ঈদ বা পূজা কিংবা অন্য যে কোনো ধর্মীয় উৎসবে আনন্দের ছটা সবার মধ্যেই ছড়িয়ে পড়ে। ধর্মনির্বিশেষে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এ দেশের আবহমান সংস্কৃতির অংশ। যেমন সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা চলছে এখন। এ সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরপর দুদিন গরুভোজের আয়োজন কয়েকটি প্রশ্ন সামনে নিয়ে এসেছে। শুক্রবার ‘জবিয়ানদের গরুভোজ’ কর্মসূচির আয়োজক ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ-জকসু। জকসুর নির্বাচিত কমিটির মূল নেতৃত্বসহ অধিকাংশ সদস্য ছাত্রশিবিরের নেতা। শনিবার গরুভোজ ও কাওয়ালি সন্ধ্যার আয়োজক ছিল খেলাফত ছাত্র মজলিসের বিশ্ববিদ্যালয় শাখা।

ব্যক্তিস্বাধীনতা বা অধিকারের কথা বলে শিক্ষার্থীদের একটি অংশ দুর্গাপূজার সময় গরুভোজের যে আয়োজন করেছে, তাতে মূল্যবোধগত সংকট স্পষ্ট। যে আয়োজন অন্য সম্প্রদায়ের মানুষের মধ্যে ভীতি বা বেদনা জাগায়, সেটি অবশ্যই অনুচিত কাজ। বিষয়টি এমনও নয় যে, অন্য যে কোনো সময় গরুভোজের আয়োজন করা যাবে না। সেখানে পূজার সময় সাড়ম্বরে গরুভোজের ঘোষণার মধ্যে সাম্প্রদায়িক রাজনীতিই প্রকট।

ব্যক্তিস্বাধীনতা বা অধিকার বিষয়ে সরব শিক্ষার্থীরা ভুলে যায়, অধিকার বা ব্যক্তিস্বাধীনতা কেবল সংখ্যাগরিষ্ঠের জন্য নয়। প্রত্যেক ব্যক্তির জন্যই তা প্রযোজ্য। বিশ্ববিদ্যালয় মূল্যবোধ ও ব্যক্তিস্বাধীনতা চর্চার পীঠস্থান। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরপর দুদিনের গরুভোজে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিষ্ক্রিয়তা অবশ্যই প্রশ্নবিদ্ধ। কেবল সংখ্যাগরিষ্ঠের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগলেই প্রশাসন তৎপর হবে; সংখ্যালঘুদের বিষয়ে তারা উদাসীন থাকবে? শিক্ষার্থীদের আচরণবিধি তাদের এই কার্যক্রম প্রসঙ্গে কী বলে? নাকি আদৌ আচরণবিধিই নেই বিশ্ববিদ্যালয়ে?

২. ধর্ম অবমাননার অভিযোগ অবশ্য এ দেশে বিভিন্ন সময় বড় অঘটনের কারণ হয়েছে। সম্প্রতি সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে ওয়াহিদুজ্জামান শামীম নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। প্রথম দফায় পিটুনির পর আহত শামীমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে গিয়ে আবার তাঁকে পিটিয়ে হত্যা করা হয়। যদিও পরিবারের দাবি, শামীম মানসিকভাবে অসুস্থ ছিলেন। শামীমের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ তুলে দেবহাটার ফজলুল হক আমিনী নামে এক ব্যক্তি দুই দফা ‘ফেসবুক লাইভ’ করে কয়েকশ মানুষ জড়ো করে শামীমকে গণপিটুনিতে উস্কানি দেন।

ধর্ম অবমাননার নামে এ দেশে হত্যা-নিপীড়ন নতুন নয়। ২০২৫ সালের ১৮ ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় ইসলাম সম্পর্কে অবমাননার অভিযোগে দীপু চন্দ্র দাস নামে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যা করে মরদেহ পুড়িয়ে দেওয়া হয়। ২০২৫ সালের ৬ সেপ্টেম্বর রাজবাড়ীর গোয়ালন্দে ‘তৌহিদী জনতা’ পরিচয়ে দুর্বৃত্তরা নুরুল হক ওরফে নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে পোড়ায়। চলতি বছরের ১১ এপ্রিল কুষ্টিয়ার পীর আবদুর রহমানের দরবারে হামলা চালিয়ে তাঁকে কুপিয়ে হত্যা করা হয়। তালিকা আরও দীর্ঘ করা সম্ভব; তবে সারকথা এই– প্রতিটি ক্ষেত্রে ধর্ম অবমাননার অভিযোগ তুলে সুনির্দিষ্ট গোষ্ঠী বা ব্যক্তির বিরুদ্ধে উন্মুক্ত জনতাকে উস্কে দেওয়া হয়। ধর্ম অবমাননার অভিযোগ তুলে হামলা ও হত্যার এই ‘প্রক্রিয়া’ চলে প্রকাশ্যেই। এমনও ঘটেছে, সংখ্যালঘু ব্যক্তির নাম ব্যবহার করে ‘অনুভূতিকে আঘাত’ করে বক্তব্য পোস্ট করে হামলার প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে। প্রায় সব ক্ষেত্রে ঘটনাবলি দীর্ঘক্ষণ ধরে চললেও আইনশৃঙ্খলা বাহিনী তা নিয়ন্ত্রণে নিতে পারেনি।

