প্রতিদিন আমরা যখন বিভিন্ন কাজে ঘর থেকে বের হই, তখন নানা মানুষের সঙ্গে আমাদের দেখা হয়। ফুটপাতে বসে থাকা কোনো বৃদ্ধ বাবা বা মা, বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা অসুস্থ একজন মানুষ, কিংবা মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে যাওয়া কোনো আহত ব্যক্তি, এসবই আমাদের চারপাশে প্রতিদিন ঘটে চলা বাস্তব ঘটনা। অনেক সময় তারা সাহায্য চায়, আবার অনেক সময় কষ্ট নিয়েই চুপচাপ থাকে। ঠিক তখনই বোঝা যায়, মানবকল্যাণ কেবল বড় বড় কথা নয়, বরং প্রতিদিনের ছোট ছোট দায়িত্বের মধ্যেই এর আসল রূপ লুকিয়ে আছে।\r\nপ্রতিদিনের পরিচিত একটি দৃশ্য হলো, কোনো বৃদ্ধ এসে বলেন, আজ খাওয়ার টাকা নেই, শরীরও ভালো না, ঘরে সন্তানরা না খেয়ে আছে। আবার কখনো বাসে কোনো বৃদ্ধা উঠে জানালেন, তার স্বামী মারা গেছেন, সংসারে খাবারের টাকাও নেই, ঘরে সন্তানরা না খেয়ে আছে।
হয়তো আমাদের দেওয়া সামান্য সাহায্য তাদের পুরো সমস্যার সমাধান নয়, কিন্তু সেই মুহূর্তে সেটাই তাদের জন্য বড় ভরসা হয়ে ওঠে। আবার রাস্তায় দুর্ঘটনা হলে প্রায়ই দেখা যায়, অনেক মানুষ ভিড় করে দাঁড়িয়ে থাকে, কেউ ছবি তোলে, কিন্তু আহত মানুষটিকে হাসপাতালে নেওয়ার উদ্যোগ খুব কম মানুষই নেয়। অথচ তাকে নিরাপদ জায়গায় নেওয়া, পানি দেওয়া বা চিকিৎসার ব্যবস্থা করা আমাদেরই নৈতিক দায়িত্ব। অনেক সময় গরিব মানুষ বাসায় বাসায় ভিক্ষা করতে আসেন। তখন আমরা তাদের সঙ্গে দুর্ব্যবহার না করে, সাধ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করি।কখনো বাসে বা রাস্তায় কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার পাশে একটু বসা, সাহস দেওয়া, গন্তব্যে পৌঁছাতে সাহায্য করাও মানবিকতার অংশ। এমনকি প্রচণ্ড গরমে তৃষ্ণায় কাতর কোনো পশুপাখিকে একটু পানি বা খাবার দিলেও সেটাও মানবকল্যাণেরই এক রূপ।এই কাজগুলো করতে খুব বড় কিছু লাগে না, লাগে শুধু একটু সচেতন মন আর মানবিকতা। অন্যের বিপদে পাশে দাঁড়ালে যেমন তার উপকার হয়, তেমনি নিজের মনেও এক ধরনের শান্তি ও তৃপ্তি আসে। তখন মনে হয়, আজকের দিনটা সত্যিই সার্থক হলো।\r\nপূর্ব রামপুরা, ঢাকা থেকে
