মৃত্যু অনিবার্য জেনেও মানুষ বেঁচে থাকতে চায়; হতে চায় অমর। তবে সব মানুষ অমর হয় না; কেউ কেউ হয়। যারা উন্নত সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক চেতনা লালন করেছেন, তা চালিয়ে দিয়েছেন অনুসারীদের মাঝে, মৃত্যু তাদের বিলুপ্তি ঘটাতে পারে না। বাংলাদেশের ইতিহাসে আ ফ ম মাহবুবুল হক তেমনই একজন।
আমৃত্যু সংগ্রামী এই মানুষটি ২০১৭ সালের ১০ নভেম্বর কানাডার অটোয়াতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করলেও অমর হয়ে আছেন বাংলাদেশের শোষিত-মেহনতি মানুষের হৃদয়ে।
ষাটের দশকে যেসব ছাত্রনেতা মহান মুক্তিযুদ্ধের বীজ বপন করেছিলেন সাধারণ শিক্ষার্থী মহলে, আ ফ ম মাহবুবুল হক তাদের মধ্যে অন্যতম। ছিলেন স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং প্রত্যক্ষ মুক্তিযোদ্ধা। ভারতের তান্দুয়ায় মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ কেন্দ্রের সামরিক ও রাজনৈতিক প্রশিক্ষক।
চট্টগ্রাম সরকারি মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম সরকারি কলেজ থেকে কুমিল্লা বোর্ডের অধীন এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মেধা তালিকায় যথাক্রমে চতুর্থ ও ১১তম স্থান অধিকারী মাহবুব ১৯৬৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন। ১৯৬৯ সালে ছাত্র সংগ্রাম পরিষদের ১১ দফা আন্দোলনে এবং ১৩ ডিসেম্বরের হরতালে সক্রিয় অংশ নেন। এক পর্যায়ে গ্রেপ্তারও বরণ করেন। তবুও ছাত্রসমাজকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করার কাজ বন্ধ করেননি।
১৯৭২ সালে জাসদ প্রতিষ্ঠাকালে এবং ১৯৮০ সালে বাসদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। ১৯৭৫ সালে মিছিলে রাষ্ট্রীয় বাহিনীর গুলিতে আহত এই নেতা ১৯৭৬-৭৮ সাল পর্যন্ত কারাবন্দি ছিলেন। ১৯৮২ সালে সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদের ক্ষমতা দখলের বিরুদ্ধে যারা স্বৈরাচারবিরোধী আন্দোলন গড়ে তোলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন আ ফ ম মাহবুবুল হক। সে সময়ে ১৫ দলীয় জোট গঠনে এবং জোটকে আন্দোলনমুখী রাখতে তাঁর দায়িত্বশীল ভূমিকা আজও রাজনীতি সচেতন মহলে স্মরণ করা হয়। ১৯৮৬ সালে রাষ্ট্রপতি এরশাদের অধীনে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার বিরোধিতা করে ১৫ দলীয় জোট থেকে বেরিয়ে পাঁচটি রাজনৈতিক দল নিয়ে আলাদা জোট গঠন করেন। পাঁচদলীয় বাম জোট নামে খ্যাত সে জোটের অন্যতম নেতা ছিলেন আ ফ ম মাহবুবুল হক। পাঁচদলীয় জোটের ওই নির্বাচন বর্জনের ঘোষণাই সে সময় দেশের আরেক বড় জোট বিএনপির নেতৃত্বাধীন সাতদলীয় জোটকে একই পথ অনুসরণে উদ্বুদ্ধ করে।
১৯৯০-এর দশকের শুরুতে ৭১-এর যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শহীদ জননী জাহানার ইমামের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনে মাহবুবুল হক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একই দশকের মাঝামাঝি তেল-গ্যাস-খনিজ সম্পদ রক্ষার আন্দোলন শুরু হলে সেখানে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন।
বামপন্থিরা নির্বাচনসর্বস্ব রাজনীতি করে না। নানা সামাজিক-সাংস্কৃতিক সমস্যা নিয়ে আন্দোলনও তাদের কাছে গুরুত্বপূর্ণ। তবে দুঃখজনক হলো, গত কয়েক মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতির সঙ্গে নারী ও শিশু নির্যাতনের ঘটনা নজিরবিহীন রেকর্ড করলেও দৃশ্যমান কোনো আন্দোলন নেই। শ্রমিক-কৃষকের ন্যায্য দাবিগুলো উপেক্ষিত। তাদের রুটিরুজির উপায়ও ক্রমশ সংকুচিত হচ্ছে। ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুর পাশাপাশি সুফি তরিকার মুসলিমরাও বহুবিধ নির্যাতনের শিকার। মুক্তিযুদ্ধের অর্জন ও স্মারকগুলো আক্রান্ত। রাজনৈতিক ও সামাজিক বিশেষজ্ঞ মহলের অভিমত, একদিকে গণতান্ত্রিক রাজনীতি বিকাশের পথে হাজারো বাধা, অন্যদিকে দেশে কার্যকর বিরোধী দলের অনুপস্থিতিতে দেশে সুস্থ রাজনীতিচর্চাই কঠিন হয়ে পড়েছে। গণতান্ত্রিক রাজনীতির চর্চা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সচল করা আজ জরুরি। এ পরিস্থিতিতে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে থাকা এবং তাঁর সময়ের সাহসী সন্তান হিসেবে পরিচিত আ ফ ম মাহবুবুল হকের মতো আদর্শবাদী রাজনীতিবিদ আজ আমাদের প্রয়োজন।
হারুনার রশিদ ভূঁইয়া: রাজনৈতিক কর্মী
