চাকরির বাজারে আসা লাখ লাখ তরুণ কর্মসংস্থানের সুযোগ পাবে। উদ্যোক্তা হতে আগ্রহীদের জন্য বাধা হবে না রাঘববোয়াল। প্রয়োজনীয় ঋণ পাবেন কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। তাদের পণ্য পরিবহনে খরচ বাড়াতে পারবে না কোনো দস্যু। লাল ফিতার দৌরাত্ম্যে বঞ্চিত বা দুর্নীতিপ্রবণ সরকারি ব্যয়ের ভারে আর পিষ্ট হবে না ক্ষমতাবলয়ের বাইরের মানুষ।
ন্যায়বিচারের শাসন ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠিত হবে; সারাদেশে নতুন আশায় উজ্জীবিত জনতার মধ্যে সৃষ্টি হবে ব্যাপক কর্মচাঞ্চল্য; দেড় দশকের অপশাসনের অক্সিজেনবিহীন বাতাসের তোড়ে নিবুনিবু অর্থনীতির দীপ গণতান্ত্রিক ব্যবস্থায় নতুন করে প্রজ্বলিত হবে– নির্বাচিত বিএনপি সরকারের কাছে সমাজের নানা গোষ্ঠীর সম্মিলিত প্রত্যাশা এমনই।
নির্বাচনে বিজয়ী হওয়ার মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি ও জনকল্যাণ নিশ্চিতের চ্যালেঞ্জ নিয়েছেও বিএনপি নেতৃত্ব। আওয়ামী লীগ আমলের লাখ কোটি টাকা অর্থ পাচার, আর্থিক খাত ধ্বংস, সীমাহীন বৈষম্য, অর্থনৈতিক দুর্নীতি ও অপরাধের বিস্তার মোকাবিলার চ্যালেঞ্জ আগে থেকেই ছিল এ সরকারের জন্য। সেই সঙ্গে যুক্ত হয়েছে ইরানে মার্কিন-ইসরায়েলি আক্রমণের অভিঘাতে সৃষ্ট জ্বালানি ও অন্যান্য অর্থনৈতিক সংকট।
এ অবস্থা সত্ত্বেও নির্বাচনের মধ্য দিয়ে প্রকাশিত গণমানুষের আশাবাদ এবং জুলাই গণঅভ্যুত্থানের চালিকাশক্তি তরুণ সমাজের আকাঙ্ক্ষা মেটাতে পুরোনো অন্যায় ব্যবস্থার আমূল পরিবর্তন এবং আর্থসামাজিক সুবিধার সুষম বণ্টনের পরিবেশ সৃষ্টি অপরিহার্য। আমরা এ প্রক্রিয়ার নাম দিয়েছিলাম সংস্কার; আর তা বাস্তবায়নেও রাজনৈতিক ঐকমত্যে পৌঁছেছিলাম।
উদ্বেগের বিষয় হলো, প্রবল রাজনৈতিক সদিচ্ছা ও অসীম সাহস ছাড়া সংস্কার বাস্তবায়ন প্রায় অসম্ভব; অর্থনৈতিক সংস্কার সাধন আরও বেদনাদায়ক কাজ। বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক সমস্যা সমাধানেরও সহজ, দ্রুততর ও মিষ্টি সমাধান বা ম্যাজিক ফর্মুলা কারও কাছে নেই।
তারপরও একসময়ের নীরব সংখ্যাগরিষ্ঠ কিন্তু সামাজিক মাধ্যমের যুগে ক্ষমতায়িত আমজনতা রাজনৈতিক প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে দীর্ঘকাল অপেক্ষায় রাজি থাকবে না। চিহ্নিত সমস্যার এখনও কেন সমাধান হলো না– সে বিষয়ে রাজনৈতিক বাগাড়ম্বর কিংবা জটিল বিশ্লেষণও আশ্বস্ত করবে না আজকের অধিকাংশ ভোটার বিশেষত তরুণ প্রজন্মকে।
