জনস্বাস্থ্য তথা সাধারণ মানুষের সুস্থতা জাতির অগ্রগতির জন্য অপরিহার্য অনুসঙ্গ। একটি সুস্থ ও কর্মক্ষম জনগোষ্ঠীই কেবল অর্থনৈতিক, সামাজিক এবং মেধাভিত্তিক উন্নতি নিশ্চিত করতে পারে। কিন্তু বর্তমানে প্রকৃত বাস্তবতা এমনটি দাঁড়িয়েছে যেন সুস্থতা আজকাল সাধারণ মানুষের জন্য স্বাভাবিক কোনো বিষয় নয়। বরং এটি এক দুর্লভ বিলাসিতা বা সোনার হরিণে পরিণত হয়েছে। একথা অনস্বীকার্য যে, একটি পরিবারের যেকোন সদস্যের একটি রোগ মানেই ঐ পরিবারের আজীবনের সঞ্চয় শেষ হয়ে যাওয়া। সেইসাথে মধ্যবিত্ত বা নি¤œবিত্ত পরিবারের জন্য ভালোমানের হাসপাতালে চিকিৎসা নেওয়া মানেই সেই পরিবারের ভিটেমাটি বিক্রির উপক্রম হওয়া। এককথায় একটি পরিবারের একজনের অসুস্থতা মানে তার সুস্থতার আগ পর্যন্ত ঐ পরিবার থেকে শান্তি উঠে যাওয়া। তবে কঠিন বাস্তবতা হচ্ছে, বর্তমানে প্রায় প্রতিটি পরিবারেই কমপক্ষে একজন (অধিকাংশ পরিবারে একাধিক) করে অসুস্থ ব্যক্তি আছে। এসকল ব্যক্তিদের অধিকাংশই বিশেষ করে নি¤œ আয়ের লোকজোন অর্থাভাবে ডাক্তারের কাছে যায়না। আবার মধ্যবিত্ত বা নি¤œবিত্ত পরিবারের অধিকাংশ মানুষই ভুল চিকিৎসা বা অতিরিক্ত বাণিজ্যিকীকরণের ভয়ে হাসপাতালে যেতে বিলম্ব করে কিংবা ভয় পায় এবং অসুস্থতাকে প্রাধান্য দিয়ে অহেতুক কালক্ষেপণ করে। ফলশ্রুতিতে রোগের তীব্রতা ধীরে ধীরে ভয়াবহ রূপ নেয়। সঠিক সময়ে সঠিক রোগ নির্ণয় করতে পারলে যেটি নিরাময়যোগ্য ছিল সেটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অধিকাংশ ক্ষেত্রে সেটিই দেখা প্রতীয়মান হচ্ছে। রোগ যখন রোগীর সহ্য ক্ষমতার বাইরে চলে যাচ্ছে তখন তারা ডাক্তারের শরণাপন্ন হচ্ছে এবং ডাক্তারদের পক্ষে এটি নিরূপণ করা কষ্টসাধ্য হচ্ছে।
একদিকে সরকারি হাসপাতালের লম্বা লাইন এবং অন্যদিকে বেসরকারি হাসপাতালের আকাশচুম্বী খরচ এই দুইয়ের যাঁতাকলে পড়ে সাধারণ মানুষের কাছে অসুস্থতা মানেই জীবনের কঠিন অভিশাপে পরিণত হচ্ছে। উচ্চবিত্ত থেকে নি¤œবিত্ত সব পরিবারের মধ্যেই বর্তমানে এমনটি পরিলক্ষিত হচ্ছে। এখন প্রশ্ন হতে পারে বর্তমানে এত বেশি অসুস্থ রোগীর সংখ্যা বাড়ার কারণ কি? এককথায় এই প্রশ্নের উত্তর হবে খাদ্যে ভেজাল, দূষিত বায়ু এবং দূষিত পানি। আমরা যা খাচ্ছি এবং যে দূষিত বাতাসে শ্বাস নিচ্ছি, তা প্রতিনিয়ত আমাদের অসুস্থ করে তুলছে। সুস্থ থাকার জন্য বিশুদ্ধ পরিবেশ পাওয়াই এখন কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
