মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকার ১৩৩টি অধ্যাদেশ জারি করেছিল। এর অন্যতম গত বছর ২৫ নভেম্বর জারি করা ‘গণভোট অধ্যাদেশ, ২০২৫’। অধ্যাদেশটির লক্ষ্য ছিল ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ অন্তর্ভুক্ত সংবিধান সংস্কার সম্পর্কিত ৪৮টি প্রস্তাবের বিষয়ে জনগণের সম্মতি যাচাই করা। অধ্যাদেশটি নিয়ে বর্তমানে বিতর্ক সৃষ্টি হয়েছে। ১৩ নভেম্বর ২০২৫ জারি করা সংবিধান সংস্কার-সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশটির বৈধতা নিয়েও ইতোমধ্যে উচ্চ আদালতে একাধিক রিট হয়েছে।
প্রসঙ্গত, সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদের অধীনে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো সংসদের প্রথম অধিবেশনে অনুমোদনের বাধ্যবাধকতা রয়েছে। এ ব্যাপারে সুপারিশের লক্ষ্যে সংসদ সদস্য জয়নুল আবেদীনের সভাপতিত্বে ১৪ সদস্যের বিশেষ কমিটি গঠিত হয়েছে; তাদের মধ্যে ১১ জন সরকারি দলের সদস্য। কমিটির বিরোধীদলীয় সদস্যরা গণভোট অধ্যাদেশটি সংসদে অনুমোদনের পক্ষে প্রস্তাব করলেও সরকারি দলের সদস্যরা ‘আরও আলোচনা’ চান বলে সংবাদমাধ্যমের খবর। কমিটির সভাপতি গত সপ্তাহে বলেছেন, কমিটি গণভোট অধ্যাদেশ রহিত করার প্রস্তাব করেননি, রাখার প্রস্তাবও করেননি। এটা নিয়ে আলোচনা হতে পারে। যেহেতু বিরোধী দল উত্থাপন করেছে, সংবিধানের আলোকে এগুলো আলোচনা করতে হবে। কারণ সংবিধান সবার ঊর্ধ্বে, সংসদ সংবিধান মোতাবেক চলবে (প্রথম আলো, ২৬ মার্চ ২০২৬)।
গণভোট অধ্যাদেশটি নিয়ে বিতর্কটি অহেতুক। কারণ এরই মধ্যে গত ১২ ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠিত এবং হ্যাঁ ভোট বিজয়ী হয়েছে। তাই এটি এখন একটি তামাদি ও অপ্রাসঙ্গিক বিষয়। এ ক্ষেত্রে ‘ফ্যাক্টাম ভ্যালে’ নামক রোমান আইনের একটি ডকট্রিন বা মতবাদ প্রাসঙ্গিক। অর্থাৎ যে কাজ করা উচিত নয় তাও যদি সম্পন্ন হয়ে যায়, তবে সেটা বৈধ হিসেবে গণ্য হবে। আলোচ্য অধ্যাদেশটির ভিত্তিতে ইতোমধ্যে গণভোট সম্পন্ন হয়েছে। অতএব এটি সংসদের অনুমোদন কতটা প্রাসঙ্গিক?
প্রসঙ্গত, সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ১৩৩ অধ্যাদেশের মধ্যে সরকারি দলের পক্ষ থেকে ১১৩টি অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে। বাকি ২০টি অধ্যাদেশ যাচাই-বাছাই চলছে। তারা প্রস্তাব করেছে, এর মধ্যে কয়েকটি অধ্যাদেশ সংসদে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হবে; যেগুলোর মধ্যে অন্তর্ভুক্ত দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ, জাতীয় মানবাধিকার কমিশন সংশোধন অধ্যাদেশ, পুলিশ কমিশন অধ্যাদেশ, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, বিচারক নিয়োগ অধ্যাদেশ ইত্যাদি। দুর্ভাগ্যবশত এসব অধ্যাদেশই, যেগুলো সংসদের অনুমোদনের ওপর ছেড়ে দেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে, অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা এবং গুরুত্বপূর্ণ। এগুলোর মাধ্যমেই গুরুত্বপূর্ণ সংস্কার অর্জিত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে।
যেমন, গুম প্রতিরোধ ও প্রতিকার কমিশন জারি করা হয়েছে, যাতে এমন মানবতাবিরোধী ঘৃণ্য অপরাধ যেন আমাদের দেশে ভবিষ্যতে ঘটতে না পারে। একইভাবে মানবাধিকার কমিশন আইনটি সংশোধনের অধ্যাদেশ জারি করা হয়েছে কমিশনকে কার্যকর করার লক্ষ্যে, যা অতীতে সরকারের অনুগত কর্মকর্তাদের পুনর্বাসনের মাধ্যমে নখদন্তবিহীন সংস্থায় পরিণত হয়েছিল। প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকার মানবাধিকার কমিশন আইনটি সংস্কারের লক্ষ্যে শুধু অধ্যাদেশই জারি করেনি, একজন যোগ্য ও সুনামসম্পন্ন সাবেক বিচারপতিকে প্রধান করে কমিশন গঠনও করেছে, যিনি অত্যন্ত কৃতিত্বের সঙ্গে গুম কমিশনের প্রধানের দায়িত্ব পালন করেছেন। তবে মানবাধিকার কমিশনকে সত্যিকারের স্বাধীন ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে হলে এতে আরও কিছু সংশোধন প্রয়োজন।
অনেকটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশের অনুমোদন সংসদের ওপর ছেড়ে দেওয়ার তাৎপর্য হলো, সংসদে দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতার জোরে এগুলো অতি সহজেই বাদ দেওয়া যাবে, যা হবে অত্যন্ত দুঃখজনক। কারণ এর মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে জনমনে কতগুলো গুরুত্বপূর্ণ সংস্কারের যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছিল তা ভেস্তে যেতে পারে। গণভোটের মাধ্যমে জনগণের সম্মতি পাওয়া কতগুলো সুদূরপ্রসারী প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত সংস্কার নিয়ে সরকারের সিদ্ধান্তহীনতার পর অনেকটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশের অনুমোদন নিয়ে টানাপোড়েন জাতির জন্য কল্যাণ বয়ে আনবে না।
এ প্রসঙ্গে প্রশ্ন উঠতেই পারে, সরকার তো ১১৩টি অধ্যাদেশ অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে, যা ১৩৩টি অধ্যাদেশের একটি বড় অংশ। কিন্তু অনুমোদনের পক্ষে এরই মধ্যে সম্মতিপ্রাপ্ত অধ্যাদেশের অনেকটি আছে যেগুলো অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ। আবার কতগুলো আছে যেগুলো জনগণের জন্য তেমন কোনো কল্যাণ বয়ে আনবে না। যেমন, মোট অধ্যাদেশের ১১টির সঙ্গে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নাম জড়িত।
তবে ১৩৩টির মধ্যে কয়েকটি অধ্যাদেশ আইনে পরিণত না হওয়াই বাঞ্ছনীয়, যার মধ্যে উল্লেখযোগ্য– তথ্য অধিকার (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪; উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪; স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন), অধ্যাদেশ, ২০২৪ এবং স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪। তথ্য অধিকার অধ্যাদেশ নিয়ে নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে গঠিত ‘আরটিআই ফোরাম’-এর বর্তমান লেখক যার একজন সদস্য, গুরুতর আপত্তি রয়েছে, যা বর্তমান সরকারের কাছে ইতোমধ্যে ব্যক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় অধ্যাদেশটি নিয়ে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে আরও আলাপের আশ্বাস দিয়েছে।
অনেকটি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হওয়া; স্থানীয় সরকারের অনেক প্রতিনিধির পলাতক থাকা এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে বিএনপির বিরোধিতার প্রেক্ষাপটে অপর চারটি অধ্যাদেশ ২০২৪ সালে জারি করা হয়েছে, যাতে সরকার প্রশাসক নিয়োগ করে নির্বাচনের আগে পর্যন্ত এসব প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করতে পারে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যখন স্থানীয় নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা নেই; এসব অধ্যাদেশ অনুমোদিত হওয়ার কোনো যৌক্তিকতা নেই। বরং এগুলো আইনে পরিণত হলে সরকারের খেয়ালখুশিমতো স্থানীয় সরকার প্রতিষ্ঠানে প্রশাসক বসিয়ে এগুলোর অপব্যবহারের সুযোগ থেকে যাবে। এ ছাড়া এগুলোর অনুমোদন বিএনপির ৩১ দফার ৯ ও ২১ দফা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রকাশিত বিএনপির নির্বাচনী ইশতেহারেরও পরিপন্থি হবে, যাতে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো পরিচালনার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে (দেখুন, ‘স্থানীয় সরকার নির্বাচন কেন জরুরি?’ প্রথম আলো, ২৮ মার্চ ২০২৬)।
পরিশেষে, আমরা আশা করি, ক্ষমতাসীন বিএনপি জনআকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা রেখে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো অনুমোদন করে আইনে পরিণত করবে, যা হবে সবার জন্য কল্যাণকর।
ড. বদিউল আলম মজুমদার: সম্পাদক, সুজন– সুশাসনের জন্য নাগরিক
