প্রায় এক দশক হয়ে গেল, বাংলাদেশ থেকে বিভিন্ন পাটজাত পণ্য আমদানিতে ভারত উচ্চ হারে অ্যান্টি-ডাম্পিং বা ডাম্পিং নিরোধী শুল্কারোপ করে রেখেছে। এর মানে হলো বাংলাদেশ থেকে পাট ও পাটজাত বিভিন্ন পণ্য রফতানি করতে গেলে রফতানিকারকদের স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি হারে শুল্ক গুনতে হয়। বাংলাদেশের পাশাপাশি নেপাল থেকেও পাটজাত পণ্য রফতানির ওপর ডাম্পিং নিরোধী শুল্কারোপ করেছে ভারত।
ভারতীয় পাট শিল্প মালিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৭ সালে ভারতীয় কর্তৃপক্ষ (তৎকালীন ইন্ডিয়ান ডিরেক্টরেট জেনারেল অব অ্যান্টি-ডাম্পিং অ্যান্ড অ্যালাইড ডিউটিস বা ডিজিএডি যা বর্তমানে ডিরেক্টরেট জেনারেল অব ট্রেড রেমেডিস বা ডিজিটিআর) প্রথম বাংলাদেশী পাটসুতার জন্য টনপ্রতি ১৯-১৬২ ডলার পর্যন্ত এ শুল্কারোপ করে। পাট থলের জন্য শুল্কহার ধরা হয় প্রতি টনে ১২৫-১৩৯ ডলার। আর পাটের তৈরি চটের ওপর আরোপ করা হয় প্রতি টনে ৩৫২ ডলারের ডাম্পিং নিরোধী শুল্ক। পাঁচ বছরের জন্য আরোপিত এসব শুল্ক ২০২২ সালে পর্যালোচনার পর আরো পাঁচ বছরের জন্য বাড়ানো হয়। আর চলতি বছর সেপ্টেম্বরে নতুনভাবে ৫৯-৪৪৫ ডলার হারে ডাম্পিং নিরোধী শুল্কআরোপ করা হয়।
অবশ্য রফতানিকারক প্রতিষ্ঠানভেদে ভিন্ন ভিন্ন শুল্কহার প্রযোজ্য। ভারত সব বাংলাদেশী রফতানিকারকের ওপর সমভাবে এ শুল্কারোপ করেনি। কারণ বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বিধান অনুসারে, ডাম্পিং নিরোধী শুল্কারোপ করতে হয় তদন্তের মাধ্যমে ডাম্পিংয়ের অভিযোগ প্রমাণ করার পর। আর তাই তদন্তের পর কয়েকটি প্রতিষ্ঠান ছাড় পেয়েছে, যাদের ওপর কোনো ডাম্পিং নিরোধী শুল্কারোপ করা হয়নি। ফলে তারা আবার ভারতে নিয়মিত পাটজাত পণ্য রফতানি করতে পারছে নিম্ন হারে বা নিয়মিত শুল্ক প্রদান করে। তবে সামগ্রিকভাবে অভিযুক্ত পুরো শিল্প খাতের ওপরও ডাম্পিং নিরোধী শুল্কারোপ করা যায়। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র চীন থেকে ইস্পাত (স্টিল) আমদানির ওপর সামগ্রিকভাবে ডাম্পিং নিরোধী শুল্কারোপ করেছে।
ডাম্পিং বলতে সহজ ভাষায় এমন একটি অবস্থাকে বোঝায় যখন কোনো একটি দেশে উৎপাদিত একটি পণ্য সে দেশের অভ্যন্তরীণ বাজারের মূল্যের চেয়ে কম দরে কিংবা ওই পণ্য উৎপাদনের খরচের চেয়ে কম দামে আরেকটি দেশে রফতানি করা হয়। আমদানিকারক দেশ এ অভিযোগে তদন্ত ও প্রমাণ সাপেক্ষে প্রতিকারমূলক ব্যবস্থা হিসেবে ওই পণ্যের ওপর ডাম্পিং নিরোধী শুল্কারোপ করতে পারে। চড়া হারে এ শুল্কারোপের মূল উদ্দেশ্য হলো রফতানিকারক দেশ থেকে ওই পণ্য যেন সহজে আমদানিকারক দেশে প্রবেশ করতে না পারে। এর মধ্য দিয়ে আমদানিকারক দেশে ওই পণ্যের উৎপাদকরা অসম প্রতিযোগিতা বা বাণিজ্যিক লোকসানের হাত থেকে রক্ষা পেতে পারেন।
