এবার ঢাকায় শীত যেন কোনো পূর্বসংকেত না দিয়েই হাজির হয়েছে। হালকা ঠাণ্ডা নয়, ভোর আর রাতের কনকনে শীত অনেককেই হঠাৎ করে বিপাকে ফেলেছে। বিশেষ করে যারা খোলা আকাশের নিচে থাকেন, ফুটপাতে ঘুমান কিংবা দিন এনে দিন খান, তাদের জন্য এই শীত একেবারেই অপ্রস্তুত অবস্থায় আসা এক কঠিন বাস্তবতা। ঢাকার রাস্তায় তাকালেই বোঝা যায় শীত কার জন্য কতটা কষ্টের। ফুটপাতে কম্বল ছাড়াই কাঁপতে থাকা মানুষ, বাসস্ট্যান্ডে রাত কাটানো শ্রমিক, ভিক্ষুক কিংবা রিক্সাচালকদের অনেকের গায়ে পর্যাপ্ত শীতবস্ত্র নেই। শীত নিবারণের জন্য প্রয়োজনীয় গরম কাপড় তাদের নাগালের বাইরে। শীত তাদের কাছে শুধু একটি ঋতু নয়, বরং টিকে থাকার আরেকটি লড়াই। এই শীতের সঙ্গে যোগ হয়েছে আরেক বড় সমস্যা জিনিসপত্রের লাগামহীন দাম।
প্রতিদিন বাজারে গেলেই সাধারণ মানুষ নতুন করে ধাক্কা খাচ্ছে। মাছ-মাংসের কথা তো অনেক আগেই বাদ গেছে। \r\nএকজন দিনমজুর কিংবা গার্মেন্টস শ্রমিকের মাসিক আয় খুব একটা বাড়েনি। কিন্তু নিত্যপণ্যের দাম বেড়েছে কয়েক গুণ। আয় আর ব্যয়ের এই বৈষম্যের চাপ সরাসরি পড়ছে সাধারণ পরিবারের ওপর। অনেক পরিবার দিনে তিন বেলার খাবার থেকে নেমে আসছে দুই বেলায়। পুষ্টিকর খাবার তো দূরের কথা, পেট ভরে খাওয়াই এখন অনেকের জন্য চ্যালেঞ্জ।\r\nশীতের সময় অসুস্থতাও বাড়ে। ঠাণ্ডাজনিত জ্বর, সর্দি, কাশি সাধারণ হয়ে ওঠে। কিন্তু চিকিৎসা করানোর সামর্থ্য সবার নেই। সরকারি হাসপাতালগুলোতে ভিড় বাড়ছে, ওষুধ কিনতেও খরচ বেশি। ফলে অনেকেই অসুস্থ শরীর নিয়ে কাজ চালিয়ে যেতে বাধ্য হচ্ছেন। এই পরিস্থিতির প্রভাব শুধু গরিব মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়।
নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোও চাপে পড়ছে। যারা কোনোমতে সংসার চালাচ্ছিলেন, তারাও এখন হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন। সন্তানদের শিক্ষা, চিকিৎসা আর নিত্যপ্রয়োজনীয় খরচ সবকিছু সামলাতে গিয়ে তাদের জীবনে বাড়ছে মানসিক চাপ।\r\nদেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতিও এই সংকটকে আরও তীব্র করেছে। বাজার ব্যবস্থাপনার দুর্বলতা, সরবরাহ ব্যবস্থার সমস্যা আর অসাধু ব্যবসায়ীদের কারণে সাধারণ মানুষ ন্যায্য দামে পণ্য পাচ্ছে না। শীত আসার সঙ্গে সঙ্গে কিছু পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়িয়ে দেওয়া হয়Ñ এ দৃশ্য নতুন নয়, কিন্তু এবার এর প্রভাব আরও গভীর।\r\nএই অবস্থায় সবচেয়ে বেশি প্রয়োজন কার্যকর উদ্যোগ। সরকারিভাবে শীতবস্ত্র বিতরণ, খোলা আকাশের নিচে থাকা মানুষদের জন্য আশ্রয়কেন্দ্র চালু করা এবং নিত্যপণ্যের বাজারে কঠোর নজরদারি জরুরি। একইসঙ্গে সমাজের সামর্থ্যবান মানুষদেরও এগিয়ে আসতে হবে। একটি কম্বল, একটি গরম কাপড় কিংবা একটি খাবারের প্যাকেট কারও জন্য জীবন বাঁচানোর সমান হতে পারে। শীত একদিন না একদিন চলে যাবে। কিন্তু এই সময়টায় মানুষের যে কষ্ট, তা থেকে যাবে তাদের মনে। তাই এই শীত যেন আমাদের আরও মানবিক করে তোলে। সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, তাদের কষ্ট বোঝা আর দায়িত্বশীল ভূমিকা নেওয়াই হতে পারে এই সময়ের সবচেয়ে বড় কাজ।\r\nলেখক : শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
