মানুষের বেঁচে থাকার জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা—সবই প্রয়োজন। তবে মৌলিক চাহিদার মধ্যে খাদ্য জীবনধারণের প্রধান শর্ত। একটি দেশের অর্থনৈতিক স¤পর্কের ক্ষেত্রেও বিষয়টি অনেকটা একই রকম। বাংলাদেশের জন্য চীন, ভারত, জাপান, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ সব দেশের সঙ্গে ভারসাম্যমূলক বন্ধুত্বপূর্ণ ও ব্যবসায়িক স¤পর্ক গুরুত্বপূর্ণ। কিন্তু দেশের অর্থনীতি যখন দুর্বল, বিনিয়োগ ও কর্মসংস্থান যখন বাড়ানো জরুরি, তখন যে দেশ সবচেয়ে কার্যকর অর্থনৈতিক সহযোগিতা দিতে পারে, তার সঙ্গে স¤পর্ক গভীর করাকে অগ্রাধিকার দিতে হবে। মানুষের বেঁচে থাকার জন্য যেমন খাদ্যের প্রয়োজন, তেমনি বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারও সবচেয়ে বেশি প্রয়োজন। বাস্তবতা হচ্ছে, দেশের বর্তমান দুর্বল অর্থনীতিকে সবল করতে এখন সবচেয়ে বেশি জরুরি বিনিয়োগ ও কর্মসংস্থান। এক্ষেত্রে চীনের সহযোগিতা ছাড়া বিকল্প নেই।

গত প্রায় সতেরো বছরে স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে দুর্নীতি, অর্থ পাচার, ব্যাংক খাতের অনিয়ম ও অর্থনৈতিক অব্যবস্থাপনা দেশের অর্থনীতিকে ফোকলা করে দিয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রায় দেড় বছরেও অর্থনীতির ভক্সগুর অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি। ফলে বর্তমান সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হলো উৎপাদন, বিনিয়োগ, কর্মসংস্থান ও মানুষের আয় বাড়িয়ে অর্থনীতিকে ঘুরে দাঁড় করানো। অর্থনীতি শক্তিশালী হলে তার সুফল সরাসরি মানুষের জীবনে পৌঁছায়। শিল্পকারখানা চালু থাকলে কাজের সুযোগ বাড়ে, মানুষের আয় বাড়ে এবং বাজারে পণ্য ও সেবার সরবরাহ উন্নত হয়। কৃষি উৎপাদন ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ বাড়লে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহে সহায়তা মেলে। বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানির পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা গেলে উৎপাদন খরচ কমানোর সুযোগ তৈরি হয়।

উৎপাদন ও পরিবহন খরচ কমলে নিত্যপণ্যের মূল্য কমে। অর্থাৎ অর্থনীতির ভিত শক্ত হলে মানুষের আয়, ক্রয়ক্ষমতা ও জীবনযাত্রার মান উন্নত করার পথ তৈরি হয়। এ বাস্তবতায় চীনের সঙ্গে অর্থনৈতিক স¤পর্ক আরও গভীর করা খুবই জরুরি। চীনের শিল্পায়ন, প্রযুক্তি, অবকাঠামো নির্মাণ, বিদ্যুৎ, জ্বালানি, বন্দর ও আন্তর্জাতিক বাণিজ্যে অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশ এসব ক্ষেত্রে সহযোগিতা কাজে লাগাতে পারলে একসঙ্গে কয়েকটি অর্থনৈতিক সমস্যার সমাধানের পথ তৈরি হতে পারে। এ বছরের ২২ থেকে ২৬ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর এ ক্ষেত্রে নতুন সম্ভাবনার দরজা খুলেছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, প্রধানমন্ত্রী লি ছিয়াং এবং জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে তাঁর বৈঠক হয়। চীনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয় এবং দুই দেশের স¤পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করা হয়। ২৬ জুন প্রকাশিত যৌথ বিবৃতিতে শিল্পায়ন, বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, প্রযুক্তি, জ্বালানি ও যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর কথা উল্লেখ করা হয়েছে।

