ইংরেজিতে একটি প্রবাদ আছে। সেটি হলো, "A drowning man catches at a straw." অর্থাৎ একজন নিমজ্জমান ব্যক্তি একটি খড়কুটো ধরেও বাঁচতে চায়। অর্থাৎ যে ব্যক্তি অথৈ পানিতে ডুবে যাচ্ছে সে সামনে কোনো খড়কুটো বা তৃণখণ্ড পেলেও বাঁচার চেষ্টা করে। আওয়ামী লীগের হয়েছে সেই দশা। যতোই দিন যাচ্ছে ততোই দলটি ডুবে যাচ্ছে। তাই এখন সম্পূর্ণ ডুবে যাওয়ার আগে সামনে যা কিছুই পাচ্ছে তাই আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছে।
শেখ হাসিনা দেশে ফিরবেন, একথা তো প্রথম শুনছি না। ডিসেম্বরের মধ্যে ফিরবেন সে কথা তো এইতো সেদিন বললেন। এর আগে অসংখ্যবার তিনি সেকথা বলেছেন। আর তার চেয়ে আরো বেশি অনেকবার বলেছেন তার মেন্টররা, অর্থাৎ ভারতীয় কর্তৃপক্ষ এবং ভারতীয় গণমাধ্যম। আমার ব্যক্তিগত অভিমত হলো এই যে, ভারতীয়রাই তার মাথাটি দিনের পর দিন খারাপ করে দিচ্ছে। তার মাথাটি আরো বেশি করে খারাপ করে দিচ্ছে ভারতের গণমাধ্যম। দিল্লি প্রেসক্লাবের সাবেক সভাপতি গৌতম লাহিড়ী, বিবিসির প্রাক্তন সাংবাদিক সুবীর ভৌমিক, নর্থ ইস্টের প্রধান সংবাদদাতা চন্দন নন্দী, দি ওয়ালের নির্বাহী সম্পাদক অমল রায় প্রমুখ প্রবীণ সাংবাদিক দিনরাত অষ্ট প্রহর এমন সব প্রচারণা চালাচ্ছেন, যা যে কোনো সুস্থ মানুষের মাথাটি খারাপ করে দেওয়ার জন্য যথেষ্ট। এদের প্রচারণায় দেখবেন নানান পরিসংখ্যান। কেউ বলছেন যে আওয়ামী লীগের সমর্থক ৪০ শতাংশ। আবার কেউ বলছেন ২০ শতাংশ। তারা বলছেন যে, ড. ইউনূসের সরকার দেড় বছরে যতো অপকীর্তি ও দুর্নীতি করেছে তা নাকি শেখ হাসিনার ১৫ বছরকেও ছাড়িয়ে গেছে।
বিএনপি ক্ষমতা গ্রহণের পর প্রথম প্রথম তারা বিএনপি সরকারের প্রতি কিছুটা নমনীয় ছিলো। তারা ভেবেছিলো, তারেক রহমানের সরকার হয়তো আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবে। তারা প্রকাশ্যে এরূপ প্রচারও করেছিলো যে, জামায়াতে ইসলামী এবং অন্যান্য ইসলামী শক্তিকে (ওরা ইসলামী শক্তিকে বলে জঙ্গি শক্তি) ঠেকাতে তারেক রহমানের সরকার নাকি আওয়ামী লীগের প্রতি নমনীয় হবে। প্রথম দিকে বাংলাদেশের বিভিন্ন স্থানে অকস্মাৎ আওয়ামী লীগের অফিস খোলা, কোনো অফিসে দলীয় পতাকা উত্তোলন, কোনো কোনো স্থানে ১০/১৫ জন আওয়ামী নেতাকর্মীর ঝটিকা মিছিল ইত্যাদিকে তারা বড় ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করে। বলে যে, তারেক রহমানের সরকারের জনপ্রিয়তা কমছে এবং আওয়ামী লীগের বাড়ছে।
ভারতীয় গণমাধ্যমের এই ধরনের গাঁজাখুরি গল্পে ধোঁয়া দেয় বাংলাদেশের একশ্রেণির ইউটিউবার। এদের কাউকে কাউকে আপনারা চেনেন। এদের নাম উল্লেখ করে আমি আর তাদেরকে পপুলারাইজ করতে চাই না।
এখন ভারতীয় এবং বাংলাদেশি প্রো ইন্ডিয়ানরা এক নতুন বুলি বাজারে ছাড়ছে। বলছে যে, আমেরিকা এবং ইন্ডিয়ার মধ্যে নাকি একটি আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আগে কিন্তু তারা বলতো যে, আমেরিকার ডিপস্টেট (যদিও এই শব্দটি তাদের নব আবিষ্কার) নাকি বাংলাদেশে জুলাই বিপ্লব (তাদের ভাষায় জুলাই আন্দোলন) ঘটিয়েছে। বিজেপিপন্থী গণমাধ্যমগুলো তো এ ব্যাপারে আরো এক কাঠি সরেস। তারা বলছে