সাম্প্রতিক এক ‘ভাইরাল’ শিক্ষা ট্র্যাজেডির আড়ালে থাকা নিরেট রাজনৈতিক অর্থনীতি মাথায় ঘুরপাক খেতেই পুরনো প্রশ্নটি ফিরে এসেছে: শিক্ষাব্যবস্থার ‘ব্ল্যাক বক্স’ খোলার সময় কি এখনো আসেনি? ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সোনালী সময় ফুরিয়ে আসছে, তরুণ কর্মক্ষম জনসংখ্যা ইতিমধ্যেই কমতির দিকে। এই মুহূর্তে প্রতিটি মানহীন ডিগ্রি আর বেকার স্নাতক স্রেফ কোনো পরিসংখ্যান নয়; এটি একটি জীবন, একটি পরিবার এবং একটি জাতির হারিয়ে যাওয়া সম্ভাবনা।
এই বাস্তবতায় দেশের একটি শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকের খবর: ছয়টি বিষয়ে অনার্স কোর্স বাতিল করা হচ্ছে! অন্যান্য সংবাদমাধ্যমের ‘কপি-পেস্ট’ প্রবণতায় মুহূর্তেই তা দাবানলের মতো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লো। সংবাদের সত্যতা, বিশেষ করে বাংলা, ইতিহাস ও দর্শন ছাড়া বাকি তিনটি আলোচনাধীন বিষয় কী কী; তা তন্ন তন্ন করে খুঁজে না পেয়ে মনে সন্দেহের উদ্রেক হয়। স্রেফ কপি-পেস্ট সাংবাদিকতা আর ফেসবুক বিশেষজ্ঞদের হুজুগে মাতামাতি আমাকে ফিরিয়ে নিয়ে যায় গত বছরের ৬ এপ্রিলে প্রকাশিত আমারই একটি কলামে, যার শিরোনাম ছিল-‘শিক্ষাব্যবস্থার ব্ল্যাকবক্স খোলার এখনই সময়’। কয়েক ঘণ্টা পর অবশ্য শিক্ষামন্ত্রীর দপ্তর থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হলো যে, বিষয়টি সম্পূর্ণ ‘ভিত্তিহীন ও মিথ্যা’। কিন্তু ততক্ষণে লাখো মানুষের মনোযোগ, উদ্বেগ আর অমূল্য সময় অপচয় হয়ে গেছে। এটি নিছক কোনো গুজব নয়, বরং এক গভীর সিস্টেম-স্তরের ট্র্যাজেডির উপসর্গ।
যে দেশে মিথ্যা সংবাদ প্রকাশের পর গণমাধ্যমকে কোনো জবাবদিহিতার মুখোমুখি হতে হয় না, সেখানে সংবাদের সত্য বা মিথ্যা হওয়ার সম্ভাবনা প্রায় সমান সমান। তবে এর চেয়েও বড় সত্য হলো, এই খবরটি যে যুক্তিতে ভাইরাল হলো এবং মানুষের অবচেতনে যেভাবে আঘাত করলো, তা গভীর এক সামাজিক ক্ষতকে নির্দেশ করে। অথচ, দেশের অনেক বিশ্ববিদ্যালয়; বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা সিংহভাগ কলেজের অধিকাংশ অনার্স কোর্সই আজ মান, কর্মসংস্থান ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে তাৎক্ষণিক পুনর্মূল্যায়ন দাবি করে। কিন্তু আমরা সেই ‘ব্ল্যাক বক্স’ খুলি না। কেন? উত্তর খুঁজতে সময়-রাজনৈতিক অর্থনীতির নির্মোহ ব্যবচ্ছেদ প্রয়োজন।
