প্রকৃত ‘ডুয়ার’ শুধু ভাবনা বা কথায় সীমাবদ্ধ থাকেন না; বরং দ্রুততা, দক্ষতা ও কার্যকারিতার সঙ্গে কাজ সম্পন্ন করেন। তারা হাতে-কলমে বাস্তবায়নে মনোযোগী এবং পরিকল্পনা থেকে ফল পর্যন্ত ধারাবাহিকভাবে এগিয়ে যেতে সক্ষম। ডুয়াররা উদ্যোগী ও লক্ষ্যনিষ্ঠ। তারা স্পষ্ট, পরিমাপযোগ্য লক্ষ্য নিষ্ঠার সঙ্গে অর্জনে মনোনিবেশ করেন। তারা বাধাকে চ্যালেঞ্জ হিসেবে দেখে দ্রুত কার্যকর সমাধান বের করেন। তারা ফলমুখী, নির্ভরযোগ্য এবং দায়িত্ব গ্রহণে দ্বিধাহীন। সমাজ বা পেশাগত যে কোনো প্রেক্ষাপটে তারা পরিবর্তনের চালিকাশক্তি।
বাংলাদেশের উন্নয়নের বড় বাধা সম্পদের ঘাটতি নয়; বরং প্রকৃত কাজের মানুষ বা ডুয়ারদের অভাব। আমরা চিন্তা করি, আলোচনা করি, পরিকল্পনা করি; কিন্তু বাস্তবায়নে পিছিয়ে পড়ি। আমাদের সমাজে পরিকল্পনা, সভা, পরামর্শ ও প্রতিশ্রুতির ঘাটতি নেই। কিন্তু কাজ শুরু করতে গেলেই অজুহাতের বন্যা– সময় নেই, সুযোগ নেই, পরিবেশ নেই। তারাই ডু-নাথিং শ্রেণি। ডুয়ার শ্রেণি অজুহাত খোঁজেন না; বরং সুযোগ তৈরি করেন।
রাষ্ট্র থেকে ছোট প্রতিষ্ঠান– সবখানেই প্রয়োজন ফলমুখী, দায়িত্বশীল মানুষ, যারা ব্যর্থতাকেও শেখার অংশ হিসেবে নিতে পারেন।
কথার ফুলঝুরি নয়; সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে দরকার কর্মমুখী মানুষ। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, সামাজিক সুরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে অসংখ্য নীতি ও কৌশল প্রণীত হয়েছে। কিন্তু মাঠ পর্যায়ে বাস্তবায়নের দৃশ্য প্রায়ই হতাশাজনক। সমস্যা নীতিতে নয়; কাজের মানুষের ঘাটতিতে। নীতিপ্রণেতা অধিকাংশই মাঠের বাস্তবতা থেকে বিচ্ছিন্ন। আর মাঠের কর্মীরা বেশির ভাগ ক্ষেত্রে সিদ্ধান্ত প্রক্রিয়ার বাইরে। ফলে কাগজে চমৎকার পরিকল্পনা থাকলেও বাস্তবে প্রতিফলন দেখা যায় না। আমাদের দরকার এমন ডুয়ার, যারা চিন্তা থেকে বাস্তবায়ন পর্যন্ত কাজ করতে পারেন। আমাদের প্রশাসনিক কাঠামো এখনও ‘ফাইল সংস্কৃতি’ দ্বারা প্রভাবিত। সিদ্ধান্ত গ্রহণে দেরি, দায় এড়ানোর প্রবণতা, ব্যর্থতার ভয় মিলিয়ে কাজের গতি কমে যায়। একজন প্রশাসক তখনই প্রকৃত ডুয়ার হন যখন তিনি ঝুঁকি নেন, মাঠে নামেন এবং ফলের দায় স্বীকার করেন। উন্নয়ন প্রকল্প, স্বাস্থ্যসেবা, শিক্ষা কার্যক্রম– সর্বক্ষেত্রেই ডুয়ার কর্মকর্তা সময়ের দাবি।
আমাদের সংস্কৃতিতে বক্তার মূল্য বেশি; কর্মীর মূল্য কম। যে শিক্ষক প্রতিদিন নিঃশব্দে শিক্ষার্থীদের মানুষ করে তুলছেন; যে ডাক্তার সীমিত সম্পদেও রোগীর পাশে দাঁড়ান; যে জনপ্রতিনিধি মাঠে নেমে মানুষের কথা শোনেন– তারাই নীরব নায়ক। সমাজ, প্রতিষ্ঠান ও রাষ্ট্রে এই ডুয়ারদের মর্যাদা দিতে হবে। কর্মীর সম্মান বাড়লে তরুণ প্রজন্মও কাজে অনুপ্রাণিত হবে; কথায় নয়।
অনেক তরুণ ভার্চুয়াল জগতে সীমাবদ্ধ– লাইক, শেয়ার, কমেন্টে। বাস্তব সমস্যার সমাধানে তাদের অংশগ্রহণ তুলনামূলক কম। এই প্রবণতা বদলাতে হবে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংবাদমাধ্যম তরুণদের শেখাতে পারে– ভার্চুয়াল বড় কাজের চেয়ে বাস্তবের ছোট কাজও গুরুত্বপূর্ণ। শিশু-কিশোরদের মধ্যেও ডুয়ার হওয়ার অভ্যাস তৈরিতে শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ওয়েল-বিয়িং ক্লাব’ প্রতিষ্ঠা করা যেতে পারে, যা শিক্ষার্থীদের নেতৃত্বে, শিক্ষকদের পরামর্শে এবং কমিউনিটির সহযোগিতায় পরিচালিত হবে। এই ক্লাব শিশুদের নেতৃত্ব, সমস্যা সমাধান, দায়িত্বশীল আচরণ এবং উদ্যোগ নেওয়ার অনুশীলন করাবে। এভাবেই শৈশব থেকে গড়ে ওঠা ডুয়ার মানসিকতা পরে সামাজিক ভূমিকা পালনের ভিত্তি তৈরি করবে। বাংলাদেশে মানুষ এখন এমন নেতৃত্ব চায়, যারা শুধু বক্তৃতা দেয় না; সমস্যা সমাধানে মাঠে নামেন এবং ফল দেখাতে পারেন।
ডুয়ার হওয়ার বড় বাধা কথার সংস্কৃতি। কথার চেয়ে কাজকে মূল্য দেওয়া সংস্কৃতিকে প্রতিষ্ঠা করতে হবে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় বা পরিবার– যে যেখানে, সবাইকে ডুয়ার হতে হবে। ডু-নাথিং সংস্কৃতি ভেঙে ‘কাজের বাংলাদেশ’ গড়তে হবে। এই পরিবর্তন আজই শুরু হতে পারে; ছোট ছোট কাজের মধ্য দিয়ে।
ড. সৈয়দ আব্দুল হামিদ: অধ্যাপক, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়
