জানুয়ারি থেকে আন্তর্জাতিক সাহায্যে যুক্তরাষ্ট্রের ভূমিকা উল্টে গেছে। এ সংক্রান্ত প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেছে, নীতিমালা বিপরীতমুখী এবং তহবিল কমেছে। মার্কিন নীতি, আন্তর্জাতিক সহায়তা ব্যবস্থা অথবা বিশ্বের দরিদ্রতম দেশগুলোর জন্য ভবিষ্যতে কী অপেক্ষা করছে, তা এখন স্পষ্ট নয়। আমরা কেবল জানি, একটি বিশাল শূন্যস্থান পূরণ করতে হবে।

পরিস্থিতি খুবই গুরুতর। বিশ্বব্যাংক সম্প্রতি এ সংক্রান্ত তাদের পরিসংখ্যান সংশোধন করে জানিয়েছে, অতি দরিদ্রের সংখ্যা ৮৩ কোটি ১০ লাখে উন্নীত হয়েছে, যা বিশ্ব জনসংখ্যার প্রায় ১০ শতাংশ। বিশ্বের অতিদরিদ্র মানুষের অর্ধেকেরও বেশি সংখ্যক এখন ভঙ্গুর, সংঘাতপ্রবণ রাষ্ট্রে বাস করে। পূর্বাভাস দেওয়া হচ্ছে, আগামী পাঁচ বছরে এটা দুই-তৃতীয়াংশে পৌঁছাবে। এই দেশগুলোর প্রায় ৪০ শতাংশ জনসংখ্যা ইতোমধ্যে দৈনিক তিন ডলারের কম আয়ে জীবনযাপন করে, যেখানে অন্যান্য উন্নয়নশীল অর্থনীতির দেশে এ হার ৬ শতাংশ।

এ প্রেক্ষাপটে আমার সংস্থা ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির (আইআরসি) সাহায্য সবচেয়ে বেশি প্রয়োজন, এমন দেশের সংখ্যা নির্ধারণে কাজ করেছে। আমরা ১৩টি দেশের একটি তালিকা তৈরি করেছি, যেখানে বিশ্বের বৃহত্তম মানবিক সংকটগ্রস্ত এলাকা হিসেবে সুদান চিহ্নিত। যদিও বিশ্বের চরম দারিদ্র্যপীড়িত ২৯ শতাংশ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশে বাস করে; আন্তর্জাতিক সাহায্যের মাত্র ৯ শতাংশ তাদের ভাগ্যে জোটে। এর মানে, এখানে ৩৫ বিলিয়ন ডলারের তহবিল ঘাটতি।

২০২২ সালে রাশিয়া ইউক্রেনে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরুর পর থেকে ইউক্রেন বিশ্বের বৃহত্তম সাহায্য গ্রহীতা হয়ে উঠেছে। তা ছাড়া ইউরোপীয় দেশগুলো ‘বিদেশি সাহায্য’ হিসেবে শ্রেণিবদ্ধ তহবিলগুলো ক্রমবর্ধমান হারে নিজ নিজ দেশের শরণার্থীদের পেছনে ব্যয় করছে। এসব ব্যয় এখন মোট বৈশ্বিক সহায়তা বিলের প্রায় ১৪ শতাংশ, যা মানবিক সাহায্য হিসেবে বরাদ্দকৃত অর্থের প্রায় সমান।

সুতরাং মার্কিন তহবিল হ্রাস না হলেও বৈশ্বিক সাহায্য খাত কীভাবে কাজ করে তা নিয়ে নতুন চিন্তাভাবনা করার দরকার হতো। প্রথমত, আমাদের অনুদান তহবিল বরাদ্দের ক্ষেত্রে যা বিশ্বব্যাপী সাহায্য খাতে বরাদ্দের ৯০ শতাংশেরও বেশি (বাকি ১০ শতাংশ অল্প সুদে ঋণ) দরিদ্রতম অঞ্চলের দরিদ্রতম মানুষের গুরুত্ব দেওয়া উচিত। এর অর্থ হলো, ভঙ্গুর ও সংঘাত-কবলিত রাষ্ট্রগুলোতে বসবাসকারী প্রায় ৫০ শতাংশ চরম দরিদ্র এবং সেই দেশগুলোতে যাওয়া বিশ্বব্যাপী সাহায্য বাজেটের ২৫ শতাংশের মধ্যে অসংগতি দূর করা।

দ্বিতীয়ত, আমাদের তথ্য-উপাত্তভিত্তিক কার্যকর বলে প্রমাণিত– সাশ্রয়ী কর্মসূচিতে সম্পদ ব্যয় করতে হবে। যেমন পূর্ব আফ্রিকায় আইআরসি সম্প্রদায়ভিত্তিক টিকা অভিযানের পথপ্রদর্শক, যেখানে আমরা প্রতিটি জনগোষ্ঠীর জন্য দুই ডলারের বিনিময়ে ২০ মিলিয়নেরও বেশি ডোজ সরবরাহ করেছি। তৃতীয়ত, আমাদের কর্মসূচি, অর্থায়ন এবং বিতরণে আরও নতুন নতুন জিনিস যুক্ত হওয়া প্রয়োজন। উদাহরণস্বরূপ, আইআরসি এখন আফ্রিকায় মাঙ্কিপক্স রোগ নির্ণয়ের সময় দুই সপ্তাহ থেকে কমিয়ে পাঁচ মিনিটে আনার জন্য এআই ব্যবহার করছে। আমরা আরও দেখিয়েছি, কীভাবে প্রযুক্তিটি সংঘাত ও দুর্যোগের কারণে শিক্ষা ব্যাহত হওয়া শিশুদের জন্য চিত্তাকর্ষক শিক্ষার ফল অর্জনে সহায়তা করতে পারে।

চতুর্থত, আমলাতন্ত্রের জটিলতা কমিয়ে আনা, নমনীয়তা বৃদ্ধি, অর্থের মূল্যবৃদ্ধি এবং উদ্ভাবনকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের কেবল তথ্য সরবরাহ নয়, ফলাফলের জন্য জবাবদিহি প্রয়োজন। সরকার এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সুইডেনের উদাহরণ অনুসরণ করা উচিত, যা আমাদের প্রাপ্ত ফলের জন্য জবাবদিহির মুখোমুখি করে।

পঞ্চমত, আমাদের সাহায্যের বোঝাটাকে বিশ্ব অর্থনীতির উপাদানগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। বিশ্বব্যাপী আয়ের ২৫ শতাংশ যুক্তরাষ্ট্রের, কিন্তু বৈদেশিক সাহায্যে দেশটির অবদান তার জাতীয় আয়ের মাত্র শূন্য দশমিক ২২ শতাংশ, যা সাম্প্রতিক কাটছাঁটের পরে আরও কমে যাবে। আজ সংঘাতপূর্ণ অঞ্চলে তীব্র অপুষ্টিতে ভোগা ৮০ শতাংশ শিশু চিকিৎসা পায় না; প্রসবকালীন মাতৃমৃত্যুর ৬০ শতাংশ ভঙ্গুর রাষ্ট্রগুলোতে ঘটে। মানব জাতির কাছে তার ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে ভালো করার জন্য আরও বেশি সম্পদ রয়েছে। তাই আমরা কতটা বুদ্ধিমত্তার সঙ্গে সেগুলো ব্যবহার করছি, সেটাই গুরুত্বপূর্ণ।

ডেভিড মিলিব্যান্ড: ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির সভাপতি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা, কাউন্টার কারেন্সট.ওআরজি থেকে ভাষান্তর ইফতেখারুল ইসলাম।