উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানো এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিতে চলতি ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়ার্ধেও (জানুয়ারি-জুন) কঠোর সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঘোষিত মুদ্রানীতিতে নীতি সুদহার ১০ শতাংশ (অপরিবর্তিত) এবং এসএলএফ ১১ দশমিক ৫ শতাংশ (অপরিবর্তিত) রাখা হয়েছে। তবে এসডিএফ ৮ শতাংশ থেকে কমিয়ে ৭ দশমিক ৫ শতাংশ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক আশা করছে, এ নীতির ফলে ধীরে ধীরে মূল্যস্ফীতি কমবে, ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফিরবে এবং অর্থনীতি স্বাভাবিক গতিতে ফিরতে শুরু করবে। এ আশাবাদ কতটুকু সফল হবে তা নিয়ে বিতর্কের শেষ নেই বিশেষত : গভর্নর ও অর্থনীতিবিদদের মধ্যে। সম্প্রতি পরিকল্পনা উপদেষ্টা এক অনুষ্ঠানে নীতি সুদহার না কমানোর সমালোচনা করেন।

অর্থ উপদেষ্টাও নীতি সুদহার কমানোর পক্ষে অবস্থান নিয়েছেন। সুদহার না কমানোর সমালোচনার জবাবে গভর্নর বলেন, সুদহার কমানোর সময় হয়েছে কিনা তা নিয়ে অনেক কথাই বলা হচ্ছে, যা মতপার্থক্য সৃষ্টি হয়েছে। তবে সুদহারের নীতির কারণেই বেশিরভাগ লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়েছে। শুধু মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা অর্জন হয়ত সম্ভব হয়নি। ট্রেজারি বিল, বন্ডের সুদহার কিন্তু আগের বছরের তুলনায় কমেছে। সরকারের ঋণ চাহিদার কারণে ব্যক্তি খাতের ঋণ প্রবাহ হয়তো দেখা যাচ্ছে না। ঋণ চাহিদা থাকলে মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী চাপ থাকা স্বাভাবিক। নীতি সুদহার উচ্চ রাখার কারণে বিনিময় হার স্থিতিশীল হয়েছে। এটা বিশাল অর্জন।

সুদহারের নীতির কারণেই বৈদেশিক লেনদেনের আর্থিক হিসাবে ইতিবাচক ধারা আছে।\r\nএই সকল বিতর্কের মধ্যেও মুদ্রানীতির বৈশিষ্ট্যের অন্যতম দিকগুলো হলো- ১. ঘোষিত মুদ্রানীতি অনুযায়ী, নীতিনির্ধারণী সুদহার (পলিসি রেট) ১০ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে। একইসঙ্গে স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) ১১ দশমিক ৫ শতাংশে বহাল থাকছে। তবে ব্যাংকগুলোর অতিরিক্ত তারল্য ব্যবস্থাপনায় গতি আনতে স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) সুদহার ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ৮ শতাংশ থেকে ৭ দশমিক ৫ শতাংশে নামানো হয়েছে; ২. মূল্যস্ফীতি এখনো বাংলাদেশ ব্যাংকের ৭ শতাংশ লক্ষ্যমাত্রার ওপরে রয়েছে। বিনিময় হার স্থিতিশীল থাকলেও সরবরাহ সংকট, কাঠামোগত দুর্বলতা ও বাজারের অদক্ষতার কারণে দাম কমার গতি ধীর।

এ মুহূর্তে নীতি সুদহার কমালে টাকার ওপর চাপ বাড়তে পারে এবং আমদানি-নির্ভর মূল্যস্ফীতি আবার উসকে উঠতে পারে। সামনে রমজান মাস এবং নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সম্ভাবনা থাকায় চাহিদা বাড়তে পারে, যা মূল্যস্ফীতির ঝুঁকি বাড়াবে; ৩. কঠোর মুদ্রানীতি, সরকারি ঋণ চাহিদা বৃদ্ধি এবং বিনিয়োগে অনিশ্চয়তার কারণে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বাজেট ঘাটতি মেটাতে সরকারের বেশি ঋণ নেওয়ার ফলে ক্রাউডিং আউট প্রভাব সৃষ্টি হয়েছে, যা বেসরকারি উদ্যোক্তাদের জন্য স্বল্পমূল্যের ঋণপ্রাপ্তি কঠিন করে তুলেছে; ৪. মুদ্রানীতিতে বলা হয়, বৈদেশিক লেনদেন ব্যবস্থায় বড় ধরনের উন্নতি হয়েছে। ২০২৪ সালে সৃষ্ট ৩ দশমিক ৫ বিলিয়ন ডলারের পরিশোধ বকেয়া পরিশোধের মাধ্যমে বিদেশি ব্যাংক ও ঋণদাতাদের আস্থা ফিরেছে।

