বাংলাদেশে শিক্ষা বিস্তারের ইতিহাস মূলত প্রতিষ্ঠান প্রতিষ্ঠার ইতিহাস। স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে শিক্ষাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে অসংখ্য সরকারি ও বেসরকারি বিদ্যালয়, কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। এ উদ্যোগ নিঃসন্দেহে শিক্ষার সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কিন্তু আজ, স্বাধীনতার পাঁচ দশকেরও বেশি সময় পর, আমাদের সামনে একটি মৌলিক প্রশ্ন এসে দাঁড়িয়েছে: শিক্ষার প্রকৃত সংকট কি এখনো প্রতিষ্ঠানের সংখ্যা, নাকি বিদ্যমান প্রতিষ্ঠানের মান ও সক্ষমতা? দুঃখজনক হলেও সত্য, আমাদের নীতিনির্ধারণী আলোচনায় এখনো নতুন শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের দাবিই বেশি উচ্চারিত হয়। কোনো অঞ্চলে রাজনৈতিক প্রতিশ্রুতি পূরণ, স্থানীয় প্রভাবশালীদের সন্তুষ্টি কিংবা জনপ্রিয়তা অর্জনের কৌশল হিসেবে নতুন স্কুল, কলেজ কিংবা মাদরাসার অনুমোদন দেওয়া হয়। অথচ, সেই এলাকার পুরোনো বিদ্যালয়টি হয়তো শিক্ষক সংকটে জর্জরিত, বিজ্ঞানাগার নেই, গ্রন্থাগারে বই নেই, কম্পিউটার ল্যাব অচল, শ্রেণিকক্ষ জরাজীর্ণ এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ টয়লেট পর্যস্ত নেই।
এই বাস্তবতায় নতুন প্রতিষ্ঠান নয়; বিদ্যমান শিক্ষাপ্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি এখন সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় অগ্রাধিকার হওয়া উচিত। সংখ্যা নয়, মানই শিক্ষার প্রকৃত সূচক। একটি দেশের শিক্ষাব্যবস্থার সাফল্য কখনোই শুধু প্রতিষ্ঠানের সংখ্যা দিয়ে পরিমাপ করা যায় না। একটি বিদ্যালয় তখনই সফল, যখন সেখানে একজন শিক্ষার্থী নিরাপদ পরিবেশে, দক্ষ শিক্ষকের কাছ থেকে, আধুনিক পদ্ধতিতে শিক্ষা গ্রহণ করতে পারে। বিশ্বের উন্নত দেশগুলোর অভিজ্ঞতা বলে, তারা প্রতিষ্ঠান বাড়ানোর চেয়ে বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়ন, শিক্ষক উন্নয়ন, গবেষণা, প্রযুক্তি সংযোজন এবং শিক্ষার ফলাফল উন্নত করার ওপর বেশি গুরুত্ব দিয়েছে। বাংলাদেশে বর্তমানে হাজার হাজার সরকারি ও বেসরকারি বিদ্যালয়, কলেজ ও মাদরাসা রয়েছে। অনেক প্রতিষ্ঠানে পর্যাপ্ত শিক্ষার্থী নেই। কোথাও একটি শ্রেণিতে মাত্র ১০-১৫ জন শিক্ষার্থী, আবার কোথাও শিক্ষক আছেন কিন্তু পাঠদান নেই। অনেক প্রতিষ্ঠানে ভবন আছে, কিন্তু শিক্ষার প্রাণ নেই। এ অবস্থায় নতুন প্রতিষ্ঠান অনুমোদন করা মূল সমস্যার সমাধান নয়; বরং বিদ্যমান সমস্যাকে আরও জটিল করে তোলে।
বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার ক্ষেত্রে বহু বছর ধরে রাজনৈতিক বিবেচনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নির্বাচনী প্রতিশ্রুতি, রাজনৈতিক আনুগত্য কিংবা স্থানীয় চাপের কারণে অনেক প্রতিষ্ঠান অনুমোদন পেয়েছে। ফলাফল কী হয়েছে? একই এলাকায় প্রয়োজনের তুলনায় একাধিক বিদ্যালয় বা কলেজ গড়ে উঠেছে। শিক্ষার্থী ভাগ হয়ে গেছে। যোগ্য শিক্ষক পাওয়া কঠিন হয়েছে। আর্থিক সংকট বেড়েছে। অনেক প্রতিষ্ঠান বছরের পর বছর এমপিওভুক্তির অপেক্ষায় থেকেছে। আবার কোথাও শিক্ষকের পদ সৃষ্টি হয়েছে, কিন্তু প্রকৃত শিক্ষার পরিবেশ তৈরি হয়নি। শিক্ষা কখনো রাজনৈতিক পুরস্কার হতে পারে না। শিক্ষা একটি জাতীয় বিনিয়োগ। তাই শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের সিদ্ধাস্ত হতে হবে জনসংখ্যা, ভৌগোলিক প্রয়োজন, শিক্ষার্থী সংখ্যা, অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার ভিত্তিতে।
