শিশুরা প্রতিদিন স্কুলে যাওয়া-আসা কিংবা অভিভাবকদের সঙ্গে সড়কে চলাফেরা, খেলাধুলার সময় নানা ধরনের বিপদের সম্মুখীন হয়। কখনো অভিভাবকদের অসতর্কতায় হাত ছেড়ে দিলে কোমলমতি শিশুরা স্বভাবগত কারণে জোড়ে হাটে আর রাস্তার অব্যবস্থাপনা, অনিয়মের কারণে শিশুদের জীবন বিপদের মধ্যে পড়ে। যা দুঃখজনক। ছোট ছোট শিশুরা রাস্তা পারাপারের সঠিক নিয়ম-কানুন জানে না। কিভাবে রাস্তা পার হতে হয় কিংবা যানবাহনের গতি না বুঝেই দৌড়ে রাস্তা পার হয় আর তাতেই বেশিরভাগ সড়ক দুর্ঘটনাগুলো ঘটে থাকে। আমাদের দেশে সবচেয়ে দুঃখজনক বিষয় আমরা লক্ষ্য করি যে, ফুটপাত থাকলেও সেগুলো হকারদের কিংবা সংলগ্ন দোকানদারদের দখলে থাকে। যার ফলে মানুষজন নিরাপদ ফুটপাত ছেড়ে বাধ্য হয়ে মূল সড়কে চলাফেরা করে। আর বেশিরভাগ দুর্ঘটনাগুলো এভাবেই ঘটে থাকে।
তাছাড়া বেশিরভাগ রাস্তায় জেব্রা ক্রসিং,স্পিডব্রেকার বা ট্রাফিক সিগন্যালের অভাব বিশেষ করে আবাসিক এলাকা ও স্কুলের সামনে শিশুদের ঝুঁকি শতগুণে বাড়িয়ে দেয়। \r\nসড়ক দুর্ঘটনার জন্য বড়রাও অনেকাংশে দায়ী। বেপরোয়াভাবে গাড়ি চালানো, দ্রুতগতিতে চলা, ট্রাফিক আইন অমান্য করা, ফিটনেসবিহীন গাড়ি ও প্রশিক্ষণহীন চালকও সড়ক দুর্ঘটনার জন্য অন্যতম কারণ। অনেক সময় শিশুদের উপস্থিতিকেও উপেক্ষা করে দ্রুতগতিতে গাড়ি চালান। এতে শিশুরা সহজেই দুর্ঘটনার শিকারে পরিণত হয়। অনেকে অকালে প্রাণ হারায়। যারা বেঁচে যায় তারা আবার শরীরের ক্ষতির পাশাপাশি মানসিক ট্রমায় পড়ে যায়। এভাবে অনেকে পঙ্গু হয়ে যায়। ভবিষ্যৎ প্রজন্ম এভাবে শেষ হয়ে যায়। এর থেকে উত্তরণ খুবই জরুরি। অভিভাবকরা তাদের সন্তানদের অনায়াসে পথচলার নিয়মগুলো শেখাতে পারে। শিশুরা যা দেখে তা খুব তাড়াতাড়ি আয়ত্ব করতে পারে। তাছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সড়কে কিভাবে চলতে হয় সে বিষয়ে শিক্ষা দিতে পারে। শিশুরা ছোটকাল থেকে শিক্ষা পাওয়ার ফলে এ বিষয়ে সচেতন হয়ে উঠবে। বিদেশে ছোটবেলা থেকেই শিশুরা ট্রাফিক আইনের শিক্ষা পরিবার ও দেশ থেকে পায় বলেই সে দেশে সড়ক দুর্ঘটনায় শিশুদের ঝুঁকি নেই বললেই চলে। তাই সচেতনতার পাশাপাশি শিশুদের সড়কে দুর্ঘটনার ঝুঁকি থেকে মুক্ত করার জন্য স্পিডব্রেকার ও জেব্রাক্রসিং তৈরির পাশাপাশি স্কুলের সামনে যানবাহনের গতি সীমিতকরণ এবং ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগের ব্যবস্থা করতে হবে। তা না হলে শিশুদের আগামীদিনের ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে যাবে। তাই তাদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা সরকারের, আপনার আমার দায়িত্ব। নিরাপদ সড়ক গড়ে তুললেই কেবল শিশুরা পাবে নিরাপদ ও নিশ্চিত জীবন।
