জাতীয় নির্বাচনের পর একটি নতুন সরকার যখন দায়িত্ব গ্রহণ করে, তখন জনগণের প্রত্যাশা কেবল ক্ষমতার পালাবদল নয়- বরং শাসনব্যবস্থার চরিত্র, নীতির অগ্রাধিকার এবং রাষ্ট্র পরিচালনার দর্শনের দৃশ্যমান পরিবর্তন। বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে, যখন অর্থনীতি বহুমাত্রিক চাপে, মূল্যস্ফীতি দীর্ঘস্থায়ী, ব্যাংকিং খাতে আস্থাহীনতা স্পষ্ট, বৈদেশিক মুদ্রার রিজার্ভ চাপের মুখে, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থায় বৈষম্য প্রকট এবং প্রশাসনিক কাঠামোয় কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছেÑ তখন প্রথম ১০০ দিন হয়ে ওঠে একটি নীতিগত রিসেটের সময়। এই সময় সব সমস্যার সমাধান সম্ভব নয়; কিন্তু এই সময়ই বলে দেয় সরকার কোন পথে হাঁটবে, কাদের স্বার্থকে অগ্রাধিকার দেবে এবং ভবিষ্যতের রাষ্ট্রদর্শন কতটা অন্তর্ভুক্তিমূলক ও দায়িত্বশীল হবে।\r\nপ্রথমত, অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা ছাড়া অন্য কোনো সংস্কার টেকসই হবে না। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেবল বাজার তদারকি বা ভ্রাম্যমাণ আদালত যথেষ্ট নয়। প্রয়োজন একটি সমন্বিত ইকোনমিক স্ট্যাবিলাইজেশন ফ্রেমওয়ার্ক , যেখানে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, বাণিজ্য মন্ত্রণালয় ও কৃষি খাতের মধ্যে কার্যকর সমন্বয় থাকবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ চেইনের দুর্বলতাÑ আমদানি পর্যায় থেকে খুচরা বাজার পর্যন্তÑ ডেটাভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে চিহ্নিত করতে হবে। সীমিত সময়ের জন্য শুল্ক-ভ্যাট সমন্বয়, কৃষি উৎপাদনে প্রণোদনা, সংরক্ষণ অবকাঠামো উন্নয়ন এবং লক্ষ্যভিত্তিক ভর্তুকি মূল্যস্ফীতি কমাতে বাস্তব ভূমিকা রাখতে পারে।