অনেকেই মনে করেন, নতুন বিদ্যালয় মানেই শিক্ষা বিস্তার। বাস্তবে বিষয়টি এত সরল নয়। যদি নতুন প্রতিষ্ঠানে দক্ষ শিক্ষক না থাকে, আধুনিক পাঠদান না হয়, বিজ্ঞানাগার না থাকে, গ্রন্থাগার না থাকে, প্রযুক্তি না থাকে, তাহলে কেবল একটি সাইনবোর্ড দিয়ে শিক্ষার উন্নয়ন সম্ভব নয়। বরং সীমিত সরকারি সম্পদ আরও বেশি প্রতিষ্ঠানের মধ্যে ছড়িয়ে পড়ায় প্রতিটি প্রতিষ্ঠানই দুর্বল হয়ে পড়ে। একটি শক্তিশালী বিদ্যালয় তৈরির জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি বিনিয়োগ। নতুন ভবন নির্মাণের চেয়ে বিদ্যমান বিদ্যালয়ের মানোন্নয়ন অনেক ক্ষেত্রে অধিক কার্যকর এবং অর্থনৈতিকভাবে লাভজনক। অস্বীকার করার উপায় নেই যে, পরিকল্পনাহীনভাবে নতুন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা অনেক সময় শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে অনিয়ম ও দুর্নীতির সুযোগ সৃষ্টি করে।
নতুন প্রতিষ্ঠান মানেই নতুন পদ সৃষ্টি। আর নতুন পদ সৃষ্টি মানেই কোথাও কোথাও নিয়োগ নিয়ে অনৈতিক লেনদেনের সুযোগ তৈরি হয়। এতে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হন, আর শিক্ষা প্রতিষ্ঠান দুর্বল হয়। যোগ্যতার পরিবর্তে অর্থ বা প্রভাব যদি নিয়োগের ভিত্তি হয়, তাহলে সেই প্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষা আশা করা যায় না। বাংলাদেশের হাজার হাজার গ্রামীণ বিদ্যালয় ও কলেজে আজও-পর্যাপ্ত শ্রেণিকক্ষ নেই; অনেক কক্ষে বর্ষাকালে পানি পড়ে; বিজ্ঞানাগার অকার্যকর; কম্পিউটার ল্যাব নেই অথবা যন্ত্রপাতি অচল; উচ্চগতির ইন্টারনেট নেই; গ্রন্থাগারে পর্যাপ্ত বই নেই; শিক্ষার্থীদের জন্য নিরাপদ টয়লেট নেই; বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই; প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো নেই। এসব সমস্যা সমাধান না করে নতুন প্রতিষ্ঠান স্থাপন কোনোভাবেই টেকসই সমাধান নয়। শিক্ষাপ্রতিষ্ঠানের সবচেয়ে বড় সম্পদ ভবন নয়; শিক্ষক। একজন দক্ষ, প্রশিক্ষিত ও অনুপ্রাণিত শিক্ষক শতাধিক শিক্ষার্থীর ভবিষ্যৎ বদলে দিতে পারেন। কিন্তু বাস্তবে বহু প্রতিষ্ঠানে দীর্ঘদিন শিক্ষক সংকট রয়েছে। আবার কোথাও বিষয়ভিত্তিক শিক্ষক নেই। অনেক শিক্ষক আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষাদানে পর্যাপ্ত প্রশিক্ষণ পাননি। নতুন বিদ্যালয় প্রতিষ্ঠার আগে প্রয়োজন-শিক্ষক প্রশিক্ষণ জোরদার করা, নিয়মিত পেশাগত উন্নয়ন, প্রযুক্তি ব্যবহারের দক্ষতা বৃদ্ধি, গবেষণামুখী শিক্ষা, জবাবদিহিমূলক মূল্যায়ন ব্যবস্থা প্রতিষ্ঠা করা।
