ইতিহাসের সফল গণআন্দোলনগুলোর দিকে তাকালে একটি বিষয় স্পষ্টভাবে দেখা যায়। শুরুতে সেগুলো হয়তো একটি নির্দিষ্ট শ্রেণি, গোষ্ঠী বা দাবিকে ঘিরে জন্ম নেয়, কিন্তু ইতিহাসে স্থায়ী জায়গা করে নিতে পারে তখনই, যখন তা একটি জাতির সম্মিলিত স্মৃতিতে পরিণত হয়। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান কিংবা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ক্ষেত্রেও সেটিই ঘটেছিল। শুরুতে এসব আন্দোলনের নিজস্ব লক্ষ্য ও নেতৃত্ব ছিল, কিন্তু শেষ পর্যন্ত এগুলো কোনো রাজনৈতিক দল বা নির্দিষ্ট মতাদর্শের সম্পত্তি হয়ে থাকেনি। শিক্ষক, শ্রমিক, কৃষক, শিল্পী, সাহিত্যিক, ব্যবসায়ী, শিক্ষার্থী, প্রবাসীসহ নানা শ্রেণি-পেশার মানুষ এগুলোকে নিজেদের ইতিহাস হিসেবে গ্রহণ করেছিলেন। তাই এগুলো আজ জাতীয় স্মৃতির অংশ।
জুলাই গণঅভ্যুত্থানের ক্ষেত্রেও শুরুটা ছিল এমনই। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন খুব অল্প সময়ের মধ্যেই রাষ্ট্র সংস্কার, জবাবদিহি এবং রাজনৈতিক পরিবর্তনের দাবিতে রূপ নেয়। এই আন্দোলনের সবচেয়ে বড় শক্তি ছিল এর অন্তর্ভুক্তিমূলক চরিত্র। শুরুতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেতৃত্ব দিলেও পরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, মাদ্রাসার ছাত্র, শিল্পী, আইনজীবী, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, শ্রমিক, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ী, গৃহিণী, প্রবাসীসহ নানা শ্রেণি-পেশার মানুষ এতে যুক্ত হন। ধাপে ধাপে এটি একটি ছাত্র আন্দোলন থেকে মানুষের আন্দোলনে পরিণত হয়। এই বহুমাত্রিক অংশগ্রহণই জুলাইকে ঐতিহাসিক করে তুলেছিল। কিন্তু গণঅভ্যুত্থানের পর ধীরে ধীরে সেই অন্তর্ভুক্তিমূলক চরিত্রটি দুর্বল হতে শুরু করে। অনেকের কাছে এমন ধারণা তৈরি হয় যে, জুলাইকে একটি নির্দিষ্ট রাজনৈতিক ধারার প্রতীক হিসেবে তুলে ধরা হচ্ছে। ফলে যে আন্দোলনে নানা মত, নানা বিশ্বাস ও ভিন্ন রাজনৈতিক অবস্থানের মানুষ একসঙ্গে দাঁড়িয়েছিলেন, সেটিকে ধীরে ধীরে সংকীর্ণ একটি পরিচয়ের ভেতরে দেখা শুরু হয়। এখানেই জুলাইয়ের সবচেয়ে বড় ন্যারেটিভ সংকট তৈরি হয়েছে।
রাষ্ট্রবিজ্ঞানী বেনেডিক্ট অ্যান্ডারসন তাঁর ইমাজিনড কমিউনিটিস গ্রন্থে দেখিয়েছেন, একটি জাতি মূলত একটি কল্পিত রাজনৈতিক সম্প্রদায়, যার ভিত্তি গড়ে ওঠে মানুষের ভাগাভাগি করা স্মৃতি, অভিজ্ঞতা ও ইতিহাসের ওপর। কোনো জাতীয় ঘটনা তখনই দীর্ঘস্থায়ী হয়, যখন মানুষ সেটিকে নিজেদের যৌথ ইতিহাস হিসেবে গ্রহণ করে। কিন্তু যদি সেই ইতিহাস একটি নির্দিষ্ট গোষ্ঠীর মালিকানায় চলে যায়, তাহলে সেটি আর জাতীয় স্মৃতি হয়ে উঠতে পারে না। বরং ধীরে ধীরে রাজনৈতিক পরিচয়ের অংশে পরিণত হয়।