ডব্লিউটিওর বিধানে মূলত দুই ধরনের অন্যায্য বাণিজ্য চর্চাকে বিবেচনায় নেয়া হয়েছে। একটি হলো ডাম্পিং, অন্যটি হলো ভর্তুকি। এ বিধানে এগুলোকে সরাসরি নিষিদ্ধ বা অবৈধ করা হয়নি। তবে যেকোনো একটি অন্যায্য পদক্ষেপের জন্য প্রতিকারমূলক পদক্ষেপ গ্রহণের সুযোগ রাখা হয়েছে। কীভাবে ও কী প্রক্রিয়ায় কোনো দেশ তা করতে পারবে, সে বিষয়ে বিস্তারিতভাবে বলে দেয়াও আছে এ-সংক্রান্ত দুটো চুক্তিতে। সব সদস্যদেশে এসব চুক্তি অনুসরণে বাধ্য।
ডাম্পিং নিরোধী শুল্ক বজায় রাখার পাশাপাশি ভারত এবার বাংলাদেশী পাটজাত পণ্যের ওপর কাউন্টারভেইলিং বা ভর্তুকি নিরোধী শুল্কারোপের উদ্যোগ নিয়েছে। ইন্ডিয়ান জুট মিলস অ্যাসোসিয়েশন এবং এপি মেস্তা টোইন মিলস অ্যাসোসিয়েশনের অভিযোগের পরিপ্রেক্ষিতে ভারতীয় কর্তৃপক্ষ গত বছর সেপ্টেম্বরে এ বিষয়ে তদন্ত শুরু করে। আর চলতি বছর সেপ্টেম্বরে এ-সংক্রান্ত প্রতিবেদন দাখিল করা হয়। এতে বলা হয় যে বাংলাদেশী পাটপণ্য রফতানিকারকরা দুই ধরনের ভর্তুকি থেকে লাভবান হচ্ছে। একটি হলো: রফতানিতে নগদ প্রণোদনা, আরেকটি হলো পাট খাতের জন্য অগ্রাধিকারমূলক আয়কর হার।
এমতাবস্থায় ভারতের ডিজিটিআর পাঁচ বছরের জন্য টনপ্রতি ১০১-১৪০ ডলার হারে বাংলাদেশী উৎপাদক প্রতিষ্ঠানগুলোর ওপর পাটপণ্য রফতানিতে ভর্তুকি নিরোধী শুল্কারোপের জন্য ভারতের অর্থ মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছে। যেহেতু পাটজাত পণ্যের ওপর ডাম্পিং নিরোধী শুল্ক বহাল আছে, তাই এ সুপারিশে বলা হয়েছে যে আমদানীকৃত পণ্যের একটি চালানের ওপর ডাম্পিং নিরোধী শুল্ক আদায়ের পর যদি দেখা যায় যে পণ্যটির রফতানি ভর্তুকি পাওয়া অংশের ওপর প্রযোজ্য ভর্তুকি নিরোধী শুল্ক ডাম্পিং নিরোধী শুল্কের চেয়ে বেশি, তাহলে বাড়তি শুল্কটুকু ভর্তুকি নিরোধী শুল্ক হিসেবে আদায় করতে হবে। বিষয়টি বেশ জটিল। কারণ এখানে কয়েক ধরনের হিসাবনিকাশ জড়িত। যেমন একটি পণ্যের কতটুকু ভর্তুকিজনিত সুবিধা পেয়েছে, তা নির্ণয় করতে হয়।
ডব্লিউটিওর বিধানে ডাম্পিং সরাসরি নিষিদ্ধ না হলেও ভর্তুকির ওপর নানা ধরনের বিধিনিষেধ আছে। সে কারণে ভর্তুকি নিরোধী শুল্কারোপের ক্ষেত্রে অনেক কিছু বিবেচনায় নিতে হয়। যেমন ভারতীয় পাট শিল্প মালিকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ডিজিটিআর যে তদন্ত বা তথ্যানুসন্ধান পরিচালনা করে, তাতে বাংলাদেশের রফতানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) সুবিধা বা জাতীয় পাট নীতির আওতায় পাওয়া ছাড়কে ভর্তুকিমূলক সুবিধা হিসেবে চিহ্নিত করা সম্ভব হয়নি।
