নিউ ইসরাইল শব্দবন্ধটি শুধু একটি ধর্মীয় রূপক নয়। এটি পশ্চিমা সভ্যতার আত্মপরিচয়ের গভীরে প্রোথিত এক রাজনৈতিক ও সাংস্কৃতিক দর্শন। এর সূচনা হয় ১৬শ শতকের ইউরোপে, যখন প্রোটেস্ট্যান্ট রিফরমেশন বা সংস্কার আন্দোলনের মাধ্যমে ক্যাথলিক চার্চের একচ্ছত্র কর্তৃত্বকে চ্যালেঞ্জ জানানো হয়। এই আন্দোলনের পুরোধা ছিলেন জার্মান ধর্মতাত্ত্বিক মার্টিন লুথার (Martin Luther)। তিনি ঘোষণা করেন যে, সত্যিকার বিশ্বাস ঈশ্বর ও মানুষের সরাসরি সম্পর্কের ওপর ভিত্তি করে গঠিত। পোপ বা চার্চের অনুমোদনের ওপর নয়। লুথারের এই বিদ্রোহ ধর্মীয় সংস্কারের পাশাপাশি এক গভীর রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের সূচনা করে। মানুষের মধ্যে জন্ম নেয় নতুন এক আত্মবিশ্বাস। তারা নিজেরাই God s Chosen People, অর্থাৎ, ঈশ্বরের নির্বাচিত জাতি।
যাদের ওপর দুনিয়াকে ন্যায়ের পথে পরিচালিত করার দায়িত্ব অর্পিত হয়েছে।\r\nএই ধারণা শুধু ধর্মীয় বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এটি ধীরে ধীরে ইউরোপীয় মানসিকতার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। প্রোটেস্ট্যান্ট ধর্মবিশ্বাসীদের মধ্যে ছড়িয়ে পড়ে। তাদের ঈশ্বর নিজ হাতে বেছে নিয়েছেন মানবসভ্যতাকে আলো ও ন্যায়ের পথে নিয়ে যাওয়ার জন্য। এই ভাবধারাই পরবর্তী শতকগুলোতে এক নতুন সাংস্কৃতিক ও রাজনৈতিক চেতনা সৃষ্টি করে, যা New Israel -এর বীজ রোপণ করে। ১৭শ শতকে ইউরোপের এই প্রোটেস্ট্যান্ট চিন্তা বাস্তব রূপ পায় যুক্তরাষ্ট্রের মাটিতে। যখন ইংল্যান্ড থেকে ধর্মীয় স্বাধীনতার সন্ধানে পিউরিটান (Puritans) গোষ্ঠী নতুন ভূমিতে পাড়ি জমায়। তারা নিজেদের ধর্মীয় আদর্শকে নতুন পৃথিবীতে বাস্তবায়নের স্বপ্ন দেখেছিল।
একটি এমন সমাজ গঠনের, যা পাপমুক্ত, পবিত্র এবং ঈশ্বরের অনুগ্রহে পরিচালিত হবে। সেই সমাজ হবে মানবতার জন্য এক আদর্শ মডেল। একটি new covenant বা নতুন চুক্তি ঈশ্বর ও মানুষের মধ্যে।\r\nএই পিউরিটান চিন্তাধারার সবচেয়ে শক্তিশালী প্রকাশ ঘটে ১৬৩০ সালে। যখন জন উইনথ্রপ (John Winthrop) তার বিখ্যাত ভাষণ A Model of Christian Charity তে বলেন, We shall be as a city upon a hill; the eyes of all people are upon us. অর্থাৎ, আমরা হব পাহাড়ের ওপর এক নগরী, যাকে সমগ্র পৃথিবী পর্যবেক্ষণ করবে। এই বক্তব্যে লুকিয়ে ছিল এক গভীর প্রতীকবোধ। উইনথ্রপের City upon a Hill কেবল ধর্মীয় আদর্শ নয়, বরং রাজনৈতিক ভবিষ্যদ্বাণীও ছিল। তার এই ঘোষণা প্রমাণ করে যে, তারা নিজেদের শুধু ধর্মীয় সমাজ হিসেবে নয়, বরং এক নির্বাচিত জাতি হিসেবে দেখছিল। যাদের কর্তব্য ঈশ্বরের নির্দেশে মানবজাতির জন্য নৈতিক ও রাজনৈতিক আদর্শ স্থাপন করা।\r\nএই বিশ্বাসই পরবর্তীকালে যুক্তরাষ্ট্রের জাতীয় চেতনার কেন্দ্রে জায়গা করে নেয়। নতুন পৃথিবীতে বসতি স্থাপনকারী ইউরোপীয়রা নিজেদের দেখল ইসরাইলিদের মতো। যারা মিসর থেকে মুক্তি পেয়ে প্রতিশ্রুত ভূমিতে প্রবেশ করছে। ইংল্যান্ড ছিল তাদের কাছে Egypt of corruption, আর যুক্তরাষ্ট্র সেই Promised Land, যেখানে তারা ঈশ্বরের সত্য ধর্ম ও ন্যায়ের রাজ্য প্রতিষ্ঠা করবে। সেই থেকে আমেরিকার রাজনৈতিক সংস্কৃতি ও জাতীয় বয়ানে ঘবি New Israel ধারণা এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়।