ব্ল্যাক বক্সের তালা ও অলিগার্কিক প্যারালাইসিস: বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি আজ কোনো বিচ্ছিন্ন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে না; বরং এটি একটি সুনির্দিষ্ট ও বিশেষায়িত কাঠামো দ্বারা আষ্টেপৃষ্ঠে বন্দি। এই কাঠামোর কেন্দ্রে থাকা নীতিনির্ধারক, সুবিধাভোগী আমলাতন্ত্র, লুটেরা ব্যবসায়ী এবং তাদের তল্পিবাহক মিডিয়া-বুদ্ধিজীবী সমাজ মিলে যে নিচ্ছিদ্র অলিগার্কি গড়ে তুলেছে, তার প্রধান শিকার এ দেশের শিক্ষাব্যবস্থা। এই অলিগার্কিক চক্র অত্যন্ত সুচতুরভাবে নিজেদের সন্তানদের জন্য বিদেশের মাটিতে বিশ্বমানের শিক্ষা ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করেছে; আর দেশের ভেতরের বিশাল আমজনতার জন্য শিক্ষাব্যবস্থাকে রূপান্তর করেছে স্রেফ একটি অনুৎপাদনশীল, লুটপাটবান্ধব প্রজেক্টে।
এই ক্ষয়িষ্ণু ব্যবস্থার ভেতরেই প্রোথিত রয়েছে শিক্ষাব্যবস্থার সেই ‘ব্ল্যাক বক্স’। এই ব্যবস্থার ইনপুট (যথা: বিপুলসংখ্যক শিক্ষার্থীর অন্তর্ভুক্তি, আকাশচুম্বী ফি, ফরম ফিলাপের মহোৎসব ও কোচিং বাণিজ্যের রাজস্ব) এবং বাহ্যিক আউটপুট (যথা: রেকর্ডসংখ্যক পাসের হার এবং ডিগ্রির সনদের স্তূপ) সমাজের সবাই দেখতে পায়। কিন্তু এই ইনপুট ও আউটপুটের মধ্যবর্তী অন্ধকূপ বা বক্সের অভ্যন্তরে প্রকৃত শিখন-শেখানো প্রক্রিয়া কেমন চলছে, আন্তর্জাতিক মানদ-ে গবেষণা হচ্ছে কি না, কিংবা বৈশ্বিক শ্রমবাজারের উপযোগী কোনো যোগ্যতার বিকাশ আদৌ ঘটছে কি না; তা সম্পূর্ণ অন্ধকার এবং জবাবদিহিতাহীন। এই অদৃশ্যতা কোনো দুর্ঘটনা নয়।
লুটেরা অলিগার্করা খুব ভালো করেই জানে, যদি কোনোদিন এই ব্ল্যাক বক্সের তালা খোলা হয়, তবে কেরানি উৎপাদনকারী এই অকেজো কারখানার কঙ্কালটা সমাজের সামনে পুরোপুরি উন্মোচিত হয়ে পড়বে। আর এই সত্যকে আড়াল করতেই তারা সমাজে এক ধরনের প্রাতিষ্ঠানিক পক্ষাঘাত টিকিয়ে রেখেছে। উপজেলা ও জেলা পর্যায়ের অবকাঠামোহীন, দক্ষ শিক্ষকসংকটে জর্জরিত মানহীন কলেজগুলোতে লাখ লাখ তরুণকে অনার্স-মাস্টার্সের শ্রেণিকক্ষে আটকে রাখা হয়েছে এক সুগভীর ‘সামাজিক আফিম’ দিয়ে। এটি আসলে কোনো উচ্চশিক্ষা নয়; বরং সময়-রাজনৈতিক অর্থনীতির পরিভাষায় একে বলতে হবে ‘পদ্ধতিগত সময় চুরি’। জীবনের সবচেয়ে উৎপাদনশীল ও কর্মক্ষম যৌবনের শ্রেষ্ঠ সময়টুকুকে এই মানহীন সনদের পেছনে ঘুরিয়ে নষ্ট করা হচ্ছে। চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে তরুণদের প্রকৃত দক্ষতানির্ভর ও প্রযুক্তিভিত্তিক শিক্ষা না দিয়ে, তাদের হাতে কেবল সনদের রঙিন কাগজ ধরিয়ে দেওয়ার অর্থ হলো, তাদের জীবনযুদ্ধ ও কর্মসংস্থানের পথের বাধাকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আরও স্থায়ী রূপ দেওয়া। এর মাধ্যমে রাষ্ট্র মূলত পদ্ধতিগত মানবপুঁজি ক্ষয়ের এক আত্মঘাতী ফাঁদ তৈরি করে রেখেছে।