তদন্তের সময় বাংলাদেশী রফতানিকারকদের কাছ থেকে বিভিন্ন ধরনের তথ্য-উপাত্ত চায় ভারতীয় কর্তৃপক্ষ। স্বাভাবিকভাবেই উৎপাদক-রফতানিকারক প্রতিষ্ঠানগুলো এতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তার পরও বাজার ধরে রাখার স্বার্থে কেউ কেউ নির্ধারিত তথ্য সরবরাহ করে। যারা তথ্য সরবরাহ করে না বা অসম্পূর্ণ তথ্য দেয়, তারা তদন্তকাজে অসহযোগিতা করেছে ধরে নেয়া হয়। ফলে তাদের ওপর চড়া হারে এসব শুল্কারোপ করা হয়।
ডাম্পিং নিরোধী শুল্ক যেমন নির্দিষ্ট প্রতিষ্ঠান বা পুরো শিল্প খাতের ওপর আরোপ করা যায়, তেমনি ভর্তুর্কি নিরোধী শুল্কও নির্দিষ্ট প্রতিষ্ঠান বা পুরো শিল্প খাতের ওপরই আরোপ করা হয়। বিষয়টি নির্ভর করে যে দেশের উৎপাদকরা রফতানিকারক দেশের ডাম্পিং বা ভর্তুর্কির কারণে ক্ষতিগ্রস্ত হয় বলে অভিযোগ তোলে, সে দেশের সরকার কীভাবে এ-সংক্রান্ত অভিযোগের তথ্যানুসন্ধান করে ও কী সিদ্ধান্তে উপনীত হয় তার ওপর। ডব্লিউটিওর পরিসংখ্যান থেকে দেখা যায় যে বিগত তিন দশকে (১৯৯৫-২০২৫) সদস্যদেশগুলো মোট ৮১৬টি ভর্তুকি নিরোধী পদক্ষেপ গ্রহণ করেছে, যার মধ্যে ভারত করেছে ৪৩টি। সবচেয়ে বেশি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, ৪০৫টি। আবার আলোচ্য সময়কালে ডব্লিউটিওর সদস্যদেশগুলো মোট ৪ হাজার ৯১৮টি ডাম্পিং নিরোধী পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে ভারত নিয়েছে সর্বোচ্চ ৮৬৫টি। আর দ্বিতীয় স্থানে আছে মার্কিন যুক্তরাষ্ট্র, বিভিন্ন দেশের বিরুদ্ধে মোট ৭১৮টি পদক্ষেপ নিয়েছে তারা। পদক্ষেপ বলতে ভর্তুকি নিরোধী বা ডাম্পিং নিরোধী শুল্কারোপসহ তথ্যানুসন্ধানকে বোঝানো হয়েছে।
আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিকারমূলক ব্যবস্থা হিসেবে ডাম্পিং নিরোধী পদক্ষেপ তুলনামূলকভাবে অধিক ব্যবহৃত তা এসব পরিসংখ্যান থেকেই বোঝা যায়। ভারত এক্ষেত্রে দীর্ঘ সময় ধরে সক্ষমতা ও দক্ষতা গড়ে তুলেছে। তাই ভারতীয় কর্তৃপক্ষ যেকোনো ডাম্পিং নিরোধী পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে বেশ আটঘাট বেঁধে নেমে থাকে, যেন ডাম্পিং হচ্ছে তা প্রমাণ করা যায়। ফলে বেশির ভাগ ক্ষেত্রেই এ শুল্কারোপে তারা সাফল্য পায়।
ভারতের তুলনায় বাংলাদেশ এসব ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে। তাই ডাম্পিংয়ের অভিযোগ তথ্য-উপাত্ত ও আইনি মারপ্যাঁচে প্রত্যাখ্যান করা যেমন কঠিন হয়ে পড়ে, তেমনি ডাম্পিং নিরোধী শুল্ক মোকাবেলায় পদক্ষেপ নেয়া সুদূরপরাহত হয়ে পড়ে। ডাম্পিং নিরোধী ও ভর্তুকি নিরোধী শুল্ক মোকাবেলার বিষয়টি মূলত আইনি লড়াই; যা সময়সাপেক্ষ, জটিল ও ব্যয়বহুল। যে দেশ এ শুল্কারোপ করে, সেই দেশের