বাংলাদেশে বিয়ে এমন এক সামাজিক প্রক্রিয়া, যা জন্মের সময় থেকেই মেয়েদের জীবনের সঙ্গে যুক্ত হয়ে যায়। ছোট থেকেই মেয়েরা বারবার শোনা শুরু করে– এখন তো বিয়ে করার বয়স; তোমার বয়স বাড়ছে, আর দেরি করো না। তোমার জন্য ভালো বিয়ে পেতে হলে এখনই সময়। এই বাক্যগুলো যেন সমাজের অদৃশ্য টাইমার, যা মেয়েদের মনে চাপ তৈরি করে। কিন্তু প্রশ্ন হলো, এই চাপের ভেতরে মেয়েদের স্বপ্ন, শিক্ষা, স্বাধীনতা ও ক্যারিয়ার কোথায়? তারা কি নিজের মতো জীবন গড়তে পারে, নাকি সমাজের তৈরি শৃঙ্খলেই বাধ্য হয়ে চলতে হবে?

বাংলাদেশের আইন অনুযায়ী মেয়েদের ন্যূনতম বিয়ের বয়স ১৮। কিন্তু সমাজের চোখে ন্যূনতম বয়স মানেই সঠিক সময়। ১৮-২০ বছর বয়সকে এমনভাবে দেখা হয়, যেন এটি মেয়ের জীবনের একমাত্র সম্ভাব্য সময়। ২২-২৪ বছর হলে পরিবার ও আত্মীয়রা উদ্বিগ্ন হয়। আর ২৫-২৬ বছর পার হলে চিন্তার ভাঁজ আরও গভীর হয়। শহরে মেয়েরা এখন উচ্চশিক্ষা গ্রহণ করছে, দক্ষতার উন্নয়ন করছে, ক্যারিয়ার গড়ে তুলছে। কিন্তু সমাজের দৃষ্টিতে এই স্বাভাবিক প্রক্রিয়া যেন বিয়ে বিলম্বের অপবাদ। সামাজিক চাপ ও মানসিক টান তার স্বপ্নকে হালকা বা তুচ্ছ– মনে করিয়ে দেয়।

মেয়ের বয়স বাড়লেই আত্মীয়স্বজন মন্তব্য করতে শুরু করে– এখনও বিয়ে হয়নি কেন? দেখো, ওর মেয়ে বিয়ে হয়ে গেল, তোমার বিয়ের কী খবর? এই প্রশ্নগুলো নিছক কৌতূহল নয়, বরং চাপ ও দুশ্চিন্তার একটি উপায়। পরিবার ও আত্মীয়দের এই চাপ মেয়েদের জীবনের স্বাধীনতা হরণ করে। তারা ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করে– আমার স্বপ্ন বা পছন্দ কম গুরুত্বপূর্ণ; সমাজের মান্যতা বড়। অনেক সময় এই চাপ মানসিক স্থিতিশীলতা নষ্ট; আত্মবিশ্বাসকে ক্ষতিগ্রস্ত এবং মেয়েদের ভবিষ্যৎ পরিকল্পনাকে ব্যাহত করে।

মেয়েরা যখন উচ্চশিক্ষা, বিদেশে পড়াশোনা, ক্যারিয়ার বা ব্যবসা শুরু করতে চায়, পরিবার প্রায়ই মনে করে– আচ্ছা, পরে হবে; আগে বিয়েটা হোক। সমাজের এই মনোভাব মেয়েদের স্বপ্নকে প্রতিযোগিতামূলক বা অতিরিক্ত হিসেবে দেখায়। এটি শুধু ব্যক্তিগত নয়, মানসিক ও সামাজিক বৈষম্যও তৈরি করে। মেয়েদের সম্ভাবনা ও স্বপ্নকে ছোট করে দেখানো হয়। যার ফলে আত্মবিশ্বাস হ্রাস পায় এবং তারা নিজেদের ক্ষমতার ওপর সন্দেহ করতে শুরু করে।

যেখানে ছেলেরা ৩০ বছর বয়সেও ক্যারিয়ার ও উচ্চশিক্ষার সুযোগ পায়, মেয়েরা সেই বয়সে বিয়ের চাপের মুখোমুখি হয়। পরিবার ও সমাজ ভাবতে থাকে– বয়স তো হচ্ছে। এ ধরনের পার্থক্য বৈষম্য বাড়িয়ে তোলে। অসংখ্য মেয়ে উচ্চশিক্ষা, ক্যারিয়ার ও স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখে। কিন্তু সেই পথে সামাজিক চাপ তাদের পেছনে টেনে ধরে। বিয়ের চাপের কারণে মেয়েদের মানসিক স্বাস্থ্য প্রভাবিত হয়। তারা আত্মবিশ্বাস হারায়; নিজ স্বপ্নকে ছোট করে দেখে; হতাশা ও উদ্বেগে ভুগতে শুরু করে। সামাজিক চাপ মেয়েদের জন্য শুধু মানসিক নয়, শারীরিকভাবেও ক্ষতিকর। অনেক মেয়ে ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করে– আমার সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ নয়। বিয়ে ছাড়া জীবন অসম্পূর্ণ। এই মনস্তাত্ত্বিক চাপ অনেক সময় তাদের জীবনের গতিকে বিপরীতভাবে প্রভাবিত করে।

বিয়ে জীবনের অংশ, কিন্তু পুরো জীবন নয়। একজন নারী যখন নিজের জীবন, স্বপ্ন ও সিদ্ধান্ত নিজ হাতে রাখে, তখন সে শক্তিশালী, পরিপক্ব ও স্বাধীন হয়। সমাজের উচিত মেয়েদের স্বপ্নকে সম্মান করা; তাদের বিয়ে ও ক্যারিয়ারের সিদ্ধান্ত নিতে স্বাধীনতা দেওয়া। বিয়ের সময় নির্ধারণ করবে মেয়ে নিজেই। এটাই হওয়া উচিত সমাজের নতুন মানদণ্ড।

আরশী আক্তার সানী: গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা arshieakter205@gmail.com