প্রবাসী আয়ের জোরালো প্রবাহে চলতি হিসাব ঘাটতি থেকে উদ্বৃত্তে পরিণত হয়েছে। ফলে টাকার বিনিময় হার স্থিতিশীল রয়েছে; ৫. ২০২৪ সালের আগস্টে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২৫ দশমিক ৬ বিলিয়ন ডলার, যা ২০২৫ সালের ডিসেম্বরে বেড়ে ৩৩ দশমিক ২ বিলিয়ন ডলারে পৌঁছেছে। ২০২৪ সালের আগস্টের পর বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে কোনো ডলার বিক্রি করেনি। বরং ২০২৬ অর্থবছরে আন্তঃব্যাংক বাজার থেকে ৪ দশমিক ৩ বিলিয়ন ডলার কিনেছে; ৬. ২০২৫ সালের মে মাস থেকে পুরোপুরি বাজারভিত্তিক বিনিময় হার ব্যবস্থা চালু রয়েছে। আন্তঃব্যাংক লেনদেন এখন স্পট রেফারেন্স রেটের ভিত্তিতে হচ্ছে এবং ব্যাংকগুলো নিজেরা গ্রাহক ও ফরওয়ার্ড রেট নির্ধারণ করছে; ৭.

কৃষি ও কুটির, ক্ষুদ্র, মাঝারি ও ক্ষুদ্র শিল্প (ঈগঝগঊ) খাতে ঋণ বাড়াতে প্রভিশনিং শর্ত কিছুটা শিথিল করা হয়েছে। এতে এসব খাতে ব্যাংক ঋণ প্রবাহ বাড়বে বলে আশা করা হচ্ছে; ৭. কঠোর তদারকি ও সংস্কার কর্মসূচি অব্যাহত রয়েছে। খেলাপি ঋণ কমাতে ও সুশাসন নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংক কঠোর সংস্কার কর্মসূচি চালু করেছে। প্রভিশন ঘাটতি থাকলে কোনো ব্যাংক লভ্যাংশ দিতে পারবে না। লাভ না হলে কর্মকর্তাদের বোনাসও দেওয়া যাবে না; ৮. ২০২৪ সালে রাজনৈতিক পরিবর্তনের পর ব্যাংকিং খাতে বড় ধরনের মূলধন পাচারের ফলে তারল্য সংকট দেখা দেয়। তবে ২০২৫ সালে আমানত প্রবৃদ্ধি ঘুরে দাঁড়ায়। ২০২৪ সালের আগস্টে যেখানে আমানত প্রবৃদ্ধি ছিল ৭ শতাংশের নিচে, সেখানে ২০২৫ সালের ডিসেম্বর নাগাদ তা বেড়ে প্রায় ১১ শতাংশে পৌঁছেছে।

তবে, আমানত পুনরুদ্ধার হলেও ব্যাংকিং খাতে ফ্লাইট টু কোয়ালিটি প্রবণতা বেড়েছে। গ্রাহকরা তুলনামূলক ভালো ব্যাংকে টাকা রাখছেন।\r\nঘোষিত মুদ্রানীতি নিয়ে বিন্নি মহলে আলোচনা-সমালোচনা চলছে। যেমন- সংকোচনমূলক মুদ্রানীতি দিয়ে বিনিয়োগ ও কর্মসংস্থান পুনরুদ্ধার সম্ভব নয় বলে হতাশা ব্যক্ত করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। সংগঠনটি বলেছে দীর্ঘ সময় ধরে কঠোর মুদ্রানীতির প্রয়োগ সত্ত্বেও মূল্যস্ফীতি কার্যকরভাবে নিয়ন্ত্রণে আসেনি, বরং প্রত্যাশিত ফল দিতে ব্যর্থ হয়েছে। এর ফলে উৎপাদনমুখী অর্থনৈতিক কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অত্যন্ত উদ্বেগের বিষয় যে, বেসরকারি খাতের ঋণ প্রবাহ ২২ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসে গত ডিসেম্বরে ৬.১ শতাংশ হয়েছে।