কার্যকর গণতন্ত্রে আর্থরাজনৈতিক সংকট বা সমস্যার সমাধান দাবি করে সাধারণ মানুষও এবং তার বিকল্প তুলে ধরেন ক্ষমতার বাইরে থাকা বিশেষজ্ঞ, সিভিল সোসাইটি এবং অবশ্যই রাজনৈতিক নেতারা। তাই পরিবর্তনের উদ্যোগ, তা নস্যাতের চেষ্টা বা কারও নিষ্ক্রিয়তার ভালো-মন্দ সব পরিণতি ক্ষমতাসীন দলসহ কোনো অংশীজনেরই এড়ানোর সুযোগ নেই।
যদি মানুষের জন্য ব্যাপক অর্থনৈতিক সুযোগ– যেমন চাকরি, উদ্যোক্তা তৈরি, গুণগত মানসম্পন্ন শিক্ষা ও মেধা বিকাশ, সকলের জন্য স্বাস্থ্যসেবা এবং সামগ্রিক জাতীয় আয় বৃদ্ধি করে সমৃদ্ধি আনতে হয়, তাহলে সরকারকে বিপুল অর্থ বিনিয়োগ করতে হবে এবং বৈপ্লবিক নীতিকে সমর্থন দিতে হবে।
এসব ক্ষেত্রে বাজেট বরাদ্দ বাড়াতে হলে রাজস্ব আয় অন্তত দ্বিগুণ হতে হবে। কারণ সরকার ইতোমধ্যে নানা ব্যয় ও ঋণের বোঝায় কিছুটা নাকাল। করসহ রাজস্ব সংগ্রহে দুর্নীতির কারণে যে পরিমাণ কর বা রাজস্ব বেহাত হয় এবং অতি চালাক ও প্রভাবশালীরা যে পরিমাণ কর ফাঁকি দেন, সেগুলো উদ্ধারের ব্যবস্থা করতে পারলে সরকার ঘাটতির বদলে উদ্বৃত্ত বাজেটই করে ফেলতে পারত।
সরকারের কর্তাব্যক্তিদের কেউ কেউ হয়তো ভাবতে পারেন, সামষ্টিক অর্থনীতির বিরাজমান দুর্দশার মধ্যে সম্প্রসারণমূলক নীতি পরিচালনা করতে গিয়ে কী দরকার নতুন বিপদ ডেকে আনার! ব্যাংক-বীমা ও আর্থিক প্রতিষ্ঠান ঠিকঠাক এবং নিয়ন্ত্রণমূলক প্রতিষ্ঠান ও দুর্নীতি দমন কমিশনের মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো অধিক কার্যকরী করলেও আবার প্রভাবশালীরা বেজার হতে পারে। তাতে অবশ্য খুশি হবে জনসাধারণ, যারা শুনেছে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে। সেটা অর্জন করতে হলে ধারাবাহিকভাবে জিডিপি হতে হবে ৯ শতাংশ; এখন তা টেনেটুনে ৪ শতাংশও নয়।
ইতিহাসের নির্মম বাস্তবতা দাঁড়িয়েছে এই, দেশের অর্থনৈতিক শাসনের ব্যাপক অবনতি হয়েছে আওয়ামী শাসনামলে। আর সেগুলো সংস্কার ও পুনর্গঠনের দায়িত্ব পড়েছে বিএনপি সরকারের ওপর। একটি ভঙ্গুর অর্থনৈতিক ব্যবস্থা নিজে থেকে ধসে পড়ার আগেই গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী সরকারের পতন হয়েছিল। বিএনপি সরকারের সামনে ওই সমস্যাগুলোর সমাধান ছাড়া অন্য পথ খোলা নেই। কারণ এগুলোর ভার বইবার শক্তি দেশীয় অর্থনীতি, রাষ্ট্র ও সমাজের আর অবশিষ্ট নেই।
তাই অর্থনৈতিক সংস্কারগুলো এগিয়ে নিতে যতই বেগ পেতে হোক; এগুলো বাস্তবায়নের বাইরে অন্য কোনো উপায়ও নেই। এগুলো সফল হবার সুফলও রাজনৈতিক সরকারের প্রতিশ্রুতি এবং জনপ্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। যা থেকে জাতি উপকৃত হতে পারে দীর্ঘকালের জন্য।