চীনের পক্ষ থেকে বাংলাদেশকে সহযোগিতার যে বিস্তৃত সুযোগ দেয়া হয়েছে, সেটিকে রূপক অর্থে ‘ব্ল্যাঙ্ক চে’’ বলা যায়। এর অর্থ, বাংলাদেশ তার উন্নয়নের অগ্রাধিকার অনুযায়ী কোন কোন প্রকল্পে সহযোগিতা চায়, তা নির্ধারণ করে চীনের সঙ্গে কাজ এগিয়ে নেয়ার সুযোগ পেয়েছে। এখন এই সুযোগকে বাস্তবে রূপ দেয়ার দায়িত্ব সরকারের। সফরের কূটনৈতিক সাফল্য তখনই অর্থবহ হবে, যখন তার সুফল দেশের শিল্প, বাজার, কর্মসংস্থান ও সাধারণ মানুষের জীবনে দেখা যাবে। প্রথমেই চট্টগ্রামে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল গড়ে তোলার উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করা দরকার। সেখানে নতুন শিল্পকারখানা স্থাপিত হলে দেশি-বিদেশি বিনিয়োগ আসবে, উৎপাদন বাড়বে এবং বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। বিশেষ করে তৈরি পোশাকের পাশাপাশি ইলেকট্রনিক যন্ত্রাংশ, ওষুধ, চামড়াজাত পণ্য ও অন্যান্য রপ্তানিমুখী শিল্প গড়ে তোলার সুযোগ রয়েছে। চীনা প্রযুক্তি ও বিনিয়োগ কাজে লাগিয়ে বাংলাদেশ নিজস্ব উৎপাদনক্ষমতা বাড়াতে পারবে। এতে আমদানিনির্ভরতা কমানোর পাশাপাশি রপ্তানি আয় বাড়ানোর পথও তৈরি হবে।

দ্বিতীয়ত, মোংলা বন্দরের আধুনিকায়ন ও সম্প্রসারণ দ্রুত এগিয়ে নেয়া প্রয়োজন। বন্দরটির সক্ষমতা বাড়লে পণ্য আমদানি-রপ্তানি সহজ হবে, পরিবহন ও সরবরাহব্যবস্থার সময় কমবে এবং ব্যবসার খরচ কমানোর সুযোগ তৈরি হবে। এর সুফল শিল্পপ্রতিষ্ঠান, ব্যবসায়ী ও ভোক্তা, সবাই পেতে পারেন। একই সঙ্গে চীনের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, ওষুধ, কৃষিপণ্য ও সামুদ্রিক খাদ্যের রপ্তানি বাড়ানোর উদ্যোগ নিতে হবে। বাজারে প্রবেশের সুযোগ কাজে লাগাতে পণ্যের মান, উৎপাদনক্ষমতা ও রপ্তানি ব্যবস্থার উন্নয়ন জরুরি। তৃতীয়ত, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতাকে বিশেষ গুরুত্ব দিতে হবে। শিল্পকারখানার উৎপাদন নিরবচ্ছিন্ন রাখতে বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ অপরিহার্য। চীনের প্রযুক্তি ও বিনিয়োগ কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন, সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানি এবং জ্বালানি অবকাঠামো উন্নত করা যেতে পারে। বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহব্যবস্থা উন্নত হলে শিল্পের উৎপাদন ব্যয় কমানোর সুযোগ বাড়বে। জ্বালানি খাতে দক্ষতা ও সাশ্রয় বাড়লে দেশের সামগ্রিক অর্থনীতিও উপকৃত হবে।

চতুর্থত, বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোর যেকোনো মূল্যে বাস্তবায়ন করা দরকার। এই করিডোর কার্যকর হলে আঞ্চলিক বাণিজ্য ও পণ্য পরিবহন সহজ হবে। বাংলাদেশের বন্দর, সড়ক, রেল, গুদাম ও লজিস্টিকস খাতে বিনিয়োগ বাড়বে। দেশীয় ব্যবসায়ীরা বৃহত্তর বাজারে পণ্য সরবরাহের সুযোগ পাবেন। বাংলাদেশ আঞ্চলিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ সংযোগকেন্দ্র হয়ে উঠতে পারে। এর ফলে পরিবহন, বাণিজ্য, গুদামজাতকরণ ও সেবা খাতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। পঞ্চমত, তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের সহযোগিতা কাজে লাগাতে হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে সেচ, পানি ব্যবস্থাপনা ও কৃষি উৎপাদনে সুবিধা হতে পারে। উত্তরাঞ্চলের কৃষক ও সাধারণ মানুষের জীবিকায় ইতিবাচক প্রভাব পড়তে পারে। পাশাপাশি কৃষিপণ্য সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণে চীনা প্রযুক্তি ব্যবহার করা গেলে কৃষকের আয় বাড়ানো এবং খাদ্য অপচয় কমানোর সুযোগ তৈরি হবে। ষষ্ঠত, তথ্যপ্রযুক্তি, আধুনিক শিল্পপ্রযুক্তি ও কারিগরি প্রশিক্ষণে সহযোগিতা বাড়াতে হবে। নতুন শিল্প স্থাপনের পাশাপাশি সেই শিল্প পরিচালনার জন্য দক্ষ জনবল তৈরি জরুরি। চীনের সঙ্গে প্রযুক্তি বিনিময় ও প্রশিক্ষণ কর্মসূচি চালু হলে তরুণদের কর্মদক্ষতা বাড়বে। দেশে উৎপাদিত পণ্যের মান উন্নত হবে এবং নতুন প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি হবে।