আদালতে প্রথমে এর প্রতিকার চেয়ে মামলা করতে হয়। সেখানে সুফল না মিললে ডব্লিউটিওর বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার (ডিএসবি) শরণাপন্ন হওয়া যেতে পারে। স্বল্পোন্নত দেশ (এলডিসি) হিসেবে ‘অ্যাডভাইজরি সেন্টার অন ডব্লিউটিও ল’ থেকে এ কাজে আইনি ও প্রক্রিয়াগত পরামর্শ সহায়তা পাওয়ার সুযোগ আছে বেশ বড় ধরনের ছাড়ে। ২০০৩-২০০৫ সময়কালে বাংলাদেশ যখন রহিমআফরোজের ব্যাটারি রফতানির ওপর আরোপকৃত ডাম্পিং নিরোধী শুল্ক চ্যালেঞ্জ করে ডিএসবির শরণাপন্ন হয়, তখন এ সেন্টার থেকে প্রকৃত খরচের মাত্র ১০ শতাংশ দিয়ে পরামর্শ সহায়তা নিয়েছিল। আর সেটাই এখন পর্যন্ত কোনো এলডিসির ডিএসবিতে গিয়ে ডাম্পিং নিরোধী পদক্ষেপকে চ্যালেঞ্জ করার একমাত্র দৃষ্টান্ত। বাংলাদেশকে অবশ্য বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়ার সব ধাপ অতিক্রম করতে হয়নি। একেবারে প্রথম ধাপে বা কনসালটেশন পর্যায়ে ভারত এ বিষয়ে সহযোগিতা করতে আগ্রহ দেখায় এবং এরপর এ শুল্ক প্রত্যাহার করে নেয়।
দুই দশকের বেশি সময় পরে অনেক কিছুই বদলে গেছে। তবে বাংলাদেশ এখনো বাণিজ্য বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে যথেষ্ট সক্ষমতা অর্জন করতে পারেনি। কারণ এ বিষয়ে দক্ষ জনবল গড়ে তোলার দিকে কোনো সরকারই মনোযোগ দেয়া প্রয়োজন মনে করেনি। অথচ অর্থনীতি বড় হলে, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়লে প্রতিযোগীদের কাছ থেকে নানামুখী বাধা তৈরির বিষয়টিও দেখা দেয়। ভারত যে ডাম্পিং নিরোধী শুল্কারোপ করেছে ও ভর্তুকি নিরোধী শুল্কারোপ করতে যাচ্ছে, তা মোকাবেলার জন্য প্রয়োজনীয় আর্থিক সামর্থ্যসহ সার্বিক সক্ষমতার ঘাটতি স্পষ্টতর হয়েছে অনেকদিন আগেই।
অথচ এসব পদক্ষেপকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেয়ার মানে হলো নিজস্ব দুর্বলতা ও ত্রুটি—দুই-ই স্বীকার করে নেয়া। এতে আগামীতে অন্যরাও একই রকম পদক্ষেপ নিয়ে বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য রফতানিতে বাধা তৈরি করতে পারে। সন্দেহ নেই, এ জটিল ও দীর্ঘ আইনি লড়াই চালানো ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। তার পরও বাংলাদেশের এখন প্রয়োজন এ লড়াইয়ে নামা। এতে শেষ পর্যন্ত যদি হার মানতেও হয়, তাতেও কোনো সমস্যা নেই। কেননা এর মধ্য দিয়ে বাণিজ্য বিরোধ নিষ্পত্তির বিষয়ে প্রস্তুতিসহ যেসব অভিজ্ঞতা অর্জিত হবে, তা ভবিষ্যতে এ ধরনের আইনি লড়াইয়ের জন্য সহায়ক হবে। আর ২০২৯ সালের নভেম্বরে এলডিসির তালিকা থেকে বেরিয়ে আসার পর এ ধরনের পরিস্থিতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে।
তানিম আসজাদ : লেখক ও সাংবাদিক