চতুর্থ শিল্পবিপ্লবের যুগে ডিজিটাল ক্লাসরুম কোনো বিলাসিতা নয়; এটি শিক্ষার মৌলিক প্রয়োজন। একটি আধুনিক বিদ্যালয়ে থাকা উচিত-স্মার্ট বোর্ড, মাল্টিমিডিয়া প্রজেক্টর, উচ্চগতির ইন্টারনেট, ডিজিটাল কনটেন্ট, অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, ভার্চুয়াল ল্যাব সুবিধা। আজও বহু শিক্ষা প্রতিষ্ঠানে একটি কার্যকর প্রজেক্টর পর্যন্ত নেই। নতুন ভবনের পরিবর্তে ডিজিটাল অবকাঠামোতে বিনিয়োগ শিক্ষার মান বহুগুণ বাড়াতে পারে। বর্তমান বিশ্বের শ্রমবাজার প্রযুক্তিনির্ভর। কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা অ্যানালিটিক্স, রোবটিক্স, সাইবার নিরাপত্তা, প্রোগ্রামিং-এসব দক্ষতা ছাড়া ভবিষ্যতের কর্মসংস্থানে টিকে থাকা কঠিন। কিন্তু দেশের বহু মাধ্যমিক বিদ্যালয়ে কার্যকর কম্পিউটার ল্যাব নেই। প্রত্যেক বিদ্যালয়ে আধুনিক কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। গ্রন্থাগারকে ফিরিয়ে আনতে হবে শিক্ষার কেন্দ্রে। একটি ভালো বিদ্যালয়ের প্রাণকেন্দ্র তার গ্রন্থাগার। কিন্তু বহু বিদ্যালয়ে গ্রন্থাগার কেবল নামমাত্র। নতুন বই আসে না। পাঠাগার কক্ষ বন্ধ থাকে। একজন শিক্ষার্থী শুধু পাঠ্যবই পড়ে সৃজনশীল হতে পারে না। গ্রন্থাগারে সাহিত্য, বিজ্ঞান, ইতিহাস, প্রযুক্তি, দর্শন, বিশ্বসভ্যতা, জীবনী, শিশু-কিশোর সাহিত্য-বৈচিত্র্যময় বই থাকা প্রয়োজন।
অনেক সময় আমরা শিক্ষা বলতে শুধু পাঠ্যক্রম বুঝি। কিন্তু নিরাপদ টয়লেট, বিশুদ্ধ পানি এবং স্বাস্থ্যসম্মত পরিবেশও শিক্ষার অপরিহার্য অংশ। বিশেষ করে কিশোরী শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখতে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানসম্মত শ্রেণিকক্ষ প্রয়োজন। অনেক বিদ্যালয়ে এখনো পর্যাপ্ত আলো-বাতাস নেই। অতিরিক্ত গরমে কিংবা শীতকালে শ্রেণিকক্ষ পাঠদানের উপযোগী থাকে না। ভালো আসবাব, পর্যাপ্ত আলো, বায়ু চলাচল এবং প্রযুক্তিসমৃদ্ধ পরিবেশ শিক্ষার ফলাফলে সরাসরি প্রভাব ফেলে। শিক্ষা পরিকল্পনায় তথ্যভিত্তিক সিদ্ধান্ত প্রয়োজন। কোন এলাকায় নতুন প্রতিষ্ঠান প্রয়োজন, কোথায় প্রয়োজন নেই-এসব সিদ্ধান্ত তথ্য বিশ্লেষণের ভিত্তিতে হওয়া উচিত। প্রয়োজন-শিক্ষার্থী-জনসংখ্যার অনুপাত বিশ্লেষণ, বিদ্যালয়ের দূরত্ব, ভর্তি প্রবণতা, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত, অবকাঠামোর সক্ষমতা, ভবিষ্যৎ জনসংখ্যার পূর্বাভাস। পরিকল্পনাহীন সম্প্রসারণের পরিবর্তে প্রমাণভিত্তিক শিক্ষা পরিকল্পনা গ্রহণ করতে হবে। অর্থের সঠিক ব্যবহার সরকারি অর্থ সীমিত।
যদি একই অর্থ দিয়ে নতুন ভবন নির্মাণের পরিবর্তে হাজারো বিদ্যালয়ে ডিজিটাল ক্লাসরুম, কম্পিউটার ল্যাব, গ্রন্থাগার, বিজ্ঞানাগার এবং শিক্ষক প্রশিক্ষণ নিশ্চিত করা যায়, তাহলে তার সুফল বহুগুণ বেশি হবে। এটি শুধু অর্থনৈতিকভাবে নয়, শিক্ষাগতভাবেও অধিক কার্যকর। মানসম্মত শিক্ষা ছাড়া উন্নয়ন অসম্ভব বাংলাদেশ স্মার্ট অর্থনীতি, জ্ঞানভিত্তিক সমাজ এবং উচ্চ-মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার স্বপ্ন দেখছে। এই লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজন দক্ষ মানবসম্পদ। দক্ষ মানবসম্পদ তৈরি হয় না শুধু নতুন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার মাধ্যমে; বরং বিদ্যমান প্রতিষ্ঠানকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, জবাবদিহিমূলক এবং শিক্ষার্থী-কেন্দ্রিক প্রতিষ্ঠানে রূপান্তরের মাধ্যমে। এছাড়া শিক্ষায় গুণগত মানোন্নয়নে জাতীয় পর্যায়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া যেতে পারে: ১. প্রকৃত প্রয়োজন ব্যতীত নতুন