আমরা নিজেরাই এই অর্থনৈতিক সংস্কার পরিকল্পনা ও বাস্তবায়ন না করলে বিদেশিরা ‘তেতো ওষুধ খাওয়া’র পরামর্শ দিতে পারে। যেমন সংস্কারের শর্ত পূরণ না হওয়ায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল সম্প্রতি বাংলাদেশকে প্রতিশ্রুত অর্থ ছাড় করেনি। সরকারের সঙ্গে নানা আলোচনায় অনেক বিদেশি সংস্থা ও কূটনীতিকরাও সংস্কারের স্বার্থে রাজনৈতিক ঐকমত্যে তৈরি ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জোর দিয়েছেন।
যদি আমরা সংস্কারের কঠিন পথ বেছে না নিই তবে উদাহরণ হিসেবে বলি, করদাতাদের দেওয়া হাজার হাজার কোটি টাকা যাবে ঋণ জালিয়াতিতে রুগ্ণ ব্যাংকের স্বাস্থ্য ভালো করার স্কিমে। কিন্তু জনতার ভয়ে পালিয়ে যাওয়া লুটেরা অলিগার্করা ব্যাংকের মালিক হয়ে যাবেন আবারও এবং আমানতকারীরা জমানো টাকা হারানোর ভয়ে দিনরাত কাটাবেন। দুর্নীতিবাজরা দুদকের জালে ধরা পড়বে না। সাধারণ মানুষ ঘুষ না দিয়ে সরকারি সেবা দাবি করার অধিকার পাবে না।
অথচ দেশি-বিদেশি ঋণ পরিশোধ, অবকাঠামো নির্মাণ বা রক্ষণাবেক্ষণ, জ্বালানি, বিদ্যুৎ ও সার সরবরাহ করতে গিয়ে ঘাটতি অর্থায়ন এবং সরকারি যন্ত্রের ব্যয় মেটানো ও কর্মকর্তাদের বেতন প্রদানে বন্যার পানির মতো ভেসে যেতে থাকবে মানুষের কষ্টার্জিত করের অর্থ। এতে হিমাঙ্কের কোঠায় নামা জিডিপি প্রবৃদ্ধি অদূর ভবিষ্যতে স্ফুটনাঙ্কে উঠবে না।
আমরা কি আজকের দিনের অর্থনৈতিক সংগ্রামে মুখ থুবড়ে পড়ে আগামীর সমস্ত স্বপ্ন বিসর্জন দেব এবং অসহায় জনগণ মরতে মরতে বেঁচে থাকবে?
অর্থনৈতিক ব্যবস্থাপনায় ঝুঁকি নিয়ে সিদ্ধান্ত বা সংস্কার না করলে এক পর্যায়ে জনতুষ্টিমূলক রাজনৈতিক স্থিতাবস্থাও বজায় রাখা সম্ভব হয় না। এর জ্বলজ্বলে প্রমাণ ইরান যুদ্ধের ফলে দেশের জ্বালানি আতঙ্ক। যদি শুরুতেই জ্বালানি তেলের দাম যৌক্তিক পর্যায়ে বাড়ানো হতো, তাহলে মজুত বা অতিরিক্ত তেল কেনার প্রবণতা সৃষ্টি না-ও হতে পারত এবং সরকারের ক্ষতিও কম হতো। সেই দাম যখন বাড়ানো হলো যুদ্ধের দেড় মাস পর, ততক্ষণে পাম্পে লম্বা লাইন এবং জ্বালানি সংকটের অর্থনৈতিক অভিঘাত বোধগম্য হচ্ছে নানা খাতে।
নব্বইয়ের দশকে দেশের আর্থিক সংস্কারের পুরোধা অর্থমন্ত্রী এম সাইফুর রহমান একবার ইংরেজি বাংলা মিশিয়ে বলেছিলেন, ‘ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু রান আ গরিবের সংসার’। আমরা কি তাহলে গরিবের সংসারে রক্তক্ষরণ করতেই থাকব, নাকি কষ্ট স্বীকার করে পরিবর্তন আনার চেষ্টা করব?
খাজা মাঈন উদ্দিন: সাংবাদিক ও বিশ্লেষক
