যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে মূলত ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে। যুদ্ধের কেন্দ্রবিন্দুতে থাকা জটিল বিষয়গুলো সমাধানের আলোচনায় সামান্যই অগ্রগতি হয়েছে। এই সংঘাত কোন দিকে যাচ্ছে? সবচেয়ে বড় আশঙ্কা হলো, পরিস্থিতি জমাট বাঁধা সংঘাতে রূপ নিতে পারে। জমাট বাঁধা সংঘাত স্থবির কিছু নয়, বরং এটি এমন একটি অমীমাংসিত যুদ্ধ; যা পূর্ণ সংঘাত বলতে যা বোঝায় ঠিক তা না হলেও নিম্নস্তরে থেকেই চলতে থাকে।
সাধারণত যখন কোনো সামগ্রিক রাজনৈতিক সমঝোতায় পৌঁছানো যায় না, তখন এমন পরিস্থিতির সৃষ্টি হয়। যেমন ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত পূর্ব ইউক্রেনে রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসন। প্রায় ১৪ হাজার সামরিক কর্মী ও বেসামরিক নাগরিকের মৃত্যু এবং অবিরাম সাইবার ও তথ্যযুদ্ধ সত্ত্বেও এই সংঘাতকে স্থবির বলে মনে করা হয়েছিল।
এই সপ্তাহে পাকিস্তানে আলোচনা পুনরায় শুরু হয়ে শেষ পর্যন্ত একটি চুক্তি যদি হয়ও, তবুও তিন কারণে আমরা বিশ্বাস করি, এটি পূর্ণাঙ্গ কোনো শান্তিচুক্তির দিকে নয়, বরং একটি স্থবির সংঘাতের দিকেই এগোচ্ছে।
১. ট্রাম্প যুদ্ধবিরতিকে যুদ্ধের সমাপ্তি মনে করেন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতি থেকে একটা বিষয় স্পষ্ট। তিনি যুদ্ধবিরতিকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর জন্য আলোচনার বিরতি হিসেবে দেখেন না। বরং তিনি যুদ্ধবিরতিকে যুক্তরাষ্ট্রের সাফল্য হিসেবে ঘোষণা করেন, তারপর পরবর্তী বৈশ্বিক বিষয়ে অগ্রসর হন। ট্রাম্প দাবি করেছেন, তিনি ১০টি যুদ্ধের অবসান ঘটিয়েছেন, যার মধ্যে ইরানের সঙ্গে চলমান সংঘাত এবং লেবাননে ইসরায়েলের যুদ্ধও অন্তর্ভুক্ত। গভীরভাবে দেখলে বোঝা যায়, এসব সংঘাতের বেশির ভাগ ক্ষেত্রেই একটি নড়বড়ে যুদ্ধবিরতি বজায় থাকলেও মূল বিষয়গুলো অমীমাংসিতই রয়ে গেছে।
২. দুটি অসম পক্ষের যুদ্ধ সমাধান করা কঠিন: বর্তমান যুদ্ধটি অসম দুটি পক্ষের মধ্যে চলমান। কারণ একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, অন্যদিকে ইরান। দুটি পক্ষের সামরিক শক্তির মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। যুক্তরাষ্ট্রের অপ্রতিরোধ্য সামরিক শক্তি মোকাবিলা করার জন্য ইরান ইচ্ছাকৃতভাবে অপ্রতিসম কৌশল ব্যবহার করেছে। এ ক্ষেত্রে যুদ্ধে সরাসরি জড়িত নয় এমন পারস্য উপসাগরীয় দেশগুলোর বহু অবকাঠামো হামলার মুখোমুখি হতে হচ্ছে। তা ছাড়া ইরান বাণিজ্যিক জাহাজ চলাচলের পরিবহন পথ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় বিশ্ব অর্থনীতি ব্যাহত হচ্ছে।
