শুভ প্রবারণা পূর্ণিমা বৌদ্ধদের একটি আনন্দময় উৎসব। ত্রৈমাসিক বর্ষাব্রত পালন শেষে প্রবারণা পূর্ণিমা আসে শারদীয় আমেজ নিয়ে। এটি সার্বজনীন উৎসব। আকাশে ওড়ানো হয় নানা রকম রঙিন ফানুস। নদীতে ভাসানো হয় হরেক রকমের প্যাগোডা আকৃতির জাহাজ। সবাই আনন্দে মাতোয়ারা হয়ে নানা রকমের কীর্তন গেয়ে আনন্দ প্রকাশ করে। এ পূর্ণিমায় বৌদ্ধদের তিন মাসব্যাপী আত্মসংযম ও শীল-সমাধি প্রজ্ঞা সাধনার পরিসমাপ্তি ও পরিশুদ্ধতার অনুষ্ঠান বলে বৌদ্ধ ইতিহাসে এ পূর্ণিমার গুরুত্ব অপরিসীম। ফলে এ পূর্ণিমা বৌদ্ধদের কাছে দ্বিতীয় বৃহত্তম উৎসবে রূপ পেয়েছে।
আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা; এ তিন মাস বৌদ্ধদের কাছে বর্ষাবাস বা ব্রত অধিষ্ঠান হিসেবে পরিচিত। বর্ষার সময় বৌদ্ধ ভিক্ষুদের চলাচলে অসুবিধা হচ্ছে দেখে ভগবান বুদ্ধ ভিক্ষু সংঘকে তিন মাস বিহারে অবস্থান করে শীল সমাধি প্রজ্ঞা বা প্রজ্ঞা সাধনা করার জন্য বিনয় প্রজ্ঞাপন করেন। সেই থেকে তিন মাস বর্ষাব্রত অধিষ্ঠান পালনের শুরু। গৃহী বৌদ্ধরাও এ তিন মাস ব্রত পালন করে থাকেন। এ তিন মাস ব্রত পালনের পরিসমাপ্তিই প্রবারণা।
প্রবারণার আনন্দ সবাই ভাগাভাগি করে নেয়। প্রবারণার অর্থ আশার তৃপ্তি, অভিলাষ পূরণ, ধ্যান সমাধির শেষ বোঝালেও বৌদ্ধ বিনয় পিটকে ত্রুটি বা নৈতিক স্খলন নির্দেশ করাকে বোঝায়। ভগবান বুদ্ধ প্রথম পাঁচজন ভিক্ষুকে নিয়ে প্রবারণা বিধান চালু করেন।
ভগবান বুদ্ধের জীবনে দেখা যায়, আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাস তাবতিংস স্বর্গে অবস্থান করে তাঁর মাতৃদেবী প্রমুখ এবং অসংখ্য দেবদেবী অভিধর্ম দেশনা করে সাংকাশ্য নগরে অবতরণ করেন এবং প্রবারণার দিনে ৬০ জন ভিক্ষুকে বহুজনের হিত ও মঙ্গলের জন্য দিকে দিকে বিচরণ করে সদ্ধর্ম বা সত্য ধর্ম প্রচার করার নির্দেশ দেন– ‘হে ভিক্ষুগণ! তোমরা দিকে দিকে বিচরণ করো; বহুজনের হিতের জন্য, বহুজনের সুখের জন্য, জগতের প্রতি অনুকম্পা প্রদর্শনের জন্য। দেব ও মানবের আত্মহিত এবং সুখের জন্য। কিন্তু দুজন এক পথে যেও না। তোমরা দেশনা করো আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ, অন্তে কল্যাণ। সদ্ধর্মকে প্রকাশিত করো অর্থ ও ব্যঞ্জনযুক্ত, কৈবল্যময় পরিশুদ্ধ ব্রহ্মচর্য।’ প্রবারণা পূর্ণিমার পরদিন থেকে ভিক্ষুরা দিকে দিকে ছড়িয়ে পড়েন সর্দ্ধম প্রচার ও প্রকাশ করতে। তারা বুদ্ধের সাম্য ও মৈত্রীর বাণী অন্তরে ধারণ করে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়েন। ভগবান বুদ্ধ যে ধর্ম প্রচার করার জন্য ভিক্ষুদের নির্দেশ দেন, তা সাম্য ও মৈত্রীতে পূর্ণ। বুদ্ধের ধর্ম প্রচারের উদ্দেশ্যই হলো সকল প্রাণীর সুখ ও অহিংসা প্রতিষ্ঠা। বুদ্ধের অহিংসার শিক্ষাগুলো হলো এই মৈত্রী। বিশ্বের সকল প্রাণীর প্রতি প্রীতিবোধপ্রণোদিত আচরণ হলো মৈত্রীর চর্চা। কীভাবে অহিংসিত হয়ে অবস্থান করবেন, তা আর্য অষ্টাঙ্গিক মার্গে সুস্পষ্ট নির্দেশনা দেন। সম্যক সংকল্পে হিংসা-বিদ্বেষ পরিহারের নির্দেশ আছে। সম্যক বাক্যে পরনিন্দা ও অপ্রিয় ভাষণ; সম্যক কর্মে অহিংস আচরণ; সম্যক আজীবে পঞ্চশীল নীতির যাতে বত্যয় না ঘটে। আজ মৈত্রীচর্চার অভাবে মানুষ মানুষকে নির্বিচারে হত্যা করছে; প্রাণী হত্যা তো মামুলি।
বর্তমান ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে মানুষের জীবন ক্রমাগত কঠিন হয়ে উঠেছে। বুদ্ধের অহিংসা হলো শুধু প্রাণী হিংসা থেকে বিরত থাকা নয়; সকলের প্রতি প্রীতি বহন করা, কল্যাণ চিন্তা করা, পরার্থে আত্মনিবেদিত থাকা। বুদ্ধের মতো এমন আত্মত্যাগীর পক্ষে সম্ভব প্রাণীর প্রতি করুণাঘন হৃদয় বিতরণ করা। পৃথিবীকে আমরা মৈত্রী হৃদয়ে ভরিয়ে দিই।
ভিক্ষু সুনন্দপ্রিয়: ‘সৌগত’-এর সম্পাদক; আন্তর্জাতিক বৌদ্ধ বিহার, বাড্ডা, ঢাকার উপাধ্যক্ষ sougata95@gmail.com