মানবপুঁজির অবক্ষয় ও উন্নয়নগত নৈরাশ্য: আমাদের প্রচলিত ঔপনিবেশিক আমলাতান্ত্রিক কাঠামোর দিকে তাকালেই এই সংকটের গভীরতা স্পষ্ট হয়ে ওঠে। যে রাষ্ট্রে একজন চিকিৎসক, প্রকৌশলী কিংবা জিনতত্ত্বের গবেষককে তাঁর দীর্ঘ বছরের বিশেষায়িত জ্ঞানকে একপাশে সরিয়ে রেখে, স্রেফ একটি প্রিলিমিনারি পরীক্ষার বৈতরণী পার হওয়ার জন্য সমাস, সন্ধি, প্রাচীন গুপ্ত সাম্রাজ্য কিংবা মৌর্য রাজবংশের ইতিহাস মুখস্থ করতে দিনরাত অন্ধশ্রম দিতে হয়, সেখানে কোনো মানবিক বা সামাজিক বিজ্ঞানের বিষয়কে বাজারমূল্যহীন বলে খাটো করার এই সস্তা প্রচারণা স্রেফ হাস্যকরই নয়, বরং চরম বৈপরীত্যে ভরা।
এটি মূলত আমাদের রাষ্ট্রীয় ও নীতিনির্ধারণী কাঠামোর এক গভীর বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব এবং দূরদর্শিতার অভাবকেই নগ্নভাবে প্রকাশ করে। অ্যাডাম স্মিথের সেই ক্লাসিক্যাল শ্রমের বিভাজন তত্ত্বকে সম্পূর্ণ বুড়ো আঙুল দেখিয়ে যখন রাষ্ট্রের সব মেধাবীকে একটি একক, অনুৎপাদনশীল সাধারণ আমলাতান্ত্রিক ছাঁচে ঢালাই করার অন্ধ প্রতিযোগিতায় নামানো হয়, তখন সমাজ অবধারিতভাবেই মনস্তাত্ত্বিক ‘ডানিং-ক্রুগার ইফেক্ট’ দ্বারা আক্রান্ত হয়। সীমিত ও একমুখী জ্ঞানসম্পন্ন একদল সুবিধাবাদী ব্যক্তি যখন নীতিনির্ধারণী গদিতে বসে শিক্ষা, স্বাস্থ্য, মানবসম্পদ এবং তরুণদের ভবিষ্যৎ নিয়ে এক ঝুঁকিপূর্ণ জুয়ায় মেতে ওঠে, তখনই লাইফ-সাইকেল ইকোনমিক্সের পরিভাষায় জন্ম নেয় ‘মানবপুঁজির পদ্ধতিগত অপচয়’। এই প্রক্রিয়ায় মেধার বিকাশ তো হয়ই না, উল্টো অর্জিত মেধার প্রাতিষ্ঠানিক অবক্ষয় ঘটে।
এই কাঠামোগত পচনের ফলস্বরূপ, মানহীন ও দায়িত্বহীন কর্মী কিংবা লক্ষ্যহীন গ্র্যাজুয়েটদের আমরা দেখতে পাই। বিবিএস-এর তথ্য অনুযায়ী, দেশের প্রায় ১১ কোটি কর্মক্ষম জনগোষ্ঠীর ৫৮ শতাংশ কর্মে নিয়োজিত। আর কর্মরতদের ৮৫ শতাংশ অনানুষ্ঠানিক খাতে কাজ করছে, যেখানে কোনো চাকরির নিরাপত্তা বা স্থায়িত্ব নেই। বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, গত ১০ বছরে ৬২ লাখ কর্মসংস্থান সৃষ্টি হলেও একই সময়ে সমপরিমাণ মানুষ বেকারত্বের মুখোমুখি হয়েছে। অথচ মোট জনসংখ্যার প্রায় ৬৫ শতাংশ কর্মক্ষম, ঠিক এই সময়েই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের স্বর্ণযুগ আমাদের হাত থেকে ফসকে যাচ্ছে।
