন্মদিন পালনের বিরুদ্ধেও তিনি পরামর্শ দিয়েছেন, যাতে রাজনীতি উৎসব নয়, দায়িত্বের অনুশীলন হয়।
পাকুন্দিয়ার সেই অনুষ্ঠানে এক কিশোরী প্রশ্ন করেছিল, ‘আমি ডাক্তার হতে চাই, কিন্তু অঙ্ক পড়তে ভালো লাগে না।’ তারেক রহমান হাসিমুখে উত্তর দিয়েছিলেন, ‘আমারও অঙ্ক করতে ভালো লাগত না, কিন্তু ভালো কিছু পেতে হলে কষ্ট করতেই হয়।’
এই সংক্ষিপ্ত উত্তরটি যেন এক প্রজন্মের প্রতি জীবনের বাস্তব শিক্ষা। তাঁর কথায় প্রতিফলিত হয় আত্মনির্ভরতা, পরিশ্রম ও অধ্যবসায়ের দর্শন। রাজনীতির মঞ্চে তিনি যেমন : মানবিক, তেমনি তরুণদের কাছে তিনি এক বাস্তববাদী ও অনুপ্রেরণামূলক ব্যক্তিত্ব। তাঁর বক্তৃতায় নেই জনতুষ্টিমূলক উচ্ছ্বাস, আছে যুক্তি, দায়িত্ববোধ ও নৈতিক দৃঢ়তা।
তারেক রহমানের নেতৃত্বে আজকের বিএনপি রাজনৈতিক দলের সীমারেখা পার হয়ে একটি নীতি নির্ভর রাজনৈতিক আন্দোলনে পরিণত হচ্ছে। তাঁর রাজনৈতিক দর্শন স্পষ্ট; ক্ষমতার জন্য রাজনীতি নয়, পরিবর্তনের জন্য রাজনীতি।
তিনি বারবার বলেছেন, ‘আমাদের ওপর যে অন্যায় হয়েছে, তার প্রতিশোধ আমরা নেব প্রতিহিংসা দিয়ে নয়, বরং ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে।’ এই দৃষ্টিভঙ্গি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এক পরিবর্তিত অধ্যায়ের সূচনা করেছে। যে প্যারাডাইম শিফট মানুষ দেখতে চায় তার ঝাণ্ডাবাহক যেন তারেক রহমান। তাঁর কাছে প্রতিহিংসা, রাগ ক্ষোভ নয়, ন্যায় প্রতিষ্ঠাই মূল লক্ষ্য, মানুষের অধিকার প্রতিষ্ঠাই ব্রত। প্রতিপক্ষকে তিনি শত্রু হিসেবে নয়, ভিন্নমতাবলম্বী নাগরিক হিসেবে দেখেন। তাঁর আন্দোলনের উদ্দেশ্য ধ্বংস নয়, সংস্কার।
ছাত্রদল ও যুবদলের তরুণ নেতাদের সঙ্গে তাঁর কথোপকথনে প্রায়ই শোনা যায় এক উষ্ণ সম্বোধন; ‘ভাইয়া।’ এই সম্বোধনের মাঝে লুকিয়ে আছে ভ্রাতৃত্বের বন্ধন, আবেগের বাঁধন, নেতার ছায়া। তাঁর রাজনৈতিক দর্শন কুক্ষিগত করে রাখা কোনো ক্ষমতার খেলা নয়, এটি সহমর্মিতা, সহিষ্ণুতা, প্রজ্ঞা, সম্মান ও বিশ্বাসের সম্পর্ক। বিগত দিনে আমাদের দেশে রাজনীতি প্রায়ই পরিণত হয়েছে বিভাজন, সন্দেহ ও ঘৃণার মঞ্চে। প্রতিপক্ষ মানেই শত্রু, আর মতানৈক্য মানেই ষড়যন্ত্র। এই অন্ধকারের মাঝেই তারেক রহমান এক নতুন দিশা দেখাচ্ছেন; যেখানে রাজনীতি হতে পারে মানবিক, যুক্তিনির্ভর ও ইতিবাচক পরিবর্তনের হাতিয়ার।
তিনি বিশ্বাস করেন, রাজনীতি মানে কেবল ক্ষমতার পালাবদল নয়, এটি মানুষের জীবনে ন্যায়, মর্যাদা ও সমতার নিশ্চয়তা প্রতিষ্ঠার মাধ্যম। তাঁর নেতৃত্ব আমাদের স্মরণ করিয়ে দেয়, যদি রাজনীতির ভাষা হয় মানবিক, তবে সমাজে বিভাজন নয়, সৃষ্টি হয় ঐক্যের।
তারেক রহমান আজ রাজনৈতিক সংস্কৃতির উদার দৃষ্টিভঙ্গির ধারক-বাহক। ভালোবাসা, সততা আর নৈতিকতাই তাঁর পথের দিশা। তাঁর নেতৃত্ব তরুণ প্রজন্মকে শেখাচ্ছে; রাজনীতি মানে কেবল প্রতিবাদ, প্রতিরোধ কিংবা উচ্চবাচ্য করা নয়, এটি হতে পারে স্বপ্ন ও বাস্তবতার সেতুবন্ধন।
যদি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি এই মানবিক ও নৈতিক দর্শনে পরিচালিত হয়, তবে একদিন আমরা এমন একটি রাষ্ট্র গড়তে পারব, যেখানে রাজনীতি হবে মানুষের কল্যাণের, দেশের মর্যাদার এবং আগামী প্রজন্মের জন্য আশাব্যঞ্জক।
তারেক রহমান সেই পরিবর্তনের অগ্রদূত; যিনি রাজনীতিকে ফিরিয়ে এনেছেন হৃদয়ের গভীর থেকে, মানুষ ও মানবতার কাছে।
