দেশে স্বল্প আয়ের মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে মাছ ও মাংস। এর মূল কারণ হলো মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেটের দৌরাত্ম্য। তারা নানা অজুহাতে- সরবরাহ সংকট, উৎপাদন খরচ বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারের প্রভাব কমাতে নিত্যপণ্যের দাম বাড়ায়। ফলে সহজলভ্য আমিষের উৎসগুলোও ব্যয়বহুল হয়ে পড়ে, যা নিম্ন ও মধ্যবিত্তদের পুষ্টির চাহিদা মেটাতে বাধা সৃষ্টি করে থাকে। সামর্থ্য না থাকায় সীমিত আয়ের মানুষের খাবার তালিকা থেকে অনেক আগেই বাদ পড়েছে মাংস। এর মধ্যেই বর্তমানে মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্যে রীতিমতো অস্থির হয়ে উঠেছে মাছের বাজার। তাদের সঙ্গে জোট বেঁধেছে খুচরা বিক্রেতাদের সিন্ডিকেট। এই দুই চক্র মিলে বাড়াচ্ছে দাম। এতে মাছ চাষি লাভবান না হলেও বাড়তি মূল্যে সব ধরনের মাছ কিনতে হচ্ছে ক্রেতাদের।
বর্তমানে উদ্যোক্তা ও মাছচাষিরা প্রতি কেজি পাঙাশ ঢাকার আড়তদারদের কাছে বিক্রি করছেন ১৫০ টাকা কেজি। আড়তদাররা পাইকারদের কাছে বিক্রি করছেন ১৮০ টাকা। পাইকাররা খুচরা বিক্রেতাদের কাছে ২০০ টাকায় বিক্রি করছেন। আর খুচরা বিক্রেতারা ক্রেতার কাছে বিক্রি করছেন ২১০ টাকা কেজি দরে। তেলাপিয়ায় কেজিতে গুনতে হচ্ছে ২৬০ টাকা। ফার্মের মুরগির মাংসের দামও চড়া। এমন লাগামহীন দামের কারণে স্বল্প আয়ের মানুষের পাতে উঠছে না গরিবের আমিষ জাতীয় খাবার তেলাপিয়া ও পাঙাশ মাছ। ফলে দরিদ্র শ্রেণির মানুষ ভুগছেন প্রয়োজনীয় আমিষের ঘাটতিতে। \r\nবাংলাদেশ ফিশ ফার্মারস অ্যাসোসিয়েশন বলছে, মাছের খাদ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, পরিবহন খরচ, বিদ্যুৎ বিল ও মজুরি বাড়ার কারণে বেড়েছে মূলত মাছের উৎপাদন ব্যয়।
মাছের খাবারের মান ভালো না হওয়ার কারণেও বাড়ছে উৎপাদন খরচ। তবে চাষি পর্যায়ে যে হারে দাম বেড়েছে, মধ্যস্বত্বভোগীদের যোগসাজশে খুচরা ব্যবসায়ীরা তার তিনগুণ বেশিতে বিক্রি করছে। অবশ্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, সব ধরনের পণ্যের দাম সহনীয় রাখতে তারা কাজ করছে। তবে পুরোপুরি নিয়ন্ত্রণ করা খুব কঠিন। তারপরও বাজারে অভিযান পরিচালনা করে যৌক্তিক দামে পণ্য বিক্রি করার জন্য চেষ্টা চালানো হচ্ছে। মাছের বাজারেও অভিযান পরিচালনা করা হবে। \r\nবাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা মানেই সাধারণ মানুষের ভোগান্তি। বাজার ব্যবস্থাপনার দুর্বলতার কারণে একদিকে মধ্যস্বত্বভোগীরা অতি মুনাফা লুটে নিচ্ছে, অন্যদিকে হিমশিম খাচ্ছেন সীমিত আয়ের ভোক্তারা। কাজেই মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে বাজার ব্যবস্থাপনায় কঠোর নজরদারি ও ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম চালু করা আবশ্যক। নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের বাজারে অস্থিরতা জাতীয় অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে। তাই স্বল্প ও মধ্যম আয়ের মানুষের মৌলিক চাহিদা তথা আমিষের ঘাটতি পূরণের পাশাপাশি নিত্যপণ্যের বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এখন সময়ের দাবি।