গবেষণায় দেখা গেছে, অপ্রতিসম যুদ্ধগুলো স্বভাবতই দীর্ঘস্থায়ী এবং প্রায়ই অনির্দিষ্টকালের জন্য অমীমাংসিত থাকে। ফলে এ ধরনের যুদ্ধে একটি স্থায়ী রাজনৈতিক সমাধানের চেয়ে স্থবির সংঘাতে মোড় নেওয়ার আশঙ্কাই বেশি থাকে। এর কারণ খুবই সহজ। দুর্বল পক্ষটি শক্তিশালী পক্ষের বিরুদ্ধে প্রচলিত সামরিক যুদ্ধে জয়লাভ করতে পারে না। তাই এটি রাজনৈতিক, অর্থনৈতিক এবং মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগ করে অধিক শক্তিশালী রাষ্ট্রকে ক্লান্ত করে ফেলতে চেষ্টা করে, যাতে সে পিছু হটতে এবং যুদ্ধবিরতিতে বাধ্য হয়।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এখন আমরা এটাই দেখতে পাচ্ছি। ট্রাম্প ক্রমবর্ধমান হারে এ ধরনের চাপ অনুভব করছেন। তা ছাড়া তিনি যুদ্ধবিরতির চেষ্টা করছেন; একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিজয় দাবি করতেও পিছপা হচ্ছেন না। অন্যদিকে ইরান সংঘাতের স্থায়ী অবসানের প্রতিশ্রুতির পরিবর্তে দুর্বল পক্ষ হিসেবে টিকে থাকার চেষ্টায় যুদ্ধবিরতিতে সম্মত। এটি আফগানিস্তানের তালেবানদের কথা মনে করিয়ে দেয়। তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে এক স্থবির সংঘাতে ২০ বছর টিকে থাকার পর যুক্তরাষ্ট্র সরে গেলে দেশটির নিয়ন্ত্রণ পুনরায় নিজেদের হাতে নিয়েছে। ৩. এর চেয়ে আরও জটিল বিষয়ে কোনো মনোযোগ দেওয়া হয়নি। এই সংঘাতের মূলে থাকা উত্তেজনার কোনো দীর্ঘমেয়াদি সমাধানে যুক্তরাষ্ট্র বা ইরান কেউই প্রতিশ্রুতিবদ্ধ বলে মনে হয় না। এর মধ্যে অন্যতম প্রধান হলো ইরানের পারমাণবিক কর্মসূচির প্রশ্ন।
ওয়াশিংটনের মতে, ১১ থেকে ১২ এপ্রিল পাকিস্তানে অনুষ্ঠিত শান্তি আলোচনার প্রথম দফা ভেস্তে গিয়েছিল। কারণ ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আপস করতে রাজি হয়নি। ইরান দীর্ঘদিন ধরেই যুক্তি দিয়ে আসছে, সামরিক উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করার একটি অবিচ্ছেদ্য অধিকার তাদের রয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ২০১৫ সালের বহুপক্ষীয় চুক্তি জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন পরিচালিত আলোচনাটি শেষ হতে ২০ মাস সময় লেগেছিল। তিন বছর পর ট্রাম্প এই চুক্তি থেকে সরে আসেন এবং এটিকে ‘ভয়াবহ একতরফা চুক্তি’ বলে চিহ্নিত করেন। এই ইতিহাসের পরিপ্রেক্ষিতে এই জটিল বিরোধের একটি দ্রুত ও সুস্পষ্ট সমাধান হওয়ার সম্ভাবনা কম। কিছু বিশ্লেষক মনে করেন,. যুক্তরাষ্ট্র ও ইরান একটি আংশিক চুক্তি ঘোষণা করতে পারে। যার ফলে অনেক টেকনিক্যাল দিক পরবর্তী সময়ে সমাধান করার জন্য থেকে যাবে। বস্তুত ইরান একটি নতুন ভূ-কৌশলগত অবস্থান প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। আর হরমুজ প্রণালি বন্ধ করে এবং বিশ্ব অর্থনীতি ব্যাহত করার মধ্য দিয়ে ইতোমধ্যে তার সুদৃঢ় অবস্থান দেখিয়েছে।
যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার একটি স্থবির সংঘাত নিঃসন্দেহে মধ্যপ্রাচ্যে অনুরূপ দীর্ঘমেয়াদি অস্থিতিশীলতা সৃষ্টি করবে।
জেসিকা জেনাওয়ার: ইউএনএসডব্লিউ সিডনির পাবলিক পলিসি ইনস্টিটিউটের একাডেমিক ডিরেক্টর; বেনেডিক্ট মোলেটা: অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পিএইচডি শিক্ষার্থী; দ্য কনভারসেশন থেকে ভাষান্তর ইফতেখারুল ইসলাম
