ক্ষমতার পালাবদলের মধ্য দিয়ে বিশ্বমঞ্চের আকৃতি পরিবর্তিত হচ্ছে, যা বহুমুখী যুগের সূচনাকেই চিহ্নিত করে। বৃহৎ ও আঞ্চলিক শক্তিগুলোর আন্তর্জাতিক আইন ও রীতিনীতির প্রতি অবহেলা আজ এমন এক চরম অনিশ্চয়তার জন্ম দিয়েছে, যেখানে দেশগুলোকে বাধ্য হয়ে এক আইনহীন ভূখণ্ডের মধ্য দিয়ে পথ চলতে হচ্ছে। অন্য রাষ্ট্রের ওপর চাপিয়ে দেওয়া বিভিন্ন কঠোর সিদ্ধান্ত বা হার্ড পাওয়ারের পুনরুত্থান ঘটেছে। শক্তিশালী ও আঞ্চলিক রাষ্ট্রগুলো অন্য দেশগুলোকে নিজেদের ইচ্ছার কাছে নতিস্বীকার করাতে সামরিক শক্তি বা অন্যান্য জবরদস্তিমূলক হাতিয়ারকে ব্যবহার করছে। হুমকি বা প্রয়োগ এখন আর শেষ পন্থা নয়, বরং প্রথম পন্থায় পরিণত।

এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন ও বৈশ্বিক রীতিনীতিকে বুড়ো আঙুল দেখালেও তা নির্বিঘ্নে চলছে। কূটনীতি এখন তখনই কাজ করে, যখন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়ে গেছে। বিশ্বজুড়ে সংঘাতের বিস্তার ঘটছে। যেমন যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যকার সংঘাত; ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ; পাশাপাশি গাজায় ইসরায়েলের আগ্রাসী যুদ্ধ এবং প্রতিবেশীদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ।

আজ বিশ্বে সংঘাত রেকর্ড গড়েছে। সুইডেনের একটি বিশ্ববিদ্যালয়ের করা গবেষণা অনুযায়ী, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ২০২৫ সালে রাষ্ট্রগুলোর মধ্যে সর্বোচ্চ সংখ্যক সংঘাতের ঘটনা ঘটেছে। বিগত বছরের উপাত্ত অনুযায়ী, বর্তমানে ৬৫টি সক্রিয় সংঘাত চলছে। এ ছাড়া বিশ্বযুদ্ধ বাধার ঝুঁকিও দিন দিন তীব্র হচ্ছে। এই পরিস্থিতি কি বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে?

নতুন একটি বইয়ে এই বহুল আলোচিত প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে। ব্রিটিশ কলামিস্ট গিডিয়ন র‍্যাকম্যানের লেখা ‘ওয়ার ইজ ইন্টারেস্টেড ইন ইউ: দ্য ব্রেকডাউন অব ইন্টারন্যাশনাল অর্ডার অ্যান্ড দ্য থ্রেট অব ওয়ার্ল্ড ওয়ার থ্রি’ (২০২৬) বইটি বর্তমান বাস্তবতায় অত্যন্ত প্রাসঙ্গিক এবং তা গভীর কিছু পর্যবেক্ষণ দেয়। তিনি বইটির নামকরণ করেছেন লিও ট্রটস্কির একটি বাণী থেকে– ‘আপনি হয়তো যুদ্ধ নিয়ে আগ্রহী নন, কিন্তু যুদ্ধ আপনার প্রতি আগ্রহী।’ যার অর্থ, কারও ইচ্ছা হোক বা না হোক কিংবা বিষয়টি নিয়ে ভাবুক বা না ভাবুক, যুদ্ধ ঠিকই আসবে।