অস্বাভাবিক উচ্চ সুদের হার এবং ঋণের অতিরিক্ত ব্যয় শিল্প সম্প্রসারণ, নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি কার্যত স্থবির হয়ে পড়েছে। অন্যদিকে ব্রড-মানির (এম২) প্রবৃদ্ধি গত জুনের ৭ শতাংশ থেকে গত ডিসেম্বরে ৯.৬ শতাংশে উন্নীত হওয়া স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে, অর্থনীতিতে মুদ্রা সম্প্রসারণ ঘটছে, যা চলমান কঠোর মুদ্রানীতির কার্যকারিতা ও নীতিগত সামঞ্জস্যতা নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দেয়। এছাড়া, বেসরকারি খাতের বিনিয়োগ প্রবৃদ্ধি নেমে ২০২৫ অর্থবছরে ২২.৪৮ শতাংশ এসেছে যা ২০২৩ অর্থবছরে ছিল ২৪.১৮ শতাংশ। এ ধরনের অকার্যকর মুদ্রানীতির মাধ্যমে যে কোনো দেশের পক্ষে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন বাস্তবসম্মত নয়। রপ্তানি খাতেও এই নীতির নেতিবাচক প্রভাব বেশ স্পষ্ট। গত ৬ মাসে রপ্তানি ধারাবাহিকভাবে কমেছে।

ডিসেম্বরে কমেছে ১৪ শতাংশ, যা বৈশ্বিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা দুর্বল করে তুলছে। এটি অর্থনীতির স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ঢাকা চেম্বার দৃঢ়ভাবে বিশ্বাস করে, অতিমাত্রায় কঠোর ও দীর্ঘায়িত সংকোচনমূলক মুদ্রানীতিতে বিনিয়োগ এবং কর্মসংস্থান পুনরুদ্ধার সম্ভব নয় ।\r\nঅন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর পুরোমাত্রায় সংকোচনমূলক মুদ্রানীতি নেয় কেন্দ্রীয় ব্যাংক। ২০২৪ সালের আগস্টে মূল্যস্ফীতি কমে আসতে শুরু করে। ধাপে ধাপে কমে ২০২৫ সালের অক্টোবরে ৮ দশমিক ১৭ শতাংশে নেমে আসে মূল্যস্ফীতির হার। কিন্তু এরপর টানা তিন মাস বেড়ে জানুয়ারিতে ৮ দশমিক ৫৮ শতাংশ হয়েছে। মূল্যস্ফীতি কমার সম্ভাবনাও দেখছেন না অর্থনীতিবিদরা।

বিশ্লেষকরা বলছেন, দেশের অর্থনীতি স্বাভাবিক অবস্থানে না যাওয়া পর্যন্ত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের সামষ্টিক উদ্যোগ তেমন কোনো ফল আনবে না। শুধু মুদ্রানীতি নির্ভর কৌশল নেওয়ার কারণেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টায় হোঁচট খেতে হচ্ছে বার বার। অনেকের মতে, মূল্যস্ফীতি কমানোর পরের ধাপে যেতে হলে মুদ্রানীতির সঙ্গে বাজার কাঠামো শক্তিশালী করার পাশাপাশি অর্থনীতির আগাম বার্তা জেনে সক্রিয় পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আর সুদের উচ্চ হার দীর্ঘদিন ধরে রাখলে কমংসস্থান, বিনিয়োগ ও জিডিপি প্রবৃদ্ধির সঙ্গে মজুরি বৃদ্ধিও যে বড় ঝুঁকিতে পড়বে, সে কথা মনে করিয়ে দিয়ে সতর্ক করেছেন অনেকেই। অর্থনীতির বিশ্বস্বীকৃত তত্ত্ব অনুযায়ী, মূল্যস্ফীতির লাগাম টানতে নীতিসুদ হার বাড়িয়ে ঋণের খরচ বাড়ানো হয়।