উন্নয়ন অর্থনীতির মানদ- অনুযায়ী, এই রূপান্তরকালীন সময়ে যেকোনো রাষ্ট্রের মানবপুঁজি গঠনে শিক্ষা খাতে জিডিপির ন্যূনতম ৫ থেকে ৬ শতাংশ অথবা মোট বাজেটের অন্তত ২০ শতাংশ বরাদ্দ থাকা অপরিহার্য। অথচ আমাদের নীতিনির্ধারকরা ‘উটপাখি নীতি’ অনুসরণ করে এক চরম অবাস্তবতার বালিতে মাথা গুঁজে বসে আছেন। তাঁরা প্রতি বছর শিক্ষাবোর্ডের সাজানো শতভাগ পাসের কৃত্রিম হার, প্রশ্ন ফাঁসের মহোৎসবের আড়ালে গ্রেড-স্ফীতি আর প্রত্যন্ত অঞ্চলে মানহীন কলেজ-বিশ্ববিদ্যালয়ের সংখ্যার বাহ্যিক চাকচিক্য দেখিয়ে এক ধরনের সামষ্টিক আত্মতৃপ্তির ঢেকুর তোলেন; অথচ গুণগত মান ও দক্ষতার প্রকৃত রূঢ় সত্যটাকে সুচতুরভাবে আড়াল করে যান।
উচ্চশিক্ষার এই কাঠামোগত প্রতারণা ও শুভঙ্করের ফাঁকির অবধারিত শেষ পরিণতিই হলো ‘স্থিতিশীল উন্নয়নগত নৈরাশ্য’। এ দেশের তরুণ প্রজন্ম যখন রূঢ় বাস্তবতায় দেখতে পায় যে, পড়াশোনা শেষ করার পরও দেশের শ্রমবাজারের প্রায় ৮৫ শতাংশেরও বেশি তরুণকে চরম অনিরাপদ, শোষণমূলক অনানুষ্ঠানিক খাতে নি¤œমজুরিতে নিয়োজিত হতে হচ্ছে, তখন তাদের ভেতরের সমস্ত উদ্দীপনা মরে যায়। যখন প্রবৃদ্ধির সুফল স্রেফ অলিগার্কদের পকেটে গিয়ে জমা হয়, তখন তরুণদের মনে অবধারিতভাবেই জন্ম নেয় এক গভীর সামষ্টিক ও অস্তিত্ববাদী হতাশা। এই নৈরাশ্যই এক সময় সমাজকে ক্রমান্বয়ে মেধা পাচার, চরম মাত্রার সামাজিক নৈরাজ্য এবং ভাইরাল কন্টেন্টের ডোপামিনে আসক্ত এক অন্ধকার সামষ্টিক অন্ধত্বের দিকে ঠেলে দেয়।
‘চিল্ড্রেন অফ হ্যাভেন’ ও প্রথম হওয়ার বেদনা: ইতিহাসের পাতা ওল্টালে একটি চিরন্তন প্রশ্ন আমাদের তাড়া করে ফেরে। কেন প্রতিবার গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের অভূতপূর্ব সুযোগ অলিগার্কিক স্বার্থের চোরাবালিতে হারিয়ে যায়? উত্তর পাওয়ার আগেই জন্ম নেয় আরেকটি অস্তিত্ববাদী দার্শনিক প্রশ্ন: কেন উন্নয়নগত নৈরাশ্য কাটানোর সুযোগ পেলেই আমরা অতীতে ফিরে যেতে চাই, যেন সেই ব্যর্থ নির্বাণই মুক্তি? উত্তরটা খুব সহজ; কারণ এই রাষ্ট্র ও শিক্ষাব্যবস্থা আমাদের কেবল ‘সময় চুরি’ করেনি, বরং সম্ভাবনার অপমৃত্যু ঘটিয়েছে। যখন একটি প্রতিভা তার স্বপ্নের সামগ্রীর বদলে স্রেফ একটি নিষ্প্রভ সনদের রঙিন কাগজ পায়, তখন জন্ম নেয় এক গভীর দার্শনিক শূন্যতা। আজ নির্মোহ আত্মজিজ্ঞাসার মুখোমুখি দাঁড়িয়ে, ছাত্রাবস্থায় ক্লাসের তথাকথিত ‘মেধাবীদের শীর্ষে’ অবস্থান করেও, উচ্চশিক্ষার সর্বোচ্চ স্তরে ‘গবেষণা’ বা ‘থিসিস’ কী, কেন বা কীভাবে করতে হয়; এই অবশ্য শিক্ষণীয় মৌলিক জ্ঞানটুকু আমি প্রতিষ্ঠানের কাছ থেকে পাইনি! যে প্রাতিষ্ঠানিক সময়-কাঠামোতে আমার বিশ্বমানের গবেষক হওয়ার ভিত্তিপ্রস্তর স্থাপিত হওয়ার কথা ছিল, পারিবারিক, সামাজিক ও অন্যান্য নিষ্কাশনমূলক কাঠামোর গোলকধাঁধা আমাকে স্রেফ সনদের ইঁদুরদৌড়ের প্রতিযোগীতে পরিণত করেছিল। সেখানে কেউ শেখায়নি কীভাবে প্রশ্ন তৈরি করতে হয়, তথ্য থেকে কীভাবে মৌলিক জ্ঞান বুনতে হয়; শিখিয়েছে শুধু মুখস্থের খাতা আর গ্রেডের ঘোড়দৌড়।
