বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমের উপকূলীয় অঞ্চলে লবণাক্ততার প্রকট প্রভাব সেই শতাব্দীকাল থেকে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, অপরিকল্পিত চিংড়ি চাষের ব্যাপক বিস্তার, শুষ্ক মৌসুমে নদীর প্রবাহ কমে যাওয়ায় মিঠা পানি ও লবণ পানির ভারসাম্যহীনতা পরিবেশগত সার্বিক বিপর্যয়ে এ সংকট দিনকে দিন বেড়েই চলছে। এমন প্রাকৃতিক বিরূপ বাস্তবতায় প্রকৃতির এক অপার উপহার সুন্দরবনের বাংলাদেশ অংশে মাটির গভীরে ‘আর১’ এবং ‘আর২’ নামে মিঠাপানির দুটি বিশাল স্তর।

গবেষণায় দেখা গেছে, বৃহৎ ‘আর১’ স্তরটি প্রায় ৮০০ মিটার মাটির গভীরে এবং ৪০ কিলোমিটারব্যাপী বিস্তৃত। ‘আর২’ সর্বোচ্চ ২৫০ মিটার গভীরে, তুলনামূলক গভীরতা কম। ১০ হাজার বর্গকিলোমিটারজুড়ে গড়ে ওঠা দুর্যোগ মোকাবিলায় প্রাকৃতিক ভ্যানগার্ড সুন্দরবনের ৬ হাজার ১৭ বর্গকিলোমিটার বাংলাদেশ ভূখ-ে এবং বাকি অংশ ভারতের অন্তর্ভুক্ত। বিজ্ঞানীদের গবেষণায় দেখা গেছে, এই দুই জলাধারের মাঝখানে ২০ কিলোমিটার-প্রস্থের একটি লবণাক্ত অঞ্চলও রয়েছে, যার নাম ‘সি১’। এ স্তরটি ভূতাত্ত্বিক বিশ্লেষণে আরও গুরুত্ব বহন করে। সুন্দরবনের উত্তরাংশে অবস্থিত এই পরিবাহী স্তরটি শেষ বরফযুগে গঠিত পুরনো গঙ্গা নদীর খাতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সদ্য আবিষ্কৃত এই গভীর জলাধারগুলো উপকূলীয় সাধারণ ভূগর্ভস্থ পানির চেয়ে আলাদা।

কারণ, এগুলো প্রাচীন ও ভিন্ন পরিবেশগত পরিস্থিতিতে গঠিত হয়েছিল। বিজ্ঞানীরা এগুলোকে ‘প্যালিওওয়াটার’ বা প্রাচীন পানি বলছেন, যা কয়েক হাজার বছর আগে শেষ বরফ যুগের সময় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ছিল কম, তখন এই মিষ্টি পানি মাটির নিচে জমা হয়েছিল। সময়ের হাত ধরে এই জলাধারের ওপর মিহি কাদা ও শক্ত মাটির স্তর জমে প্রাকৃতিকভাবে ‘সিলগালা’ হয়ে যায়, যা নোনা পানির মিশ্রণ থেকে একে রক্ষা করেছে। তবে সুন্দরবনের ভূগর্ভে পানি পাওয়া গেলেও তা ইচ্ছামতো উত্তোলন করা যাবে না। এটি ব্যবহার করতে হবে সীমিত সম্পদ হিসেবে। ইতোমধ্যে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানির সংকট প্রকট আকার ধারণ করেছে। যা উপকূলবাসীর স্বাস্থ্যসেবা, জনজীবন, কৃষি, মৎস্য উৎপাদন ও পরিবেশের ওপর গভীর নেতিবাচক প্রভাব ফেলছে। এই আবিষ্কার সংকট লাঘবে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। নিঃসন্দেহে এটি গোটা জাতির জন্য এক অনন্য সুসংবাদ, নতুন আশার আলো। তবে মিঠা পানির এই প্রাকৃতিক উৎসকে সুবিধাভোগীদের দৈনন্দিন জীবনে কাজে লাগাতে প্রয়োজন সর্বোচ্চ সতর্কতাসহ বৈজ্ঞানিক পরিকল্পনা এবং আন্তঃসংস্থাগত ও সমন্বিত কর্মকৌশল প্রণয়ন ও বাস্তবায়ন।

বিজ্ঞানীরা মনে করছেন, সুন্দরবনের পরিবেশগত ভারসাম্য রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। এই বন শুধু দেশের নয়, বিশ্ব সম্পদ। এখানে যে কোনো প্রকৌশগত কার্যক্রমের পরিবেশগত ঝুঁকি বহুমাত্রিক এবং সুদূর প্রসারি। আমরা মনে করি, সরকারকে একটি দীর্ঘমেয়াদি ‘ডিপ অ্যাকুইফার ম্যানেজমেন্ট প্ল্যান’ প্রণয়ন করতে হবে। কোথায়, কোন মাত্রায় কী পরিমাণ পানি উত্তোলন করলে ভূগাঠনিক কৌশলে নিরাপদ হবে- সেটি হতে হবে উন্নত হাইড্রোজিওলজিকাল মডেল ও নিয়মিত পর্যবেক্ষণের ভিত্তিতে। স্থানীয় জনগোষ্ঠীর জন্য সমান্তরালভাবে বৃষ্টির পানি সংগ্রহ, পুকুর পুনর্গঠন, লবণমুক্তকরণ প্রযুক্তি ও পাইপড ওয়াটার সাপ্লাই বাড়াতে হবে। যাতে গভীর ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমে যায়।