পরিসংখ্যান বলছে, খাদ্যে ভেজাল এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করতে পারলে বাংলাদেশের স্বাস্থ্যখাতের ওপর থেকে ৭০ থেকে ৮০ শতাংশ চিকিৎসা ব্যয়ের চাপ কমিয়ে কমিয়ে আনা সম্ভব। খাদ্যে ভেজাল কমিয়ে আনতে পারলে, এটি কেবল চিকিৎসার ব্যয়ই কমাবে না, বরং মানুষের গড় আয়ু ও কর্মক্ষমতা বৃদ্ধিতেও বড় ভূমিকা রাখবে। তবে একথা বলতেই হয় যে, দেশের স্বাস্থ্যখাত বর্তমানে এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। একদিকে অবকাঠামোগত উন্নয়ন ও সংক্রামক রোগ নিয়ন্ত্রণে অভাবনীয় সাফল্য এলেও, অন্যদিকে অব্যবস্থাপনা, উচ্চ চিকিৎসা ব্যয় এবং বাজেট সংকটের কারণে সাধারণ মানুষের ভোগান্তি রয়েই গেছে।
তবে এদেশের স্বাস্থ্যখাতের বেহাল দশা দীর্ঘদিনের অব্যবস্থাপনা, দুর্নীতি, এবং অপর্যাপ্ত সুযোগ-সুবিধার ফল, যেখানে চিকিৎসাসেবার ৭৩ শতাংশ রোগীকে খরচ সরাসরি জনগণকে বহন করতে হয়। যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশকৃত ২০ শতাংশের চেয়ে অনেক বেশি। তথ্যমতে, দেশের প্রায় ৬১ শতাংশ মানুষ চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে বড় ধরনের আর্থিক সংকটের মুখে পড়ছে। রোগ ডায়াগনস্টিক খরচসহ অন্যান্য চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে প্রতি বছর প্রায় ৬১ লাখ মানুষ যা মোট জনসংখ্যার ৩.৭ শতাংশ দারিদ্র্যসীমার নিচে নেমে যাচ্ছে। একজন রোগী হাসপাতাল বা ক্লিনিকে যে পরিমাণ খরচ করছে, তার প্রায় ২৭.৫২ শতাংশ ব্যয় হচ্ছে শুধুমাত্র রোগ নির্ণয় বা ডায়াগনস্টিক টেস্টের পেছনে। দরিদ্র পরিবারগুলো তাদের মোট মাসিক আয়ের প্রায় ৩৩ শতাংশ ব্যয় করে চিকিৎসার পেছনে। যা সাধারণ মানুষের সামর্থ্যকে সীমাবদ্ধ করে দিচ্ছে। পরিসংখ্যান ব্যুরোর ২০২৫ সালের একটি জরিপ অনুযায়ী, দেশের প্রায় ৫০ শতাংশ মানুষ হাতুড়ে ডাক্তার বা ওষুধের দোকানের বিক্রয়কর্মীদের কাছ থেকে চিকিৎসা নেন, যারা মূলত অপেশাদার বা কোয়ালিফাইড নন। বিশ্বব্যাংকের ২০২২ সালের তথ্যানুযায়ী, মাত্র ৬১ শতাংশ মানুষের মৌলিক বা প্রাথমিক স্বাস্থ্যসেবার সুযোগ রয়েছে। দেশের মাত্র ৩৫ শতাংশ মানুষ সরকারি হাসপাতালে সেবা নিতে সক্ষম হন, বাকি বিশাল অংশকে ব্যয়বহুল বেসরকারি চিকিৎসার ওপর নির্ভর করতে হয়। এর ফলে প্রতি তিনজনে একজন মানুষের সরকারি বা বেসরকারি হাসপাতালে অবহেলা বা অপচিকিৎসার শিকার হওয়ার অভিজ্ঞতা রয়েছে। প্রায় ৬৪-৬৫ শতাংশ মানুষ সরকারি সেবা থেকে বঞ্চিত হয়ে নিজের পকেট থেকে খরচ করে বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছে।
স্বাস্থ্য খাতের কেনাকাটা ও ব্যবস্থাপনায় দুর্নীতির কারণে মানসম্মত চিকিৎসার অভাব পরিলক্ষিত হচ্ছে। সরঞ্জাম থাকলেও তা ব্যবহার না করার অভিযোগ রয়েছে। সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসার নামে অতিরিক্ত বাণিজ্য ও ভুল চিকিৎসায় সাধারণ মানুষের আস্থার সংকট তৈরি হয়েছে। সেইসাথে দেশের স্বাস্থ্যসেবায় গ্রামীণ ও শহুরে ব্যবস্থাপনায় ব্যাপক বৈষম্য লক্ষণীয়। স্বাস্থ্যসেবার