দেশে শীত বাড়তে থাকায় ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে। এই রোগে সবচেয়ে ভুক্তভোগী শিশুরা। এরই প্রভাব পড়েছে শিশু হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, স্বাভাবিক সময়ের তুলনায় রোগীর চাপ অনেক বেশি। তাই জায়গা না পেয়ে ফেরত যাচ্ছেন অনেকে। নিউমোনিয়া, অ্যাজমা এবং সাধারণ ঠান্ডা-কাশির রোগীর চাপ বেশি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নভেম্বরের শুরু থেকে হাসপাতালটিতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে। সর্বশেষ বৃহস্পতিবার কর্তৃপক্ষ জানিয়েছে, ১৫-১৯ নভেম্বর পর্যন্ত প্রতিদিন গড়ে ৩১০ জন রোগী ঠান্ডাজনিত বিভিন্ন সমস্যার চিকিৎসা নিয়েছেন। গত অক্টোবরে এই সংখ্যা ছিল ১৮০-২০০ জনের মধ্যে।\r\nদেশে শিশু চিকিৎসা ব্যবস্থাপনায় বিপুল ঘাটতি রয়েছে। অভিভাবকদের কাছে তাদের শিশুসন্তানদের সুস্থতা সবকিছুর ওপরে।

শিশুসন্তান অসুস্থ হয়ে পড়লে তারা চোখে অন্ধকার দেখেন এবং অতিরিক্ত সংবেদনশীল হয়ে পড়েন। সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে তারা সন্তানকে সুস্থ করে তুলতে চান। এটিই স্বাভাবিক। কিন্তু চিকিৎসাব্যয় ও চিকিৎসা সংকটের কারণে প্রাণপ্রিয় শিশুর সংগত সুরক্ষা নিশ্চিত করা তাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। এটি যে কত বড় অসহায়ত্ব সেটি একমাত্র ভুক্তভোগীই জানেন।\r\nঋতু পরিবর্তনের ফলে শীতকালে শিশুরা খুব অল্পতেই অসুস্থ হয়ে পড়তে পরে। শীতে শিশুকে উপযুক্ত আরামদায়ক ও কিছু বাড়তি গরম কাপড় পরিয়ে দিতে হয়। সাধারণত প্রাপ্তবয়স্ক লোকের চেয়ে শিশুদের এক লেয়ার বেশি কাপড় পরা উচিত। শীতকালীন অসুখের মূল কারণ বায়ুবাহিত বিভিন্ন রোগজীবাণু, যা সহজেই ছড়িয়ে পড়ে এবং বিশেষ করে শিশুদের সহজেই আক্রমণ করে।

সেইসঙ্গে থাকে প্রচুর ধুলোবালি যা শ্বাস-প্রশ্বাসের সঙ্গে নাক দিয়ে ফুসফুসে প্রবেশ করলে গলা কিংবা নাকে প্রদাহ, সর্দি, কাশিসহ বিভিন্ন সমস্যা হতে পারে। মাত্রাতিরিক্ত দূষিত ধোঁয়া এবং ধুলো শিশুদের নিউমোনিয়া কিংবা ব্রঙ্কাইটিসের মতো সমস্যাও সৃষ্টি করতে পারে। ভালো ভাবে হাত না ধুলে এর মাধ্যমে অনেক রোগব্যাধি ছড়ায়। বিশেষ করে শিশুদের ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস করাতে হবে। শীতে গরম পানিতে শিশুকে হাত ধুতে দিতে হবে। ঠান্ডা লাগার ভয়ে শিশু ভালো ভাবে হাত না ধুলে সর্দি, কাশি ও নিউমোনিয়ার জীবাণুতে আক্রান্ত হওয়ার ভয় থাকে।\r\nকথায় কথায় বলা হয় শিশুরাই আমাদের ভবিষ্যৎ। তারাই আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবে। কিন্তু শিশুর সুস্থভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে সমাজের উপেক্ষা ও সীমাবদ্ধতা অন্তহীন। শিশুমানস গঠনে ঘাটতি থেকেই যাচ্ছে। ঋতু বদলের কালে শিশুরা অসুস্থ হলে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দিতে না পারা রাষ্ট্রেরই ব্যর্থতা। আমরা যদি জনকল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে চাই তাহলে শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিতে অগ্রাধিকার দিতে হবে। তাই আরও অনেক শিশু হাসপাতাল গড়ে তোলা সময়ের দাবি।