বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, বন্যা, খরা, লবণাক্ততার বিস্তারÑসবকিছু মিলিয়ে এ দেশের উপকূলীয় অঞ্চল বর্তমানে গভীর হুমকির মুখে। এই বাস্তবতা মোকাবিলায় সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতায় নেওয়া হয়েছে জলবায়ু-সংক্রান্ত নানা প্রকল্প। এসব প্রকল্পে দুর্নীতি, স্বজনপ্রীতি এবং অদক্ষ ব্যবস্থাপনার অভিযোগ দীর্ঘদিনের।

নিজস্ব তহবিলে জলবায়ুর ক্ষয়ক্ষতি মোকাবিলায় সরকারের গঠন করা বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্টের (বিসিসিটি) ৮৯১টি প্রকল্পে ২ হাজার ১১০ কোটি টাকার দুর্নীতির তথ্য পেয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। দুর্নীতি নিয়ে কাজ করা এ সংস্থাটির হিসাবে ২০১০-২০২৪ সাল পর্যন্ত বিসিসিটি ৮৯১টি প্রকল্পের ৫৪ শতাংশের বেশি অর্থ অনিয়ম-দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ হয়েছে। জলবায়ু প্রকল্পের দুর্নীতি শুধু অর্থনৈতিক নয়, এটি নৈতিক ও মানবিক বিপর্যয়। কারণ, যে অর্থ দিয়ে ক্ষতিগ্রস্ত কৃষককে পুনর্বাসন করা যেত বা উপকূল রক্ষা বাঁধ আরও মজবুত করা সম্ভব ছিল, তা যদি প্রকল্পের সঙ্গে জড়িতদের পকেটে যায়, তবে এর পরিণতি হয় ভয়ঙ্কর। আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো বাংলাদেশকে সহায়তা দিতে আগ্রহী। কিন্তু বারবার দুর্নীতির অভিযোগে সেই আস্থা কমে যাচ্ছে।

ফলে ভবিষ্যতে জলবায়ু অর্থায়নও সংকটে পড়তে পারে। এখনই প্রয়োজন কঠোর জবাবদিহি নিশ্চিত করা। প্রতিটি জলবায়ু প্রকল্পের আর্থিক ও কার্যকরী অগ্রগতি নিয়মিতভাবে পর্যালোচনা করতে হবে। স্বাধীন তদারকি সংস্থা বা নাগরিক সমাজের অংশগ্রহণে ‘ক্লাইমেট অডিট বোর্ড’ গঠন করা যেতে পারে। প্রকল্প অনুমোদনের আগে স্থানীয় জনগণের মতামত ও প্রয়োজন নির্ধারণ জরুরি, যাতে প্রকৃত প্রয়োজনের বাইরে তহবিল নষ্ট না হয়। একইসঙ্গে অনলাইন ডাটাবেইজে প্রতিটি প্রকল্পের অগ্রগতি, খরচের হিসাব ও উপকারভোগীর নাম প্রকাশ করলে স্বচ্ছতা বাড়বে। মানব কার্যক্রম থেকে নির্গত গ্রিনহাউস গ্যাসের ক্রমাগত বৃদ্ধি দীর্ঘমেয়াদি উষ্ণায়নের প্রধান কারণ হিসেবে কাজ করছে। দেশের অর্থনীতি প্রধানত কৃষিনির্ভর। তাপমাত্রা বৃদ্ধির ফলে ফসলের উৎপাদনশীলতা দিন দিন হ্রাস পাচ্ছে। ২০৫০ সালের মধ্যে ঘূর্ণিঝড়ের সংখ্যা দ্বিগুণ হওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে দেশের ১৭ শতাংশ ভূমি সমুদ্রপৃষ্ঠের নিচে চলে যেতে পারে এবং প্রায় ২০ মিলিয়ন মানুষ হতে পারে বাস্তুচ্যুত, যা সামাজিক ও অর্থনৈতিক সংকট সৃষ্টি করবে। জলবায়ু পরিবর্তনের ক্ষতি থামানো না গেলেও এর প্রভাব কমানো সম্ভবÑযদি আমরা সুশাসন প্রতিষ্ঠা করতে পারি।

দুর্নীতির কারণে যে প্রকল্পগুলো অকার্যকর হয়ে যাচ্ছে, সেগুলোর জবাবদিহি নিশ্চিত করলেই কেবল আন্তর্জাতিক সহযোগিতা ও জনগণের আস্থা ফিরে আসবে। বাংলাদেশের ভবিষ্যৎ টিকে আছে প্রকৃতির সঙ্গে লড়াইয়ের যুদ্ধে। সেই যুদ্ধ জিততে হলে প্রথম শত্রু হিসেবে মোকাবিলা করতে হবে দুর্নীতিকে। কারণ, এটি শুধু অর্থ নয়, আশা ও মানবতারও অবক্ষয় ঘটায়।