সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের একটি মন্তব্য বাংলাদেশের অর্থনীতির এক কঠিন সত্যকে অকপটে তুলে ধরেছে। তিনি স্পষ্ট বলেছেন, ‘আমরা ইতোমধ্যে ঋণের ফাঁদে পড়েছি; এ সত্য স্বীকার না করলে সামনে এগোনো সম্ভব নয়।’
ঋণের ফাঁদের সবচেয়ে সুস্পষ্ট ও ভয়ংকর চিত্রটি ফুটে ওঠে বাজেট ব্যয়ের খাতগুলোতে। সিপিডির মোস্তাফিজুর রহমান যথার্থই বলেছেন, এক সময় সরকারি কর্মচারীদের বেতন ও পেনশনের পর কৃষি ও শিক্ষা ছিল ব্যয়ের দ্বিতীয় প্রধান খাত। কিন্তু আজ সেই স্থান কেড়ে নিয়েছে ঋণের সুদ পরিশোধ। এই পরিবর্তন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কৃষি ও শিক্ষা–এ দুটি খাত সরাসরি মানবসম্পদ উন্নয়ন, খাদ্যনিরাপত্তা এবং প্রবৃদ্ধির মূল ভিত্তি। এই গুরুত্বপূর্ণ খাতগুলোকে পেছনে ফেলে ঋণের সুদ পরিশোধ দ্বিতীয় সর্বোচ্চ ব্যয় খাত হয়ে যাওয়া মানে হচ্ছে, দেশের ভবিষ্যৎ উন্নয়নের জন্য নির্ধারিত সম্পদ বর্তমানের ঋণ পরিশোধে চলে যাচ্ছে। এটি এক দুষ্টচক্র–ঋণ নিয়ে অবকাঠামো নির্মাণ করা হচ্ছে ঠিকই, কিন্তু সেই ঋণের সুদ মেটাতে গিয়ে সামাজিক ও মানবসম্পদ উন্নয়নের মতো জরুরি বিনিয়োগ সংকুচিত হচ্ছে। এ প্রক্রিয়া চলতে থাকলে অর্থনৈতিক প্রবৃদ্ধি টেকসই হবে না, বরং ঋণের ওপর নির্ভরশীলতা আরও বাড়বে। তখনই জন্ম নেয় ‘ঋণের ফাঁদ’, যখন নতুন করে ঋণ নিতে হয় কেবল পুরোনো ঋণের কিস্তি বা সুদ পরিশোধের জন্য।
এনবিআর চেয়ারম্যানের মন্তব্যের সঙ্গে সংগতি রেখে কর-জিডিপি অনুপাতের করুণ চিত্রটি তুলে ধরা দরকার। তিনি উল্লেখ করেছেন, কয়েক বছর আগেও এই অনুপাত ১০ শতাংশের বেশি ছিল, যা বর্তমানে ৭ শতাংশের ঘরে ঘোরাফেরা করছে। কর-জিডিপি অনুপাত একটি দেশের অর্থনীতির সক্ষমতার অন্যতম নির্দেশক। অনুপাত কমে যাওয়া মানে হলো, দেশের মোট উৎপাদনের তুলনায় সরকার খুব সামান্য অংশই রাজস্ব হিসেবে সংগ্রহ করতে পারছে। ৭ শতাংশের মতো নিম্ন অনুপাত কেবল দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নয়, বরং বিশ্বের অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায়ও অনেক কম।
এনবিআর চেয়ারম্যান নিজেই এর কারণ চিহ্নিত করেছেন–জিডিপির সব খাত থেকে রাজস্ব সংগ্রহ সম্ভব হচ্ছে না। এর পেছনে প্রধানত দুটি কারণ দায়ী–এক. ব্যাপক কর ফাঁকি, বিশেষত অপ্রাতিষ্ঠানিক খাত এবং প্রভাবশালী মহলে কর ফাঁকির ব্যাপকতা। দুই. রাজস্ব প্রশাসনের কাঠামোগত দুর্বলতা, ডিজিটালাইজেশনের অভাব এবং অদক্ষতা। রাজস্ব আদায় যখন দুর্বল থাকে, তখন সরকার বাধ্য হয় বাজেট ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ বা বাহ্যিক ঋণের দিকে ঝুঁকতে। ফলস্বরূপ, ঋণ বাড়ছে, আর সেই ঋণের সুদ পরিশোধের চাপ আরও বাড়ছে; যা আবার রাজস্বের প্রধান অংশ গ্রাস করছে। এটি আত্মঘাতী অর্থনৈতিক মডেল। এই কাঠামোগত দুর্বলতা দূর না করে ঋণের ফাঁদ থেকে বের হওয়া কঠিন।
ঋণের ফাঁদ থেকে বেরিয়ে আসতে হলে বাংলাদেশকে জরুরি ভিত্তিতে কিছু কাঠামোগত ও সাহসী পদক্ষেপ নিতে হবে। কর-জিডিপি অনুপাত বাড়াতে হবে। দু-তিন বছরের মধ্যে এটিকে কমপক্ষে ১২-১৪ শতাংশে উন্নীত করার সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি করতে হবে। সে ক্ষেত্রে কর প্রশাসনকে পুরোপুরি ডিজিটাল ও স্বয়ংক্রিয় করতে হবে, যাতে মানবীয় হস্তক্ষেপ ও কর ফাঁকির সুযোগ কমে। পাশাপাশি করজাল সম্প্রসারণ করতে হবে।
দ্বিতীয়ত, অপ্রয়োজনীয় মেগা-প্রকল্প নিয়ন্ত্রণ করতে হবে। অর্থাৎ অর্থনৈতিক উপযোগিতা যাচাই না করে কেবল রাজনৈতিক বিবেচনায় নেওয়া প্রকল্পের ব্যয় কমাতে হবে বা স্থগিত করতে হবে। এ ছাড়াও ঋণ ব্যবহারের দক্ষতার পরিচয় দিতে হবে। তৃতীয়ত, আর্থিক শৃঙ্খলা ও সুশাসন নিশ্চিত করতে কঠোর আইন প্রয়োগ এবং রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে খেলাপি ঋণকে সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে হবে। পাশাপাশি আর্থিক খাতে এবং সরকারের বিভিন্ন ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।
nইয়াসির সিলমী: শিক্ষক, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ silmybd@gmail.com