এই পরিবর্তনের প্রভাব শুধু রাজনীতিতে নয়, সংস্কৃতি ও জনপরিসরেও দেখা যায়। জুলাই আন্দোলনের সময় দেশের সাংস্কৃতিক অঙ্গন ছিল অত্যন্ত সক্রিয়। ২০২৪ সালের ২ আগস্ট ঢাকায় চিত্রশিল্পী, নাট্যকর্মী, আলোকচিত্রী, কবি, লেখক, সংগীতশিল্পীসহ প্রায় সব বড় সাংস্কৃতিক সংগঠন রাজপথে নেমেছিল। আন্দোলনের গান, গ্রাফিতি, পোস্টার, ভিজ্যুয়াল আর্ট, মিম এবং ডিজিটাল কনটেন্ট আন্দোলনের গণভিত্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এগুলো শুধু প্রতিবাদের ভাষা ছিল না, বরং জুলাইকে সাধারণ মানুষের আন্দোলনে পরিণত করার অন্যতম শক্তি ছিল। কিন্তু পরবর্তী সময়ে সেই বহু শরিক পরিবেশ আর আগের মতো থাকেনি। আন্দোলনে অংশ নেওয়া অনেক শিল্পী, লেখক কিংবা নাগরিক কণ্ঠকে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে। কেউ কেউ মতাদর্শগত বিভাজনের শিকার হয়েছেন, আবার অনেকেই নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন। ফলে একটি ভুল ধারণা তৈরি হয়েছে যে, জুলাই যেন কেবল একটি নির্দিষ্ট রাজনৈতিক অবস্থানের মানুষের ইতিহাস। অথচ বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন।
এই সংকটের আরেকটি প্রতিফলন দেখা যায় করপোরেট জগতে। বাংলাদেশের বড় ব্র্যান্ডগুলো ভাষা দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস কিংবা পহেলা বৈশাখকে ঘিরে নিয়মিত প্রচারাভিযান চালায়। কারণ এসব দিন নিয়ে সমাজে বিস্তৃত ঐকমত্য রয়েছে। মানুষ এগুলোকে নিজেদের জাতীয় পরিচয়ের অংশ হিসেবে দেখে। কিন্তু জুলাইকে ঘিরে সেই মাত্রার সমন্বিত ব্র্যান্ড ক্যাম্পেইন, করপোরেট স্টোরিটেলিং বা আবেগনির্ভর যোগাযোগ খুব কমই দেখা গেছে। বিষয়টি শুধু করপোরেট সিদ্ধান্ত নয়, বরং একটি সামাজিক বাস্তবতারও প্রতিফলন। কোনো ব্র্যান্ড এমন একটি প্রতীককে নিজেদের যোগাযোগে ব্যবহার করতে চায় না, যা সমাজের একটি অংশের কাছে বিতর্কিত বলে মনে হতে পারে। রাজনৈতিক যোগাযোগে একটি পরিচিত ধারণা হলো ন্যারেটিভ ওনারশিপ। যখন কোনো গোষ্ঠী একটি জাতীয় ঘটনাকে একচেটিয়াভাবে নিজেদের অর্জন হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, তখন দীর্ঘমেয়াদে সেই ঘটনার সামাজিক গ্রহণযোগ্যতা কমে যায়। ইতিহাস তখন আর সবার থাকে না, একটি দলের হয়ে যায়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন উদাহরণ নতুন নয়। বহু গুরুত্বপূর্ণ ঘটনাই সময়ের সঙ্গে সঙ্গে জাতীয় স্মৃতি থেকে দলীয় স্মৃতিতে পরিণত হয়েছে। ফলে সেই ঘটনাগুলোর সর্বজনীন আবেদনও ক্ষয় হয়েছে।
জুলাইয়ের সবচেয়ে বড় শক্তি ছিল এর বৈচিত্র্য। এখানে ডানপন্থি ছিল, বামপন্থি ছিল, মধ্যপন্থি ছিল, অরাজনৈতিক মানুষ ছিল। ধর্মপ্রাণ মানুষ যেমন ছিলেন, তেমনি ছিলেন শিল্পী, উদ্যোক্তা, শিক্ষক, শ্রমিক, শিক্ষার্থী এবং সাধারণ নাগরিক। এই বহুত্বই জুলাইকে একটি গণঅভ্যুত্থানে পরিণত করেছিল। যদি সেই বহুত্বকে অস্বীকার করা হয়, তাহলে শুধু একটি রাজনৈতিক ভুলই হবে না, ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সত্যও আড়াল হয়ে যাবে। জুলাইকে সত্যিকার অর্থে জাতীয় ইতিহাসে প্রতিষ্ঠা করতে হলে তাকে আবার সবার কাছে ফিরিয়ে দিতে হবে। কোনো ব্যক্তি, কোনো দল কিংবা কোনো মতাদর্শের একক সম্পত্তি হিসেবে নয়, বরং বাংলাদেশের মানুষের সম্মিলিত রাজনৈতিক স্মৃতি হিসেবে তাকে দেখতে হবে। কারণ ইতিহাস শেষ পর্যন্ত তাদেরই মনে রাখে, যারা ইতিহাসকে নিজের করে রাখতে চায় না; বরং মানুষের হাতে ফিরিয়ে দেয়।
সাজ্জাদ সাব্বির: কেন্দ্রীয় সদস্য, জাতীয় নাগরিক পার্টি
