আমরা এমন এক প্রজন্ম, যারা তথ্যের যুগে বড় হয়েছি, যেখানে সত্য গোপন থাকে না, প্রশ্ন চাপা পড়ে না। আর ন্যায়বিচার মানে শুধু আদালতের রায় নয়, বরং সমাজের প্রত্যেক মানুষের নৈতিক বিবেক। তাই আমাদের কাছে রাজনীতি মানে ক্ষমতার লড়াই নয়। রাজনীতি মানে মানুষের জীবনে দৃশ্যমান পরিবর্তন আনার প্রতিশ্রুতি।

আমাদের দেশের বিশাল অংশ এখনও গ্রামে বসবাস করে। সেখানে ভোট মানে অনেক সময় আবেগ, চাপ বা অল্প কিছু প্রতিশ্রুতি। অথচ প্রকৃত গণতন্ত্রের ভিত্তি তৈরি হয় তখনই, যখন সাধারণ মানুষ বোঝে– কোন প্রার্থীকে কেন ভোট দেওয়া উচিত, তাঁর দায়িত্ব কী এবং তিনি দায়িত্ব পালন না করলে নাগরিকদের কী করণীয়। আমরা চাই এমন এক বাংলাদেশ, যেখানে গ্রামের মানুষ বুঝবে একজন জনপ্রতিনিধির কাজ কী, দায়িত্ব কী, স্বচ্ছতা কেমন হওয়া উচিত এবং নাগরিকরা কীভাবে তাঁকে জবাবদিহির আওতায় আনতে পারে।

নাগরিক সচেতনতা না থাকলে ভোট শুধু ভোটই। কিন্তু সচেতনতার সঙ্গে ভোট দিলে সেটাই হয়ে ওঠে গণতন্ত্রের শক্তি। জবাবদিহি, নেতার প্রতিশ্রুতির বাস্তব মূল্য একজন জনপ্রতিনিধি নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দেন– রাস্তা বানাবেন, সেবা উন্নত করবেন, মানুষের কথা শুনবেন ইত্যাদি, সেসব প্রতিশ্রুতি পূরণ হচ্ছে কিনা, তা জানার অধিকার জনগণের। প্রতিশ্রুতি পালিত না হলে জনগণের করণীয় থাকা উচিত।

আমরা চাই আমাদের সন্তানরা এমন শিক্ষা পাক, যা শুধু চাকরির পরীক্ষায় কাজে লাগবে না, বরং নাগরিক জীবনেও উপকার দেবে। প্রাথমিক শিক্ষাই হওয়া উচিত গণতন্ত্রের বীজ বপনের জায়গা। তাই স্কুল থেকেই শেখানো উচিত রাষ্ট্র কীভাবে চলে, কর কেন দিতে হয়, নির্বাচিত প্রতিনিধির দায়িত্ব, বাজেট কী, অর্থনীতি কীভাবে কাজ করে, নাগরিক অধিকার ও দায়িত্ব কী। তরুণরা যদি ছোটবেলা থেকেই বোঝে একটি রাষ্ট্র কীভাবে কাজ করে, তাহলে তারা বড় হয়ে সঠিক নেতৃত্ব বেছে নিতে সক্ষম হবে। আমরা চাই এমন রাজনীতি, যেখানে স্বচ্ছতা শুধু স্লোগান নয়, বাস্তবতার অংশ। যেখানে নৈতিকতা শুধু বক্তৃতায় সীমাবদ্ধ নয়; নেতৃত্বের চরিত্রে প্রতিফলিত হয়। যেখানে প্রযুক্তি ব্যবহার করে জনগণের তথ্য সহজে পাওয়া যায়; ফাইলের নিচে চোখ বুলিয়ে নয়; এক ক্লিকেই।

আধুনিক রাজনীতি হলো আলোচনা, শোনার ক্ষমতা এবং মতভেদকে সম্মান করা। ধর্ম, ভাষা বা বিপরীত মত কোনোভাবেই ঘৃণার কারণ হতে পারে না। ধর্মকে ঘৃণার কারণ নয়, মানবতার বন্ধন হিসেবে দেখতে চাই আমরা। ধর্ম, ভাষা ও মতাদর্শ– এসব মানুষের স্বাভাবিক পরিচয়। এগুলো মানুষকে আলাদা করে না, বরং বৈচিত্র্যের মাধ্যমে সমাজকে সমৃদ্ধ করে। কিন্তু ইতিহাসের নানা সময়ে দেখা গেছে, ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে সমাজে বিভেদ, ঘৃণা এবং সংঘাত সৃষ্টি করা হয়েছে। ধর্ম যখন রাজনৈতিক হাতিয়ার হয়ে ওঠে, তখন মানুষের বিশ্বাসের পবিত্রতা নষ্ট হয় এবং গণতান্ত্রিক পরিবেশ দুর্বল হয়ে পড়ে।

নারীদের কথাও ভাবতে হবে। নারীরা শুধু ভোটার নয়, একটি রাষ্ট্রের অর্ধেক শক্তি। তাদের উপস্থিতি সিদ্ধান্ত গ্রহণে আরও দৃঢ় ও মানবিকতাসম্পন্ন করে। তবে আমরা নারী নেতৃত্বে শুধু প্রতীকী উপস্থিতি নয়, বাস্তব দক্ষতা ও পরিবর্তনের ক্ষমতা দেখতে চাই। আমরা এমন নেত্রীকে চাই, যিনি সাহসের সঙ্গে সত্য উচ্চারণ করেন। তরুণরাও শুধু মিছিল-মিটিংয়ের পোস্টার বাহক নয়। তারা হতে চায় নীতিনির্ধারক, চিন্তার কারিগর, উন্নয়নের সহযোগী।

একটি দেশ তখনই গণতান্ত্রিক হয়, যখন তার নেতৃত্বে থাকে নারী, তরুণ ও প্রান্তিক মানুষের সমান অংশগ্রহণ। আমাদের প্রজন্ম এমন একটা রাজনীতি দেখতে চায়, যেখানে মানুষই সবচেয়ে বড় শক্তি; দল নয়। উন্নয়নই সবচেয়ে বড় লক্ষ্য; ক্ষমতা নয়। জবাবদিহিই সবচেয়ে বড় মূল্যবোধ; নয় তো প্রতিশ্রুতির খেলা। সকলেই জানবে– এই দেশ তার, এই গণতন্ত্র তার, আর এই ভবিষ্যৎও তার হাতে গড়া।

লিশিকা শোভা: কবি ও লেখক