এত সম্ভাবনা সামনে আসার পর এখন প্রশ্ন, প্রধানমন্ত্রীর সফরের পাঁচ মাসের বেশি সময় পেরিয়ে গেলেও এসব উদ্যোগের দৃশ্যমান বাস্তবায়ন কোথায়? যৌথ বিবৃতিতে প্রকল্প ও সহযোগিতার ক্ষেত্র উল্লেখ থাকলেই কাজ শেষ হয় না। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর ও চীনা কর্তৃপক্ষের মধ্যে দ্রুত কার্যকর আলোচনা শুরু করতে হবে। কোন প্রকল্প আগে বাস্তবায়িত হবে, কোথায় অর্থায়ন প্রয়োজন, কোন সংস্থা দায়িত্ব পালন করবে এবং কত সময়ের মধ্যে কাজ শেষ হবে, এসব বিষয়ে নির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রকাশ করা দরকার। প্রশাসনিক দীর্ঘসূত্রতা ও সিদ্ধান্ত বাস্তবায়নে ধীরগতি যেন এসব উদ্যোগের পথে বাধা না হয়, সেটিও নিশ্চিত করতে হবে।

আমলাতন্ত্রের কোনো অংশে যদি ব্যক্তিগত স্বার্থ, গোষ্ঠীগত স্বার্থ কিংবা অন্য কোনো কারণে প্রকল্প আটকে রাখার প্রবণতা থাকে, তা চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। জাতীয় অর্থনৈতিক স্বার্থের প্রশ্নে অযথা বিলম্বের সুযোগ নেই। বলার অপেক্ষা রাখে না, অর্থনীতি দুর্বল থাকলে মানুষের অভাব, বেকারত্ব ও হতাশা বাড়ে। এমন পরিস্থিতিতে কিছু সুবিধাবাদী রাজনৈতিক গোষ্ঠী মানুষের ক্ষোভ ও আবেগকে কাজে লাগিয়ে নিজেদের স্বার্থে অস্থিরতা তৈরির চেষ্টা করতে পারে। মানুষের জীবনযাত্রার মান উন্নত হলে, কাজ ও আয়ের নিশ্চয়তা বাড়লে এবং পরিবারে স্বস্তি ফিরলে উসকানি ও অপপ্রচারের প্রভাবও কমে। তাই অর্থনৈতিক উন্নয়নকে সামাজিক স্থিতিশীলতার সঙ্গেও যুক্ত করে দেখতে হবে। বাংলাদেশ সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ স¤পর্ক বজায় রাখবে। তবে চীনের সঙ্গে যে অর্থনৈতিক সহযোগিতার সুযোগ তৈরি হয়েছে, তা দ্রুত কাজে লাগানো এখন সময়ের দাবি। চীনের দেয়া ব্ল্যাঙ্ক চেকের মতো বিস্তৃত সুযোগকে কাগজে-কলমে সীমাবদ্ধ না রেখে শিল্পাঞ্চল, বন্দর, করিডোর, তিস্তা প্রকল্প, বিদ্যুৎ, জ্বালানি ও প্রযুক্তি খাতে বাস্তবায়ন করতে হবে। বিনিয়োগ বাড়লে উৎপাদন বাড়বে, উৎপাদন বাড়লে কর্মসংস্থান ও মানুষের আয় বাড়বে। অর্থনীতি শক্তিশালী হলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ উন্নত করা, দ্রব্যমূল্যের চাপ কমানো এবং মানুষের জীবনমান বাড়ানোর সক্ষমতাও তৈরি হবে। এখন দরকার দ্রুত সিদ্ধান্ত, কার্যকর উদ্যোগ এবং প্রতিশ্রুতির বাস্তবায়ন।

লেখকঃ কলামিস্ট ও রাজনীতিবিদ।