কিউবার রাজধানী হাভানায় এক অপরিচিত নীরবতার সাক্ষী হলাম গত ৫ জানুয়ারি। এখানে আমরা একটি গবেষণার কাজে এসেছি। আমরা যখন শহরের মধ্য দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলাম, তখন রাস্তাগুলো ছিল প্রায় জনশূন্য। দুদিন আগে কারাকাসে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে আটক করে মার্কিন সেনারা। এতে ৩২ জন কিউবান সৈন্য নিহত হন। এটি ছিল তাদের জন্য জাতীয় শোকের প্রথম দিন। ৪৮ ঘণ্টা ধরে কিউবানরা শোক পালন করে, কেউ কেউ তাদের ‘আগ্রাসনকারীদের বিরুদ্ধে লড়াকু বীর’ হিসেবে বর্ণনা করে।
ভয়াবহ নীরবতা ছাড়া হাভানার আর কিছুই বদলায়নি। রাস্তার বিক্রেতারা এখনও অর্ধেক দামের সিগার ও অল্প খরচে ভ্রমণের প্রস্তাব দিয়ে পর্যটকদের আকৃষ্ট করার চেষ্টা করে। বিদ্যুৎ বিভ্রাটের চাপে জেনারেল হাসপাতালের নিয়ন বাতিগুলো জ্বলে আর নেভে। মধ্য হাভানার একসময়ের বিশাল, এখন ভেঙে পড়া ভবনগুলোর সম্মুখভাগ ধুলোর ঘন স্তরে ঢাকা থাকে। ৩ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ‘আমি যদি হাভানায় সরকারের দায়িত্বে থাকতাম, তাহলে আমি উদ্বিগ্ন হতাম।’ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখনই কিউবাকে তাঁর সরকারের সঙ্গে ‘একটি চুক্তি’ করার আহ্বান জানিয়েছেন; অন্যথায় তাদের কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে জানিয়েছিলেন।
কারাকাসে মার্কিন আক্রমণের পুনরাবৃত্তি এখানেও ঘটতে পারে এই আশঙ্কা নিয়ে কেউ বিশেষভাবে চিন্তিত বলে মনে হচ্ছে না। আমাদের ট্যাক্সিচালক আন্তোনিও ফাঁকা রাস্তা দিয়ে গাড়ি চালাতে চালাতে বলেন, ‘তারা সবসময় আমাদের অবমূল্যায়ন করেছে।’ তিনি কিউবানদের মধ্যে প্রচলিত গর্বের সঙ্গে মন্তব্য করেন এবং ১৯৬১ সালে ভেনেজুয়েলায় মার্কিন সমর্থিত বে অফ পিগস বাহিনী ব্যর্থ হওয়ার কথা স্মরণ করেন। তাঁর মতে, ‘এটা এখানে ঘটবে না, কিউবানরা আলাদা ধাঁচের মানুষ।’
তিনি ভেনেজুয়েলার রাজনৈতিক বিশ্বাসঘাতকতার ইতিহাসের কথা তোলেন। এর মধ্যে রয়েছে উনিশ শতকের গোড়ার দিকে স্বাধীনতার নেতা সাইমন বলিভারের বিরুদ্ধে ষড়যন্ত্র, ২০০২ সালে সাবেক প্রেসিডেন্ট হুগো শাভেজের বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টা এবং এখন মাদুরোর অপসারণ, যা স্পষ্টতই তাঁর ঘনিষ্ঠ কেউ বিশ্বাসঘাতকতা করেছে বলে ঘটেছে। আন্তোনিও জোর দিয়ে বলেন, কিউবানরা বিপ্লব ও সার্বভৌমত্বের প্রশ্নে আদর্শের প্রতি অনুগত। তাদের আদর্শের মধ্যে রয়েছে, ‘মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়ে আমাদের শ্বাসরোধ করার চেষ্টা করতে পারে, কিন্তু তারা আমাদের ভাঙতে পারবে না।’ নব্বইয়ের দশকের পর এখন কিউবা তার সবচেয়ে কঠিন সময়ের একটা পার করছে। বিদ্যুৎ বিভ্রাট, পানি সংকট, বৈদেশিক মুদ্রার অভাব, পর্যটনশিল্পের পতন এবং ক্রমবর্ধমান দ্রব্যমূল্য বেশির ভাগ মানুষের দৈনন্দিন জীবনকে কঠিন করে তুলেছে। ১৯৫৯ সালে সমাজতান্ত্রিক বিপ্লবের পর আরোপিত নিষেধাজ্ঞার কারণে তাদের দুর্দশা চলছে। বারাক ওবামার শাসনকালে খানিক শিথিল হলেও ট্রাম্পের অধীনে কঠোর পদক্ষেপের কারণে তা আরও তীব্র হয়েছে। তবে কিউবানরা ট্রাম্পের সাহায্যের জন্য অপেক্ষা করছে এমন লক্ষণ নেই বলেই মনে হচ্ছে।
অনেক পশ্চিমা বিশ্লেষক বলছেন, ভেনেজুয়েলার তেল আমদানি বন্ধ করা কিউবার জন্য বিধ্বংসী হবে। তারা যুক্তি দিচ্ছেন, দ্বীপটির হাতে এর কোনো বাস্তব বিকল্প নেই। কিন্তু কিউবানরা মনে হয় ভিন্ন কিছু ভাবছেন। গৃহকর্মী ইয়াদিরা বলেন, ‘আমরা মধ্যপ্রাচ্য ও মেক্সিকো থেকে তেল পাব। তারা যতটা বাড়িয়ে বলে তা কিন্তু বাস্তব নয়। আমরা ভেনেজুয়েলার ওপর নির্ভরশীল নই।’ যদিও মেক্সিকো এখন কিউবার প্রধান তেল সরবরাহকারী ভেনেজুয়েলাকে ছাড়িয়ে গেছে, ২০২৫ সালে দেশটি দ্বীপের প্রায় অর্ধেক অপরিশোধিত তেল সরবরাহ করেছে, তবুও এই অঞ্চলে মার্কিন পররাষ্ট্রনীতির লক্ষ্যগুলোর সঙ্গে তাল মেলানোর জন্য তাদের ওয়াশিংটনের ক্রমবর্ধমান চাপের মুখোমুখি হতে হচ্ছে। এই চাপের কারণে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম ৭ জানুয়ারি স্পষ্ট করে বলতে বাধ্য হন যে কিউবায় তেল রপ্তানি অব্যাহত থাকলেও তারা এর পরিমাণ বাড়াবেন না।
কিউবানরা আক্রমণ আশা করে না, কিন্তু তারা নিজেদের জীবন আরও কঠিন হয়ে উঠবে বলে মনে করে। তারা বাইরে থেকে চাপিয়ে দেওয়া শাসন ব্যবস্থার পরিবর্তনকে আমন্ত্রণ জানাচ্ছে না, বরং তারা চায় নিজের দেশে ভবিষ্যৎ গড়ে তোলার সুযোগ। ভেনেজুয়েলার পরিস্থিতি যতই খোলাসা হবে, কিউবানরা ততই তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। তবে এর কারণ এটা নয় যে, তাদের দ্বীপেও একই ঘটনা ঘটতে পারে। বরং তারা জানে, এ অঞ্চলের অন্য কোথাও যা কিছু ঘটছে, তা তাদের উপকূলে এসে ভেসে যাওয়ার পথ পাবে।
আনা গ্রিমাল্ডি: যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রভাষক; এলিওনোরা নাটালে: লন্ডন কিংস কলেজের পরিবেশগত নিরাপত্তা বিভাগের প্রভাষক; দ্য কনভারসেশন থেকে ভাষান্তর ইফতেখারুল ইসলাম