নিয়ন্ত্রণ এখনো অনেক বেশি কেন্দ্রীয় বা ঢাকা-নির্ভর। তৃণমূল পর্যায়ে সিদ্ধান্ত নেওয়ার বা বাজেট খরচ করার ক্ষমতা না থাকায় তাৎক্ষণিক সমস্যা সমাধান সম্ভব হয় না। এজন্য চিকিৎসকদের একটি বড় অংশই শহরকেন্দ্রিক। ফলে গ্রামের সাধারণ মানুষ দক্ষ ডাক্তার ও আধুনিক চিকিৎসা থেকে বঞ্চিত থাকছে। দেশের ৬২ শতাংশ মানুষ গ্রামে বাস করলেও মোট ডাক্তার ও নার্সের ৭৫ শতাংশই শহর এলাকায় সেবা দেয়, যা গ্রামীণ জনগোষ্ঠীর সঠিক চিকিৎসা পাওয়ার পথে বড় বাধা। উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালগুলোতে অতিরিক্ত রোগীর চাপ, দক্ষ জনবলের অভাব, ভুল চিকিৎসা এবং গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা সরঞ্জাম ও ডাক্তার না থাকায় সাধারণ মানুষ সঠিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। কমিউনিটি ক্লিনিকগুলোতে নামমাত্র সেবা, ডাক্তার ও ওষুধের অভাবে প্রান্তিক মানুষ সঠিক চিকিৎসা পাচ্ছে না। অনেক সরকারি হাসপাতালে আইসিইউ, ডায়ালিসিস বা অত্যাবশ্যকীয় পরীক্ষার মেশিন নষ্ট বা অকার্যকর হয়ে পড়ে আছে। সরকারি হাসপাতালগুলোতে শয্যাসংকট এবং প্রতি ১০,০০০ মানুষের বিপরীতে মাত্র ৫-৭ জন ডাক্তারের অপ্রতুলতা চিকিৎসাসেবা বিঘিœত করছে।
বাংলাদেশের স্বাস্থ্য খাতের এই বেহাল দশার পেছনে কোনো একটি নির্দিষ্ট বিষয় নয়, বরং বেশ কিছু কাঠামোগত ও দীর্ঘমেয়াদী সমস্যা দায়ী। বাংলাদেশের স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ জিডিপি এর ১ শতাংশেরও কম, যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এটি অন্তত ৫ শতাংশ হওয়া প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে, স্বাস্থ্য খাতের সরকারি বরাদ্দের প্রায় ৮০ শতাংশই অদক্ষ পরিকল্পনা ও অব্যবস্থাপনার কারণে অপচয় হয়। মেডিকেল সরঞ্জাম কেনাকাটা, কর্মীদের নিয়োগ ও বদলিতে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। অনেক ক্ষেত্রে নি¤œমানের সরঞ্জাম কেনা হয় অথবা কেনা সরঞ্জাম পড়ে থেকে নষ্ট হয়। অনেক সরকারি ডাক্তার রোগীদের বেসরকারি ক্লিনিকে পাঠিয়ে সেখান থেকে কমিশন গ্রহণ করে, যা সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে দুর্বল করছে। আন্তর্জাতিক মানদ- অনুযায়ী ডাক্তার ও নার্সের অনুপাত ১:৩.৫ হওয়া উচিত হলেও বাংলাদেশে এই হার ১:০.৪, যা চিকিৎসাসেবার মানকে মারাত্মকভাবে ব্যাহত করছে। দেশের অনেক সরকারি হাসপাতালে লাইফ সাপোর্ট সিস্টেম, সিটি স্ক্যান বা এমআরআই-এর মতো জরুরি যন্ত্রপাতি মাসের পর মাস নষ্ট হয়ে পড়ে আছে। রোগীর সংখ্যার তুলনায় হাসপাতালের বেড সংখ্যা অত্যন্ত কম, ফলে অনেক রোগীকে বারান্দায় বা মেঝেতে থেকে চিকিৎসা নিতে হয়। সরকারি ব্যবস্থা দুর্বল হওয়ায় মানুষ বাধ্য হয়ে বেসরকারি খাতের দিকে ঝুঁকছে, যার সুযোগ নিয়ে বেসরকারি ক্লিনিকগুলো অতিরিক্ত মুনাফা লুটছে।