আজ যখন ‘ব্ল্যাক বক্সের’ দিকে তাকাই, তখন নিজেকে যেন আমার প্রিয় ইরানি চলচ্চিত্র ‘চিল্ড্রেন অফ হ্যাভেন’-এর সেই অবুঝ ‘আলি’ মনে হয়; যে তার বোনের একজোড়া জুতোর আশায় দৌড় প্রতিযোগিতায় মরিয়া হয়ে ৩য় হতে চেয়েছিল, কারণ তৃতীয় পুরস্কারেই ছিল সেই কাঙ্ক্ষিত জুতো। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সে প্রথম হয়ে যায়। পুরস্কারের মঞ্চে দাঁড়িয়ে আলি অঝোরে কাঁদে। কারণ তাঁর প্রথম পুরস্কারের নিষ্প্রভ ট্রফি বোনের খালি পায়ের জুতোর অভাব মেটাতে পারে না, পরিবারের চাহিদা আর যোগানের অ-ভারসাম্যের ব্যবধান কমাতে পারে না। জীবনের রেসে তথাকথিত প্রথম শ্রেণির সনদের ট্রফিটা হাতে নিয়ে, রাষ্ট্রের প্রথম শ্রেণির কর্মচারী তথা বিসিএস ক্যাডার শিক্ষক হয়েও, গবেষণার মাধ্যমে মৌলিক জ্ঞান সৃষ্টি ও বিতরণের প্রাতিষ্ঠানিক শূন্যতায় আমিও আজ আলির মতোই অলক্ষ্যে কেঁদে চলি। শুধু আমি নই, এ দেশের হাজারো শিক্ষক আজ মর্যাদাহানির নীরব কষ্ট চেপে রাখছেন, আর লাখো তরুণ সনদের পাহাড়-চূড়ায় দাঁড়িয়ে কাঁদছেন; কারণ, রাষ্ট্র ও শিক্ষাব্যবস্থার এই ছদ্মবেশী ‘জয়ের’ নামে আমাদের হাতে যা তুলে দেওয়া হয়, তা কখনো আমাদের স্বপ্নের জুতো হয় না; তা হয় এক অপূর্ণ ও উদ্দেশ্যহীন দৌড়ের নিষ্প্রাণ পদক। আজ ঐতিহাসিক প্রাতিষ্ঠানিক ক্লান্তিতে আচ্ছন্ন যে শ্রেণিকক্ষ; সেখানে শিক্ষক আছেন, শিক্ষার্থী আছেন, এমনকি ডিগ্রির স্তূপও আছে; কিন্তু মূলত সেখানেই জন্ম নিচ্ছে কোটি তরুণের যন্ত্রণার আখ্যান। আর এই আখ্যানই এ দেশের সামষ্টিক মানবপুঁজির অপচয় এবং স্থিতিশীল উন্নয়নগত নৈরাশ্যের এক নির্মম প্রতিচ্ছবি।
ব্ল্যাক বক্স খোলার কংক্রিট পলিসি প্রেসক্রিপশন: সমাধান সহজ এই অর্থে যে, আমরা বহুদিন ধরে কাঠামোগত পরিবর্তনের জন্য ‘প্রয়োজনীয় শর্ত’ নিয়ে মাতামাতি করলেও ‘পর্যাপ্ত শর্ত’ পূরণ করি না। শিক্ষাব্যবস্থার খোলনলচে না বদলে বাকি সব খাতের সংস্কার মূলত তাসের ঘরের মতো ভেঙে পড়তে বাধ্য। এখনই যদি রাজনৈতিক সদিচ্ছা নিয়ে এই ব্ল্যাক বক্সের তালা না খোলা হয়, তবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম দীর্ঘমেয়াদে এক অন্ধকার অর্থনৈতিক সুড়ঙ্গে, অর্থনীতির ভাষায় যাকে বলে টানেল ইফেক্টে আটকা পড়ে থাকবে। সংকটের টেকসই সমাধানে ৯টি সুনির্দিষ্ট নীতি ও কৌশলগত পরামর্শ তুলে ধরা হলো: ১. শিক্ষায় জিডিপির ৫ শতাংশ বরাদ্দ: প্রতি বাজেটে শিক্ষা খাতে জিডিপির ন্যূনতম ৫ শতাংশ বরাদ্দ নিশ্চিত করতে একটি কঠোর আইনি বাধ্যবাধকতা বা ফ্রেমওয়ার্ক তৈরি করতে হবে। ২.