আন্তর্জাতিক ব্যবস্থার এই ভেঙে পড়া এবং সংঘাতের জোয়ার বৃদ্ধির পেছনে তিনটি মূল কারণ চিহ্নিত করেছেন র‍্যাকম্যান। প্রথমত, বিশ্বের ক্ষমতার ভারসাম্যের পরিবর্তন, যা মার্কিন আধিপত্যকে চ্যালেঞ্জের মুখে ফেলছে। দ্বিতীয়ত, যাদের তিনি ‘শক্তিশালী নেতা’ হিসেবে অভিহিত করেছেন তাদের উত্থান, যারা যুদ্ধকে নিজেদের লক্ষ্য অর্জনের জন্য একটি প্রয়োজনীয় ও বৈধ হাতিয়ার বলে মনে করেন। তৃতীয় কারণটি হলো প্রথম দুটিরই পরিণতি। এসব প্রবণতা জোরালো হওয়ার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক নিয়মকানুন ও আইন ভেঙে পড়ছে। তিনি লিখেছেন, “আইন দ্বারা শাসিত একটি বিশ্বব্যবস্থা ধীরে ধীরে ‘জোর যার মুল্লুক তার’-এর বিশ্বে পরিণত হচ্ছে।”

এসব কারণ ব্যাখ্যা করতে গিয়ে র‍্যাকম্যান যুক্তি দেখিয়েছেন, পশ্চিমা জোটের আপেক্ষিক পতন এবং বৈশ্বিক ভূমিকা থেকে আমেরিকার পিছু হটা এমন এক ‘সুযোগ’ তৈরি করেছে, যা বর্তমান বিশ্বব্যবস্থায় অসন্তুষ্ট ‘রিভিশনিস্ট’ বা পরিবর্তনকামী শক্তিগুলোকে আরও বেশি ঝুঁকি নিতে উৎসাহিত করছে। এর উদাহরণ হিসেবে তিনি রাশিয়ার ইউক্রেন আক্রমণ এবং তাইওয়ানের প্রতি চীনের অধিকতর আগ্রাসী অবস্থানের কথা উল্লেখ করেছেন। আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবং মিত্রদের মতামত উপেক্ষা করে ইরানের বিরুদ্ধে ট্রাম্পের সামরিক শক্তির ব্যবহার বৈশ্বিক ব্যবস্থার পতন আরও ত্বরান্বিত করেছে।

আন্তর্জাতিক নিরাপত্তাহীনতার পেছনে নতুন এক প্রজন্মের স্বঘোষিত শক্তিশালী নেতা যেমন– পুতিন, ট্রাম্প, নেতানিয়াহুর আত্মপ্রকাশও ভূমিকা রাখছে, যারা নিয়মতান্ত্রিক আন্তর্জাতিক ব্যবস্থার ধারণাকে উপহাস করেন। ভূখণ্ড দখলকে তাদের মেনে নেওয়া এবং ‘জোর যার মুল্লুক তার’ নীতিতে বিশ্বাস আন্তর্জাতিক সংঘাতের ঝুঁকি বহুগুণ করেছে। র‍্যাকম্যান ইঙ্গিত দিয়েছেন, ট্রাম্প ও পুতিন উভয়েই ‘প্রভাব বলয়’তত্ত্বে বিশ্বাসী। নিয়মতান্ত্রিক ব্যবস্থার চেয়ে এই তত্ত্বকেই তারা শান্তি ও স্থিতিশীলতার বেশি নির্ভরযোগ্য জামিনদার বলে মনে করেন। এর সবচেয়ে নির্মম বহিঃপ্রকাশ দেখা যায়, যখন ট্রাম্প পশ্চিম গোলার্ধের জন্য ‘মনরো ডকট্রিন’কে পুনরুজ্জীবিত করেন। ২০২৫ সালের ভারত ও পাকিস্তানের মধ্যকার সংঘাত থেকে তিনি কিছু পর্যবেক্ষণ দিয়েছেন। তার মধ্যে একটি হলো, অন্যান্য বৈশ্বিক হটস্পটের তুলনায় দক্ষিণ এশিয়া অত্যন্ত বিপজ্জনক সংঘাতের ঝুঁকিতে রয়েছে, যদিও এ নিয়ে খুব কম আলোচনা হয়। তিনি যুক্তি দেখিয়েছেন, সংকটের সময় দুই দেশই ক্রমশ অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করায় ভবিষ্যতের সংঘাতের ঝুঁকি আরও বেড়েছে।

মালিহা লোদি: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জাতিসংঘে পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত; দ্য ডন থেকে সংক্ষেপিত ভাষান্তর ইফতেখারুল ইসলাম