বিশ্বস্বাস্থ্য সংস্থা এবং ইউডিএইচআর এর মতে প্রত্যেক মানুষের মানসম্মত স্বাস্যসেবা নিশ্চিত করার অধিকারের স্বীকৃতি দেয়া হয়েছে। এসব কনভেনশনে স্বাক্ষরদাতা বা সভ্য হিসেবে বাংলাদেশের সরকারকেও নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বাধ্যবাধকতা রয়েছে। স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে এসেও আমরা নাগরিকদের জন্য ন্যূনতম স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারিনি। এটা রাষ্ট্রের জন্য অনেক বড় ব্যর্থতা। সম্প্রতি এক মতবিনিময় সভায় সরকারের শীর্ষস্থানে থাকা গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে প্রধানমন্ত্রীর সহধর্মীনি ডা. জোবাইদা রহমান দেশের বাস্তব চিত্র প্রত্যক্ষ ও অনুধাবন করে রাষ্ট্রীয় ব্যর্থতার বিষয়টিকে স্বীকার করেছেন এবং এর থেকে উত্তরণে সরকারের প্রতিশ্রুতির কথা বলেন। তিনি বলেন বিভিন্ন বস্তি এলাকার ৪২.৬ শতাংশ মানুষ স্বাস্থ্য সমস্যার সমাধান খোঁজেন স্থানীয় ফার্মেসি বা ওষুধের দোকানে। অর্থাৎ ডাক্তারের কাছে গিয়ে ডায়াগনোসিস ও যথাযথ চিকিৎসা পদ্ধতি অনুসরণ করার সামর্থ্য তাদের নেই। দেশের স্বাস্থ্য ব্যয়ের শতকরা ৭২ শতাংশ রোগীর পরিবারকে বহন করতে হয়। আর এই চিকিৎসা ব্যয় নির্বাহ করতে গিয়ে অনেক মানুষকে অনেক ত্যাগ স্বীকার করতে হচ্ছে। একে দেশে দারিদ্র্য বৃদ্ধির এটি অন্যতম কারণ বলে উল্লেখ করেছেন তিনি। তিনি বলেন, উন্নত দেশের সাথে তুলনীয় না হলেও ভারত, পাকিস্তান, থাইল্যান্ডের মতো প্রতিবেশী দেশগুলোর স্বাস্থ্য খাত আমাদের চেয়ে অনেক বেশি এগিয়ে আছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দেশের বেশিরভাগ মানুষ সুদের উপর টাকা ধার করে চিকিৎসা ব্যয় নির্বাহ করে। এসব টাকা পরিশোধ করতে গিয়ে অনেকের জমি ও ভিটামাটি বিক্রি করতে হয়। এভাবেই চিকিৎসা ব্যয়ের খপ্পরে পড়ে ভূমিহীন দারিদ্র্যে নিপতিত হচ্ছে মানুষ। অথচ, স্বাস্থ্যখাতে দুর্নীতি রোধ, বাজেট বৃদ্ধি ও পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে চিকিৎসা সেবার মতো মৌলিক অধিকার নিশ্চিত করার মধ্য দিয়ে কোটি কোটি মানুষের দুর্ভোগ লাঘব করে জীবনমানের উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। সুস্থ্যতা নামক সোনার হরিণকে সাধারণ মানুষের হাতের নাগালে আনতে হলে স্বাস্থ্যসেবাকে ব্যবসার বদলে সেবা ও অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা জরুরি।