বেসরকারি বিদ্যালয়, কলেজ ও মাদরাসার অনুমোদন সাময়িকভাবে স্থগিত রাখা। ২. বিদ্যমান শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। ৩. প্রত্যেক প্রতিষ্ঠানে আধুনিক ডিজিটাল ক্লাসরুম নিশ্চিত করা। ৪. কার্যকর কম্পিউটার ল্যাব ও বিজ্ঞানাগার স্থাপন। ৫. সমৃদ্ধ গ্রন্থাগার ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি চালু করা। ৬. শিক্ষক নিয়োগে শতভাগ স্বচ্ছতা ও মেধাভিত্তিক নির্বাচন নিশ্চিত করা। ৭. নিয়মিত শিক্ষক প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন বাধ্যতামূলক করা। ৮. নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও প্রতিবন্ধীবান্ধব শিক্ষা পরিবেশ গড়ে তোলা। ৯. শিক্ষা প্রতিষ্ঠানের কর্মদক্ষতা মূল্যায়নের জন্য জাতীয় মাননিয়ন্ত্রণ কাঠামো গড়ে তোলা। ১০. রাজনৈতিক বিবেচনার পরিবর্তে তথ্যভিত্তিক জাতীয় শিক্ষা পরিকল্পনা বাস্তবায়ন করা।
বাংলাদেশের শিক্ষা আজ একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এখন আমাদের সিদ্ধাস্ত নিতে হবে-আমরা কি কেবল আরও নতুন সাইনবোর্ড তৈরি করব, নাকি বিদ্যমান শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সত্যিকার অর্থে জ্ঞানচর্চার প্রাণকেন্দ্র্রে রূপান্তর করব? নতুন প্রতিষ্ঠান স্থাপন সব সময় অপ্রয়োজনীয়-এমন দাবি করা যায় না। দুর্গম চরাঞ্চল, পাহাড়ি অঞ্চল, হাওর-বাঁওড়, দ্বীপাঞ্চল বা যেখানে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকৃত ঘাটতি রয়েছে, সেখানে নতুন প্রতিষ্ঠান অবশ্যই প্রয়োজন। কিন্তু যেখানে ইতোমধ্যে পর্যাপ্ত প্রতিষ্ঠান রয়েছে, সেখানে রাজনৈতিক বিবেচনায় নতুন প্রতিষ্ঠান স্থাপন জাতীয় সম্পদের অপচয়, শিক্ষার মানের অবনতি এবং প্রশাসনিক দুর্বলতা সৃষ্টি করতে পারে।
আজ সবচেয়ে বড় প্রয়োজন হলো-বিদ্যমান বিদ্যালয়, কলেজ ও মাদরাসাগুলোকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, গবেষণামুখী এবং মানসম্মত প্রতিষ্ঠানে পরিণত করা। প্রতিটি শ্রেণিকক্ষকে স্মার্ট ক্লাসরুমে রূপান্তর করতে হবে; প্রতিটি গ্রন্থাগারকে জ্ঞানভাণ্ডারে, প্রতিটি বিজ্ঞানাগারকে অনুসন্ধানের কেন্দ্রে এবং প্রতিটি কম্পিউটার ল্যাবকে ভবিষ্যতের দক্ষতা অর্জনের কর্মশালায় পরিণত করতে হবে। শিক্ষককে হতে হবে এই রূপান্তরের মূল চালিকাশক্তি। শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি নয়, শিক্ষার গুণগত উৎকর্ষই হওয়া উচিত রাষ্ট্রের অগ্রাধিকার। কারণ একটি মানসম্মত বিদ্যালয় শতাধিক সাধারণ বিদ্যালয়ের চেয়ে বেশি প্রভাব সৃষ্টি করতে পারে। একটি দক্ষ শিক্ষক প্রজন্ম বদলে দিতে পারেন। একটি সমৃদ্ধ গ্রন্থাগার হাজারো শিক্ষার্থীর চিন্তার জগৎ খুলে দিতে পারে। আর একটি আধুনিক ডিজিটাল শ্রেণিকক্ষ ভবিষ্যতের বাংলাদেশ নির্মাণে অসংখ্য উদ্ভাবকের জন্ম দিতে পারে। শিক্ষার প্রকৃত উন্নয়ন নতুন ভবন নির্মাণে নয়, নতুন চিন্তার নির্মাণে। তাই সময়ের দাবি-নতুন শিক্ষা প্রতিষ্ঠান নয়; বিদ্যমান শিক্ষা প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি, মানোন্নয়ন এবং শিক্ষার গুণগত রূপান্তর। এ পথেই গড়ে উঠতে পারে একটি দক্ষ, মানবিক, উদ্ভাবনী ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ।
লেখক: উপাচার্য, নওগাঁ বিশ্ববিদ্যালয়