শিক্ষকতায় উচ্চতর যোগ্যতা ও পৃথক বেতন কাঠামো: উচ্চশিক্ষার মানোন্নয়নে অনার্স স্তরে অধ্যাপনার জন্য পিএইচডি, পোস্ট-ডক বাধ্যতামূলক করার পাশাপাশি মেধাবীদের আকর্ষণে শিক্ষকদের জন্য পৃথক বেতন স্কেল প্রবর্তন করতে হবে। ৩. মাধ্যমিক স্তরে বিভাগ বিলোপ ও গুচ্ছভিত্তিক কারিকুলাম: নবম-দশম শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাজন সম্পূর্ণ তুলে দিয়ে আবশ্যিক বিষয়ের পাশাপাশি উন্মুক্ত গুচ্ছ থেকে বিষয় পছন্দের সুযোগ দিতে হবে। ৪. কারিগরি প্রশিক্ষণ ও দক্ষ জনশক্তি রপ্তানি: বিদ্যমান টেকনিক্যাল কর্মসূচির মান বৈশ্বিক চাহিদাসম্পন্ন করে অদক্ষ শ্রমশক্তিকে উচ্চ-উৎপাদনশীল জনসম্পদে রূপান্তর করতে হবে। ৫.
উচ্চশিক্ষার আসন যৌক্তিকীকরণ ও কর্মমুখী কলেজ পুনর্গঠন: জেলা সদরের দু-একটি কলেজে আসন সীমিত রেখে অনার্স চালু রাখা এবং বাকি সব কলেজে অনার্স কোর্স বাতিল করে বাধ্যতামূলক শর্ট-টার্ম ভোকেশনাল ও টেকনিক্যাল কোর্স প্রবর্তন করতে হবে। ৬. শ্রমবাজারের চাহিদাভিত্তিক কারিকুলাম আধুনিকায়ন: প্রতি বছর সরকারি-বেসরকারি খাতের চাহিদার ওপর জাতীয় জরিপ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের আসন নির্ধারণ করতে হবে এবং যোগ্য শিক্ষক ছাড়া নতুন বিভাগ খোলা নিষিদ্ধ করতে হবে। ৭. বিসিএস-এ স্কুল শিক্ষক ক্যাডার সৃষ্টি ও পরীক্ষা সংস্কার: প্রাথমিক ও মাধ্যমিকের জন্য নতুন বিসিএস ক্যাডার সৃষ্টি করতে হবে এবং একই সাথে প্রিলিমিনারি পরীক্ষা থেকে ঔপনিবেশিক আমলের অপ্রাসঙ্গিক মুখস্থনির্ভর বিষয়াবলী বাদ দিতে হবে। ৮. স্বাধীন ও ক্ষমতাপ্রাপ্ত শিক্ষা সংস্কার কমিশন গঠন: প্রস্তাবিত নীতিসমূহ বাস্তবায়নে নীতিনির্ধারকদের বাধ্য করার আইনি ক্ষমতাসহ ১০০ দিনের মধ্যে চূড়ান্ত রূপরেখা প্রণয়নে একটি স্বাধীন ‘শিক্ষা সংস্কার কমিশন’ গঠন করতে হবে। ৯. ‘ক্যাডার যার মন্ত্রণালয় তাঁর’ নীতি ও প্রাতিষ্ঠানিক পদোন্নতির সোপান: মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতাসম্পন্নরাই নীতিনির্ধারণী পর্যায়ে নেতৃত্ব দেবেন, যেখানে প্রাথমিকে একজন সহকারী বা প্রধান শিক্ষক মেধার ভিত্তিতে ধাপে ধাপে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, অধিদপ্তরের পরিচালক ও মহাপরিচালক হয়ে চূড়ান্তভাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ‘সচিব’ পদে উন্নীত হওয়ার স্পষ্ট ও উন্মুক্ত ক্যারিয়ার গাইডলাইন পাবেন।
লেখক: সহযোগী অধ্যাপক, শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজ, রাজশাহী Email: hhafij@yahoo.com