তাতে ব্যক্তি ও উদ্যোক্তাদের হাতে অর্থের প্রবাহ কমে গিয়ে বিলাসী ও অনাবশ্যক পর্যায়ে ভোক্তা ব্যয় কমলে মূল্যস্ফীতির পারদ নিচে নামতে শুরু করে। বাংলাদেশ ব্যাংকও সেই কৌশল নিয়েছে। তাতে মূল্যস্ফীতির পারদ দুই অঙ্কের ঘর থেকে নামলেও গত দেড় বছরে কাক্সিক্ষত জায়গায় পৌঁছেনি। গভর্নর ঘোষণা দিয়েছেন, মূল্যস্ফীতি ৬ শতাংশে নেমে না আসা পর্যন্ত মুদ্রানীতির সংকোচনমুখী ধারা অব্যাহত থাকবে। কিন্তু এর ফলে কমেছে বেসরকারি ঋণ প্রবৃদ্ধির হার। একইভাবে মজুরি প্রবৃদ্ধির হারও কমেছে। বিশ্লেষকরা বলছেন, অর্থনীতির সব তত্ত্বেরই ফল পাওয়া যায় অর্থনীতির সব সূচক স্বাভাবিক থাকলে। কিন্তু বাংলাদেশের অর্থনীতি গত এক থেকে দেড় দশকে স্বাভাবিক জায়গায় ছিল না ।

ব্যাংক ব্যবস্থা ব্যবহার করে বিশাল অঙ্কের টাকা পাচারের মতো ঘটনা অন্য কোনো দেশের অর্থনীতিতে ঘটেনি। তাই মুদ্রানীতিও পুরোপুরিভাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে সক্ষম না। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) পরামর্শ দিয়েছে, মূল্যস্ফীতি ৭ শতাংশের নিচে নামা পর্যন্ত নীতিসুদ হার যেন কমানো না হয়। সে কারণে আগামী ছয় মাসের জন্য মুদ্রানীতিতে ওই সুদহারে স্থির থাকারই পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বিনিয়োগের সঙ্গে রাজনৈতিক নেতৃত্বের একটি সংযোগ রয়েছে। রাজনৈতিক সরকারের স্থিতিশীলতা সরকারি নীতির ধারবাহিকতা রক্ষা করতে পারে। পরিস্থিতি সামাল দিতে উদ্যোগ নিতে পারে। এখন অর্থনীতি যেমন বিশেষ অবস্থায় রয়েছে, বিশেষ সময়ের জন্য বিশেষ সরকার দেশ চালাচ্ছে। রাজনৈতিক সরকার দায়িত্ব নিলে অর্থনীতির সংস্কার কার্যক্রম আরও গতি পাবে। তখন অর্থনীতিও পুরো মাত্রায় সচল হবে, ঋণের চাপ বাড়লে সুদহার কমে যাবে, মুদ্রানীতি কাজ করবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে একইসঙ্গে বাজার কাঠামোকে শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়া দরকার বলে মনে করেন অনেকেই। নতুন মুদ্রানীতির সফলতা অনেকটাই নির্ভর করবে বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা ও নিয়ন্ত্রক সাহসের ওপর। কিন্তু সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় ব্যাংক নিজেই সমালোচনার মুখে পড়েছে, বিশেষ করে দুর্বল ব্যাংকগুলোর লুটেরাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিয়ে দায় সাধারণ মানুষের ওপর চাপানোর কারণে। বিশেষজ্ঞদের মতে, যদি কেন্দ্রীয় ব্যাংক একইসঙ্গে মুদ্রানীতি কঠোর দেখালেও বাস্তবে প্রভাবশালী গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে, তাহলে নীতির বিশ্বাসযোগ্যতা থাকবে না।