শীতকাল এলেই ত্বকের কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। শীতের আগমনে প্রকৃতি যেমন বদলে যায়, তেমনি আমাদের শরীরের চাহিদাও বদলে যায়। তাপমাত্রা কমে যাওয়ার ফলে দেহের স্বাভাবিক গঠনতন্ত্রে পরিবর্তন আসে, রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে দুর্বল হয়ে যায় এবং নানা মৌসুমি রোগ ব্যাধির ঝুঁকিও বাড়ে। তাই আমাদের সুস্থ থাকার জন্য শীতের মৌসুমে একটু বাড়তি যত্ন নেওয়ার প্রয়োজন হয়। প্রথমেই আসে ত্বকের যত্ন। শুষ্ক পরিবেশ ও ঠান্ডা বাতাস ত্বকের স্বাভাবিক আর্দ্রতা কমিয়ে দেয়। এর ফলে ত্বক রুক্ষ ও খসখসে হয়ে পড়ে। প্রতিদিন কুসুম গরম পানি দিয়ে গোসল করা, সাবান কম ব্যবহার করা এবং গোসলের পরই ময়েশ্চারাইজার লাগিয়ে ত্বকের আর্দ্রতা ধরে রাখা জরুরি।

যারা বাইরে থাকেন, তারা সানস্ক্রিন ব্যবহার করলেও উপকার পাবেন-কারণ শীতেও অতিবেগুনি রশ্মি সক্রিয় থাকে। তাছাড়া এ সময় খাদ্যাভ্যাসেও পরিবর্তন নিয়ে আসা জরুরি। ভিটামিন সি সমৃদ্ধ ফল যেমন লেবু, কমলা, পেয়ারা ঠান্ডা ও কাশির বিরুদ্ধে যুদ্ধ করতে সাহায্য করে। একই সঙ্গে প্রোটিনসমৃদ্ধ খাবার, ডাল, মাছ, ডিম, বাদাম শরীরকে শক্তিশালী রাখে। পর্যাপ্ত পানি পানের কথাও ভুলে গেলে চলবে না; কারণ শীতে তৃষ্ণা কম লাগলেও পানিশূন্যতা ত্বক ও স্বাস্থ্যের জন্য বড় সমস্যা তৈরি করতে পারে। শীতে অলসতা অনুভবের কারনে শারীরিক পরিশ্রম কমে যায়। তবে নিয়মিত ব্যায়াম রক্তসঞ্চালন বাড়ায়, শরীর গরম রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই প্রতিদিন নির্দিষ্ট একটা সময় নিয়মিত ব্যায়াম শরীরকে সুস্থ রাখতে কার্যকরী ভূমিকা পালন করবে। এ সময় শিশু ও বয়স্কদের ক্ষেত্রে সতর্কতা আরও বাড়ানো প্রয়োজন। বয়স্কদের জোড়ার ব্যথা, হাঁপানি বা উচ্চ রক্তচাপ শীতে বেড়ে যেতে পারে। গরম কাপড় ব্যবহার, ঘর উষ্ণ রাখা এবং অতিরিক্ত ঠান্ডা বাতাস এড়িয়ে চলা বিশেষ গুরুত্বপূর্ণ। শিশুদের ক্ষেত্রে উষ্ণ ও পরিষ্কার পোশাক পরানো, ঠান্ডা বাতাস এড়িয়ে চলা এবং ঠান্ডা লাগার সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক স্বাস্থ্যের প্রতিও সমান গুরুত্ব দিতে হবে। সুস্থতা মানে কেবল রোগমুক্ত শরীর নয় বরং শরীর-মন উভয়কেই বোঝায়। তাই এই শীতে সবার নিজেদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া উচিত কেননা সুস্বাস্থ্যই সকল সুখের মূল।