সাতক্ষীরার শামীমকে একইভাবে প্রাণে বাঁচাতে ব্যর্থ হয়েছে সেখানকার পুলিশ ও প্রশাসন। ফজলুল হক আমিনী অন্তত দুইবার ফেসবুকে লাইভ করে প্রকাশ্য হামলার ঘোষণা ও উস্কানি দেওয়ার সময় পুলিশ প্রশাসন কি মূক ও বধির ছিল? কেন তারা সক্রিয় হলো না? দায়িত্বে অবহেলার জন্য কারও প্রতি কোনো পদক্ষেপের কথা আমরা জানতে পারিনি।

৩. শামীম হত্যাকাণ্ডে মব সন্ত্রাস অথবা দুর্গাপূজার সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিবির-খেলাফতকর্মীদের অসংবেদনশীলতা বর্তমান সমাজের অসহিষ্ণু মনোভাবের প্রকাশ। সমাজে উগ্রবাদ নানাভাবে মাথাচাড়া দিতে দিতে দিন দিন প্রবল হয়ে উঠছে। শিল্পকলার সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে চুনকালি কিংবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও সত্যজিৎ রায়ের ছবিকে বাতিল করবার দাবি অথবা জাতীয় সংগীতের বাণীতে হিন্দুত্বের সন্ধান– সবই একসূত্রে গাঁথা। আপাতভাবে মনে হতে পারে, এগুলো তেমন গুরুত্ববহ ঘটনা নয়। প্রকৃতপক্ষে সবই সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিজাত, উগ্রবাদী মনোভাবাপন্ন।

চব্বিশের গণঅভ্যুত্থানের পর অস্থিতিশীল পরিবেশের সুযোগ নিয়ে উগ্রবাদী সাম্প্রদায়িক রাজনীতি শক্ত ভিত্তি পেতে শুরু করে। গণঅভ্যুত্থানে সব দলমতের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকলেও সাম্প্রদায়িক শক্তি এর মূল সাফল্য দাবি করে বসে। তৎকালীন অন্তর্বর্তী সরকারও নানাভাবে ডানপন্থার বিকাশে ভূমিকা রাখে। এরই ফলাফল আমরা দেখতে পাই– মুক্তিযুদ্ধ নিয়ে অপ্রয়োজনীয় তর্ক, ইতিহাস নিয়ে বিতর্ক, শ্রদ্ধেয় নেতৃত্ব ও বরেণ্য ব্যক্তিবর্গ নিয়ে অহেতুক অসত্য বিবৃতি। এসবই সাম্প্রদায়িক উদ্দেশ্যপ্রণোদিত।

অবশ্য আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলেও সাম্প্রদায়িক শক্তিকে প্রশ্রয় দিতে দেখা গিয়েছে। যে ধর্মনিরপেক্ষ উদার অসাম্প্রদায়িক সমাজের আকাঙ্ক্ষা মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের অনন্য অর্জন, তা বিগত কয়েক দশকে কখনোই চর্চার বিষয় হয়নি। বরং সমাজে সাম্প্রদায়িক মনোভাবকে নানাভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে। সঙ্গে যুক্ত হয়েছে বিচারহীনতার সংস্কৃতি। বিগত এক দশক কিংবা আরও বেশি দূর পেছনে তাকিয়ে দেখা যায়, এ দেশে ধর্ম অবমাননার দোহাই দিয়ে যত হত্যাকাণ্ড ঘটেছে, তার একটিরও যথাযথ বিচার হয়নি। প্রাতিষ্ঠানিক নিষ্ক্রিয়তার সামনে প্রশ্ন অনিবার্য হয়ে ওঠে– ধর্ম অবমাননার নামে এভাবে ব্যক্তিকে চিহ্নিত করে অপরাধ সংঘটিত করবার একের পর এক প্রক্রিয়া প্রকাশ্যে ঘটলেও আইনশৃঙ্খলা বাহিনী কেন সময়মতো সক্রিয় হয় না?

সরকারকেই তাই সিদ্ধান্ত নিতে হবে– যে কোনো মূল্যে আইনের শাসনই শেষ কথা। প্রধানমন্ত্রী ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন– ‘এ দেশে বিশ্বাসী, অবিশ্বাসী, সংশয়ী সব মানুষের সমান মর্যাদা ও সম্মান নিশ্চিত করা হবে।’ এই অসাম্প্রদায়িক বিবেচনাবোধ রাষ্ট্রের প্রতিটি পর্যায়ে নিশ্চিত করতে হবে। বিশেষত শিক্ষাপ্রতিষ্ঠানে– বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় আদর্শ ও সাম্প্রদায়িক মূল্যবোধের পারস্পরিক সৌন্দর্য, সহাবস্থানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ছড়িয়ে দিতে হবে। শিক্ষা কার্যক্রমে বিষয়টিকে যুগোপযোগী করে নাগরিক অধিকার বিষয়ে সকলকে সচেতন করতে হবে। বেতার, টেলিভিশনসহ সংবাদমাধ্যমকেও এ বিষয়ে সঙ্গে নিতে পারে সরকার।

তবে সবচেয়ে জরুরি কঠোর আইন ও আইনের প্রয়োগ। যে কেউ সাম্প্রদায়িক আচরণ করে আইন নিজের হাতে তুলে নিলে তাকে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করতে হবে সরকারকে। ধর্ম-রাজনৈতিক মত বা জেন্ডার নির্বিশেষে সব নাগরিক আইনের চোখে সমান। গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকের প্রাপ্য অধিকার সরকারকেই নিশ্চিত করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠায় এটি অন্যতম প্রধান পদক্ষেপ।

মাহবুব আজীজ: উপসম্পাদক, সমকাল; সাহিত্যিক mahbubaziz01@gmail.com