যে, তাদের ভাষায় জুলাই আন্দোলনকালে যেসব ‘নাশকতা’ (?) হয়েছে সেগুলো নাকি করেছে আল কায়েদা এবং পাকিস্তানের লস্করে তৈয়েবা। ওরা নাকি আন্দোলনের সময় বিভিন্ন মিছিলের মধ্যে ঢুকে পড়েছিলো। ভারতে বিগত ৭৮ বছরে তাদের অভ্যন্তরে কোনো সামরিক অভ্যুত্থান হয়নি। তারা নিয়মিত নির্বাচন করেছে। বাংলাদেশের মতো তারা ভাষা আন্দোলন, স্বায়ত্বশাসন আন্দোলন, ৬৯ এর গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, ৯০ এর গণঅভ্যুত্থান এবং ২৪ এর জুলাই বিপ্লবের মতো কোনো অভ্যুত্থান বা বিপ্লব তাদের রেকর্ডে নাই। তাই তারা জানে না যে, গণঅভ্যুত্থান বা বিপ্লব কী জিনিস। জনগণ যখন বাঁধ ভাঙা বন্যার মতো রাস্তায় নেমে পড়ে তখন ঐসব সন্ত্রাস বা বিদেশি হাত অকেজো হয়ে যায়।
ওরা নির্বাচন করে। তার ফলে জনমত প্রতিফলিত হয় ঠিকই। কিন্তু যেটিকে বলা হয়, "The awful majesty of the people" সেটি প্রকাশিত হয় গণঅভ্যুত্থান বা বিপ্লবে। এ সম্পর্কে তাদের কোনো অভিজ্ঞতা নাই বলেই বাংলাদেশে তারা যেকোনো আন্দোলন বা অভ্যুত্থান বা বিপ্লবের পেছনে বিদেশি হাত খুঁজে বেড়ায়।
॥দুই॥
এই ভারতই আগে আমেরিকার পিন্ডি শ্রাদ্ধ করেছিলো এই বলে যে, আমেরিকার ডিপস্টেট নাকি শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামিয়েছে। এর আগে ভারত বাংলাদেশের ব্যাপারে খবরদারি করতো। কিন্তু জুলাই বিপ্লবে আমেরিকা ভারতকে বাংলাদেশের ব্যাপারে নাক গলাতে দেয়নি। সেই ভারতীয় গণমাধ্যমই এখন এক নতুন সুরে গান ধরেছে। ওই যে প্রতিমা বন্দোপাধ্যায়ের একটি গান আছে না,
‘ছলকে পড়ে কলকে ফুলে,
মধু যে আর রয় না
চাঁপার বনে গান ধরেছে
ভিনদেশী এক ময়না’
তেমনি ভারতীয়রা এখন এই সুরে গান ধরেছে যে, শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রশ্নে আমেরিকা এবং ইন্ডিয়া এক হয়েছে। রবিবার ২৭ সেপ্টেম্বরের ভারতীয় গণমাধ্যম তো বটেই, বাংলাদেশেরও কয়েকটি পত্রিকায় ছাপা হয়েছে যে, আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র অফিসার নাকি বলেছেন যে, বাংলাদেশে শেখ হাসিনা ফিরবেন কিনা অথবা আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা সেটি নাকি ভারত এবং বাংলাদেশ এক সাথে বসে ঠিক করবে।
কী আর বলবো? মনে পড়ছে রবীন্দ্রনাথের হিংটিং ছটের ওই লাইনটি, ‘বহু পুরাতন ভাব, নব আবিষ্কার’। একশ্রেণির ভারতীয়দের মস্তিষ্ক চির দিনই উর্বর। তবে ঐসব উর্বর মস্তিষ্ক পত্রিকার হেডিং দেখেই কনক্লুশন ড্র করে। খবরটির ভেতরে মনযোগ দিয়ে বা খুঁটিয়ে খুঁটিয়ে দেখেও না। আসলে মার্কিনীরা কী বলেছেন? আসুন, মূল খবরটি হুবহু আমরা পড়ি।
গত রবিবার ২৭ সেপ্টেম্বর ‘ডেইলি স্টারে’ এ সংক্রান্ত রিপোর্টে দ্বিতীয় শিরোনাম, "Washington Signals confidence in BNP, frustrating AL loyalists". অর্থাৎ আওয়ামী অনুগতদের হতাশ করে বিএনপির প্রতি আস্থার সংকেত ওয়াশিংটনের। খবরে বলা হয়েছে, গত শুক্রবার ২৫ সেপ্টেম্বর মার্কিন পররাষ্ট্র দফতরের এক সিনিয়র কর্মকর্তা সাংবাদিকদের ব্রিফিং করেন। ব্রিফিংয়ের শিরোনাম ছিলো, "US Policy in Support of a Stable, Prosperous, and Sovereign South Asia."