স্বাস্থ্যসেবাকে সংবিধানের আওতায় নাগরিকদের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া এবং এর জন্য একটি স্বতন্ত্র প্রাথমিক স্বাস্থ্যসেবা আইন প্রণয়ন করতে হবে। নীতি নির্ধারণ, স্বাস্থ্যসেবার মান তদারকি এবং স্বচ্ছতা নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্থায়ী জাতীয় স্বাস্থ্য কমিশন গঠন করতে হবে। প্রতিটি রোগীর জন্য ইউনিক হেলথ আইডি তৈরি করা এবং ইউনিয়ন পর্যায় থেকে ধাপে ধাপে বড় হাসপাতালে আসার রেফারেল ব্যবস্থা বাধ্যতামূলক করতে হবে, যাতে বড় হাসপাতালগুলোর ওপর অতিরিক্ত চাপ কমে। ক্রমান্বয়ে স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ জিডিপি এর অন্তত ৫ শতাংশে উন্নীত করে এই অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে তদারকি বাড়াতে হবে। সরকারি হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকে অত্যাবশ্যকীয় ওষুধ ও ডায়াগনস্টিক পরীক্ষার সুবিধা সম্পূর্ণ বিনামূল্যে বা নামমাত্র মূল্যে নিশ্চিত করতে হবে। দরিদ্র ও সাধারণ মানুষের জন্য সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা বা বিমা ব্যবস্থা চালু করতে হবে। ঢাকা বা বড় শহর নির্ভরতা কমিয়ে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোকে আধুনিক যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে সজ্জিত করতে হবে। গ্রামে কর্মরত ডাক্তারদের জন্য উন্নত আবাসন ও বিশেষ ভাতার ব্যবস্থা করে কর্মস্থলে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। টেলিমেডিসিন এবং ই-হেলথ সেবা বিস্তৃত করতে হবে, যাতে প্রান্তিক মানুষ ঘরে বসেই বিশেষজ্ঞ পরামর্শ পেতে পারে। চিকিৎসাসামগ্রী কেনাকাটা প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে ই-জিপি পদ্ধতি পুরোপুরি কার্যকর করে টেন্ডার করতে হবে এবং কোনো অবহেলা বা দুর্নীতির প্রমান পেলে সাথে সাথে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সেবার মান অনুযায়ী ক্যাটাগরি নির্ধারণ এবং পরীক্ষার ফি সরকার কর্তৃক নির্দিষ্ট করতে হবে।
বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে, যেখানে জনসংখ্যার ঘনত্ব বেশি, সেখানে সুস্বাস্থ্য নিশ্চিত করা ছাড়া দারিদ্র্য বিমোচন ও উন্নত রাষ্ট্রে পরিণত হওয়া অসম্ভব। তাই জনস্বাস্থ্য সুরক্ষা শুধুমাত্র স্বাস্থ্য খাতের বিষয় নয়, এটি একটি জাতির টেকসই অগ্রগতির মূল চাবিকাঠি। নিরাপদ খাদ্য, নির্মল বায়ু ও সুস্থ্য পরিবেশ রক্ষা করা গেলে ভবিষ্যৎ প্রজন্ম অনেক বেশি সুস্থ ও সবল হবে। এজন্য খাদ্যে ভেজাল রোধ করতে হবে। খামার থেকে টেবিল পর্যন্ত খাদ্য সরবরাহের প্রতিটি ধাপে ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা চালু করতে হবে। ভেজাল রোধে মোবাইল কোর্টের পাশাপাশি নিয়মিত নজরদারি এবং ভেজালকারীদের জন্য কঠোর শাস্তির নিশ্চয়তা করতে হবে।
লেখক: গবেষক ও কলামিস্ট। ajoymondal325@yahoo.com
