নারী দিবস এলেই চারপাশে এক ধরনের উৎসবের আবহ তৈরি হয়। দপ্তর, শিক্ষালয়, সংগঠনে বিশেষ আয়োজনের পাশাপাশি টেলিভিশনে টকশো, পত্রিকায় বিশেষ সংখ্যা, সামাজিক মাধ্যমে শুভেচ্ছা বার্তার সমারোহ। সব মিলিয়ে বড় সামাজিক উপলক্ষ। এসব আয়োজন অবশ্যই প্রয়োজনীয় ও প্রশংসনীয়; নারীর অধিকার, মর্যাদা ও সমতার প্রশ্নগুলো স্মরণ করিয়ে দেয়। সেই সঙ্গে জানিয়ে দেয় নারীর সংগ্রাম, অর্জন ও সম্ভাবনার কথা।
বাস্তবতা হলো, নারী দিবসের আয়োজন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সমাজ যেন পুরোনো ছকে ফিরে যায়, যেখানে নারীর নিরাপত্তা অনিশ্চিত, মর্যাদা প্রশ্নবিদ্ধ; যেখানে প্রতিদিনের জীবন অদৃশ্য সংগ্রামের ভেতর দিয়ে চলে।
প্রতিবছর নারী দিবস যতটা হৈরৈ করে উদযাপিত হয়; নারীর প্রতি সহিংসতার পরিসংখ্যানও তার সঙ্গে যেন পাল্লা দিয়ে বাড়ে। স্বীকার্য, গত কয়েক দশকে নারীর শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশ্ববিদ্যালয়, প্রশাসন, করপোরেট জগতে নারীর উপস্থিতি দৃশ্যমান। এমনকি রাজনৈতিক নেতৃত্বেও নারীর অবস্থান শক্ত হয়েছে। এই পরিবর্তন সমাজের একটি অংশের কাছে স্বস্তির নয়। সেই অস্বস্তি থেকেই জন্ম নেয় ক্ষোভ। অধিকাংশ সময় নারীকে ছোট, অপমান বা হেনস্তা করার মাধ্যমে প্রকাশ পায় সেই ক্ষোভ।
যেমন গণপরিবহনে নারীর জন্য সংরক্ষিত আসনের কথা বলা হলেও বাস্তবে স্পষ্ট নির্দেশনা নেই। প্রায়ই দেখা যায় সেই আসনে পুরুষ যাত্রীরা বসে থাকেন এবং কোনো নারী বসতে চাইলে তাকে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হয়। অনেক সময় বাসচালক বা সহকারীরাও নারী যাত্রী তুলতে অনাগ্রহী হন। কারণ নারী উঠলে তাকে বসার জায়গা দিতে হবে, পুরুষ যাত্রীরা আপত্তি করবে। যৌন হয়রানির অভিযোগও উঠতে পারে। এই আশঙ্কায় তারা সহজ সমাধান হিসেবে নারী যাত্রীকেই তুলতে চায় না। সামাজিক মাধ্যমেও নারীর অভিজ্ঞতা আলাদা নয়। কোনো নারী সামাজিক বা রাজনৈতিক বিষয়ে মতপ্রকাশ করলে যে পরিমাণ কটূক্তি ও ব্যক্তিগত আক্রমণ দেখা যায়, তা যে কারও মানসিক স্বাস্থ্যের জন্য যথেষ্ট উদ্বেগের।
আমরা ভাবি, কর্মক্ষেত্রে নারীর উপস্থিতি বাড়লেই সমতা প্রতিষ্ঠিত হয়। সত্যিই কি সমীকরণ এত সহজ? একজন নারী যত বড় পদেই কাজ করুন না কেন; ঘরের দায়িত্ব থেকে কখনও মুক্ত হতে পারেন না। অফিসে সমান কর্মঘণ্টা কাজ করার পর বাড়িতে ফিরে তাকে রান্না, সন্তান বা পরিবারের দায়িত্ব পালন করতে হয়। ‘মা’ হিসেবে নারীর পবিত্র, গভীর ও সুন্দর অনুভূতিও অনেক সময় সামাজিক চাপ হয়ে দাঁড়ায়। এমনকি মাতৃত্বকে কেন্দ্র করে নারী নির্যাতনের সংখ্যাও কম নয়। অনেকের জন্য মাতৃত্বকালীন ছুটিও চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সরকারি নিয়ম অনুযায়ী নারীরা ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি পাওয়ার অধিকার রাখলেও অধিকাংশ বেসরকারি প্রতিষ্ঠানে এই সুবিধা পুরোপুরি কার্যকর হয় না। অনেক কর্মজীবী নারী মাতৃত্বকালীন ছুটিতে গেলে চাকরিতে ফিরতে পারেন না। অনেকে পদোন্নতির সুযোগ হারান। কিছু প্রতিষ্ঠান সময় বেঁধে দেয়, যেন তাদের নারী কর্মীরা নির্দিষ্ট সময়ের আগে মাতৃত্বকালীন ছুটির আবেদন না করেন।
দেশে হাতেগোনা কয়েকটি প্রতিষ্ঠানে বাচ্চাদের ডে-কেয়ার সেন্টার আছে। একজন সদ্য মায়ের পক্ষে কয়েক মাসের বাচ্চাকে ৯-১০ ঘণ্টার জন্য বাসায় রেখে কাজ করা প্রায় জীবন-মরণ যুদ্ধ। তাই মা হতে গেলে অনেক নারীকে তার ক্যারিয়ার বিসর্জন দিতে হয়। নারীকে সত্যিই সম্মান করতে চাইলে শুধু শুভেচ্ছা বার্তা বা প্রতীকী উদযাপনের মধ্যে সীমাবদ্ধ না রেখে পরিবার, কর্মক্ষেত্র, গণপরিবহন, সড়ক– জীবনের সর্বক্ষেত্রে তাকে সমান মানুষ হিসেবে স্বীকৃতি দিতে হবে।
শতরূপা দে: যোগাযোগবিদ