পাঠক, লক্ষ করুন, প্রেস ব্রিফিংটি ছিলো সামগ্রিকভাবে দক্ষিণ এশিয়ার ওপরে। ব্রিফিংয়ের পর সাংবাদিকরা প্রশ্ন করেন। এই প্রশ্নের মধ্যে বাংলাদেশের প্রসঙ্গ উত্থাপিত হয়। এই পটভূমিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র অফিসারকে শেখ হাসিনা সম্পর্কে প্রশ্ন করা হয়। এর উত্তরে তিনি বলেন যে, এ ব্যাপারে আমেরিকা আনুষ্ঠানিকভাবে কোনো অবস্থান গ্রহণ করেনি। তিনি বলেন, ‘আমরা জানি যে, এই ইস্যুটি (শেখ হাসিনা ইস্যু) বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটি বড় বিরোধের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই আমরা আশা করি যে, তারা এটা নিজেদের মধ্যে আলোচনা করবেন এবং একটি সমাধানে আসবেন। হাসিনার ব্যাপারে কী হবে এ ব্যাপারে আমরা সুনির্দিষ্টভাবে কিছু স্থির করি নাই।’
ডেইলি স্টার বলেছে, এ ব্যাপারে আমেরিকার কাছ থেকে অনেক বেশি কিছু আশা করা হচ্ছে। যেহেতু হাসিনা ইস্যুটিই বাংলাদেশ-ভারত সম্পর্কের মধ্যে কাঁটা হয়ে দাঁড়িয়েছে তাই এটি ওই দেশেরই সমাধান করা উচিত। এটি লক্ষ করার বিষয় যে, এ ব্যাপারে আমেরিকা কোনো দিকে হেলে পড়েনি।
॥তিন॥
কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা সম্পর্কে যখন ওই অফিসারকে প্রশ্ন করা হয় তখন তিনি বলেন যে, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। বর্তমানে বাংলাদেশের সাথে আমেরিকার গভীর সম্পর্ক বিরাজ করছে। তিনি বলেন যে, সম্প্রতি আমেরিকা বাংলাদেশের সাথে বোয়িং ক্রয় সম্পর্কে একটি চুক্তি করেছে। এছাড়ও আমেরিকা বাংলাদেশের সাথে বেসামরিক পারমাণবিক চুক্তি করেছে। ওয়াশিংটন ঢাকার নির্বাচিত সরকারের সাথে কাজ করতে আগ্রহী।
ওই অফিসার বলেন যে, বিএনপির সাথেও সরকারের সম্পর্ক অত্যন্ত ভালো। আমি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় সম্পর্কে কোনো মন্তব্য করতে চাই না। আমি বলতে চাই যে, বিএনপির সরকার এবং বিএনপি দলের সাথে আমাদের সম্পর্ক চমৎকার। আমরা নির্বাচিত সরকারের সাথে কাজ করতে চাই। তিনি আরো বলেন যে, বাংলাদেশকে নিরাপদ এবং শক্তিশালী করার জন্য সেদেশের সরকার যে প্রচেষ্টা চালাচ্ছে তাকে জোরালো সমর্থন দিচ্ছে মার্কিন সরকার। বাংলাদেশকে আরো সমৃদ্ধ করার জন্য আমেরিকা চেষ্টার কোনো ত্রুটি রাখবে না। সে কারণে আমি মনে করি যে, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার সম্পর্কে মন্তব্য করার সময় এটা নয়।
মার্কিন বিবৃতিতে অন্যদের রাজনৈতিক কর্মকাণ্ডে বিঘ্ন সৃষ্টি না করার জন্য তাদের কাছে কোনো অনুরোধ আসেনি। এ ব্যাপারে বিএনপি যেনো নমনীয় হয় সেই রকম কোনো অনুরোধও আসেনি। ডেইলি স্টারের মতে, ওই কর্মকর্তার এসব বক্তব্য বিএনপির ভূমিকাকে আরো শক্তিশালী করবে এবং আওয়ামী লীগের যেসব কর্মী তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেষ্টা করছে তাদের আরো হতাশ করবে।
তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসার পর বাংলাদেশ-ভারত সম্পর্কে উন্নতির যে ক্ষীণ সম্ভাবনাও ছিলো ভারতের প্রায় সমস্ত গণমাধ্যম এবং তাদের বাংলাদেশি তাঁবেদারদের এসব উল্টা পাল্টা এবং ডাহা মিথ্যা প্রোপাগান্ডার কারণে সেই সম্ভাবনাটুকুও মিলিয়ে যাচ্ছে।
এই তো সেদিনও তারা প্রচার করেছিলো যে, তারেক রহমানের ভারত সফর নিয়ে পর্দার অন্তরালে কাজ চলছে। কিন্তু ২৭ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় এই কলাম লেখার সময় খবর দেখলাম যে, অক্টোবর ও নভেম্বর মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান ৩টি দেশ সফর করবেন। দেশ ৩টি হলো, জাপান, সৌদি আরব ও তুরস্ক।
বাংলাদেশ-ভারত সম্পর্ক উন্নয়নের জন্য এই মুহূর্তে যেটি সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হলো, ভারতের শুভবুদ্ধির উদয় হওয়া। অতিরিক্ত দাদাগিরি ফলানো ক্ষীণতম সম্ভাবনাকেও নস্যাৎ করা দেবে।
Email: journalist15@gmail.com
